ডেটলাইন: পর্ব ৬০

পরানসখা ঢাকা

মাত্র এক পর্ব কেন, একশো পর্বও যথেষ্ট নয় ঢাকার জন্য। তাই ‘ডেটলাইন’-এর শেষবেলায় রেখেছি ঢাকা, যাতে লোভ না হয় আরও লিখি, লিখেই চলি। কলকাতার থেকে অনেক, অনেকটাই কম ভালবাসি ঢাকাকে, সন্দেহ নেই। কিন্তু বিদেশের কোনও শহরের জন্য এরকম ‘প্রাণের মাঝে আয়’ ভাবটা হয় বলে টের পাইনি। আসলে ঢাকাকে আমি চিনি সব ঋতুতে, ভোর থেকে রাতে, বিক্ষোভ আর উৎসবের আবহে, কাজে-অকাজে। কমলাপুরে রিকশার গায়ে রঙিন তুলি বোলাতে ব্যস্ত শিল্পী, সদরঘাটে বুড়িগঙ্গায় মাঝির গান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারত-বাংলাদেশ মৈত্রী ডায়লগের আন্তরিকতা, বাংলা একাডেমির মাঠে একুশের বইমেলা, রমনায় পহেলা বৈশাখের সকালে ঘোলের স্বাদ, সাদা-কালো ব্র্যান্ডের সুতির কুর্তির আরাম, গুলশনের কর্পোরেট মিটিং-এ আম-জাম-লিচুর আপ্যায়ন, শাহবাগে প্রতিবাদের স্লোগান, ভোটের গরম হাওয়া— সব আমার ভারি চেনা। কলকাতার মতোই ঢাকারও শহরের ভেতরের এক অন্য শহর আমার ঝাঁপিতে ধরা আছে৷

‘বলি ও সখিনা গেছস কিনা ভুইল্যা আমারে
আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এক রিকশাওয়ালা আমাকে শুনিয়েছিল এই গান। অবাক হয়ে ভেবেছিলাম, কী সহজ ভাষায় বলা হয়ে গেল অর্থনীতির এক জটিল অধ্যায়! পেটের দায়ে ছেড়ে আসা গ্রাম, তার সন্ধ্যামালতীর মতো মেয়ে কি জানে ঢাকা শহর তার প্রিয় পুরুষের প্রতি কী নির্দয়! সে কি অপেক্ষায় আছে না ভুলে গেছে? ঢাকার বিখ্যাত রিকশা আর্টের ওপর রয়টার্সের তৈরি একটা ডকুমেন্টারি দেখে আমি গেছিলাম কমলাপুরে শিল্পীদের পাড়ায়। উজ্জ্বল রঙে অসামান্য ছবি আঁকা— পশুপাখি, ফুল-লতাপাতা, লোককথার নানা চরিত্র।

আরও পড়ুন: সুন্দরভাবে সংরক্ষিত মধু কবির বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কী বলেছিলেন গাইড?
‘ডেটলাইন’ পর্ব ৫৯, লিখছেন তপশ্রী গুপ্ত…

বসন্তদিনে যদি মাথায় ফুলের টায়রা পরে বসেন এই রিকশায়, নিজেকে মনে হবে মহারানি। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ, এই রংবেরঙের ফুলেল রিং বিক্রি হয় মোড়ে-মোড়ে; দাম বেশি না, একশো টাকার মধ্যে। আর মোটেও ভাববেন না, ওরকম রিং মাথায় রাজপথে হাঁটলে লোকে হাসবে। সাত থেকে সত্তর, অনেকেরই ‘আজি দখিন দুয়ার খোলা’। বাংলা নববর্ষে কিন্তু আপনার রং লাল-সাদা। শাড়ি হোক কি পাঞ্জাবি, বৈশাখের প্রথম দিনে সেজেগুজে মাইলের পর মাইল হাঁটতে তৈরি থাকুন। ওইদিন গোটা মহানগর পথে নেমে আসে, পুলিশ গাড়ি আটকে দেবে রমনা ময়দানের অনেক আগে। সেখানে বটমূলে সন্‌জিদা খাতুনের ছায়ানটের শিল্পীদের সঙ্গে গলা মেলাবে লক্ষ জনতা ‘এসো হে বৈশাখ এসো এসো’। ওদিকে রাজপথ দিয়ে চলেছে মঙ্গল শোভাযাত্রা (এ-বছর নাম হয়েছে বৈশাখী শোভাযাত্রা)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের হাতের কাজে সাজানো বর্ষবরণের আয়োজন। পেঁচা, ইলিশ, বাঘ, তালপাতার সেপাই, মুখোশ— রঙের রায়ট বলা যায়। এরপর খাঁটি বাঙালি ভোজন করতে পারেন পান্তাভাত, চোদ্দোরকম ভর্তা, শুঁটকি ভুনা দিয়ে৷ শেষপাতে মিষ্টি আমরা চাই বটে, কিন্তু ঢাকার মিষ্টি খুব কড়া। সে পোড়াবাড়ির চমচম বলুন কি বিক্রমপুরের পাতক্ষীর। আর বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খেতে চাইলে যেতে হবে পুরনো ঢাকার হাজীর দোকানে। কাঁচা থেকে কাচ্চি, চাল আর মাংস একসঙ্গে মিশিয়ে হাঁড়িতে রান্না করা হয়। মুঘলদের থেকে পাওয়া রেসিপি। আগে শালপাতায় দিত, এখন হয়তো প্লেটে দেয়। পুরনো ঢাকায় গেলে বাখরখানি কিনতে ভুলবেন না কারণ শহরের অন্য জায়গায় আসল বাখরখানি পাবেন না। গোল বিস্কিটের মতো, দুধ-চায়ে ডুবিয়ে খেতে আরাম। নোনতা বা মিষ্টি, দু’রকম আছে।

ঢাকার রিকশায় লেখক

পুরনো ঢাকার কথা বলতে মনে পড়ল উয়ারি। যে-নামে এক সময়ে বাঙালির প্রিয় ফুটবল ক্লাব ছিল। এর অলিতেগলিতে ঘুরলে এমন সব বনেদি বাড়ি দেখবেন, হিন্দু আর মুসলমানদের, মুগ্ধ হয়ে যাবেন। সাবেকি দেওয়ালের গায়ে বিকেলের চিলতে রোদ পড়ে কী মায়া যে সৃষ্টি হয়! উয়ারিতে আছে ১৯০৯ সালে তৈরি উদ্যান বলধা গার্ডেন। আসলে বোটানিক্যাল গার্ডেন। রবীন্দ্রনাথের কবিতার ক্যামেলিয়া ফুল দেখবেন। এখানকার জয় হাউসে কিছুটা সময় কাটিয়েছিলেন কবি। সেই যে তনুকার দেওয়া গাছের প্রথম ক্যামেলিয়া ফুলটি দেওয়ার কথা ছিল কমলাকে, আর শেষ পর্যন্ত যা আলো করল সাঁওতাল মেয়ের কালো গাল, সেই ক্যামেলিয়া। রবীন্দ্রনাথের কলমে, ‘ক্যামেলিয়া, সহজে বুঝি এর মন মেলে না।’

বাংলাদেশে যাচ্ছি শুনলেই জনে-জনে এক কথা, দারুণ ইলিশ খাবে। বাঙালির ইলিশ-দুর্বলতা দু’পারেই একরকম। মরশুমে ঢাকার সাততারা হোটেল থেকে ছোট-মাঝারি-বড় সব রেস্তরাঁর মেনুতে ইলিশ পাবেনই। আর কারও বাড়িতে দাওয়াত থাকলে তো কথাই নেই, ইলিশের পাঁচ পদ বাঁধা। তবে বাংলাদেশিরা বেশির ভাগ সময়ে পেঁয়াজ-রসুন দিয়ে ইলিশ রাঁধেন বলে কলকাতার বাঙালিরা পছন্দ করেন না দেখেছি। আরও নানা রেসিপি চাখার সৌভাগ্য হয়েছে, আনারস দিয়ে ইলিশ বা পোস্ত দিয়ে ইলিশ মন্দ না। আমি খুব একটা ইলিশ-ভক্ত নই শুনে চোখ কপালে তোলেন যাঁরা, তাঁদের বলি, আমার ইলিশ-অপ্রেমের মাঝেও আছে পছন্দের পদ, নাম জানি না, খেয়েছি আরিচাঘাট থেকে ঢাকার পথে জলযানে, পদ্মার বুকে। হালকা হলুদ রঙের পাতলা ঝোল, ইলিশের সুগন্ধ রক্ষার সৌজন্যে যতটুকু মশলা না দিলে নয়, ঠিক ততটুকু। কলকাতা থেকে পেট্রাপোল- বেনাপোল সীমান্ত পেরিয়ে সড়কপথে ঢাকা যাঁরা গেছেন, তাঁরা অনেকেই নিশ্চয়ই পেয়েছেন এই স্বাদ। ভর সন্ধেবেলা বিশাল লঞ্চের দোতলায় কাঠের টেবিলে থালাভরা গরম ভাতের সঙ্গে হালকা ঝাল ইলিশ-ঝোল, বাতাসে পোড়া ডিজেলের গন্ধ, পাশের জানালা দিয়ে দেখা নীচে কূলহারা আঁধার নদী, কয়েকশো যাত্রীর কোলাহল, সব মিলিয়ে মনে হয় বন্দরের মায়াহীন বুঝি এই যাত্রা, অনেকটা জীবনের মতো।

একুশে ফেব্রুয়ারি শহিদ মিনারে ভাষাযোদ্ধা

ঢাকায় থাকার সময়ে ইলিশের টানে অবশ্য আপনাকে যেতে হবে মাওয়া ঘাট। গাড়িতে ঘণ্টাখানেকের পথ। পদ্মাপাড়ে বসে পদ্মার ইলিশ খাওয়ার রোম্যান্টিসিজম বাঙালি ছাড়ে নাকি! কুটুমবাড়ি থেকে শখের হাঁড়ি, নানারকম নামের রেস্তরাঁ আছে। ঢুকে সোজা যেতে হবে স্টোর রুমে। ফ্রিজারে ইলিশের স্বয়ম্বরসভা, সেখান থেকে পছন্দ করতে হবে, তারপর বলতে হবে কী কী পদ খাবেন। এবং কী আশ্চর্য, আধঘণ্টার মধ্যে টেবিলে এসে যাবে ভাজা থেকে ঝোল, যা চান। ঝালের ভয় না থাকলে এখানকার বিখ্যাত ইলিশের ল্যাজা ভর্তা ট্রাই করতে পারেন। কড়া করে ভাজা ল্যাজার টুকরো থেকে কী কৌশলে যে কাঁটা বার করে নেয়, কে জানে! তারপর নুন, সর্ষের তেল, প্রচুর শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাছটাকে মাখে।

মাওয়া ঘাট এলে পদ্মা সেতু ঘুরে আসবেন। বিস্ময়কর নির্মাণ। প্রায় ছয় কিলোমিটার লম্বা এই সেতু বাংলাদেশের দীর্ঘতম, ১৩টা জেলাকে যুক্ত করেছে বাকি দেশের সঙ্গে। আর এর থামের গভীরতা বিশ্বরেকর্ড করেছে, ৪১৭ ফিট। নদীর এই গভীরতার কারণেই পদ্মা সেতু তৈরি ছিল বিরাট চ্যালেঞ্জ। তবে ট্যুরিস্টদের কাছে টোল একটু বেশি মনে হয়, যাতায়াতে হাজার দেড়েক বাংলাদেশি টাকা।

৩২ ধানমন্ডির বাড়ি আজ ধ্বংসস্তূপ

‘ডেটলাইন’-এর গত ৫৯টা পর্বে এমন বেশ কিছু জায়গার কথা লিখেছি, কাজের সূত্রে যেখানে গিয়ে বেশ বিপদের মধ্যে পড়েছি, অন্তত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। গোটা কুড়িবারের ঢাকা সফরে কি তেমন কিছু হয়নি কখনও? মনে পড়ে না। আসলে ঢাকায় আত্মীয়-বন্ধুরা, এমনকী সামান্য চেনারাও এমন অদৃশ্য হাতে ঘিরে রাখে সব সময়ে যে ভয়ডর উবে যায়। তবে একবার ৩১ ডিসেম্বরের রাতে খুব হতাশ লেগেছিল, কিছুটা ভয়ও যে পাইনি তা নয়। ভুলটা আমাদের, হোমওয়ার্ক না করার ফল। শ্যুটিং চলছিল গুলশনের আড়ং শোরুমে। অনেকটা আমাদের ফ্যাব ইন্ডিয়ার মতো চেন। কখন রাত সাড়ে আটটা বেজে গেছে খেয়াল করিনি। সব গুছিয়ে বেরোতে-বেরোতে ন-টা। বেরিয়ে দেখি, চারপাশ শুনশান, অভিজাত এলাকা বলে পথে এমনিতেই মানুষ কম থাকে, এখন একেবারে ফাঁকা। পার্কিং-এ ভাড়ার গাড়িটাও দেখলাম না। সালটা ২০০৭, হাতে মোবাইল কোথায়! আমাদের অবাক হওয়া দেখে স্টোর ম্যানেজার বললেন, রাত দশটা থেকে কারফিউ জারি হবে, তাই রাস্তাঘাট ফাঁকা, ড্রাইভারও পালিয়েছে। এবার আরও অবাক হওয়ার পালা। বলে কী! বর্ষবরণের রাতে যখন গোটা পৃথিবীতে সবে কলির সন্ধে, বাচ্চাবুড়ো ওয়ার্ম আপ করছে ধুন্ধুমার ফুর্তির জন্য, তখন কিনা কারফিউ! শুনলাম, কোনওদিনই এ-শহরে ‘রিং আউট দ্য ওল্ড অ্যান্ড রিং ইন দ্য নিউ’ নিয়ে তেমন বাড়াবাড়ি না থাকলেও অন্তত কারফিউ হত না। কয়েক বছর আগে কোনও এক নামী হোটেলে বছরের শেষ রাতে শ্লীলতাহানির ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে তাই নিয়ে হইচই হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি।

অগত্যা হাঁটতে শুরু করলাম তিনজন, ক্যামেরাম্যানের কিছু বোঝা ভাগ করে নিলাম আমি ও আমার মেয়ে। বেশ কিছুটা হেঁটে একটা রিকশাকে হাতেপায়ে ধরে ঠাসাঠাসি করে তিনজন বসলাম, যতটা এগনো যায়৷ গুলশন থেকে ধানমণ্ডি অনেকটা পথ। যে-মোড়ে আমাদের নামাল রিকশা, সেখানে আবার একদল ছোকরা বেজায় হট্টগোল করছিল, জিনস পরা মহিলা দেখে টিটকিরিও দিল। সেসব দিকে নজর দেওয়ার সময় কই আমাদের! বড় চিন্তা, কীভাবে হোটেলে ফিরব। শেষমেশ একটা অটো, গ্যাসে চলে বলে যাকে সিএনজি ডাকে ঢাকার মানুষ, তাকে পাঁচগুণ ভাড়ায় রাজি করিয়ে ফিরলাম। ঢাকার অটো জালে ঘেরা, ড্রাইভারের দরজায় সব সময়ে ছিটকিনি আটকানো। সেই রাতে পিছনের দুই দরজাতেও ছিটকিনি লাগিয়ে দিলেন চালক চাচা। যথেষ্ট ভর্ৎসনাও করলেন আমাদের, রাতবিরেতে ঘোরার কারণে, আক্কেল নাই বলে।

আমার ঢাকা-আলমারির অনেকটা অংশই না-খোলা রয়ে গেল। ২০২৪ সালের অগাস্ট মাসের পর বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক-কূটনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গেছে। সেই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কে এসেছে ভাঁটার টান। ঢাকায় দাঁড়িয়ে ইতিহাসের যেসব অধ্যায়কে দেখেছি আরও লাখো পর্যটকের মতো, সাংবাদিকের কলমে ধরেছি সমসময়ের ধারাবিবরণী, বাঙালি আবেগে ভেসেছি ভিনদেশি বন্ধুদের আদরে, তার অনেকটাই আজ নতুন সময়ে অস্তিত্বহীন। যা পাঠককে দেখাতে পারব না আর, তা এ-মুহূর্তে অপ্রাসঙ্গিক। তবু জানি থেকে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একপ্রান্তে নজরুলের সমাধি, থেকে যাবে কলিম শরাফির কণ্ঠে রবিঠাকুরের গান, থেকে যাবে রমনা ময়দানে মুক্তিযুদ্ধের বিজয়স্মারক শিখা চিরন্তন। আর আমার একেবারে ব্যক্তিগত মিউজিয়ামে থেকে যাবে এক রাষ্ট্রপ্রধানের এক টুকরো কথা। তাঁর সরকারি বাসভবনে একান্ত সাক্ষাৎকারের পর ফটো সেশনে পাশে-দাঁড়ানো আমাকে খুব স্নেহের সুরে বলেছিলেন, ‘ক্লোজ আস’। সত্যিই কি আর কখনও আগের মতো কাছাকাছি আসবে দুই প্রতিবেশী?

ছবি সৌজন্যে: লেখক