আমেরিকার একটি সুন্দর শহরের মিষ্টি সকাল। চার্লস জেভিয়ার আর ফিলিপ লেনসার, দুই বন্ধু, এসেছেন একটি অচেনা বাড়ির দুয়ারে। অসামান্য প্রতিভাবান কিছু শিশুকে নিয়ে তাঁরা একটা স্কুল গড়তে চাইছেন। সেখানে এই বাড়ির মেয়েটিকেও তাঁরা ভর্তি করাতে চান। মেয়েটির মা-বাবা এই স্কুলের কথা শুনে খুশি হন এবং তার বাবা হঠাৎ বলে ওঠেন যে এই স্কুলে গেলে তার মেয়ে সুস্থ হয়ে যাবে কি না। ফিলিপ লেনসার (ম্যাগনিটো) অবাক হন। সুস্থ? প্রতিভাকে কেউ অসুস্থতা বলে নাকি? তারপর মেয়েটির সঙ্গে শুরু হয় আলাপ-পর্ব। মেয়েটির নাম জিন। চার্লস এবং ফিলিপ দু’জনেই মেয়েটিকে বোঝান, এই যে সে সবার থেকে আলাদা, এই যে সে অসামান্য শক্তিধর— তাঁরা দু’জনেও ঠিক তারই মতো। বাচ্চা মেয়েটির মুখ অহংকারী হয়ে ওঠে। সে বলে, তার সন্দেহ আছে, কেউ তার মতো কি না। কেন? সঙ্গে-সঙ্গে ক্যামেরা মেয়েটি যে-জানলার পাশে বসে ছিল, সেই দৃশ্য দেখতে শুরু করে। বাইরের সমস্ত গাড়ি মাটি থেকে আকাশে উঠতে শুরু করে। এমনকী, এক ভদ্রলোক গাছে জল দিচ্ছিলেন, সেই জলের রেখা ওপরে উঠতে থাকে! অর্থাৎ, মেয়েটি ঘরে বসে তার টেলিকাইনেটিক শক্তির সাহায্যে যে-কোনও জিনিসকে স্থাবর বানিয়ে দিতে পারে। যে-কোনও জিনিসকে তার স্থল থেকে সরিয়ে দিতে পারে, এমনই তার শক্তি!
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ছবিতে আমরা এমনই দৃশ্যের পুনরাবৃত্তি দেখি, যেখানে জিন অনেকটা বড় হয়ে গিয়েছে। সে এখন যুবতী এবং তার যে শক্তি, সে-বিষয়ে দর্শকদের ধারণা হয়েছে। প্রফেসর জেভিয়ার এখন হুইলচেয়ার-ব্যবহারকারী একজন মানুষ। তিনি বৃদ্ধ হয়েছেন এবং তিনি যে বিদ্যালয় চালান, সেই স্কুলে বহু ছেলেমেয়ে ভর্তি হয়েছে, যাদের শক্তি কিংবা ক্ষমতা সাধারণ মানুষের মতো নয়। কিন্তু জিনের শক্তির দু’টি দিক ধরা পড়েছে। সে একাধারে ব্যাপক শক্তিধর এক টেলিকাইনেটিক মেয়ে, আবার তার এ-শক্তি সবকিছু মুহূর্তে ধ্বংসও করে দিতে পারে। সেদিক থেকে জিন, এমনকী, প্রফেসর জেভিয়ারের থেকেও একধাপ বেশি শক্তিশালিনী।


আরও পড়ুন: ড্রাকুলা থেকে ক্লোন, যোগসূত্র কোথায়?
লিখছেন রবীনা মিত্র…
প্যাট্রিক স্টেওয়ার্ট (১৩ জুলাই ১৯৪০-২৮ অক্টোবর ২০২৬)-এর কেরিয়ার খুব একটা উচ্চাবচের মধ্য দিয়ে যায়নি। ইংল্যান্ডের রয়্যাল শেক্সপিয়র কোম্পানিতে তিনি ছিলেন বহুদিনের অভিনেতা। তারপর আমেরিকার ‘স্টার ট্রেক’ সিরিজে তিনি একটি বিশেষ চরিত্র পান এবং তাঁর জীবন সাধারণ অভিনেতা থেকে তারকার হয়ে ওঠে। প্যাট্রিক তখনও অবধি ইংল্যান্ডেই কাজ করছেন। আমেরিকাতে গিয়ে সুটকেস পর্যন্ত খোলেননি। কারণ, সেই সিরিজের জাঁ লুক পিকার্ড চরিত্রটা, তিনি কেবলমাত্র অর্থনৈতিক কারণে গ্রহণ করেছিলেন। তিনি ভাবেননি, সেই চরিত্রই তাঁকে একটা প্রচণ্ডরকম খ্যাতি এনে দেবে এবং তিনি ১৯৮৭ থেকে ১৯৯৪ পর্যন্ত এই সিরিজের সঙ্গে যুক্ত থাকবেন।
তবে শুধু কি অর্থনীতি, যার জন্য এই চরিত্র তিনি গ্রহণ করেছিলেন? ঠিক তা নয়। প্যাট্রিকের শৈশব কেটেছে এমন এক বাড়িতে, যেখানে তিনি বেড়ে ওঠার প্রতিটা পথে দেখেছেন হিংসাশ্রয়। তাঁর বাবা ছিলেন ইংল্যান্ডের সৈনিক দলে, এবং একটা সময়ের পর পিটিএসডি রোগে উনি এত ভুগতেন যে, চরিত্রের সমস্ত হিংসা নেমে আসত বাড়ির লোকেদের প্রতি। প্যাট্রিক সেই পরিবেশ থেকে বেরতে চেয়েছিলেন। হয়তো একের পর এক শেক্সপিয়রীয় চরিত্রে তিনি যে অভিনয় করে গেছেন, তার রসদ তিনি নিজেদের সেই ভাঙাচোরা সংসারটা থেকে জোগাড় করেছিলেন। তাঁর তীক্ষ্ণ অভিনয়-ক্ষমতা তৈরি হয়েছিল সেই সূত্র থেকে। কৈশোরে প্যাট্রিক তাঁর মিরফিল্ড মাধ্যমিক বিদ্যালয়ে এক অপেক্ষাকৃত উৎসাহব্যঞ্জক পিতৃপ্রতিম ব্যক্তিত্বের সন্ধান পেয়েছিলেন। সেখানে তাঁর ইংরেজির শিক্ষক সেসিল ডরম্যান্ডের নজরে পড়ে প্যাট্রিকের সম্ভাবনাময় অভিনয়-প্রতিভা। তিনিই তাঁর হাতে তুলে দিয়েছিলেন শেক্সপিয়রের একটি বই, তাঁকে অভিনয়ের জগতে উৎসাহিত করার জন্য। প্যাট্রিক মাত্র পনেরো বছর বয়সে পড়াশোনা ছেড়ে আসবাবপত্র বিক্রেতার কাজ এবং স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতার কাজে যুক্ত হন। কিন্তু অবসর সময়ের প্রায় পুরোটাই তিনি ব্যয় করতেন অপেশাদার নাট্যচর্চায়। এর নেপথ্যে ছিল ডরম্যান্ডের অনুপ্রেরণা, যা তাঁকে অভিনয়ের প্রতি ক্রমশ গভীরভাবে আকৃষ্ট করেছিল।
‘স্টার ট্রেক’-এ তিনি যখন প্রথম অভিনয় করতে এলেন, আমেরিকার অভিনয় জগতের পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। এই যে বহুক্ষণ ধরে সেখানে শুটিং চলে, অভিনেতারা হাসি-ঠাট্টা করে চলে, এমন কর্ম-সংস্কৃতি তিনি পছন্দ করতেন না। তিনি নাকি অভিনেতা-সহকর্মীদের একজায়গায় এনে মাঝে-মাঝে লেকচারের মতো জ্ঞান বিতরণ করতেন, যে আরও মনোযোগ দিয়ে কীভাবে কাজ করা যায়! একটি বিশেষ রোগে প্যাট্রিক স্টেওয়ার্টের মাথার সমস্ত চুল উঠে যায় মাত্র ১৮ বছর বয়সে। কিন্তু তিনি সেই ভাগ্যবান অভিনেতা, যাঁর চুল-ওঠা মাথাটাই হয়ে উঠেছিল যে-কোনও চরিত্রের ট্রেডমার্ক। জাঁ লুক পিকার্ডের পরে তিনি ‘এক্স-মেন’ সিরিজে অভিনয় শুরু করেন, প্রফেসর জেভিয়ারের চরিত্রে। ‘স্টার ট্রেক’ সাফল্য পাবে বলে তিনি আশা করেননি। এমনকী, তাঁর সহ-অভিনেতা ইয়ান ম্যাকেলেন তাঁকে বারবার বারণ করেছিলেন থিয়েটারের জীবন ত্যাগ করে হলিউডের জীবনকে আপন করে নিতে। থিয়েটারের জীবন প্যাট্রিক কখনও ছাড়েননি। শেক্সপিয়রের বিভিন্ন লেখার নায়কের চরিত্রে তিনি অভিনয় করে গিয়েছেন ক্রমাগত। তিনি সেই দুর্লভ অভিনেতা, যিনি আমেরিকার আদ্যন্ত বাণিজ্যিক সিনেমা এবং ইংল্যান্ডের মঞ্চে গম্ভীর শেক্সপিয়রীয় চরিত্রে সমানভাবে অভিনয় করে গিয়েছেন। তবে তাঁর শ্রেষ্ঠ অভিনয়গুলির অনেকগুলিই মঞ্চে দেখা গিয়েছিল, এবং সেগুলি সবসময় শেক্সপিয়রের নাটকে সীমাবদ্ধ ছিল না। ১৯৭১ সালে ট্রেভর গ্রিফিথসের ‘অক্যুপেশনস’ নাটকে তিনি অভিনয় করেছিলেন এক আবেগপ্রবণ বুলগেরীয় কমিউনিস্টের চরিত্রে। সেই নাটক ছিল বিশ শতকের বিশের দশকের বিপ্লবী রাজনীতির এক অসাধারণ চিত্রণ।
১৯৭৪ সালে নিকোল উইলিয়ামসনের উন্মত্ত ও অস্থির আঙ্কেল ভানিয়া চরিত্রের বিপরীতে তিনি হয়ে উঠেছিলেন সমান আবেগপ্রবণ আস্ত্রভ— একজন চিকিৎসক তথা পরিবেশ-যোদ্ধা। আবার ১৯৮৭ সালে ইয়ং ভিক মঞ্চে এডওয়ার্ড অ্যালবির ‘হুজ় অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উল্ফ’ নাটকের পুনর্মঞ্চায়নে বিলি হোয়াইটলোর মার্থার বিপরীতে জর্জের চরিত্রে তাঁর অভিনয় ছিল খামখেয়ালি স্বৈরাচারী সত্তার এক অসামান্য প্রকাশ। তবে নাটকের শেষ পর্যায়ে তাঁর সেই আগ্রাসী মনোভাব ক্রমশ প্রশমিত হয়ে আসে এক গভীর মর্মস্পর্শী কোমলতায়।

অভিনয়জগতের বাইরেও তিনি ছিলেন একজন গভীরভাবে রাজনীতি-সচেতন ও সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে তিনি লেবার পার্টির সমর্থক ছিলেন। পাশাপাশি, পারিবারিক নির্যাতনের শিকার মানুষদের অধিকার ও সুরক্ষার দাবিতে তিনি নিয়মিত আন্দোলনেও শামিল হয়েছিলেন। ২০১৩ সালে তিনি তাঁর তৃতীয় স্ত্রী, গায়িকা ও গীতিকার সানি ওজেলের সঙ্গে নেভাডায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের অনুষ্ঠানে পৌরোহিত্যর দায়িত্ব পালন করেছিলেন স্যার ইয়ান ম্যাককেলেন। কিন্তু পরে জানা যায়, নেভাডা রাজ্যে বিয়ে সম্পন্ন করার জন্য তাঁর আইনগত অনুমোদন ছিল না। ফলে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পুনরায় বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করতে হয়। এর এক বছর পর, এই দুই নাইট তাঁদের অভিনয়প্রতিভা নিয়ে হাজির হন ব্রডওয়েতে। সেখানে তাঁরা পালা করে স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গোডো’ এবং হ্যারল্ড পিন্টারের ‘নো ম্যান্স ল্যান্ড’ নাটকে অভিনয় করেন। পারিবারিক হিংসার বিষয় নিয়ে স্যার প্যাট্রিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জন্য একটি ভিডিও তৈরি করেছিলেন। সেই ভিডিওতে তিনি নিজের মায়ের প্রতি তাঁর বাবার নির্মম অত্যাচারের প্রসঙ্গও তুলে ধরেন। একসময় মাইকেল পেলিন ও শন বিনের পর তাঁকে ইয়র্কশায়ারের তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করা হয়েছিল। নিজের শিকড়ের সঙ্গে তিনি কখনও সম্পর্ক হারাননি। তাই ইয়র্কশায়ারে, যাকে ভালবেসে ‘গডস ওন কান্ট্রি’ বলা হয়, তাঁর একটি বাড়ি ছিল। পাশাপাশি, তিনি আজীবন হাডার্সফিল্ড টাউন ফুটবল ক্লাবের সমর্থক ছিলেন।
‘এক্স মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ছবির মধ্যবর্তী সময়ে একটি দৃশ্য ছিল, যেখানে জিন গ্রে-র মুখোমুখি হচ্ছেন ফিলিপ লেনসার (ম্যাগনিটো) এবং প্রফেসর জেভিয়ার। বালিকা জিনের মধ্যে তাঁরা যে-শক্তির সম্ভাবনা দেখেছিলেন, যুবতী জিনের সেই শক্তি একটি ধ্বংসাত্মক পথ নিয়েছে। এখন সে ফিনিক্স। জিনের সেই ছোটবেলার বাড়িতে ফিলিপ লেনসার (ম্যাগনিটো) এবং প্রফেসর জেভিয়ার পুনরায় হাজির হন। প্রফেসর জেভিয়ার চান জিন তার শক্তিকে নিয়ন্ত্রণ করুক। ম্যাগনিটো তাকে বোঝান যে, এই অপার শক্তিকে নিয়ন্ত্রণ করার অর্থ তাকে শক্তিহীন করে তোলা। জিনের ফিনিক্স জেগে ওঠে এবং সেই তীব্র শক্তির মাধ্যমে প্রফেসর জেভিয়ার ভস্মীভূত হয়ে যান। ব্যক্তি প্রফেসর জেভিয়ারকে আমরা এই ছবিতেই শেষ দেখতে পাই। এরপর এক্স-মেন সিরিজে যতবার প্রফেসর জেভিয়ার আসবেন, অতীতে ভর করে এসেছেন। চরিত্রটি অনুপ্রেরণা জাগায় বিশ্বের সমস্ত হুইলচেয়ার ব্যবহারকারীদের। নিয়ন্ত্রণহীন শক্তির কাছে প্রফেসর জেভিয়ার হেরে যাননি। বরং দর্শকদের তিনি দেখিয়েছিলেন যে, একজন হুইলচেয়ার ব্যবহারকারী মানুষও প্রবল শক্তিময় হয়ে উঠতে পারে। প্যাট্রিক স্টেওয়ার্ট এ-চরিত্রে অভিনয় করে সকল প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে উজ্জীবিত করেছিলেন। তবে জীবনের শেষ প্রান্তে প্যাট্রিক বহু বছর অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া উইথ লিখি বডি রোগে আক্রান্ত ছিলেন। তাঁর শেষ ইচ্ছার একটি ছিল ডিমেনশিয়া রোগের গবেষণাহেতু দেহ দান করার। তিনি যখন কাউকে চিনতে পারতেন না, শরীর নড়ত না তাঁর আর ডাক্তার বলেছিল কোনও চিকিৎসাই আর কাজ করবে না তখন তাঁর পাশে থেকেছে পরিবার ও প্রিয় বন্ধু ইয়ান ম্যাককেলেন।
গত ২৮ অক্টোবর স্যার প্যাট্রিক স্টেওয়ার্ট ছিয়াশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আসন্ন কাজের তালিকায় ছিল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে প্রফেসর চার্লস জেভিয়ারের চরিত্রে শেষবারের মতো অভিনয় করা। ছবিটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা।




