শয়তানি আর মাতব্বরি
দাদু আর ঠাকুমার গল্প করা আমি দেখিনি কখনও। দুজনই দুজনকে খোঁটা দিত। আমি একবার পিসেমশাইয়ের টেপরেকর্ডার বাড়িতে এনেছিলাম দাদুর কিছু কথা রেকর্ড করে রাখব বলে। তখনও ক্যাসেট আসেনি। স্পুল এবং টেপ। দাদুর কী ইচ্ছা, কী খেতে ভাললাগে, কে-কে খারাপ লোক, কে-কে ভাল— এইসব জিজ্ঞেস করেছিলাম। ঠিকমতো উত্তর দেননি। সবাই ভাল, কিছুই খেতে ভাল লাগে না, এইসব বলেছিলেন। ‘দেশ ছেড়ে এদেশে এলে কেন’, জিজ্ঞেস করাতে বলেছিলেন— ‘আর বিষ্ঠা ঘাঁটুম না।’ জানতাম জওহরলাল নেহেরুকে খুব অপছন্দ। তাই জিজ্ঞেস করেছিলাম, নেহেরুকে নিয়ে কী মন্তব্য? দাদু এক কথায় উত্তর দিয়েছিলেন, ‘শয়তান!’ সঙ্গে বলেছিলেন, ‘দুনিয়ার কাছে ভাল সাজার জন্য সর্বনাশ করল আমাদের। থাক, বিষ্ঠা ঘাঁটুম না।’
‘ঠাকুরমা সম্পর্কে তোমার কী মন্তব্য দাদু?’ দাদু মৌন।
‘বলো, ঠাকুমা সম্পর্কে কিছু বলো!’
দাদু বলেছিলেন, ‘কী কমু! কিছু কইবার নই।’
‘তোমার সঙ্গে ভাল করে কথা বলে না কেন?’
দাদু বলেছিলেন, ‘কইবে ক্যান? আমি কি কই?’
‘কেন কও না? ঠাকুরমাকে ভালবাসো না?’
‘কীসব কথা! যত আজাইরা কথা!’
কিছুতেই কোনও মন্তব্য করল না দাদু।
টেপ চলছে। তারপর একটা বুদ্ধি করলাম। রিওয়াইন্ড করইলাম। ‘ঠাকুমাকে নিয়ে কিছু বলো’-তে থামলাম। উপমা প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কবিতা শুনিয়েছিলেন দাদু, যেখানে আছে, ‘শ্রাবণের ধারার মতো…।’ কথায়-কথায় ওইদিকে নিয়ে গেলাম দাদুকে। তারপর যেই দাদু বলতে শুরু করল, ‘তোমারি সুরটি আমার…’, তক্ষুনি রেকর্ডার অন করে দিলাম। ফলে, শেষ অবধি ব্যাপারটা দাঁড়াল এরকম—
‘ঠাকুরমা সম্পর্কে তোমার কী মন্তব্য দাদু?’
‘তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে॥
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।’
দাদুকে শুনিয়েছিলাম, ‘দ্যাখো দাদু, কী বলেছ।’ দাদু হেসেছিলেন। বলেছিলেন, ‘যত্তসব যান্ত্রিক শয়তানি।’
তখন কি জানতাম, আমি একদিন রেডিয়োতে কাজ করতে ঢুকব, আর শব্দ নিয়ে যান্ত্রিক শয়তানি করব? আরও পরে মানুষ বনাম মেশিন নিয়ে পর পর বেশ কিছু গল্প লিখব?
ওই গল্পগুলো লেখার সময়ে দাদুর কথাটা বার বার মনে পড়ত, ‘যত্তসব যান্ত্রিক শয়তানি।’
হেয়ার স্কুল
সব বাবারাই একটা ইচ্ছে পোষেন। সে-ইচ্ছেটা তাঁদের সন্তানকে ঘিরে। ছ’ভাইবোনের মধ্যে আমি জ্যেষ্ঠসন্তান এবং পুত্রসন্তান, তার উপরে বাগবাজারের স্কুলে প্রথম তিনজনের মধ্যে থাকছি। সুতরাং, প্রত্যাশার প্রাচুর্যে বাবা আমাকে ‘ভাল’ স্কুলে ভর্তি করালেন। ভেবেছিলেন বোধহয়, ‘ভাল’ স্কুলের সুসংসর্গে আমি আরও ‘ভাল’ ছেলে হব। ভাল ছেলে বলতে লেখাপড়ায় ভাল। বাবার অকালপ্রয়াত স্কলারশিপ পাওয়া ইঞ্জিনিয়ার ভাইয়ের শূন্যতা আমি পূর্ণ করব। বাবা নিজে শিক্ষক হয়ে কী ভুলটাই করেছিলেন! অতি বেশি ভাল ছেলেদের ভিড়ে আমি হারিয়ে গেলাম।

হেয়ার স্কুলে গেলাম বাবার হাত ধরে। কী সুন্দর বাড়ি! বিরাট দরজা, দরজার পাশেই একটা বড় গাছ, তার পাশে ডেভিড হেয়ারের একটা মূর্তি। একটা ছোট ঘরের সামনে একটা বারান্দা। ওখানে বিরাট একটা ঘণ্টা ঝুলছে। ওটা দারোয়ানের ঘর। বেশ বড় একটা বারান্দা। বারান্দার শেষ প্রান্তে একটা ঘর। ঘরের সামনে লেখা, ‘হেডমাস্টার’।
তখন হেডমাস্টারমশাই ছিলেন গৌরগোপাল রায়। বাবার সঙ্গে সম্ভবত আগে থেকেই পরিচয় ছিল। বাবা কথা বলে রেখেছিলেন। বাবা আমাকে আগেই বলে রেখেছিলেন, ‘হেডমাস্টারমশাইকে প্রণাম করবি।’ আমি সেটাই করলাম। আমার পরীক্ষার রেজাল্ট দেখলেন। তারপর বললেন, ‘রেজাল্ট তো ভালই হীরালালবাবু, তবে পরীক্ষা দিতে হবে। আরও বেশ কয়েকজনকে নেওয়া হবে ক্লাস এইটে। আরও কিছু দরখাস্ত জমা পড়েছে। আপনিও দরখাস্ত দিয়ে যান।’
বাবা হয়তো ভেবেছিলেন, চেনাজানা লোক, গেলেই হয়ে যাবে। চলে এলাম। স্কুলের পাশেই প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ দেখেই প্রথমে আমার মরে-যাওয়া কাকামণির কথা মনে পড়েছিল। কাকামণি এই কলেজ থেকেই আইএসসি পাশ করেছিলেন। সে-সময়ে স্কুলফাইনাল পাশ করে দু’বছর আইএসসি পড়ার পর চার বছরের ইঞ্জিনিয়ারিং পড়তে হত। তারপরেই মনে পড়ল নেতাজির কথা। বাগবাজারের পশুপতি বসুর মাঠে নেতাজির জন্মদিনের প্রদর্শনীতে প্রেসিডেন্সি কলেজের ছবি— নেতাজি ওটেন সাহেবের দিকে ঘুসি বাগিয়ে আছেন।
উলটোদিকে কলেজ স্কোয়ার। হেয়ার স্কুল আর প্রেসিডেন্সি কলেজের রেলিঙে সাজানো কতসব বই। জায়গাটা বেশ ভাল লেগে গেল। একদিন পরীক্ষা হল। ছাপানো প্রশ্নপত্র ছিল না। হাতে লেখা, কার্বন কপি করা। বাংলা, ইংরেজি, অঙ্ক। আমার হয়ে গেল। বাবা বললেন, ‘এই ইস্কুলে মাতব্বরি করবি না। ওসব করলে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেবে।’ কাশিমবাজার স্কুলে আমার নেতৃত্বে খাতা পোড়ানো হয়েছিল, পোস্টার সাঁটা হয়েছিল (বাংলায় প্রায় সকলে ফেল করেছিল, তার প্রতিবাদে)। বাবা ওটাই বলতে চেয়েছিলেন।


