‘পুলিশ ওরে পুলিশ’
ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ওই বছরই, ১৯৮৪ সালের ডিসেম্বরে তিন দফায় লোকসভা নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জেতে, বলাবলি হয়, সহানুভূতির ভোট পেয়েছিল কংগ্রেস, জিতেছিল সংসদের ৪১৩টি আসনে। নির্বাচনে এ-যাবৎ পাওয়া কংগ্রেসের সর্বাধিক আসন। সংবাদপত্রে যোগ দিয়ে ওই প্রথম আমার নির্বাচনের সময় কাজ করা। এসময় আমার আগ্রহ দেখে আমাদের হুগলি জেলায় দু’টি আসনে নির্বাচনী সমীক্ষা করার, রিপোর্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। হুগলি লোকসভা আসনটি ছিল সিপিআই(এম) দলের রূপচাঁদ পালের। এই আসনে একাধিকবার সাংসদ হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সেবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস দাঁড় করিয়ে দেয় ইন্দুমতী ভট্টাচার্যকে, কিছুটা অবাক হয়েছিলাম। শিক্ষা, সাহিত্যচর্চার কারণে বিদুষী ইন্দুমতী সুপরিচিতা ছিলেন, রাজনীতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা জানা ছিল না। আমাদের শ্রীরামপুরে সমসময়ের কবি রমা ঘোষ তাঁর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। তরুণী বয়সে অকালে স্বামীবিয়োগের পর উচ্চশিক্ষায় ব্রতী হন ইন্দুমতী। ফরাসি ভাষায় উচ্চতর শিক্ষালাভে বৃত্তি পেয়ে ফ্রান্সে যান। সরাসরি ফরাসি থেকে প্রথম ইন্দুমতী ভট্টাচার্যই বোদলেয়রের কবিতা অনুবাদ করেছিলেন। ১৯৮৪-র নির্বাচনে প্রবল ইন্দিরা হাওয়ায় হুগলি আসনে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্য সিপিআই(এম)-এর রূপচাঁদ পালকে হারিয়ে দেন।
খবর হিসেবে চমকপ্রদ, তাই লিখছি, সেই যে বিয়ন্ত সিং, ইন্দিরা গান্ধীর অন্যতম ঘাতক, পরে যার ফাঁসি হয়েছিল ঘাতক আরেক দেহরক্ষী সতবন্ত সিংয়ের সঙ্গে, সেই বিয়ন্ত সিংয়ের স্ত্রী বিমলা কাউর ১৯৮৪-র নির্বাচনের সময় থেকে পাঞ্জাবে রাজনীতিতে নেমে পড়েন। ১৯৮৪-র ডিসেম্বরে সারা দেশে লোকসভা ভোট হলেও পাঞ্জাব ও আসামে ভোট হয়নি ওই দু-রাজ্যে জঙ্গি তৎপরতার জন্য। সেই ভোট হয় পরের বছর ১৯৮৫-তে, পাঞ্জাবে সেবার লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার নির্বাচনও হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের দু’টি বিধানসভা কেন্দ্রে বিমলা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন। বিয়ন্ত সিংয়ের স্ত্রী প্রার্থী হয়েছেন বলে হইহই পড়ে গেলেও, ওই দুই বিধানসভা কেন্দ্রেই, বিয়ন্তপত্নী বিমলা কাউর কিন্তু অল্প-অল্প ভোটে হেরে যান। এবার অকালি দলের নজর পড়ে বিমলা কাউরের ওপর। পরের লোকসভা ভোট হয় ১৯৮৯-এ, পাঞ্জাবের রোপার লোকসভা আসনে শিরোমণি অকালি দলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন বিয়ন্তপত্নী বিমলা কাউর। শুধু তাই নয়, বিয়ন্ত সিংয়ের বাবা সূচা সিংও সেই লোকসভা নির্বাচনে ভাটিন্ডা কেন্দ্রে দাঁড়িয়ে ব্যাপক ভোটে জিতে যান।
পড়ুন ‘সংবাদ মূলত কাব্য’ পর্ব ৪৮…

আরও বলার আছে, এই সেদিন ২০২৪-এর লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ফরিদকোটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে বিপুল ভোটে বিজয়ী হন বিয়ন্ত সিং-বিমলা কাউরের ছেলে সরবজিৎ সিং খালসা। অপরূপ ভারতের গণতন্ত্র। তাও এই গণতন্ত্র দোমড়ানো-মোচড়ানোর চেষ্টা করছে কিছু রাজনীতিক।
চাকরি শুরুর মাসখানেক পর একদিন, আমার বিকেলে ডিউটি। কিন্তু সাতসকালে এক সহকর্মী এসে হাজির হলেন। শ্রীরামপুরের মাহেশে থাকতেন, যুগান্তরের প্রুফরিডার। আমি তখন ঘুম থেকে উঠে সবে বারান্দায় চা খেতে-খেতে খবরের কাগজ দেখছি। আমার বোন তাঁকেও চা-বিস্কুট দিয়ে গেল। চা খেতে-খেতে বয়স্ক সহকর্মীটি বললেন, তোমাকে আজ চুঁচুড়া যেতে হবে। গাড়ি আসবে। তোমার আজকের ডিউটি চুঁচুড়ার সার্কিট হাউসে। সেখানে আজ হুগলি পুলিশের বার্ষিক সম্মেলন। সাড়ে ১০টায় গাড়ি আসবে আমাকে নিতে। ওই সহকর্মীটি বলে দিলেন দুপুরের খাওয়াদাওয়া ওখানেই। সাড়ে ১০টায় তৈরি থাকবে। আমাদের গলিতে গাড়ি ঢোকে না। বড় রাস্তায় গাড়ি রেখে যুগান্তর-এর ড্রাইভার এসে আমাকে বললেন, চলুন। যেতে-যেতে ড্রাইভারের মুখে শুনলাম, তুষারবাবু এসে গিয়েছেন, তিনিই পুলিশ সম্মেলনের অনুষ্ঠানে সভাপতি।

সার্কিট হাউসে গিয়ে দেখলাম মধ্যমণি হয়ে আসর জমিয়ে দিয়েছেন তুষারকান্তি ঘোষ। সেই আসরে রয়েছেন বাঘা সিদ্দিকি, যাঁর পোশাকি নাম কাদের সিদ্দিকি। বাংলাদেশ মুক্তিযুদ্ধে টাঙ্গাইল রণাঙ্গনে পাকিস্তানি খানসেনাদের পর্যদুস্ত করে যিনি অতিখ্যাত এবং মুজিবুর রহমানের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন, সেই বাঘা সিদ্দিকি মুজিব হত্যার পর ভারতের আশ্রয়ে ছিলেন। ছিলেন চন্দননগরে। বাঘা সিদ্দিকির সঙ্গে আগেই যুগান্তর-এ আমার আলাপ হয়েছিল। শ্যামল গঙ্গোপাধ্যায় বাঘা সিদ্দিকিকে দিয়ে অমৃত পত্রিকাটিতে ধারাবাহিক লিখিয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে, প্রফুল্ল রায় লিখিয়েছেন যুগান্তর সাময়িকীতে। ওই আসরে ছিলেন তুষারবাবুর সচিব বুলুবাবু। ছিল নুরুল ইসলাম, যুগান্তর-এর হুগলির সাংবাদিক। ছিলেন পদস্থ পুলিশ অফিসাররা।
আমি পৌঁছতেই তুষারবাবু বললেন, এসো বাঙাল। তুমি শ্রীরামপুরে থাকো বলেই তোমাকে ডেকে আনলাম। ওই দেখো, উনি তোমাদের জেলার এসপি। খুব জাঁদরেল। এসপি হেসে ফেললেন। যুগান্তর অফিসের গোলঘরটিতে আমাকে যেদিন স্থায়ী চাকরির নিয়োগপত্রটি দিয়েছিলেন, সেদিনই জিজ্ঞেস করে করে জেনে নিয়েছিলেন, আমাদের দেশের বাড়ি বরিশাল। তারপর বলেছিলেন, তুমি তো কমিউনিস্ট, তাই না? (সব মিলিয়ে তখন, সেই তখন যুগান্তর-এ কর্মচারী, কর্মী ছিলেন ১৪০০, অমৃতবাজার পত্রিকায় ৭০০। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, চমকে ওঠার মত ব্যাপার, অনেকের নাম, ঘরদোরের ব্যাপারে খোঁজখবরও রাখতেন তুষারকান্তি ঘোষ। দপ্তরে ঝটিকা সফরে নারায়ণকে তুষারবাবু শুধোলেন, হ্যাঁ রে নাড়ু, বউমার চিকিৎসা ঠিকমত চলছে তো?)
তা, সেদিন বিকেলবেলা চুঁচুড়ায় সার্কিট হাউসের লনে হুগলি পুলিশ সম্মেলনে সভাপতির ভাষণ শুরু করলেন তুষারকান্তি। বলতে শুরু করলেন তুষারকান্তি: পুলিশ একটি সংগঠিত সরকারি গুন্ডাবাহিনী। চুরি, ছিনতাই, লুটপাট, খুন, হেন অপরাধ নেই, যা পুলিশ করে না।
গোটা সম্মেলন থমথম করতে লাগল। সামনের সারিতে আমি, আমাদের হুগলি-প্রতিবেদক নুরুল নতমস্তকে, উসখুস করছেন বাঘা সিদ্দিকি। এসপি, অন্যান্য পদস্থ পুলিশ অফিসাররা এসেছেন সস্ত্রীক, সপরিবার। ভয়-ভয় করতে লাগল আমার।
তুষারবাবু বলে চললেন, পুলিশের বিরুদ্ধে অগুনতি অভিযোগ। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি আনন্দ নারায়ণ মোল্লা বলেছেন, পুলিশ একটি গুণ্ডাবাহিনী। আমি কিন্তু এখানে এসে দেখলাম, কথা বলে বুঝলাম তাঁরাও আমাদের মতো মানুষ, আমাদের ঘর থেকে তাঁরা এসেছেন। আমাদের মতোই কত-কত সমস্যা তাঁদের। তাঁদেরও অভাব-অনটন আছে। রোগবালাই আছে, চিকিৎসা করাতে হয়। দ্রব্যমূল্যের আগুনছোঁয়া দামে আমাদের মতো তাঁদেরও গায়ে ছ্যাঁকা লাগে। ভাল-মন্দ সব ক্ষেত্রেই আছে। কয়েকজন অসতের জন্য তো সবাইকে দোষ দেওয়া যায় না। এই তো কত চমৎকার-চমৎকার ঝকঝকে অফিসার পুলিশকর্মীরা আছেন।
কথার ফুলঝুরি ফুটতে লাগল তখন। স্বস্তি নামল পুলিশ সম্মেলনে। তুমুল হাততালিতে তুষারবাবুর ভাষণ শেষ হল।

যুগান্তর-এ চাকরি পাকাপোক্ত হওয়ায় আমার মাথায় দু’টি চিন্তা, কর্মসূচিই বলব, ঘুরপাক দিচ্ছিল। একটি, ‘জলপাইকাঠের এসরাজ’ কাব্যগ্রন্থটির পর আরেকটি কবিতার বই বের করা। আর-একটি, মনোবাসনা আবাল্যের, বরিশালে আমাদের দেশের বাড়িটি দেখে আসা, সেখানে আমাদের পরিবারের কেউ না থাকলেও, আমি যাবই, এই ইচ্ছে আমার সেই বালকবেলা থেকে। ঠাকুমা ও তাঁর সমবয়সিনীদের মুখে শুনে, বাবা-কাকাদের মুখে শুনে ওই বরিশালে গৈলা-ফুল্লশ্রী গ্রামে যাওয়ার যাত্রাপথ, গ্রামটির বিবরণ ছবির মতো আমার মনে গাঁথা ছিল। এছাড়া ঢাকায় আমার সমবয়সি কবিতা-প্রয়াসীদের সঙ্গে আলাপ-পরিচয় ঘটবে, নাচানাচি করব, তরুণ বয়সে আমার এই ইচ্ছে জেগেছিল।
অতএব, আমি তৎপর হলাম। ওই সময়ই, ১৯৮৫-’৮৬ সালে কলকাতায় সৌমিত্র মিত্রর আবৃত্তিলোকের আয়োজনে বাংলাদেশ থেকে আল মাহমুদ, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের সঙ্গে তরুণেরা, ফরিদ কবির, আবু হাসান শাহরিয়াররা এসেছিল, আমি ফরিদ, শাহরিয়ারদের বলেছিলাম কিছুদিনের ভেতর আমি বাংলাদেশে যাবই। উল্লসিত হয়েছিল ফরিদ, শাহরিয়ররা।
আমার তৎপরতা, অর্থাৎ লম্ফঝম্ফে উদ্বিগ্ন হয়েছিল বাবা। ১৯৮৬ সালের জুলাই-আগস্টের বর্ষা নেমে গিয়েছিল তখন। নাছোড় আমাকে বাবা বলেছিল, ভরা বর্ষায় বরিশালে যাওন যাইবে না।




