দিল্লি, দূষণ, দায়…

একটা গ্যাসচেম্বার। মাথার ওপরে, সর্বক্ষণ, বিষবাষ্পের স্থবির অভিশাপ। সিসিফাসের মিথের মতো। প্রতি শীতেই ফিরে আসে। ফিরে আসে বলা ভুল, দৃশ্যমান হয়। সেই অভিশাপ হয়, বৃষ্টিহীন। সূর্যের আলোভেদ করতে পারে না যেন-বা। হেঁটে, চলে, গাড়ি চড়ে বেড়ায় রাজধানীর যত আর্টিফিশিয়াল বট। মানুষের মতোই। মুখে মাস্ক। জানলায় এয়ার পিউরিফায়ার। ফুসফুসে সনাতন ক্ষয়।

তেমনই ছিলাম, আমিও, একজন। গত বছর কালীপুজোর পরে ইউনিভার্সিটি ফিরেছি। তৃতীয় সেমেস্টার। সকালবেলা ঘুম থেকে উঠে যা-দেখেছিলাম: হস্টেলের বাইরেটা থকথকে সাদা। এক আঙুল দূরবর্তী পৃথিবী কেমন, আমি টের পাই না। গুগল জানিয়েছিল ভিসিবিলিটি রেট, প্রায় শূন্য। দিল্লির দুনিয়াকাঁপানো ‘ধোঁয়াশা’-য় সেই প্রথম হাঁটা। দু’খানা সার্জিক্যাল মাস্ক। ক্লাস থেকে ফেরার পরে বুঝলাম, দুটো চোখই জ্বলছে। নাকের ভেতরে বিন্দু-বিন্দু রক্ত। জমাট ব্যথা। চকমিলানো সর্দি ও গলাখুশখুশ।

এ-বছরের পরিসংখ্যান, শেষ পাঁচ বছরের তুলনায়, সবচেয়ে নিকৃষ্ট। সামগ্রিকভাবে, দিল্লি শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স, অর্থাৎ একিউআই— দীপাবলি-পরবর্তী সময়ে ঘোরাফেরা করেছে ৩৭১ থেকে ৩৮৪, এই অঙ্কের মধ্যে। শহরের দক্ষিণে, হজ খাস-এ; এবং উত্তর-পশ্চিমে, জাহাঙ্গীরপুরী ও রোহিণী— এই প্রায় মফসসলি দুই-অঞ্চলে একিউআই পৌঁছেছিল: ৪৫০। অর্থ হয়, একদিনে কুড়িটা সিগারেট! এখন প্রশ্ন হল, সমস্ত রোষ এবং দোষ শুধুমাত্র আতসবাজির? না। রাজধানীর সাবেক গ্যাসচেম্বারে দিওয়ালির রাত, একটা আগুনের ফুলকি-সম। তারপরই দাউদাউ।

আরও পড়ুন: শব্দবাজি স্বাস্থের পক্ষে হানিকারক?
লিখছেন শ্যামল চক্রবর্তী…

দিল্লির বিষাক্ত বাতাসের উৎস, আসলে বহুমাত্রিক। এক, নির্মীয়মাণ ফ্ল্যাট, বাড়ি ও কংক্রিটজাত বর্জ্য। কারণ অস্পষ্ট, তবু দেখেছি, দিল্লির যে-কোনও মহল্লায়, যে-কোনও ঋতুতে, যে-কোনও মুহূর্তে— যুগপৎ নির্মাণ ও বিনির্মাণ। এই বাড়ি উঠছে, সেই বাড়ি ভাঙছে। অনন্ত একটা লুপ। আরমিহি মিহি ধুলো হয়ে সেঁধিয়ে যাচ্ছে দু’টি ভয়ানক পার্টিকুলেট ম্যাটার, PM2.5 এবং PM10। দ্বিতীয় কারণ, যানবাহনের অনিয়ন্ত্রিত সংখ্যা ও ধোঁয়া। মূলত কার্বন-মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং আরও পার্টিকুলেট ম্যাটার। বাতাসে মিশছে। হোক সে অহেতুক অথবা সেকেন্ড হ্যান্ড, পরিবেশ-চিন্তার আগে বসবে একটা এসইউভি। আর সবশেষে, বিঘে-বিঘে কৃষিজাত বর্জ্য পোড়ানোর ফল। মোটের ওপর এগুলোই, দিল্লির বাইরে থেকেও এসে থিতু হচ্ছে দিল্লির বায়ুমণ্ডলেই। যেমন, উত্তর-পশ্চিমে রাজ্য পাঞ্জাব-হরিয়ানা এবং পূর্বে উত্তরপ্রদেশ। রাজধানীর বায়ুদূষণের অংশীদার তারাও।

ভৌগোলিকভাবেই, দিল্লির দূষণ-প্রবণতা অধিক। শহরের অবস্থান একটা বড় বাটির মতো। হিমালয়, আরাবল্লি এবং থর— এই তিনের ভেতর সে আবদ্ধ। স্বাভাবিকভাবেই, শীতকালে, বাতাস গাঢ় হয় যখন, তা সমস্ত দিল্লির মাথায় ঘনিয়ে আসে দ্রুত। দূষণের পরিসর আরও চওড়া হয়। একই সঙ্গে, আকৃতির কারণেই, দূষিত বাতাস শহর ছেড়ে অন্যত্র যেতেও পারে না। বায়ুমণ্ডলেই, স্তরীভূত হয় বিষের ধুলো। যার অর্থ, পালানোর পথ নেই।

যদি ইয়েলো লাইনের মেট্রোয়, রাজীব চক থেকে জাহাঙ্গীরপুরী— এই অভিমুখে এগোতে থাকি, তবে দেখতে পাব দু’পাশের শহরের যাবতীয় বর্জ্য-পরিপূর্ণ পাহাড়। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে রাজধানীর নিত্যদিনের যে-বর্জ্য, তার ৬৩% সাফ করা হয়েছে শুধু। বাকি ৩৭% বর্জ্যের ওপরে আরও বর্জ্য জমছে। প্রতিদিন। তারপর, একসময় পুড়িয়ে দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না।

অর্থাৎ, বিশুদ্ধ বাতাস প্রাপ্তির পথ— অন্ধকারেই। সরকার আসে, সরকার যায় কেবল। অভিশাপ বৃদ্ধি পেয়ে আকাশ ছোঁয়। আসলে দূষণের প্রতিটি উৎসেরই, সমপরিমাণ মনোযোগ ও নিয়ন্ত্রণ-বিধি প্রয়োজন। সারাবছর ব্যাপী। এ-বঙ্গের উষ্ণতা ৪০ ডিগ্রি পেরলেই, যেমন একদল মানুষ কেবল সোশ্যাল মিডিয়াতে চিৎকারে ছয়লাপ করেন— গাছ কেন অনায়াসেই কাটা পড়ছে এত? এত এসি কেন ঘরে ঘরে? অথচ বছরের অন্য সময়গুলোতে এই বিপুল গাছ নিধন, অকাতরে পুকুর বুজিয়ে স্বপ্নলোকের ফ্ল্যাট,জঙ্গল পুড়িয়ে কয়লাখনি— একটা নিরন্তর প্রক্রিয়ার মতো চলছেই!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত একটি পরিসংখ্যানের কথা বলি। যে-কোনও ভূখণ্ডের বায়ুমণ্ডলে PM2.5-র ঘনত্ব, যা মোটামুটি নিরাপদ, তা হল, ৫ µg/m³। দিল্লিতে সেই PM2.5-এর সর্বোচ্চ ঘনত্ব, দিওয়ালি-পরবর্তী সময়ে, ৯৪µg/m³। প্রায় ১৯ গুণ বেশি! তাই সরকার ও সাধারণ মানুষ— উভয়েরই সদিচ্ছা ও সচেতনতা ছাড়া এ-যুদ্ধ জয় অসম্ভব। প্রশ্ন হল, সরকারি পদক্ষেপ কী কী? গ্রেডেড রেসপন্স অ্যাকশান প্ল্যানের, তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ জারি হয়েছে রাজধানীতে। শহরের সমস্ত নির্মাণকাজ; বিশেষত, সিমেন্ট, ইট, বালি, পাথর, টাইলস যে-সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে— আপাতত বন্ধ। পাশাপাশি, ডিজেল-চালিত পণ্যবাহী ট্রাক এবং যে-সমস্ত যানবাহনের বয়স ১৫ বছর অতিক্রান্ত এবং রেজিস্ট্রেশান অনুযায়ী দিল্লি-বহির্ভূত— রাজধানীর পথে তাদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। অধিকাংশ স্কুলেই চালু হয়েছে হাইব্রিড মোডে ক্লাস। কর্পোরেট সেক্টরে, ওয়ার্ক ফ্রম হোম। শহরের যে-যে প্রান্তে দূষণের মাত্রা অধিক, একাধিক মেশিন ছিটিয়ে দিচ্ছে জল। সকাল-সন্ধে। পরিবহণের মাধ্যম, পেট্রোল-ডিজেলের পরিবর্তে যত বেশি বৈদ্যুতিন করা সম্ভব! সাম্প্রতিক পরিস্থিতি, অতিশয় খারাপ থেকে খারাপের পর্যায়ে এসে ঠেকেছে। রাজধানীর একিউআই, ২০৪।

অতএব, সমাধান বাতলে দেওয়া আপাতত সাধ্যাতীত। তবে কি কৃত্রিম বৃষ্টিপাতই মুক্তির উপায়? কিয়দংশ। কেউ নিশ্চয়ই বলবেন, দিওয়ালি-স্পেশাল সুপ্রিম কোর্টের বহুবিধ নিদান ছিল। যথা, ‘গ্রিন ফায়ারক্র্যাকার’ ট্যাগ থাকবে যে-সমস্ত বাজির গায়ে, কেবলমাত্র সেগুলো পোড়ানোই জায়েজ। সময়ও বাঁধা— সন্ধে আটটা থেকে দশটা। বাজি পোড়ানোর আগে, শিশুদের মুখে মাস্ক তুলে দিন অবশ্যই। কিন্তু আপনারাই বলুন, এ-সমস্ত কানুন, প্রতি বছরের মতোই, আদ্যোপান্ত অক্সিমোরনীয় নয় কি? যমুনা নদী ভেসে যায় বিষাক্ত ফেনায়। সেগুলোই পুণ্য, এ-বিশ্বাসে ডুব দেয় আমারই সহনাগরিক। একজন সাংবাদিক বলেন, বায়ুমণ্ডলে বিষবাষ্পের অস্তিত্ব কতখানি মঙ্গলময়! সূর্যরশ্মি সটান চামড়ায় লাগে না। কী সুচারুভাবেই, রাজধানীর দূষণের তথ্য, ভ্যানিশ হয়ে যায়। যাদের এয়ার পিউরিফায়ার কেনার ক্ষমতা আছে, এ-যাত্রায় বেঁচে যেতে পারে। কিন্তু যাদের নেই? শ্বাস নেওয়া তো একজন নাগরিকের মৌলিক অধিকার নিশ্চয়ই? বেঁচে থাকাটাও কেমন বিলাসবহুল হয়ে গেল!

আসলে যা প্রয়োজন, একটা সম্মিলিত সদিচ্ছা। চেষ্টা। শ্রম। পৃথিবীতে এমন বহু শহরেরই, আছে দূষণের দীর্ঘ ইতিহাস। মেক্সিকো, ডাবলিন, সিওল— প্রত্যেকেই অভিশাপ কাটিয়ে শ্বাস নিয়েছে। নতুন ভোরে। এক দিওয়ালি আতসবাজি না পুড়িয়ে, দশ দিন উদাত্ত হাওয়া খেলে যদি, তবে যেন-বা দেশটাই বর্তে যায়। নইলে শ্বাস-উপযুক্ত হাওয়া ক্রমশ বিরলে ও নিরলে। পরিবেশ দূষণের ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেয়েছিল দিল্লির সরকার, সেই ফান্ডের ১,১৫৩.৯৩ কোটি টাকা এখনও অব্যবহৃত। মিউনিসিপ্যাল কর্পোরেশানের কাছেও এহেন অব্যবহৃত ফান্ডের পরিমাণ ৪৮ কোটি টাকা। আখেরে পুরোটাই একটা গ্যাসচেম্বার। মাথার ওপরে, সর্বক্ষণ, বিষবাষ্পের স্থবির অভিশাপ। সিসিফাসের মিথের মতো। প্রতি ঋতুতেই ফিরে আসে। নিয়তি বলতে সেটাই।