টংকা-র টঙ্কার
যদি একটা মন্দিরে যন্ত্র ফিট করা যেত, যাতে সব্বার মনের প্রার্থনাগুলো কাগজে ছাপা হয়ে বেরিয়ে আসবে, প্রিন্ট-আউটে মাত্তর দুটো লাইন লেখা হত। তিনটে লোক চেয়েছে ক্যানসার সারুক, আর বাহান্ন লক্ষ লোক চেয়েছে টাকা। টাকা, প্রায় আক্ষরিক ও নির্লজ্জভাবে, পৃথিবীকে কড়ে আঙুলের ওপর রেখে, সুদর্শন চক্রের মতো, প্লাস্টিকের গ্লোবের মতো, ফ্যাশন-বেব্লেডের মতো, বনবনাচ্ছে। শুধু এই কারণে নয় যে, টাকাওয়ালারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে— রাজনীতি, পরিবেশ, বিজ্ঞান, এমনকী, কোথায় যুদ্ধ হবে, কোথায় হবে না। এই কারণে: প্রত্যেকে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ, ধনী বা গরিব— সারাক্ষণ টাকার কথা ভেবে চলেছে। তাও প্রথম জীবনে লোকে অন্য কিছুর কথা ভাবে, যেমন যৌনতা বা শিল্প, কিন্তু ক’দিন পর থেকে টাকা ছাড়া আর কিচ্ছুই অন্তরের কেন্দ্রে গ্যাঁট হয়ে বসে না। যে কবিতা লেখে, প্রাথমিক আশা ও গোঁ ফুরিয়ে কাতর হয়ে পড়ে, কারণ কবিতা লিখে টাকা হচ্ছে না, তাই অন্যভাবে রোজগারের জন্য এত ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে যে, কবিতা ভাবার সময় পাচ্ছে না। এবং এই করতে-করতে খেয়ালই করে না, কখন সে কবিতা ভাবা ছেড়ে দিয়েছে, স্রেফ টাকার কথা ভেবে চলেছে। অন্য কবিকে সে হিংসে করছে— বেশি ভাল কবিতা লিখে ফেলেছে বলে নয়— তাকে প্রতিষ্ঠান কিনে নিয়ে বিশাল মাইনে দিচ্ছে বলে। আর যে লোকটা পেল্লায় টাকা বাগিয়েছে, সে মৌজ করছে বটে, মনের পিছনদিকে সারাক্ষণ ভাবছে এই টাকা ফলফুলন্ত হয়ে কেমনে বাচ্চা পাড়বে, কারণ বাবারও বাবা আছে, তার নাগালের চেয়ে অনেক টাকা করে ফেলেছে আম্বানি, কিংবা ইলন মাস্ক, বা ব্রুনেইয়ের সুলতান। তাদের ছুঁতে না পারার আক্ষেপ বাঁদিকে চেপেচুপে সে এক-কাতে শুচ্ছে। কিংবা শেয়ার-বাজার পড়ে যাওয়ার ভয়ে তার যৌন-ক্ষমতা শুকিয়ে আসছে। তাই, বাইরের পৃথিবীকে শুধু নয়, প্রতি ব্যক্তির ভেতর-পৃথিবীকে— ভাবনা-বিশ্বকে— শাসন করছে টাকা।
তার মানে এই নয়, বড়লোকও টেরিফিক দুঃখু-পাবলিক। উঁহু। টাকা শুধু নিবিড়-নিটোল ভোগ নয়, টংকা উপহার দেয়: নিশ্চিন্দি। প্রচুর মহামানুষ সুললিত কোটেশনে টাকার বিরুদ্ধে কথা বলেছেন। আমরা কলেজে পড়ার সময়, যে মেয়ে ছাত্র-প্রেমিককে ছেড়ে বড়লোক পাত্রের সঙ্গে সম্বন্ধ-বিয়ে সাগ্রহে মেনেছে— তাকে দুয়ো দিয়েছি। কিন্তু পরে বুঝেছি, মহাপুরুষেরা নিজেদের স্ট্যাচু গড়ার জন্য নিরন্তর হাবিজাবি বকেন। আর রি-ইউনিয়নে টের পেয়েছি, ওই মেয়েটিই তুখড় বুদ্ধিমতী, আমরা প্রেম-ফুরনো বিরক্তিকর বিয়ের পোঁটলা দরিদ্র নলনলে ঘাড়ে আর বইতে পারছি না, সে স্বামীর আদর পাক না-পাক, অলংকারের জম্পেশ জৌলুস (রি-সেল ভ্যালু সহ) পেয়েছে। টাকা-বিরোধীদের প্রধান যুক্তি: টাকা দিয়ে সুখ কেনা যায় না। কিন্তু সাতমহলা বাড়ি আর বাইশটা গাড়ি, ফোর-কে টিভি আর ইউরোপ-সফর, বব ডিলানের কনসার্টের টিকিট আর মিশেলিন স্টার রেস্তরাঁর সুশি, চারপাশের নশ্বরগুলোর চোখে ঈর্ষা আর সমীহর মিক্সড ভেলপুরি তো কেনা যায়। তারা সুখের ঘনিষ্ঠ মাসতুতো ভাই তো বটে। টাকা দিয়ে শান্তি-স্বস্তি-প্রেম কেনা যায় না ঠিকই, কিন্তু দারিদ্র দিয়েও তো সেগুলো কেনা যায় না। তাহলে দোষটা টাকার ঘাড়ে ফেলার মানে কী? বরং পেরেক-খোঁচা খাটে শুয়ে জোরে দীর্ঘশ্বাস ফেলা রিস্কি, গোলাপফুলের শয্যায় শুয়ে ফুলে-ফুলে কান্নাকাটি প্রভূত আরামদায়ক। যা কখনও অবহেলা করা যায় না: বৈভব অনেকটা শারীরিক স্বাচ্ছন্দ্য, সুতরাং বেশ মানসিক প্রসন্নতা দেয়। আর প্রসন্নতা এমন এক জমি, যাতে প্রায় সর্বক্ষণ সু-ফসল ফলে। মন ভাল থাকলে অবাধ্য সন্তানের সঙ্গে চমৎকার ব্যবহার করা যায়, এসি-গাড়ি থেকে হাত বাড়িয়ে হকার-উন্নয়নে মোটা চাঁদা দেওয়া যায়, এমনকি বিষণ্ণ চম্পূ নিখুঁত কম্পোজ করা যায়। কাঁচা নর্দমার পাশে মশা তাড়াতে তাড়াতে মহৎ উপন্যাস লেখা সম্ভব নিশ্চয়ই, কিন্তু বিজনেস ক্লাসে যেতে যেতে সেই লেখকেরই মাথায় নভেলের অভিনব প্লট ও ভাষা খেলার সম্ভাবনা অধিক, কারণ দুশ্চিন্তাহীনতা ও খুশিয়াল মেজাজ তাকে সৃষ্টির অনুকূল তটে এনেছে। এ-কথাও ঠিক, বাসে-ট্রামে না-চড়ে সর্বক্ষণ গাড়ি চড়লে, সহ-মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটির সম্ভাবনা প্রবল কমে আসে, আজীবন চাকরি না-করে খোশ-ঐশ্বর্যে কাটাতে পারলে, আদ্ধেক অপমানের সম্ভাবনা ওখানেই জব্দ হয়ে যায়। তাই জীবনকে সুজলাং বলে ঠাহর হয়।
আরও পড়ুন: জ্ঞানেরও আঁধার হয়?
লিখছেন সুনির্মল দাস…

টাকায় সবচেয়ে বড় যা কেনা যায়: স্বাধীনতা। নিজের মতো চলার, কারও কাছে মাথা নোয়াতে বাধ্য না-থাকার, অপ্রীতিকর পরিস্থিতি থেকে ঝটকা মেরে বেরিয়ে যাওয়ার স্বাধীনতা। এমনকী, টাকার কথা না-ভাবার স্বাধীনতা। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, বড়লোকরা কিছু সময় টাকা ছাড়া অন্য কথা ভাবতেও পারে, গরিবরা কক্ষনও টাকা ছাড়া কিচ্ছু ভাবে না। সেদিক থেকে বড়লোকরা সামান্য স্বাধীন, অন্তত স্বাধীনতার সম্ভাবনা-সম্পন্ন। শিল্পী সাধারণত টাকাকে অশ্লীল মনে করেন, কারণ ‘টাকার জন্য শিল্প’ তৈরির মধ্যে বিশ্রী আপস আছে: শিল্পী নিজের ইচ্ছের চেয়ে অগ্রাধিকার দিচ্ছেন বাজারের ইচ্ছেকে। কিন্তু এভাবে ভাবা যায়: শিল্পীর কাঁড়িকেত্তর টাকা থাকলে তিনি বছরে ১৫টা দুর্বোধ্য কাব্য ছাপাতে পারেন, ঝাপসা সিনেমার পর সিনেমা রিলিজ করতে পারেন, থাকতে পারেন নিজস্ব প্যাশনে পুলকিত ও অন্যের বায়নাক্কার প্রতি বধির, কারণ ভোক্তারা তাঁর শিল্প হিট করাল কি না, তার ওপর তাঁর পরবর্তী শিল্পবস্তু নির্মাণ ও পরিবেশন নির্ভরই করে না। সেক্ষেত্রে বাজারকে তোয়াক্কা না করার ব্রহ্মাস্ত্র শিল্পীর হাতে তুলে দিচ্ছে টাকাই। উৎপল দত্ত কমার্শিয়াল হিন্দি ছবি থেকে টাকা পেয়ে পিএলটি-র পুঁজিবাদ-বিরোধী নাটকে ঢালছেন। এবং এই যে টাকা পরাধীনতা-হীনতার একটা আত্মবিশ্বাসে ঘিরে রাখে সারাক্ষণ, মানুষ তাই সংকটে প্রথমেই না আঁতকে, বিনা চশমায় চারদিক জরিপের ক্ষমতা পায়। যেহেতু বাগুইহাটিতে বোর লাগলে সে এক-বিকেলেই বার্লিন রওনা হতে পারে, সেহেতু বাগুইহাটি সত্যিই ততটা ঝঞ্ঝাটিয়া কি না, প্রেম-কলহে অতটা বিড়ম্বিত হওয়ার দরকার আছে কি না, অফিসের ঘনঘটায় কেন্নো-গুটিয়ে যাওয়ার উপাদান আছে না কি সে অনেকটা অপমান নিজে বুনে-বানিয়ে নিচ্ছে— অযথা উদ্বেগের মশারি না টাঙিয়েই ওজন করতে পারে। তাই ক্রাইসিস-শার্দূল লাফ দিলেও, টাকাওলার চোখ-রিফ্লেক্স-যুক্তি গুলিয়ে যায় না, সে-আক্রমণের প্যারাবোলা মেপে ও ছকে, কোমরের জোরে ডান-বাঁ উড়ে মোকাবিলা করে।
আরও পড়ুন: শহরের রাস্তাতেই কোটিপতি হওয়ার হাতছানি!
জানেন কী এই ‘কলকাতা ফটাফট’?
তাহলে এই প্রসন্ন শান্ত স্বরাট বড়লোকরা উদার মহান নম্র না হয়ে প্রায়ই যাচ্ছেতাই অমানুষ হয় কেন? কারণ টাকার বিরাট দোষ হল, সে বলে: আমি অ্যালজেব্রার একচ্ছত্র ‘এক্স’, পৃথিবীর তাবৎ ক্ষমতা গুণ কৃতিত্বের পরিবর্তেই আমাকে ব্যবহার করা যায়। তত্ত্বটা উদ্ভট। কারণ টাকা থাকলেই গলায় সুর আসে না, গান বোঝার ক্ষমতাও আপনিই উৎপন্ন হয় না। টাকা প্রতিভাকে পুষতে পারে, কিন্তু সিনেমার ক্যামেরা কোথায় বসালে ভাল, গবেষণাগারের গিনিপিগকে কোন ইঞ্জেকশন দিতে হবে, কে এল রাহুলের কোন স্ট্রোক মারা উচিত ছিল— তা আয়ত্ত করতে পারে না। (তার জন্য বিদ্যা, বোধ, চর্চা লাগে, বিদ্বান বোধসম্পন্ন চর্চাবান বড়লোক নিশ্চয় হয়, কিন্তু বড়লোকমাত্রেই তা হয় না)। অথচ, বস্তুগত প্রাচুর্য এমন একটা ভ্রান্তির উৎপত্তি প্রায় সর্বঘটে ঘটায়: আমি যখন এতটা টাকা করতে পেরেছি, সাধারণ মানুষকে এতটা পিছনে ফেলে মসৃণ দৌড় লাগাচ্ছি, নির্ঘাত নাসা-র টেলিস্কোপ থেকে ক্লিওপেট্রার নাসা অবধি সমস্তটাই জলের মতো বুঝি। এবং টাকাওলা যেহেতু সারাক্ষণই স্তাবক-পরিবৃত, আত্ম-আয়না তার লোপাট। তাই সে সকাল থেকে হাতে মাথা কাটছে, অতি-বড় বুঝদারও তার কৃপা (ও সুতরাং ভবিষ্যৎ-বখশিস-সম্ভাবনা) হারানোর ভয়ে উদ্ধত, অশিক্ষিত মন্তব্যে নাগাড়ে ‘হ্যাঁ’ নেড়ে যাচ্ছে। এই চির-তোল্লাই পেতে-পেতে বড়লোক একসময় ভাবছে, সে অন্যের সাধনাকে ব্যঙ্গ করতেই পারে, কারণ তা টাকায় অনূদিত হয়নি। এবং, আরও সাংঘাতিক— জগতের তাবৎ সার্থকতাকে একমাত্র টাকার অঙ্কেই মাপা যায়। ‘ও সত্যিই ভাল আঁকে? তাহলে ওর পেন্টিং কয়েক কোটি টাকায় বিকোচ্ছে না কেন? ও প্রশংসনীয় লোক? তাহলে ড্যাম্প-ধরা বাড়িতে থাকে কেন?’ অর্থাৎ, টাকা সুবিধেময়, কিন্তু প্রজ্ঞাময় মোটে নয়। বড়লোক ক্রমশ ভুলে যায়, টাকা ছাড়াও অন্য কিছুর অস্তিত্ব এবং গুরুত্ব এই বসুন্ধরায় আছে। তার ভুল ভাঙে না, কারণ টাকা অহং ফোলানোর পাম্প নিয়ে পাঁই-পাঁই ঘোরে। তাই সে টাকাহীনকে লাথি মারতে পিছপা হয় না, গরিব তার কাছে কু-তম খিস্তি, তিন-অক্ষরী হলেও। অবশ্য কেউ বলতেই পারে, টাকা চাই এই হেঁক্কড়ের জন্যই: লেদ মেশিনের কারখানা খুলে মোহরের ঢিপি রচেছি বলেই আমি ব্র্যাড পিটের অডিশন নেব। পিকাসোকে সাড়ে-তিন দেব। ছেলের মুখেভাতে এরিক ক্ল্যাপটনকে গাইয়ে, তালে ভুল ধরব। অবশিষ্ট (সর্বহারা, বা অন্তত অনেকটা-হারা) বিশ্বকে অধস্তন ভাবব ও অনায়াসে বাপ-মা তুলব। তাহলে আলাদা। অন্যকে অপমান করতে পারার আনন্দ (এবং প্রতি-অপমান না-পাওয়ার প্রায়-গ্যারান্টি) কম আহ্লাদের ব্যাপার নয়। টাকা অবশ্যই এই কিক দেয়। তবে ‘কিক’ শব্দের তো অন্য মানেও হয়।




