বিংশ শতকের গোড়ার দিক থেকেই কিছুটা জাতীয়তাবাদী চেতনার উন্মেষের কারণে এবং কিছুটা শিল্পচর্চার বৌদ্ধিক চর্চা ও নিজস্ব আত্মপরিচয় নির্মাণের তাগিদে প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পের মধ্যেকার বাইনারি শিল্পী ও শিল্পতাত্ত্বিকদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। একদিকে যেমন সরকারি আর্ট স্কুলে প্রথাসিদ্ধ ইউরোপীয় শিল্পশিক্ষার ধারা জারি ছিল, তেমনই আবার অবনীন্দ্রনাথের নেতৃত্বে বেঙ্গল স্কুলের নিজস্ব শিল্পচর্চার পদ্ধতিও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। রবি বর্মার খাঁটি ইউরোপীয় টেকনিকে দেশীয় পৌরাণিক বিষয়ে ছবি আঁকার পদ্ধতি থেকে শিল্পীরা তখন বেশ খানিকটা সরে এসেছেন। এরই মধ্যে দু-দু’টি বিশ্বযুদ্ধ এবং ভারতে ঔপনিবেশিক শাসনের অবসান ইত্যাদি ঘটে গেছে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে কলকাতায় ক্যালকাটা গ্রুপ এবং বোম্বাইয়ে বম্বে প্রগ্রেসিভ গ্রুপের হাত ধরে ভারতীয় শিল্পের ইতিহাসে ঘোষিতভাবে ‘মডার্ন আর্ট’-এর সূচনা। ভারতীয় শিল্পীদের পূর্ববর্তী প্রজন্মের অনেকেই তখনও প্রাচ্য ও পাশ্চাত্যের বাইনারির ধারণা থেকে পুরোপুরি মুক্ত নন। যদিও সেই সময়ে রবীন্দ্রনাথের প্রভাবে নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ প্রমুখ শিল্পী আধুনিক ভারতীয় শিল্পের একটা নিজস্ব ধারা নির্মাণে অনেকটাই সফল হয়েছেন, কিন্তু ক্যালকাটা গ্রুপ বা বম্বে প্রগ্রেসিভ গ্রুপের শিল্পীদের অনেকেই সরাসরি ইউরোপে, মূলত প্যারিসে প্রশিক্ষণ নেওয়ার ফলে পিকাসো, মাতিস, ব্রাঁকুজি, হেনরি মুর-প্রদর্শিত মূলধারার পশ্চিমি আধুনিকতার ভারতীয়করণকে সঠিক পথ বলে মনে করেছিলেন। এক্ষেত্রে তাঁরা দৃশ্যত ভারতীয় আত্মপরিচয় বজায় রাখার জন্য ফোক আর্ট বা তন্ত্র আর্ট থেকে যথেচ্ছ উপাদান গ্রহণ করলেও শেষ পর্যন্ত তাকে একটা পাশ্চাত্যের আধুনিকতার মোড়কেই উপস্থাপনা করেছেন। ফলে আন্তর্জাতিক মঞ্চে এই আধুনিক শিল্প কিছুতেই ‘ভারতীয় আধুনিক শিল্প’ বলে স্বীকৃতি পাচ্ছিল না, দু-একটি ব্যতিক্রম বাদ দিলে। এর ফলে পাঁচ এবং ছয়ের দশকে শুরু করা তরুণ প্রজন্মের শিল্পীরা নতুন ভাবে, অন্যরকম পথের অনুসন্ধান করতে শুরু করেন।
সদ্যপ্রয়াত যোগেন চৌধুরী এবং অর্পিতা সিং দু’জনেই এই প্রজন্মের শিল্পী। এঁরা যখন শুরু করেন তখন একদিকে যেমন প্রাচ্য-পাশ্চাত্যের বাইনারি ফিকে হয়ে এসেছে, তেমনই তথাকথিত মডার্নিজমের প্রভাবও অনেকটাই অস্তমিত হয়েছে। ফলে এই প্রজন্মের শিল্পীরা নিজস্ব দৃশ্যভাষা নির্মাণের ক্ষেত্রে অনেক বেশি খোলামেলা পরিসর পেয়ে গেলেন। সেই পরিসর যেমন একদিকে তাঁদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে কাজের মধ্য দিয়ে উপস্থাপনের সুযোগ করে দিল ঠিক তেমনই নিজস্ব সাংস্কৃতিক আত্মপরিচয়কে নিঃসংকোচে প্রতিষ্ঠা করার সম্ভাবনাকেও উন্মুক্ত করে দিল।
বলা বাহুল্য, এই শিল্পীরা সেই সুযোগকে অত্যন্ত সাফল্যের সঙ্গে ব্যবহার করতে পেরেছিলেন এবং তারই ফলস্বরূপ আন্তর্জাতিক প্রেক্ষিতেও সমকালীন ভারতীয় শিল্প একটি স্বতন্ত্র স্থান করে নিতে শুরু করে।
আরও পড়ুন: যোগেন চৌধুরীর ছবিতে নারীরা এসেছেন দৃপ্ত ভঙ্গিতে!
লিখছেন অরুণিমা চৌধুরী…
অর্পিতা দত্তর জন্ম ১৯৩৭ সালে কলকাতার উত্তরে বরাহনগর অঞ্চলে। ১৯৪৬ সালে ভারত স্বাধীন হওয়ার একবছর আগে মা এবং ভাইয়ের সঙ্গে তিনি বাংলা ছেড়ে পাকাপাকিভাবে দিল্লি চলে আসেন। খেয়াল করলে বোঝা যায়, সামাজিক এবং রাজনৈতিকভাবে এটা অত্যন্ত জটিল এবং টালমাটাল সময়। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতার আকাশে প্রথম জাপানি বোমারু বিমানের হামলা শুরু হয়, যা ১৯৪৪ সাল পর্যন্ত চলেছিল। অনেক বছর পরে এই বিমানের ঝাঁক ফিরে আসবে অর্পিতার ছবিতে। ১৯৪৩ সালে মন্বন্তর এবং ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় বিধ্বস্ত কলকাতা তখন এক ভয়াবহ শহর। এই সময়ে সপরিবারে বাংলা ছেড়ে চলে গেলেও সেই স্মৃতি অর্পিতা আজীবন বহন করেছিলেন নিজের ভেতরে এবং সেইসব অভিজ্ঞতা ফিরে-ফিরে এসেছিল তাঁর কাজের মধ্যে।

১৯৫৪ সালে দিল্লি পলিটেকনিকে শিল্পকলা-বিষয়ক পাঠ নিতে ভর্তি হন তিনি এবং ১৯৫৯ সালে পঠনপাঠন সম্পূর্ণ করেন। এরপরে তিনি ভারত সরকারের অধীনে উইভার্স সার্ভিস সেন্টারে চাকরিতে যোগ দেন। উইভার্স সার্ভিস সেন্টারের কাজের অভিজ্ঞতা তাঁর নিজস্ব শিল্পচর্চায় গভীর প্রভাব বিস্তার করেছিল। এই সময়েই ১৯৬২ সালে শিল্পী পরমজিত সিং-এর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে তিনি অর্পিতা সিং নামে পরিচিতি লাভ করেন।
উইভার্স সার্ভিস সেন্টারে কর্মরত থাকাকালীন নানা ধরনের ভারতীয় পারম্পরিক সূচীশিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন অর্পিতা। সেই সঙ্গে পরিচয় হয় বিভিন্ন লোকশিল্পীর সঙ্গেও। তাদের বয়ন এবং বুনন পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন তিনি। দিল্লি ছাড়াও উইভার্স সার্ভিস সেন্টারের কলকাতা বিভাগেও কাজ করেছিলেন তিনি। সেই সময় বাংলার পারম্পরিক নকশিকাঁথা এবং তার সঙ্গে জুড়ে থাকা বহুবিধ লোককাহিনি ভালভাবে জানার সুযোগ তাঁর হয়েছিল। এই সমস্ত উপাদানই তিনি জমিয়ে রাখছিলেন তাঁর ভবিষ্যতের রসদ হিসেবে। একেবারে শুরুর দিকে সাত এবং আটের দশকে অর্পিতা সিং-এর ছবি ছিল মূলত সাদা-কালো এবং বিমূর্ত। কিন্তু এই বিমূর্তায়ন ঠিক পশ্চিমি শিল্পের বিমূর্তায়ন নয়। পারম্পরিক বয়ন-শিল্পীদের সুতো দিয়ে বুনে চলা জটিল নকশাই যেন কালো কালির রেখায় বিমূর্ত রূপে ফুটে উঠছিল অর্পিতার ছবির মধ্যে। আপাতদৃষ্টিতে বিমূর্ত মনে হলেই সেইসব নানা ধরনের রেখার জটাজাল যেন শেষ পর্যন্ত কোনও মূর্ত রূপের চেহারায় নিজেকে প্রকাশ করতে চাইছিল। তাই কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম অর্পিতা সিংয়ের চিত্রপটে মানুষজন, গাছপালাসমেত চেনা জগতের চরিত্ররা ফিরে আসতে আরম্ভ করেছে। এইখান থেকেই শুরু হয় তাঁর শিল্পচর্চার এক নতুন অধ্যায়।

অর্পিতা সিংয়ের ছবি আঁকার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোথাও একটা চারুলতার মিল খুঁজে পাই। চারু যেমন লেখা কীভাবে কোথা থেকে শুরু করবে, প্রথমে ঠিক করতে পারে না। তারপর একসময় তার স্মৃতিতে ছায়াছবির মতো ভেসে উঠতে আরম্ভ করে ফেলে আসা ছোটবেলার অসংখ্য ছোট-ছোট ঘটনা। সেই অভিজ্ঞতাই চারুকে দিয়ে লিখিয়ে নেয় তার কথাগুলো। অর্পিতা যেন ছবি আঁকার চারুলতা। তাঁর ফাঁকা ক্যানভাসের বা কাগজের কোনও একটা অংশ থেকে শুরু হয় ছবি যা কঠোরভাবে পূর্বপরিকল্পিত নয়। কিন্তু এরপরেই শৈশব থেকে যৌবন এবং পরিণত বয়সের নানা অভিজ্ঞতা ভিড় করে আসতে থাকে তাঁর মনোজগতে। সেই ভাবনারাই নানা ধরনের চরিত্র এবং ভিস্যুয়ালের চেহারা নিয়ে হাজির হতে থাকে চিত্রপটে। এক অর্থে ছবি যেন নিজেই নিজেকে চালিয়ে নিয়ে চলতে থাকে। অর্পিতার ছবিতে একদিকে যেমন অতি সাধারণ নিস্তরঙ্গ দৈনন্দিন জগতে মেয়েদের একান্ত যাপনের নানা ভিস্যুয়াল উঠে আসতে থাকে, ঠিক তেমনই যখন এই আপাত অলস যাপনের ছবি দর্শকের মনকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, তখনই ছবির মধ্যে ঢুকে পড়ে বন্দুক-বেয়নেটধারী সৈন্যের দল। ছবির একান্ত নিস্তরঙ্গ জগতকে নিমেষের মধ্যে ভেঙে খানখান করে দেয় তারা। অর্পিতার ছবির নীল আকাশ হঠাৎ ভরে ওঠে ঝাঁকে-ঝাঁকে উড়ে আসা বোমারু বিমানে। একান্ত অলস ভঙ্গিতে শুয়ে বসে থাকা নিতান্ত সাধারণ নারীদেরই একজন কেউ উঠে দাঁড়ায় হাতে বন্দুক নিয়ে রণসজ্জায় সজ্জিতা হয়ে। তখন আর সে কোনও সামান্যা নারী নয়, অসুর দমনকালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। এই নারীই আবার অন্য এক ছবির পটের সিংহভাগ অধিকার করে প্রকাণ্ড মখমলের লাল চেয়ারে বসে থাকে তাঁর শিশুকন্যাকে (অথবা তাঁর নিজেরই শৈশবের স্মৃতিকে) কোলে নিয়ে। পটের অবশিষ্ট একফালি অংশ দিয়ে দেখা যায় ঊর্ধ্বগামী কয়েকটি যুদ্ধবিমান।
এই বিমানের ইমেজ কিন্তু অর্পিতার ছবির মধ্যে অন্যরকম বার্তা বহন করে। অর্পিতার আঁকা বিমানের ইমেজ আদতে একটি ‘ফ্যালিক ফর্ম’। এই ফর্ম আসলে পুরুষের অস্তিত্ব, পুরুষতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। তাই একটি ছবিতে সেই বিমানের পিঠের ওপরে বসে আকাশে উড়তে দেখা যায় এক পুরুষকে, যার পাশে সরাসরি লেখা রয়েছে ‘যুধিষ্ঠির’। মহাভারতের যুধিষ্ঠির সেই পুরুষ, যে সশরীরে স্বর্গে গিয়েছিল বটে, কিন্তু পাশা খেলার নেশায় শেষ পর্যন্ত সে নিজের স্ত্রীকে পর্যন্ত বাজি রেখেছিল।
ক্রমশই অর্পিতার আপাত শান্ত, সরল ক্যানভ্যাস ভেঙে যায় বিভিন্ন দেশের মানচিত্র এবং ভৌগোলিক সীমারেখায়। কখনও তার সামনে আর এগনোর পথ না পেয়ে থমকে দাঁড়ায় দুই নারী, আবার সেই সীমানা ভেঙে দৌড়তে থাকে প্রাণভয়ে ভীত রক্তবর্ণ হরিণের দল। মজার বিষয় হল, অর্পিতা সিংয়ের ছবিতে নারীচরিত্ররা যতটা অকপট, সহজ এবং ব্যক্তিগত, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ চরিত্ররা ততটাই স্যুট-বুট পরিহিত, নিতান্তই ফর্মাল। তারা যেন কিছুতেই নিজেদের আত্মপরিচয় মেলে ধরতে চায় না।

আপাতদৃষ্টিতে দেখলে মনে হয়, অর্পিতা সিংয়ের ছবি পারম্পরিক ভারতীয় লোককথা, লোকশিল্প, নকশিকাঁথা ইত্যাদি থেকে নানা উপাদান সংগ্রহ করে একটু-একটু করে গড়ে ওঠার এক প্রক্রিয়া। তাঁর এক-একটি ক্যানভাস যেন বিরাট একটা নকশিকাঁথার মাঠ, যার নানা প্রান্তে দৈনন্দিন যাপনের বিভিন্ন ঘটনা ঘটে চলেছে আপন খেয়ালে। কিন্তু মন দিয়ে লক্ষ করলে বোঝা যায়, সেই আপাত সারল্যের আড়ালে রয়েছে এই সময়ের জটিলতার এক গভীর ঘূর্ণাবর্ত। একজন সচেতন, সংবেদনশীল নারী শিল্পী হিসেবে পৃথিবী জুড়ে ঘটে চলা নানা রাজনৈতিক, সামাজিক, লিঙ্গভিত্তিক বৈষম্য, অস্থিরতার কথা কখনও সরাসরি কখনও বা রূপকের আড়ালে জায়গা করে নিয়েছে অর্পিতার ছবিতে। ছবির মধ্যে আপনা থেকেই এসে পড়া অস্বস্তিকর ইমেজ দেখে যে বিভ্রম তৈরি হয়, তা আসলে শিল্পী খুব সচেতনভাবেই স্থাপন করেন। তাঁর ছবির মধ্যে গল্প থাকে। কিন্তু সেই গল্প বলার প্রক্রিয়া একরৈখিক নয়, বহুমাত্রিক এবং বহুস্তরীয়। ভারতীয় পারম্পরিক নকশিকাঁথার যে নিজস্ব চলন, সেই পদ্ধতি এই বহুমাত্রিক গল্পকে একই ক্যানভাসে উপস্থাপনের কাজটা অনেকখানি সহজ করে দেয় অর্পিতার জন্য। এইভাবেই তিনি ভারতীয় শিল্পকলায় আধুনিকতার পর্ব অতিক্রম করে একজন উত্তর-আধুনিক চিত্রভাষ্যকার হয়ে ওঠেন।
যেখান থেকে এই লেখা শুরু করেছিলাম, সেইখানেই আবার ফিরে আসি। আধুনিকতার একমাত্রিক তাত্ত্বিক ব্যাখ্যা এবং প্রাথমিক প্রভাব কাটিয়ে ওঠার পরে যখন ভারতীয় শিল্পীরা দ্বিধাহীনভাবে নিজস্ব সমকালীন ভাষ্য নির্মাণের দিকে এগিয়ে চললেন তখন সেই প্রক্রিয়ায় নারী শিল্পীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠল। রাজা রবি বর্মার বোন মঙ্গলাবাঈ অথবা অবনীন্দ্রনাথের বোন সুনয়নী দেবী শিল্পী হিসেবে অত্যন্ত গুণী হওয়া সত্বেও অনেকটাই অনালোচিত থেকে গেছেন। একমাত্র নারী শিল্পী অমৃতা শেরগিল চিত্রকর হিসেবে ভারতীয় শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিলেন, কিন্তু অকালমৃত্যু তাঁর প্রতিভার পূর্ণ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। ক্যালকাটা গ্রুপ বা বম্বে প্রগ্রেসিভ গ্রুপের প্রধান শিল্পীরা ছিলেন সকলেই পুরুষ। ছয়ের দশকের সময় থেকে আমরা নতুন প্রজন্মের ভারতীয় নারী শিল্পীদের বলিষ্ঠ উপস্থিতি প্রত্যক্ষ করতে আরম্ভ করি। নীলিমা শেখ, নাসরিন মহম্মদি, মাধবী পারেখ, নলিনী মালানি, মৃণালিনী মুখার্জি এবং অর্পিতা সিং প্রমুখ শক্তিশালী শিল্পী এই সময়ের আগে-পরে তাঁদের যাত্রা শুরু করেন। এঁদের অধিকাংশই সারাসরি নিজেদের নারীবাদী শিল্পী বলে দাবী করেননি কখনও। কিন্তু এঁরা নিজেদের শিল্পভাষার মধ্য দিয়ে, নিজস্ব সংবেদনশীল ভাবনার মধ্য দিয়ে নারী হিসেবে সমকালীন ভারতীয় শিল্পের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন।



অর্পিতা ছাত্রীজীবনের পরে তাঁর দিল্লি পলিটেকনিকের সহ-শিল্পীদের নিয়ে ‘দ্য আননোন’ নামে শিল্পীদের দল গড়ে তুলেছিলেন। পরে নীলিমা শেখ, মাধবী পারেখ এবং নলিনী মালানির সঙ্গে ‘থ্রু দ্য লুকিং গ্লাস’ নামে সমকালীন নারী-শিল্পীদের প্রদর্শনীর আয়োজন করেন। অর্থাৎ কেবল নিজস্ব শিল্পচর্চা নয়, সংগঠক হিসেবেও সক্রিয় ছিলেন তিনি। সর্বোপরি নিজের কাজের মধ্যে দিয়ে গড়ে তুলেছিলেন এমন এক ছবির জগৎ, যেখানে নারী হিসেবে তাঁর দেখা সময়ের এক সমান্তরাল ইতিহাস রচিত হয়েছে। এই ইতিহাসের মধ্যে সমকালের অস্তিত্ব-সংকটের বিবিধ দৃশ্যকল্প যেমন রয়েছে, তেমনই রয়েছে নারী হিসেবে নিজস্ব যাপনের এক অকপট বর্ণনা। শেষ পর্যন্ত সেইসব ছবি আমাদের মনে করিয়ে দেয় জীবনানন্দের কবিতার কথা, যেখানে তিনি বলেছেন—
“পৃথিবীর এইসব গল্প বেঁচে র’বে চিরকাল—
এশিরিয়া ধুলো আজ— বেবিলন ছাই হয়ে আছে।”
শিল্পী: অর্পিতা সিং। ছবি সৌজন্য: লেখক




