আঁধার নামছে ক্যানভাসে
ক্যানভাসে নেমে এসেছে ঘন তমসার অন্ধকার, শুধু স্পটলাইটের আলো যেন এসে পড়েছে কোনও চরিত্রের ওপর। আশেপাশে আবছা হয়ে আছে মনুষ্যসদৃশ ছায়া। এইরকম ছবিতে আলো-আঁধারের বৈপরীত্য বোঝাতে বেশ কয়েকটি পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়, যেমন ‘টেনেব্রিজম’ বা ‘কেয়ারোস্কুরো’ অথবা ‘কারাভ্যাজ্জিস্তি’। অবশ্যই এইসব শব্দের অর্থ পুরোপুরি এক নয়। তবে ‘টেনেব্রিজম’-এর মধ্যে যে ইতালীয় এবং ল্যাটিন মূল রয়ে গেছে, তাদের অর্থ হল তমসাচ্ছন্ন, রহস্য, অন্ধকারের নানা সংকেত; আবার ‘কেয়ারোস্কুরো’-র মধ্যে আছে ঘন অন্ধকারের সঙ্গে বৈপরীত্য অবস্থানে উজ্জ্বল আলোর কথা। কিন্তু ‘কারাভ্যাজ্জিস্তি’ এসেছে ষোড়শ শতকের শেষদিকে ইতালির বারোক চিত্রকর ক্যারাভাজ্জিও-র (১৫৭১-১৬১০) নামের অনুষঙ্গে। ক্যারাভ্যাজ্জিও-র ছবিতে তমসা যেন এক চরিত্র; যে-চরিত্র আসলে পাপ, সন্দেহ বা মৃত্যুর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকে।
১৬০৯ সাল নাগাদ ক্যারাভাজ্জিও তেলরঙে আঁকেন ‘ডেভিড উইথ দ্য হেড অফ গোলিয়াথ’— ঘন অন্ধকারের মধ্যে ঘটে চলেছে ভয়ংকর এক হত্যা, ডেভিডের এক হাতে তলোয়ার আর অন্যহাতের মুঠিতে ধরা রয়েছে গোলিয়াথের কাটা মাথা, যেখান থেকে ফোঁটায়-ফোঁটায় ঝরে পড়ছে রক্ত। তরোয়ালের ওপর মুণ্ডমাল শব্দে লিখিত ল্যাটিন ফ্রেজ, ‘ঔদ্ধত্যকে হত্যা করে বিনয়’। কিন্তু এই যে কাটা মাথাটি ধরা আছে ডেভিডের হাতে, তা স্পষ্টতই স্বয়ং ক্যারাভাজ্জিও-র পোর্ট্রেট, শেষ মুহূর্তের তীব্র যন্ত্রণায় মুখ অল্প খোলা, বেরিয়ে আছে দাঁত, কপালে রয়েছে আঘাতের চিহ্ন। আলো-ছায়ার নিপুণ বিন্যাসে শিহরিত হতে-হতে দর্শকের চোখ যখন যায় ডেভিডের দিকে, তখন বোধহয় আশ্চর্য হওয়ার যাবতীয় সীমা অতিক্রম করে, কারণ ডেভিডের মুখ যেন অবিকল কিশোর বয়সের ক্যারাভাজ্জিও। সে-মুখে রাগ আর বিরক্তি মাখামাখি হয়ে তাকিয়ে আছে নিজেরই পরিণত বয়সের কাটা মুখের দিকে। তাঁর জীবনীকারদের মতে, ১৬০৬ সাল নাগাদ একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি, তাঁর শাস্তিও হয়। এই ছবিটি তিনি উপহার দেন কার্ডিনাল বর্ঘিজ-কে, বোঝাতে চান যে তাঁর শাস্তি হয়েছে তাঁরই কৈশোরের হাতে, তাই তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়।

প্রায় সমসময়ে আর-একটি ছবির কথা এখানে উল্লেখ করব, ‘দ্য বিহেডিং অফ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’। এখানেও ক্যারাভাজ্জিও তাঁর ক্যানভাসের অধিকাংশ জায়গাই ভরিয়ে দিয়েছেন তমসায়, অন্ধকারময় কারাগারের মধ্যে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে জন দ্য ব্যাপটিস্টকে। তার গলা চেপে ধরে আছে জল্লাদ, হাতে তার ধারালো ছুরি। গলা কাটা হয়ে গেছে অনেকটাই কিন্তু তখনও বিচ্ছিন্ন হয়নি শরীর থেকে। রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। সামনে রয়েছে দুজন নারী, একজন হাতে সোনার থালা নিয়ে প্রস্তুত, সম্ভবত সেই থালায় সংগৃহীত হবে কাটা মাথা। অন্যজন এই ভয়ংকর দৃশ্যটি দেখে শিউরে উঠছে। দেখা যাচ্ছে প্রহরীকে, সে নির্দেশ দিচ্ছে এই হত্যার। মানুষের জিঘাংসা আর হিংস্রতার কদর্য মনোভাবের এপিটোম হয়ে উঠেছে এই ছবি। ব্রিটিশ চিত্রসমালোচক জোনাথন জোনস লিখেছেন, ‘Death and human cruelty are laid bare by this masterpiece, as its scale and shadow daunt and possess the mind’। এই ছবিকে আরও উৎকট করে তুলেছে ক্যারাভাজ্জিও-র সই। সাধারণত তাঁর সই পাওয়া যায় না প্রায় কোনও ছবিতেই, কিন্তু এই ছবিতে তিনি সই করেছেন— যেখানে জন দ্য ব্যাপটিস্টের কাটা গলা থেকে রক্ত গড়িয়ে এসে জমাট বেঁধেছে, তার ঠিক নীচে যেন সেই রক্ত দিয়েই সই করেছেন তিনি।

ক্যানভাস তাঁর অন্ধকার, আর যেখানে আলো পড়েছে সেখানেও রয়েছে মানুষের তামসিক মানসিকতার দমবন্ধ করা দৃশ্য। আলোর মধ্যেও সেখানে ঘনিয়ে এসেছে কালো বিষণ্ণতা। ‘টেনেব্রিজম’ আর ‘কেয়ারোস্কুরো’ পদ্ধতির এমন সাংঘাতিক ব্যবহার ক্যারাভাজ্জিও-কে এতটাই খ্যাতি এনে দিল যে, তাঁর প্রভাব বয়ে নিয়ে চললেন বেশ কয়েকজন শিল্পী। অথচ জীবিত অবস্থায় তিনি কোনওদিন ওয়ার্কশপ করেননি, যেমন করে থাকেন অন্যান্য শিল্পীরা, না তিনি তাঁর টেকনিক শিখিয়ে গেছেন পরবর্তীকালের কোনও শিল্পীকে। তবু তাঁর এই আলো-আঁধারির রহস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছেয়ে ফেলেছে রুবেনস, রিবেরা, বার্নিনি এবং রেমব্রান্টদের কাজের মধ্যে। ১৯২০ সাল নাগাদ ইতালীয় পণ্ডিত রেবের্তো লোঙ্ঘি বলেন যে, ক্যারাভাজ্জিও ছাড়া এই রেমব্রান্টরা কখনও থাকতেই পারতেন না; এমনকী দেলাক্রোয়া, ক্যুরবেই বা মানে-র ছবিও অন্য ধরনের হয়ে যেত। ক্যারাভাজ্জিও-র শিল্পের এই ধারা যাঁদের মধ্যে রয়ে গেল, তাঁরাই পরবর্তীকালে চিহ্নিত হলেন ‘ক্যারাভাজ্জিস্তি’ নামে। এই কথার প্রমাণ হিসেবে হাজির করা যায় পল রুবেনস-এর ‘ম্যাসাকার অফ দ্য ইনোসেন্টস’, হেনরি ফুসেলি-র ‘দ্য নাইটমেয়ারস’, এডোয়ার্ড মানে-র ‘দ্য ডেড টোরিয়েডোর’ কিংবা রেমব্রান্ট-এর ‘দ্য নাইট ওয়াচ’— অচেনা তমসাচ্ছন্ন পৃথিবী যেন ভারী পর্দার মতো নেমে এসেছে এঁদের ক্যানভাসে।
আসলে রেনেসাঁসের সময় থেকেই খ্রিস্টীয় বা ধর্মীয় পুরাণের অনুষঙ্গে তমসাচ্ছন্ন হিংসাত্মক ছবি আঁকার ধারা চলে আসছিল— মানুষের অবয়ব, কিন্তু মানুষ নয়; প্রেত পিশাচ আর অপদেবতার প্রভূত উপস্থিতি রীতিমতো আচ্ছন্ন করে ফেলছিল দর্শককে। এত হত্যা, এত রক্ত, এত জুগুপ্সা, নরকঙ্কাল, করোটি মিলে তৈরি হচ্ছিল আবছা-অস্পষ্ট-রহস্যে ঘেরা এক কালো জগৎ। এই জগৎকে ক্যানভাসে ধরার বিচারে একদিকে যদি থাকেন ক্যারাভাজ্জিও ও তাঁর অনুগামীরা, অন্যদিকে একাই দানবিকভাবে বিরাজ করছেন ফ্রানসিস্কো গোইয়া।

১৭৪৬ সালে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম গোইয়ার। শিল্পপর্বের প্রথমদিকে রাজানুগ্রহে এবং প্রভাবশালী বিত্তবানদের সাহচর্যে প্রায় পঞ্চাশ বছর কাটিয়ে দেওয়ার পর হঠাৎই তাঁর জীবনে নেমে আসে এক অন্ধকারময় জগৎ। সাংঘাতিক কোনও অজানা অসুখের কারণে ১৭৯৩ সালে হারিয়ে ফেললেন শোনার ক্ষমতা। এরপর থেকেই অব্যক্ত যন্ত্রণায় তাঁর ক্যানভাস হয়ে উঠল হতাশা আর তমসার ক্ষেত্র। কয়েক বছরের মধ্যেই স্পেন যেন ছিন্নভিন্ন হয়ে গেল একদিকে নেপোলিয়ন আর অন্যদিকে ইংরেজদের আক্রমণে। এই রাজনৈতিক অস্থিরতার কারণে আরও ব্যক্তিগত হয়ে উঠল তাঁর ছবি, বিষাদ আরও গ্রাস করল তাঁকে। ১৮০৮ সাল থেকে ১৮১২ সালের মধ্যে তাঁর আঁকা কয়েকটি ছবির কথা এখানে উল্লেখ করা প্রয়োজন, কেননা এই ছবির মধ্যেই ক্রমশ জায়গা করে নিচ্ছে নিষ্ঠুরতা, বীভৎসতা, বিকৃতি আর ভয়। যেমন ধরুন, ‘শিপ’স হেড অ্যান্ড জয়েন্টস’ মূলত কশাইয়ের হাতে কেটে রাখা ভেড়ার মাথা আর পাঁজরের মাংসের স্টিল লাইফ। ঘন কালো রঙের প্রেক্ষাপটে কেটে রাখা মৃত ভেড়ার চোখের বিষাদগ্রস্ত চাউনি আপনাকে ফেলবে চরম অস্বস্তিতে। বর্বর কিছু মানুষ মাথার চুল ধরে হত্যা করছে এক বিবস্ত্র নারীকে (‘স্যাভেজেস মার্ডারিং আ ওম্যান’)। এক সময়ে যুদ্ধ হয়তো থামল, কিন্তু গোইয়া মুখ ফিরিয়ে নিলেন সমাজ-সংসার থেকে। মাদ্রিদের কোলাহল থেকে দূরে পাহাড়ের গায়ে নির্জন পরিবেশে বাসা বাঁধলেন (বাড়ির নাম, ‘এক বধিরের গৃহ’)। এই বাড়ির বৈঠকখানা আর লম্বা ডাইনিং হলের দেওয়ালে এঁকে ফেললেন চোদ্দোটা ‘ব্ল্যাক পেন্টিংস’ (১৮২০-১৮২৩)। আপাতত এখানে দুটি ছবির কথা বলব।

প্রথমে আসি ‘স্যাটার্ন’-এর প্রসঙ্গে। রোমান দেবতা স্যাটার্ন সম্বন্ধে আর-এক দেবতা টেরা ভবিষ্যৎবাণী করে জানায় যে, স্যাটার্নের পুত্রদের মধ্যে একজন তাকে পদচ্যুত করবে। সেই ভয়ে স্যাটার্ন খেয়ে ফেলে তার সন্তানকে। এই গল্প অনুসরণ করে অনেক শিল্পীই ছবি এঁকেছেন, কিন্তু গোইয়ার ছবির বীভৎসতা ছাড়িয়ে গেছে সবাইকে। দৈত্যাকৃতির স্যাটার্ন দু’হাতে চেপে ধরে আছে এক শিশুকে, যার মাথা আর একটা হাত ইতিমধ্যেই ছিঁড়ে খেয়ে নিয়েছে স্যাটার্ন, এখন তার মুখের ভিতর রয়েছে আর-একটা হাত। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, শরীর আর দাঁড়ানোর ভঙ্গিমা কুৎসিত। পুরাণের গল্প যেন এখানে অনিয়ন্ত্রিত হিংসা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের প্রতীকে রূপান্তরিত হয়েছে। নিয়তির হাত থেকে পালাতে গিয়ে নিজেই যেন নিজেকে ধ্বংস করে ফেলছে। সমস্ত ছবি জুড়ে যেন ভয়ানক এক পিশাচ নিকষ কালো অন্ধকারে উন্মত্তের মতো দাপিয়ে বেড়াচ্ছে।
গোইয়া-র বাড়ির একতলায় লম্বা হলঘরের দুটো জানলার মাঝে সবচেয়ে চওড়া অংশে রাখা ছিল ‘উইচ সাবাথ’ বা ‘দ্য গ্রেট হি-গোট’। সে-ছবি জুড়েও নেমে এসেছে ঘন তমসার চাদর। কোনো পরিত্যক্ত নির্জন স্থানে জড়ো হয়েছে বিকৃত চেহারার নানা বয়সের ডাইনি, আর অন্ধকার সিল্যুয়েটে দেখা যাচ্ছে ছাগলের চেহারায় স্যাটান বা ডেভিলকে। তার কথা শুনতে উদ্গ্রীব। মুখ আর শরীর বিকৃত, ভাঙাচোরা, অস্পষ্ট। চেহারা আর মুখ যেন তালগোল পাকিয়ে আছে। গোটা ছবি যেন ভরে আছে পৈশাচিকতায়। তামসিকতার যেসব লক্ষণের কথা বলা হয়, শাস্ত্রের খুঁটিনাটি সরিয়ে যদি প্রচলিত ও আক্ষরিক অর্থে ভাবেন, তাহলে এই ছবিগুলি বোধহয় সেই ভয়ংকর লোভ আর লালসাভরা পচা-গলা পৃথিবীর চরম বিভীষিকাময় উদাহরণ হয়ে থাকবে।

এই সমস্ত অন্ধকারের ছবি আঁকতে-আঁকতে তমসা যেন গ্রাস করে ফেলেছে যুগ-যুগান্তরের শিল্পীদের, আর এসব ছবি দেখার অভিজ্ঞতা দর্শকদের কাছেও চরম অস্বস্তির। ভয়, ত্রাস, হতাশা, ভয়ংকরতা, আর হিংস্রতার ঠিক উলটোদিকে দাঁড়িয়ে থাকে যে-ছিন্নভিন্ন অসহায়তা, তা-ই যেন পুঞ্জীভূত অন্ধকার হয়ে নেমে এসেছে ছবিতে। যা থেকে মুক্তি নেই, পরিত্রাণ নেই, মাথা কুটে মরলেও কোনও সর্বত্রগামী ঐশ্বরিকতা কাউকে বাঁচাতে পারবে না এই অবশ্যম্ভাবী হনন আর ধ্বংস থেকে, কোনও ঈশ্বরী তাঁর আলোপ্রদীপ হাতে ঘুচিয়ে দেবেন না এ-পরিব্যাপ্ত কালিমা— যে-আঁধার আলোর অধিক।
আরও পড়ুন: শহরের রাস্তাতেই কোটিপতি হওয়ার হাতছানি! জানেন কী এই ‘কলকাতা ফটাফট’?


