মেসির প্রতি অনুরক্তি মানেই কি রোনাল্ডোর প্রতি বিরক্তি? কিংবা রোনাল্ডোর প্রতি নিবেদন মানেই কি অব্যর্থ নিয়মে মেসিকে প্রত্যাখ্যান! বিগত দশক জুড়ে, এমনকী হালের বিশ্বকাপের মহারণেও এই চরমপন্থী মেরুকরণের অন্যথা আমরা দেখিনি। মেসি গোল করলেন, ওদিকে ফেসবুকে ষড়যন্ত্রতত্ত্ব আওড়ালেন রোনাল্ডো-সমর্থক; পরের ম্যাচে রোনাল্ডো গোল দিতেই ইন্সটায় তাঁর স্বার্থপরতার পালটা তত্ত্ব হাজির করলেন মেসিভক্তরা। কতখানি প্রশংসা করছি, শুধুই সেটুকু বিবেচ্য নয়; তাঁর প্রতিদ্বন্দ্বীকে ঘৃণা কতটা করলাম, সেটিই বিশ্বস্ততার চূড়ান্ত মাপকাঠি। অবশ্য, ফুটবল বা ক্রীড়াজগৎই-বা খামোখা একা কেন দুর্নাম কুড়োবে! শিল্প, সাহিত্য, সংগীত, বিজ্ঞান, রাজনীতি, ধর্মচর্চা কিংবা দর্শন— প্রায় সর্বক্ষেত্রেই তো এই একটেরে পক্ষপাতের প্রবল দাপটে আমরা ধাতস্থ। একজনের মেধা ও কীর্তিকে মহিমান্বিত করতে তাঁর প্রতিদ্বন্দ্বীকে শত্রু ঠাওরে প্রতারক বা খলনায়ক প্রতিপন্ন করার এই প্রতিহিংসাপরায়ণ ভক্তিচর্চার প্রচলন তো যুগান্তব্যাপী!
নিজস্ব ভক্তিকে বৈধতা দিতে নিজের আরাধ্যের প্রতিদ্বন্দ্বীদের নৈতিক দুশমন ঠাওরে অবিরত হেয় করা— তা সে যুক্তি যতই অবান্তর হোক। সত্যজিৎভক্ত হলে সুযোগ পেলেই ঋত্বিককে একঘেয়ে বিলাপের অগোছালো পুনরাবৃত্তি বলে কটাক্ষ করা, কিংবা ঋত্বিকের তীব্রতাকে প্রতিষ্ঠা করতে ঝোপ বুঝে সত্যজিতের নিক্তি মাপা সংযম ও পরিপাট্যকে কেতাদুরস্ত বলে কোপ মারা। এককালে ‘বিটল্স’-কে অতিমাত্রায় শিষ্ট, সুবোধ, খানিকটা নিরামিষ ও ‘ম্যাড়মেড়ে’ বলে দেগে দেওয়া হত। অন্যদিকে ‘রোলিং স্টোন্স’-কে অপরপক্ষ নাক সিঁটকে বলত রুক্ষ, আক্রমণাত্মক, এমনকী রীতিমতো ‘লাফাঙ্গা’ও। নিজেদের সামাজিক বা মনস্তাত্ত্বিক পরিচয় জাহির করতে শ্রোতারা এই দুই ব্যান্ডের একটির দিকে ঝুঁকতেন; এবং অন্যটিকে আক্রমণ করতেন কদর্য ভাষায়। অথচ এই দুইয়ের শিল্পধারা গর্ভজাত হয়েছে ভিন্ন নন্দনবোধ, এবং স্বতন্ত্র দুই মানবিক অভিঘাতের সঞ্চারে।
মুশকিল হল, অন্ধভক্তির দরবারে শ্রেষ্ঠত্বের আসন একটিই। নিজের আরাধ্যকে অদ্বিতীয় রাখতে সেখানে অন্যের মহত্ত্ব অস্বীকার করতেই হয়। কালের সঙ্গে আরাধ্য বদলেছে, এই একাধিপত্যের বিধান কিন্তু বদলায়নি। একলব্যের অসামান্য নৈপুণ্য দেখে অর্জুন যখন দ্রোণাচার্যকে তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন, তখন প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতেই গুরুদক্ষিণার নামে একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ কাটা পড়ে। আক্ষেপের বিষয়, সেই পৌরাণিক অবিচার থেকে আমরা আজ অবধি শিখিনি কিছুই। উলটে সেই প্রতিহিংসাপরায়ণ ভক্তি কেবল ব্যঙ্গ-বিদ্রুপ বা পরিসংখ্যানের তর্কেই ক্ষান্ত হয়নি, কখনো-কখনো তা অবলীলায় পৌঁছে গেছে বিপক্ষকে একেবারে জানে মেরে দেওয়ার ক্রাইম থ্রিলারে।
নয়ের দশকের গোড়ায়, মেয়েদের টেনিসে স্টেফি গ্রাফের দীর্ঘ আধিপত্যের মাঝেই প্রায় ঝড়ের বেগে উঠে আসেন মোনিকা সেলেস। গ্রাফ-কে সিংহাসনচ্যুত করে তিনি বিশ্বের এক নম্বর হন; মাত্র উনিশ বছর বয়সেই আটটি গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস-দুনিয়ায় রীতিমতো তাক লাগিয়ে দেন। আর ঠিক এই সময়েই ঘটে এক অভাবনীয় বিপর্যয়। হামবুর্গে একটি ম্যাচের বিরতি চলাকালীন দর্শকাসন থেকে উঠে এসে সেলেসের পিঠে ছুরিকাঘাত করে বসে স্টেফি গ্রাফের এক উন্মত্ত অনুরাগী। প্রিয় খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব অটুট রাখতে তাঁর প্রতিদ্বন্দ্বীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটাই সেই ভক্তের কাছে মনে হয়েছিল অপরিহার্য কর্তব্য। গা শিউরিয়ে দেওয়া এই ভাবনা কতটা বিকৃত, সেই হিসেব আপাতত মুলতুবি রাখলে আমরা হয়তো এই অন্ধ আক্রোশের উৎসে পৌঁছাতে পারব।
অনেক সময়ে প্রিয় মানুষটির সাফল্যকে ইতিবাচক অর্জন হিসেবে উদ্যাপন না করে, আমরা তাকে ওজন করি প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতার নিক্তিতে। আমার পক্ষের জয় যত না উল্লাসের, বিপক্ষের পরাজয় তার চেয়ে ঢের পুলকের। সেলেসকে ছুরিকাঘাতের ঘটনা এই নীচতার এক চরম ও বিকারগ্রস্ত রূপ ঠিকই, কিন্তু এর সহনশীল সংস্করণ আমাদের প্রাত্যহিক সমাজচিত্রের রন্ধ্রে-রন্ধ্রে শামিল হয়ে আছে। নিজের প্রিয় শিল্পীর সৃষ্টির মূল্যায়নের বদলে প্রতিদ্বন্দ্বীর স্খলন উদ্যাপন, নিজের রাজনৈতিক নেতার কৃতিত্বের চেয়ে বিপক্ষ নেতার দুর্বিপাকে উল্লাস, কিংবা নিজস্ব ধর্মভাষার আরাধনা ছেড়ে অন্যের বিশ্বাসকে খাটো করার নিরন্তর প্রবৃত্তি— প্রকাশের মাত্রায় যতই আকাশ-পাতাল হেরফের থাকুক— এ সবই আসলে সেই একই বিষবৃক্ষের ফল।

খতিয়ে দেখলে, মানুষের আকাঙ্ক্ষা মূলত অনুকরণমূলক। আমরা কী চাই, তা স্বাধীনভাবে নির্ধারণ করার বদলে অন্যের আকাঙ্ক্ষাকে নকল করাতেই আমাদের ঝোঁক বেশি। গোষ্ঠী যাকে কাম্য বলে দিবারাত্রি জপছে, আমরাও তাকেই আকাঙ্ক্ষা বলে মগজে গাঁথছি। ফলে গোষ্ঠীর প্রবণতাই অবধারিতভাবে সেঁধিয়ে যাচ্ছে আমার অবচেতনে। বাঁচার তাগিদেই মানুষ স্বভাবত গোষ্ঠীবদ্ধ। সে বরাবর এমন একটি সমষ্টির অন্তর্ভুক্ত হতে চেয়েছে, যা তাকে নিরাপত্তা, স্বীকৃতি ও একাত্মতার অনুভূতি দেবে। কিন্তু শুধু অন্তর্ভুক্তিই তো আর যথেষ্ট নয়; সেই গোষ্ঠীকে একইসঙ্গে হতে হবে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ, স্বতন্ত্র।
বিবর্তনের ইতিহাস ঘাঁটলে, হোমো স্যাপিয়েন্স আর নিয়ানডারথাল বা সমগোত্রীয় অন্যান্য হোমিনিডদের যে আদিম সংঘাত, মূলত সেখান থেকেই যে এই মেরুকরণ মানুষের জিনতত্ত্বে স্থায়ীভাবে খোদাই হয়ে গেছে, তার এক জোরালো সম্ভাবনার হদিশ পাওয়া যাবে। মানুষ তার ইতিহাসের প্রতিটি বাঁকে, অধিকাংশক্ষেত্রেই, দানব বা অসুরদের ঠিক মানুষের আদলেই গড়ে তুলেছে, কোনও হিংস্র মানুষখেকো পশুর আদলে নয়। স্রেফ ভিন্ন গড়ন বা ভিন্ন গোত্রের সেই ‘অচেনা মানুষ’গুলোকেই লোককথার মোড়কে রাক্ষস সাজিয়ে শিশুমনে ভয়ের যে-আখ্যান দিনের পর দিন গেলানো হয়েছে, কালক্রমে তা-ই হয়তো এক অলঙ্ঘনীয় ট্রমা হিসেবে সেঁধিয়ে গেছে আমাদের ‘যৌথ অবচেতন’-এ।
তা সে প্রাগৈতিহাসিক ট্রমা হোক বা নিছক মনস্তাত্ত্বিক বিভ্রম, এর অবশ্যম্ভাবী পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শত্রু বা প্রতিপক্ষ খোঁজার প্রবৃত্তি মানুষের অস্তিত্বের জন্য প্রায় অপরিহার্য। একটি সুস্পষ্ট ‘শত্রু’ ছাড়া কোনও দল বা গোষ্ঠীর নিজস্ব সীমানা ও স্বকীয়তা নির্ধারণ করাটা প্রায় অসম্ভব। কারণ, সাধারণত নিজের পরিচয়কে মানুষ বিচ্ছিন্নভাবে নির্মাণ করে না, বা বলা উচিত করতে পারে না; সে নিজেকে মোটের উপর নির্ণয় করে বিপরীত বাটখারায় তোলন করে। ‘আমি কী’— তার উত্তর অনেক সময়ে উঠে আসে ‘আমি কী নই’— এই চিৎকারসর্বস্ব গজকাঠিতে।
যেমন মার্ভেল ইউনিভার্সের তুলনামূলক হালকা মেজাজ আর চটকদার মারদাঙ্গাকে ডিসিভক্তদের একাংশ নিছক অগভীর বিনোদন বলে অবজ্ঞা করেন। উলটোদিকে, ডিসি ইউনিভার্সের আলো-অন্ধকারের দ্বিধাজর্জরিত আত্মবিধ্বংসী চরিত্রগুলিকে মার্ভেলভক্তরা অহেতুক গাম্ভীর্যের বাড়াবাড়ি বলে পালটা তাচ্ছিল্য ফিরিয়ে দেন। ভক্তরা পপ-কালচারের এই আইকনদের নিজেদের আত্মপরিচয়ের অংশ বানিয়েই স্রেফ থামছেন না; প্রতিপক্ষের প্রতি ধারাবাহিক বিষোদ্গার ছিটিয়ে নিজ শিবিরের প্রতি আনুগত্যের হদ্দমুদ্দ সাক্ষ্যও দিচ্ছেন।
বিপদ হল, কোনো সমর্থক-গোষ্ঠীর একনিষ্ঠ সদস্য হয়ে উঠলে আমরা তার আদর্শ বা দলপতিকে এতটাই নিঃশর্তভাবে মেনে নিই যে, বিপরীত আদর্শের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের গত্যন্তরহীন মনে হয়— তাকে আপাদমস্তক প্রত্যাখ্যান করা ছাড়া আর পথ দেখি না। শুধু তা-ই নয়, এই মনস্তাত্ত্বিক মেরুকরণ এমন মগজধোলাই করে যে, নিজ গোষ্ঠীকে অত্যন্ত বুদ্ধিমান ও রুচিশীল মনে হয় আর প্রতিপক্ষ-শিবিরকে নির্বোধ ও পক্ষপাতদুষ্ট। স্বপক্ষের অসঙ্গতিকে যুক্তির জেরার মুখে দাঁড় না করিয়ে, স্রেফ সাফাইয়ের হলফনামা পেশ করাটাই তখন হয়ে ওঠে অনিবার্য।
প্রখ্যাত সাহিত্য সমালোচক জর্জ স্টাইনার একবার লিখেছিলেন, একজন পাঠক হয় টলস্টয়বাদী হবেন, নয়তো দস্তয়েভস্কিপন্থী— একইসঙ্গে এই দুই বিপরীত মেরুর অন্ধভক্ত হওয়া প্রায় অসম্ভব! টলস্টয়ের মহাকাব্যিক বিস্তার ও তাঁর নির্লিপ্ত বয়ানকে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি ধরলে দস্তয়েভস্কির গহন, যন্ত্রণাবিদ্ধ মনোজগৎকে ‘বিশৃঙ্খলা’ বলে দাগিয়ে দেওয়া ছাড়া যেন উপায়ান্তর থাকবে না। আবার দস্তয়েভস্কির মনস্তাত্ত্বিক গভীরতাকেই চূড়ান্ত মানদণ্ড মানলে টলস্টয়ের ধ্রুপদী পরিমিতিবোধকে খারিজ করতে হবে মানবমনের অন্ধকার দিকগুলোর প্রতি তাঁর ‘স্বেচ্ছাকৃত অন্ধত্ব’ বলে।

ঠিক এই কারণেই, রাজনীতির প্রায় সব ক’টি তাত্ত্বিক খোপের মৌলিক ভিত্তি রচিত হয়েছে ‘মিত্র এবং শত্রু’র স্পষ্ট মেরুকরণের ওপর। নন্দনতত্ত্বে যেমন সুন্দর ও অসুন্দরের পার্থক্য, অর্থনীতির জগতে যেমন লাভ ও ক্ষতির নিরন্তর বৈপরীত্য; ঠিক তেমনি রাজনীতির ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদি সমীকরণটি হল— নিঃশর্ত পক্ষাবলম্বন বা অন্ধ আনুগত্য। ‘আমরা-ওরা’র এই বিস্ফোরক তত্ত্বের ভিত মূলত রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের জমিতে গাঁথা হলেও, আধুনিক পৃথিবীর আপাতনির্বিষ, ছাপোষা অন্ধভক্তির অলিগলিতেও আজ অবাধে উঠছে তার বহুতল। যেমন, একজন কট্টর সৌমিত্রভক্তের কাছে উত্তম কুমার হয়তো সেই কাঙ্ক্ষিত অন্য বা প্রতিপক্ষ— যাঁর স্টারডমকে গ্ল্যামারসর্বস্ব ‘ম্যাটিনি আইডল’ বলে নস্যাৎ করার মধ্যেই সৌমিত্র-অনুরাগী নিজের বুদ্ধিবৃত্তিক পরিচয়ের বৈধতা খোঁজেন।
এই মেরুকরণের মাশুল শেষপর্যন্ত গুনতে হয় ভক্তের ব্যক্তিসত্তাকেই। এ শুধু তাঁবেদারি বা মোসাহেবি নয়; ‘অপর’-কে নিরন্তর খারিজ করার অযৌক্তিক প্রবৃত্তি ফ্যানডমের শিরায়-শিরায় চারিয়ে দেয় ঘৃণার এক দুর্নিবার বাতিক। একজন চরমপন্থী সমর্থকের আরাধ্য তারকা তখন শুধুই একজন আইকন নন; তিনি হয়ে উঠেছেন ভক্তের নিজস্ব ব্যক্তিসত্তারই এক সম্প্রসারিত সংস্করণ। এই একাত্মবোধ, ক্ষেত্রবিশেষে এতটাই প্রবল যে, প্রিয় দল বা আরাধ্য তারকার দিকে ধেয়ে আসা সামান্য কটাক্ষও যেন সমর্থকের নিজের দিকে তেড়ে আসা বাপ-বাপান্ত করা কুৎসা। ভক্তের মন তখন আর কোনও নান্দনিক বোধ বা যুক্তির ধার ধারে না। তার চালিকাশক্তি তখন পরিচয়ের নিরাপত্তা এবং আত্মমর্যাদা রক্ষার নিদারুণ তৃষ্ণা। ফলত, কোনও তৃতীয় পক্ষের দ্বারা প্রতিদ্বন্দ্বী নাস্তানাবুদ হলেও তা পৈশাচিক উল্লাসের আয়েশ দেয়। সেমিফাইনালে যে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল, ফাইনালে সেই অস্ট্রেলিয়াকেই ইংল্যান্ডের কাছে দুরমুশ হতে দেখলে কী যে শান্তি লাগে! প্রতিপক্ষের যে-কোনও পতনই তখন পরোক্ষ জয়ের সমতুল্য। এর সূত্র ধরেই, শ্রেষ্ঠত্বের ধারণাটি দিনশেষে গিয়ে ঠেকে একটি ‘জিরো-সাম গেম’ বা শূন্য-সমষ্টির খেলায়। সমীকরণটি তখন এমন দাঁড়ায় যেন, একজনের উত্থানের পূর্বশর্তই হল অপরজনের অবধারিত পতন— দুয়ে মিলে ফলাফল সেই শূন্য! মেসি ‘প্লাস টেন’ হলে রোনাল্ডোকে আবশ্যিকভাবেই ‘মাইনাস টেন’ হতে হয়। কারণ, ভক্তের মনোজগতে শ্রেষ্ঠত্বের সিংহাসনটি চিরকালই একক; সেখানে দ্বৈত সহাবস্থানের পরিসর কোথায়?
এবার সমস্যা হল, মেসি বা রোনাল্ডোর সঙ্গে এই একতরফা প্যারাসোশ্যাল বা পরা-সামাজিক সম্পর্কে আমরা যতই আবেগ, সময় আর ভালবাসা উপুড় করি-না কেন, এর খোলনলচে আদতে গ্রিক পুরাণের মাউন্ট অলিম্পাসের মতোই একমুখী। অলিম্পাসের চূড়ায় আসীন দেবতাদের কাছে মর্ত্যের পূজারিরা যেমন কেবলই এক সমষ্টিবাচক বিশেষ্য— যাদের কাজ কেবল বেদিতে নৈবেদ্য সাজানো; আধুনিক ক্রীড়াজগতের মহাতারকাদের কাছে আমাদের অস্তিত্বও স্রেফ গ্যালারি বা টিভির পর্দায় হাত নেড়ে দেওয়া এক প্রকাণ্ড, নামহীন জনসমুদ্রমাত্র। এই একতরফা সম্পর্কে একটা সান্ত্বনার জায়গা অবশ্য আছে। উপাস্য তারকার তরফ থেকে সরাসরি প্রত্যাখ্যানের আশঙ্কা নেই। ভক্ত বড়জোর ডিঙি মেরে-মেরে উঁকি দিতে পারে। যতই নির্বোধ ঠেকুক, এই মুরোদহীনতাই ফ্যানডমের ভেতরে ঘৃণার এক চুল্লিকে অহোরাত্র উসকে রাখে। প্রিয় তারকার বৈতরণি পার করাতে ভক্তের প্রত্যক্ষ কোনও ভূমিকা নেই ঠিকই; তাঁর ব্যর্থতা ঠেকাতেও সে নিছক দর্শক। কিন্তু তার কাছে আরাধ্যের শ্রেষ্ঠত্ব রক্ষার চটজলদি উপায় হল প্রতিপক্ষের সাফল্যকে খাটো করা। তাই বিপক্ষের সমর্থকদের সঙ্গে অকারণ, অন্তহীন এক ছায়াযুদ্ধে সে নিজেকেই ক্ষইয়ে চলে।
কাজেই আশ্চর্যের নয়, মুক্ত জ্ঞানচর্চাও শেষমেশ হয়ে দাঁড়ায় এক প্রশ্নহীন, একরোখা আনুগত্য। ফ্রয়েডের তত্ত্বের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ইয়ুংয়ের ধারণার সমালোচনাও তাঁদের একনিষ্ঠ অনুগামীর কাছে প্রায় ব্যক্তিগত অপমানের সমতুল। এডিসন-টেসলার রেষারেষিকে ঘিরে প্রচলিত বয়ানও এই সাংস্কৃতিক মেরুকরণের মোক্ষম নজির। এক চিমটে ইতিহাস আর গ্যালন-গ্যালন বানোয়াট মিশিয়ে দুই মহারথীকে ছেড়ে দেওয়া হয়েছে সুবিধাজনক বাইনারির ছাঁচে। একদিকে নিগৃহীত, বাণিজ্যবিমুখ, প্রায় ঐশ্বরিক প্রতিভা টেসলা। অন্যদিকে একচেটিয়া পুঁজির নির্মম প্রতিনিধি এডিসন। বাস্তব ইতিহাসের অসংখ্য ধূসর অঞ্চল অবশ্য নির্বিচারে ধুয়েমুছে সাফ। ভক্তির আখ্যানে ধূসরতা অবাঞ্ছিত; তার চাই নায়ক আর খলনায়কের চেনা সাদা-কালো ছক।
কিন্তু আরও মারাত্মক একটি বিপদ ঘনিয়ে রয়েছে খিড়কির সম্মুখেই। খলনায়ক নির্মাণের এই কারবারে সুদূর অতীতের ব্যক্তিত্ব কিংবা বিপরীত মতাদর্শের প্রতিপক্ষই একমাত্র নিশানা নন। পরিচয়ের স্বাতন্ত্র্য আগলে রাখার মরিয়া তাগিদ নিঃশব্দে ঢুকে পড়ছে প্রাত্যহিক জীবনের একেবারে অন্তরঙ্গ বৃত্তেও। খুব কাছের এবং প্রায় একই সমতলে থাকা মানুষদের মধ্যেও আমরা প্রতিপক্ষের মরিয়া খোঁজ চালাই। তাছাড়া, ‘অপর’ নির্মাণের জন্য সব সময়ে আকাশপাতাল তফাতের প্রয়োজন পড়ে না। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সাযুজ্য যত নিবিড় হয়, নিজের স্বাতন্ত্র্যটুকু বাঁচিয়ে রাখার তাগিদও আগ্রাসী হয়ে ওঠে ততই। কারণ, একেবারে বিপরীত কোনও সত্তা আমাদের স্বাতন্ত্র্যের দাবিকে ততটা বিপন্ন করে না। খচখচানির পারদ মূলত চড়তে থাকে সেই মানুষটিকে ঘিরে, যিনি প্রায় আমারই প্রতিচ্ছবি— একই মর্যাদা, একই সাংস্কৃতিক পরিসর, কাছাকাছি রুচি ও জীবনবোধের অংশীদার। তাঁর উপস্থিতিই মনে করিয়ে দেয় অপ্রিয় সত্যটি: যে-স্বাতন্ত্র্য নিয়ে আমাদের এত গর্ব, তা আসলে একচেটিয়া নয়। নিজেদের আলাদা প্রমাণ করতে তখন সামান্য ফারাককেই ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে হয়। ফ্রয়েড এই প্রবণতাকেই বলেছিলেন— narcissism of minor differences, ‘সামান্য পার্থক্যের আত্মমুগ্ধতা’।
আপাতবুদ্ধি বলে, দুই গোষ্ঠীর মধ্যে ফারাক যত বেশি, সংঘাতের আশঙ্কাও তত প্রবল। অথচ গোষ্ঠীগত আচরণ বহুবার এই হিসাব উলটে দিয়েছে। ইতিহাস, সংস্কৃতি, ভাষা, জীবনযাপন কিংবা আকাঙ্ক্ষায় যাদের বিস্তর মিল, তারাই অনেক সময়ে সামান্য ব্যবধানকে অস্তিত্বের প্রশ্ন বানিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে। সাদৃশ্য কেবল নৈকট্য নয়, স্বকীয়তার দাবিকেও বিপন্ন করেছে। নিজেকে আলাদা প্রমাণের তাড়নায় তখন তুচ্ছতম অমিলকেও পাহাড়প্রমাণ করে তুলতে হয়। নিছক উচ্চারণভেদ হয়ে উঠতে পারে জাতিগত ‘বিশুদ্ধতা’র শংসাপত্র, ভিন্ন ধর্মাচরণ রূপ নিতে পারে নৈতিক শ্রেষ্ঠত্ব দাবির বেয়াড়া আবদারে। বলকানযুদ্ধে বসনিয়াকদের জাতিগত নিধনের ইতিহাস কিংবা যে-কোনও সাম্প্রদায়িক উন্মত্ততাই এই অন্ধ প্ররোচনার বীভৎসতম নজির।
নিরঙ্কুশ শত্রু বানানোর এই উন্মাদনায় সবচেয়ে গভীর কোপটি কিন্তু গিয়ে পড়ে আমাদেরই বহুমাত্রিক সত্তায়। একমাত্রিক পরিচয়ের খুপরিতে মানুষ কোনওকালেই পুরোটা আঁটেনি। একই মানুষ একইসঙ্গে বাঙালি, ভারতীয়, নারী বা পুরুষ, শ্রমিক বা কর্মচারী, পাঠক, শ্রোতা, নাস্তিক বা ধার্মিক, বন্ধু, প্রতিবেশী, ফুটবলপ্রেমী। অসংখ্য সম্পর্ক, অভিজ্ঞতা ও ভূমিকার মধ্যে তার বাস। বাস্তবে অবশ্য এই পরিচয়গুলোর মধ্যে এমন নিরেট বিভাজন নেই। তারা পরস্পরকে অনবরত ছেদ তো করছেই, কখনও-সখনও গ্রাসও করছে একে অন্যকে। যে দু’জন ধর্মের প্রশ্নে বিপরীত মেরুতে, কর্মক্ষেত্রে তারা একই ইউনিয়নের সদস্য হতে পারে; রাজনৈতিক মতাদর্শে যাঁরা সহযোদ্ধা, সাংস্কৃতিক রুচির ভিন্নতায় তাঁরাই আবার প্রতিপক্ষ; একই ফুটবল ক্লাবের দুই সমর্থক ভাষা, জাতপাত কিংবা নাগরিক অধিকারের প্রশ্নে সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়াতে পারেন। অর্থাৎ আজ যে মানুষটি একটি রেখার ওপারে ‘ওরা’, অন্য কোনও রেখা টানলেই হয়তো সেই মানুষটিই ‘আমরা’-র প্রতিনিধি।

বিভাজনের কারিগরদের মতলবটি কিন্তু খাসা। একমাত্রিক পরিচয়ের খুপরিতে পুরে মানুষকে সময়ে-সময়ে, নানা ছুতোয় নানা শিবিরে বন্দি করো। তারপর তার বহুমাত্রিক সত্তার মাত্র একটিকে প্রয়োজনমাফিক জিইয়ে রেখে, বাকি সমস্ত পরিচয়ের টুঁটি টিপে ধরে তাকে বানিয়ে ফ্যালো ধুন্ধুমারের হাতেগরম কাঁচামালে! এরপর তার বিপরীতে আরেকটি শিবির খাড়া করে শত্রু উৎপাদনের কারখানাকে সচল রাখাটা জাস্ট নস্যি। এ এক অন্তহীন জাঁতাকল। ধর্মের বিভাজন যদি একদিন নিস্তেজ হয়ে আসে, তবে ভাষা, জাতি, অঞ্চল, সংস্কৃতি কিংবা অন্য কোনও পরিচয়ের ক্ষুদ্রতম ফাটলও নতুন সংঘাতের লেলিহান হয়ে উঠবে। যে-মানুষটি আমার সহকর্মী, প্রতিবেশী, সহপাঠী— একটিমাত্র বিরোধী পরিচয়ের সংকীর্ণ গ্যাঁড়াকলে তাকেই সটান ‘ওরা’ বলে বেধড়ক ঠ্যাঙাব তখন। বাকি সব সম্পর্ক, সমস্ত মানবিক অভিন্নতা তখন এক লহমায় গায়েব।
অথচ যে-উঠোনে প্রতিনিয়ত এই উজবুকীয় বিরোধিতার আসর জমছে, তারই নাছদুয়ারে মঞ্চস্থ হচ্ছে এক মর্মান্তিক সামাজিক পরিহাস, তার খোঁজ রাখছে ক’জন! যে-দুই কট্টর প্রতিদ্বন্দ্বী পরস্পরের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, সংকীর্ণতার অস্ত্র শানাতে ব্যস্ত, বাস্তবজীবনের নির্দয় মানচিত্রে হয়তো তারাই দাঁড়িয়ে একই বিন্দুতে। হয়তো একই অভাব, একই অনিশ্চয়তা, একই দৈনন্দিন বঞ্চনার ভারে দু’জনের শিরদাঁড়া ন্যুব্জ। সমস্ত না-পাওয়ার দীর্ঘশ্বাস, সমস্ত অপূর্ণতার ক্ষত— এসবের ভাগীদারও হয়তো তারা সমানভাবেই। অথচ সেই যৌথ দুর্ভোগের নিদারুণ বাস্তবতাকে নিমেষে অস্বীকার করে, তারা স্বেচ্ছায় ঢুকে পড়বে আরোপিত পরিচয়ের দমবন্ধ খাঁচায়। নিজ শিবিরের পতাকা বহন করাই তাদের অস্তিত্বের একমাত্র সারসত্য। প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী বা সহ-নাগরিক আর রইল না; সে হয়ে উঠল ‘হিন্দু’, ‘মুসলমান’, ‘বাম’, ‘ডান’, ‘আমরা’ অথবা ‘ওরা’।
বিভাজনের রসে মজে থাকা পরিচয়-সংকটের এই চক্রব্যূহকে একেবারে ‘বাবা-বাছা’ করে পুষে রাখে কর্পোরেট পুঁজিবাদ। যে-কোনও প্রকারের যূথবদ্ধ সংহতিকে পুঁজিবাদ চিরটাকাল সর্বান্তঃকরণে ঘৃণা করেছে। তার প্রয়োজন সংঘাত ও একাকিত্বের নিরন্তর জোগান। আর সেই সংঘাতের সমগ্র সরবরাহ-ব্যবস্থাই দাঁড়িয়ে আছে বিপরীতমুখী বয়ান ও যুযুধান আখ্যানের অবিরাম খেয়োখেয়ির উপর। ফুটবলের ময়দানেই তো এই কারবারের এক মারকাটারি নমুনা মেলে। চালু বয়ানে মেসি বিনয়ী, দলমুখী, ঈশ্বরদত্ত প্রতিভার আধার। বিপরীতে রোনাল্ডোকে সাজানো হয় একরোখা, শ্রমনিষ্ঠ, তীব্র উচ্চাভিলাষী এক ‘আলফা’ পুরুষ হিসেবে— ব্যক্তিকেন্দ্রিক সাফল্যের জীবন্ত প্রতিমূর্তি যিনি। একজন প্রতিভার অনায়াস প্রকাশ, অন্যজন দাঁতে দাঁত চেপে নিজেকে গড়ে তোলার বিজ্ঞাপন। অথচ বাস্তবে এই ছকবাঁধা বিভাজন অবান্তর। কারণ, মেসির অবিশ্বাস্য প্রতিভার নেপথ্যে যেমন কল্পনাতীত মাত্রার অনুশীলন, ঠিক তেমনি রোনাল্ডোর প্রাণপাত পরিশ্রমের কেন্দ্রেও বিরলের চেয়েও বিরল এক জন্মগত প্রতিভার উপস্থিতি।
সামাজিক মাধ্যমগুলো তেজারতির একটা পাতি অঙ্ক কষে নিয়েছে। তারা জানে, নিরপেক্ষ, যুক্তিনিষ্ঠ বা গঠনমূলক আলোচনার চেয়ে সংঘাত ও মেরুকরণে ঢের বেশি ‘এনগেজমেন্ট’ জোটে। তাই তারা জেনেবুঝেই প্রতিদ্বন্দ্বীদের পরিসংখ্যান ও ব্যক্তিত্বকে এমনভাবে পাশাপাশি সাজিয়ে দেয়, যাতে এই নির্মিত প্রতিধ্বনিকক্ষে যুক্তিবোধ বন্ধক রাখা সমর্থকেরা প্রতিপক্ষকে ঘৃণা করার নিত্যনতুন প্ররোচনা পেতে থাকেন। তবে ঘোর সত্যিটা হল, অ্যালগরিদম যে শূন্য থেকে এই বিদ্বেষের চাষ করেছে, এমনটা অবশ্যই নয়। আমাদের অবচেতনে যুগ-যুগ ধরে থিতিয়ে থাকা নিরাপত্তাহীনতা আর পরিচয়ের সংকটকে সে আগেভাগেই মেপে রেখেছে। গোষ্ঠীগত আত্মমুগ্ধতার গোটা ভূখণ্ড জরিপ করে এঁকে নিয়েছে তার নিখুঁত মানচিত্রও। তারপর মানুষের দগদগে ক্ষতগুলোকে অবিরাম খুঁচিয়ে, নিখুঁত নিশানায় ছড়িয়েছে নুন।
কিন্তু, সমস্ত দায় অ্যালগরিদমের কারসাজির অদৃশ্য ঘাড়ে বর্তিয়ে নিজেদের বেকসুর খালাস করে হাত ধুয়ে ফেলা যায় কি! কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককে, বিশেষ করে সুবিধাপ্রাপ্ত মধ্যবিত্তকে। যে-খণ্ডিত পরিচয়গুলোর জাঁতাকলে আমরা নিজেদের পিষে চলেছি, সেগুলোকেই অন্ধের মতো আঁকড়ে ধরেছি সত্তার অবিচ্ছেদ্য ও শাশ্বত অংশ বলে। অথচ মহাকালের বিচারে এই পরিচয়গুলোর একটির ওপরও আমাদের নিরঙ্কুশ মালিকানা নেই। জন্মসূত্রে পাওয়া ধর্ম, ভূগোলের আঁকা মানচিত্র, যে-কোনও মতাদর্শের শক্ত প্রাচীর, কিংবা পপ-কালচারের ক্ষণস্থায়ী মোহ— চিরস্থায়ী সম্পত্তি নয় কোনওটাই। আমরা বড়জোর এক দীর্ঘ ইতিহাসের প্রবাহে সাময়িক পথিক, ক্ষণিকের অংশগ্রহণকারী।
আমার ধর্ম, আমার জাতি কিংবা আমার দল— এই সর্বনাশা ‘আমার’-এর মোড়কে স্বত্বদখলের দম্ভ যত উগ্র হয়, ‘ওরা’ নামক এক কল্পিত জুজুর নির্মাণও আমাদের মনস্তত্ত্বে ততটাই অনিবার্য হয়ে দাঁড়ায়। পরিচয়ের সঙ্গে এই ভুঁইফোঁড় মালিকানার অসুস্থ গাঁটছড়া বলেই আরাধ্যের প্রতি অনুরাগ বা অনুরক্তিতে তৃপ্ত থাকারও জো নেই, আছে কেবল হীনম্মন্যতায় নির্মিত বিভাজনের বেড়াজাল। নিজস্ব রুচি বা বিশ্বাসের ভিত যার কাছে নিঃসংশয়, সে আর যাই হোক, অন্তহীন নিরাপত্তাহীনতায় ভুগে মরার পাত্র নয়। শ্রেষ্ঠত্ব তো কোনও নিছক গাণিতিক উপপাদ্য নয় যে একবার প্রমাণিত হলেই বাকি সমস্ত সম্ভাবনা চিরতরে বাতিল হয়ে যাবে। জবরদখল করা কোনও জমির প্লটও নয় যে, অপরকে উচ্ছেদ করে তবেই নিজের ধ্যানধারণার খুঁটি পুঁততে হবে।
ভক্তি আর অন্ধ উন্মাদনার ফারাকটুকু বোঝার কসরতও না করলে সর্বনাশের মাথায় বাড়ি আটকাবে কে? ভক্তি আরাধ্যকে নিয়ে মজে থাকে; কিন্তু অন্ধ উন্মাদনা সদা-উদ্বিগ্ন থাকে প্রতিপক্ষ শিবিরের সতর্ক পাহারায়। প্রথমটির প্রাপ্তি নিজস্ব স্বয়ংসম্পূর্ণতায়, অথচ দ্বিতীয়টির অস্তিত্ব আপাদমস্তক তুল্যমূল্যতা আর বিদ্বেষের ঠেকনায়। প্রতিপক্ষ না থাকলে তার এত মাতামাতির মানেই থাকে না। পরিচয়ের এই গোলকধাঁধায় দাঁড়িয়ে বাজারের কুশীলবরা আত্মপরিচয় লোপাটের আতঙ্কে মানুষকে আসলে যত বেশি তটস্থ রেখেছে, ততই সে নিজেকে কুঁকড়ে নিয়েছে স্বনির্মিত পরিচয়ের নিরাপদ (আপাতদৃষ্টিতে) বুদ্বুদে। বাজার জানে, ভয়কাতর কিংবা আত্মবিশ্বাসহীন অবচেতনের ফাটল দিয়ে একবার ঢুকে পড়তে পারলেই সেই দুর্গ দখল করে গড়ে তোলা যায় একাধিপত্যের সাম্রাজ্য। সম্ভাব্য বিপদের মুখ হিসেবে ক্রমাগত কোনও প্রতিবেশী, সম্প্রদায়, দল, জাতি কিংবা মতাদর্শকে এক মহাভয়ের প্রতিচ্ছবি হিসেবে হাজির করো। চেনা পরিসরের আনাচে-কানাচে কারসাজি করে ছড়িয়ে দাও অস্তিত্বের অবান্তর সব সংকট। তারপর সেই অলীক শত্রুর হাত থেকে রক্ষা করার মহৎ অছিলায় পাইকারি দরে দেদার বিকোও লোকঠকানো প্রতিষেধক— চটকদার পণ্য, সর্বগ্রাসী নজরদারি, অন্ধ রাজনৈতিক আনুগত্য, কৌশলে উসকে দেওয়া সাংস্কৃতিক বিদ্বেষ। মানুষ নিজের ছায়ার সঙ্গে নিজেই লড়ে মরুক না! সেই ফাঁকে বাজার শান দিক শোষণের খড়্গে। নিরাপত্তা কিনতে গিয়েই আমজনতা নিজেই গিয়ে মাথা পেতে দেবে হাড়িকাঠে, সে কি আর বলার অপেক্ষা রাখে!



