‘আজ শনিবার’
যে বাঙালিরা একুশ শতকের প্রথমার্ধে বড় হয়েছে, সেই ‘মিলেনিয়াল’ প্রজন্মের কাছে সাইবার কাফে ও গেম সংস্কৃতির স্মৃতি খুব একটা তামাদি নয়। সেই গেমিংয়ের দুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়া ঘটনা ছিল জিটিএ বা গ্র্যান্ড থেফট অটো। এই গেমটির ষষ্ঠ সংস্করণ নিয়ে তাই আবিশ্ব তুলকালাম যেমন ছিল, তেমনই গেমিংয়ের দুনিয়ায় মজে থাকা জেন জি, জেন আলফা-ও আলোড়িত ছিল। কিন্তু গেমটি মুক্তি পাওয়ার পর বাংলায় একেবারে অন্য একটি আলোচনার কেন্দ্রে চলে এল জিটিএ-৬। কারণ, সেই সাড়ে চার দশক আগে মুক্তি পাওয়া অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এ রূপা বিশ্বাসের গাওয়া গান ‘আজ শনিবার নাচবে চলো আজ’ শোনা গেছে এই গেমে। সেই সময়ে পাত্তা না পাওয়া এই অ্যালবামটির এই একটি গান এখন সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। রূপা বিশ্বাসের অজস্র সাক্ষাৎকার প্রকাশিত তো হচ্ছেই, সঙ্গে চলছে মিমের বন্যা। পাশাপাশি, তরজা চলছে নিয়মিত, গানটি কি আদৌ ততটা শ্রুতিমধুর বা সাংগীতিকভাবে প্রণিধানযোগ্য? কিন্তু এই তরজা অবান্তর হয়ে যায়, যতক্ষণ না বাংলায় ডিস্কো এসে পৌঁছনোর ইতিহাসটি খুব সুস্পষ্টভাবে বোঝা যায়।
যে-কলকাতায় বীভৎস মজার সন্ধানে এসেছিল ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’-র ঈশ্বর ও হরপ্রসাদ, সেই কলকাতার রাত বাড়ত নাইটক্লাবের অন্দরে, সেই কলকাতা ব্লু ফক্স বা ফার্পোজ-এর। ছয়ের দশক পেরিয়েও, সেই কলকাতায় রাত বাড়লে রং বাড়ত। কলকাতার নাইটক্লাবের ফ্লোর যেমন মাতাতেন লোলা সুইনটন, প্যাম ক্রেন-রা, তেমনই ছিলেন ঊষা উত্থুপরাও। ট্রিংকাসে একসময় গান গেয়েছেন গৌতম চট্টোপাধ্যায়রাও, যাঁর হাত ধরে বাংলা গানে ঝড়ের মতো এসে পৌঁছেছিল ‘মহীনের ঘোড়াগুলি’। এমন কলকাতায় ডিস্কো গানের তাল পৌঁছচ্ছিল ধীরে-ধীরে।


আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারদের কি সামাজিক দায় থাকতে নেই?
পড়ুন ‘চোখ-কান খোলা’ পর্ব ৪২…
ফরাসি ‘ডিস্কোথেক’ থেকে ডিস্কো শব্দটি এসেছিল। মূল শব্দটির অর্থ সহজ, এমন ক্লাব, যেখানে জনপ্রিয় গান বাজে। সাতের দশকের শেষ থেকে ডোনা সামারের গান, আর্ল ইয়ংয়ের তৈরি করা ‘ফোর অন দ্য ফ্লোর’ ড্রামবিটের মধ্য দিয়ে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে এই ধারার সংগীত। এই দশকের গোড়ার দিক থেকেই যৌনতা ও ড্রাগের সঙ্গে ডিস্কোকে জড়িয়ে স্টুডিও ফিফটি ফোরের মতো ক্লাবগুলির গোড়াপত্তন ঘটছিল। সেই সময়ে ডিস্কো মিউজিকের সঙ্গে জড়িয়ে ছিল সমপ্রেমের স্বাধীনতাও। ১৯৭১-এ মার্কিন মুলুকে একটি আইন পাশ হয়, যা সমলিঙ্গের নাচকে মান্যতা দেয়। অর্থাৎ, যে নাচে দু’টি দেহ কাছাকাছি আসতে পারে, তেমন নাচ দুই পুরুষ বা দুই নারী নাচতে পারবেন। বিট প্রজন্ম, হিপি আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধ, বিটলস-এর বিপ্লব পেরিয়ে এসে ডিস্কো হয়ে উঠছিল ক্রমে স্বাধীনতার দ্যোতক।
এই সবকিছুই ছিল বটে, কিন্তু কলকাতা শহরে যতই পাশ্চাত্যের ছোঁয়াচ লেগে থাকুক না কেন, ডিস্কো বা রাতের ক্লাব সংস্কৃতি মূলত কুক্ষিগত ছিল উচ্চবিত্তর। এই কলকাতায় অসীম চক্রবর্তী, যিনি আর্থার মিলার থেকে মোহিত চট্টোপাধ্যায় মঞ্চস্থ করেছেন, তিনি সুবোধ ঘোষের গল্প নিয়ে যখন ‘বারবধূ’ করলেন এই সাতের দশকেই, তখন ‘ব্লো-হট’ শব্দবন্ধর জোরেই তা জনপ্রিয় ও বিতর্কিত হয়ে উঠল একই সঙ্গে। এই শব্দবন্ধ দিয়ে বাংলা নাটকের বৈদগ্ধ্যের শুদ্ধতার থেকে কিছুটা আলাদাও করা গিয়েছিল এই নাটককে, বলাই বাহুল্য। অর্থাৎ, মধ্যবিত্ত ট্যাবুর বাজার তখন সরগরম ছিল। সেই বাজারেই, আটের দশকের গোড়ার দিকে এসেছিল ‘ডিস্কো জ্যাজ’।
আশিস খান ও প্রাণেশ খানের তৈরি করা গান ‘আজ শনিবার’ তখন জনপ্রিয় হয়নি বটে, কিন্তু মজার বিষয়, সেই বছরেই রাহি মাসুম রাজার চিত্রনাট্য অবলম্বনে বব্বর সুভাষের ছবি ‘ডিস্কো ডান্সার’ ‘ডিস্কো’ শব্দটিকে প্রায় ঘরে-ঘরে পৌঁছে দিয়েছিল। মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবিতে বাপ্পি লাহিড়ীর সংগীত ও ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’-এর মতো গান রোয়াক থেকে তাসাপার্টি, সর্বত্র উচ্চারিত হয়েছে। কিন্তু সেই সময়ে অন্তরালে থেকে গিয়েছে ‘ডিস্কো জ্যাজ’-এর সাংগীতিক নিরীক্ষা। সেই নিরীক্ষা কতটা সফল হয়েছিল, তা সংগীতজ্ঞদের বিচার্য। কিন্তু সাংগীতিক জঁর হিসেবে নতুন এই ধারাটি যে বাংলা গানের আঙিনায় উজ্জ্বল হয়নি, তাও পরিষ্কার। তার মূল কারণ কি এই, বাপ্পি লাহিড়ীর সহজপাচ্য সংগীত বা ‘ডিস্কো ডান্সার’-এর বলিউডি ছকের গল্পের নায়ককল্পের মধ্য দিয়ে আদতে ডিস্কো মিউজিকের কাছাকাছি পৌঁছতে পারেনি বাঙালি সেই সময়েও? ‘ডিস্কো ডান্সার’ নেহাতই জনপ্রিয় সংস্কৃতির ধারাবাহিকতায় আরও একটি ঘটনা হয়ে থেকে গিয়েছিল। সেখানে ‘আজ শনিবার’ বা ‘ডিস্কো জ্যাজ’ বাঙালির কাছে নতুন জনপ্রিয়তার সূচক হয়ে উঠতে পারেনি, এমনকী, ক্লাববিলাসী বাঙালিও পাশ্চাত্যের এই বাংলা অনুসৃতিটি নিয়ে খুব একটা ভাবিত ছিল না।
আজ এত বছর বাদে, পৃথিবীকাঁপানো একটি গেমে এই গানটির ব্যবহারে বাঙালি হিসেবে কলার তুলতে গেলে বা গানটির উৎকর্ষ বা শিল্পগুণ নিয়ে কথা বলতে গেলেও এই ইতিহাসের ধারাটিও বোঝা প্রয়োজন। থিওডোর অ্যাডর্নো সেই চারের দশকে জনপ্রিয় সংগীতের উপভোক্তাদের ‘শিশুতোষ’, ‘প্রাচীনপন্থী’ ইত্যাদি বলে গাল পেড়েছিলেন। কিন্তু জনপ্রিয়তার ইতিহাস চিরকালই কমবেশি জটিল, একথা ভুলে যাওয়ার উপায় নেই।




