‘রংমশাল’ মানেই উদযাপন, ফুলকি-ফুলকি রঙের মেলা। শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকে হরদম! কিন্তু নানা রঙের মিশেল আর কতটুকু হয় সেসব অনুষ্ঠানে? ‘কৃতি’ এবং ‘ফেবলওয়ার্কস’ আয়োজিত ‘রংমশাল’ সার্থকনামা। তিনদিনব্যাপী এই কার্নিভালে তিনরকমের তিনটি অনুষ্ঠান এসে এক মোহনায় মিলে যাচ্ছে যেন। ঋতুপর্ণ ঘোষ থেকে গুরু দত্ত, গীতা দত্ত থেকে রবীন্দ্রনাথ— এসে মিলেমিশে যাবে এই তিনদিনে।

প্রথম দিন, ২৪ জুলাই জি ডি বিড়লা সভাঘরে বিশেষ অনুষ্ঠান ‘গানের ওপারে ফিরে দেখা’। পাঠে অগ্নি ও মঞ্জিমা, গানে শ্রাবণী সেন ও স্যমন্তক। এই অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন রোহিত ও সৌম্য। ২০১০ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষে একটি স্যাটেলাইট চ্যানেলে হঠাৎই একটি প্রোমো সাড়া ফেলে। রবীন্দ্রসংগীত নিয়ে নিরীক্ষা না কি গতে বাঁধা প্রেমের গল্প? প্রথমে বোঝা যায়নি। কিন্তু ঋতুপর্ণ ঘোষের সৃজনে সেই ধারাবাহিক যখন শুরু হল, তখনই হইচই পড়ে গিয়েছিল। ‘গানের ওপারে’ হয়ে উঠেছিল বাংলা ধারাবাহিকের মাইলফলক, অচিরেই। পনেরো বছর পেরিয়ে এই অনুষ্ঠান এই কালজয়ী ধারাবাহিকটিকে ট্রিবিউট দেওয়া।

গুরু দত্তর শতবর্ষ আমরা পেরিয়ে এলাম সদ্যই। ট্র্যাজেডি ও কবিতার মিশেলে গুরু দত্ত আজও অমলিন। জীবনে সাকুল্যে আটটা ছবির পরিচালনা, আর কুড়িরও কম ছবিতে অভিনয়, কিন্তু গুরু দত্ত দিনের শেষে ভারতীয় চলচ্চিত্র-সোপানের উজ্জ্বলতম নামগুলির একটি। ‘গুরু দত্ত: জীবনের গান’ শীর্ষক অনুষ্ঠানটির পরিকল্পনা ও বিন্যাস শ্রীজাত-র। গান গাইবেন জয়তী চক্রবর্তী, শৌনক চট্টোপাধ্যায় ও শোভন গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, রবীন্দ্রসংগীতের বাইরে বলিউডের রেট্রো জয়তী চক্রবর্তীর কণ্ঠে কলকাতাবাসী কখনও শোনেনি। ২৫ জুলাই মহাজাতি সদনে রয়েছে অনুষ্ঠানটি।

শ্রীকান্ত আচার্য কেবলই নব্বইয়ের নতুন বাংলা গানের ঢেউয়ে অন্যতম নাম নন, আধুনিক বাংলা গান থেকে রবীন্দ্রসংগীতের আখরও জমা তাঁর কাছে। প্রবুদ্ধ রাহা রবীন্দ্রসংগীত-শ্রোতাদের কাছে বহুদিনের পরিচিত নাম। এই দুই বন্ধুর সুরেলা সফরে সঙ্গী আরও এক বন্ধু, সৌমিত্র সেনগুপ্ত, পিয়ানোতে তিনিই সঙ্গত করবেন বাকি দুই ‘ইয়ার’-কে। ২৬ জুলাই জি ডি বিড়লা সভাঘরে সন্ধে জমে উঠবে ‘তিন ইয়ারি গান’-এ।

এই গোটা অনুষ্ঠানের সঙ্গী ডাকবাংলা.কম। ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে।
টিকিট লিংক: https://www.kriti-events.com/event-details/gaaner-opare
https://www.kriti-events.com/event-details/surer-guru-guru-dutt-jiboner-gaan
https://www.kriti-events.com/event-details/teen-yaari-gaan



