হিন্দুয়ানির তর্ক

১৮৭২ সালের শেষ দিক। কলকাতার এক সভাঘরে ভিড় উপচে রাস্তায় গিয়ে পড়েছে। সভাপতি দেবেন্দ্রনাথ ঠাকুর, বক্তা রাজনারায়ণ বসু, বিষয় ‘হিন্দুধর্মের শ্রেষ্ঠতা’। শোনা যায়, শ্রোতাদের অনেকেই এসেছিলেন এই কৌতূহলে: এই জীর্ণ, পৌত্তলিক বলে নিন্দিত ধর্মের পক্ষে নতুন করে আর কী বলার থাকতে পারে? মজার কথা, যিনি বলতে উঠেছেন তিনি নিজে ব্রাহ্ম। হিন্দু কলেজের ছাত্র, মদে ডুবে প্রথাভাঙা যৌবন, তারপর ১৮৪৬-এ ব্রাহ্মসমাজে দীক্ষা। সেই মানুষভরা সভায় হিন্দুধর্মের হয়ে সওয়াল করছেন। ব্যাপারটা একবার ভাবুন তো!

দুশো বছর পরে, জন্মের দ্বিশতবর্ষে, রাজনারায়ণকে নিয়ে কথা উঠলে তকমার অভাব হয় না: ‘ঋষি’, ‘জাতীয়তাবাদের পিতামহ’, শ্রীঅরবিন্দের মাতামহ ইত্যাদি-প্রভৃতি। ইদানীং আরেকটা তকমা জুটেছে, ‘হিন্দু জাতীয়তাবাদের পথিকৃৎ’। তকমার সুবিধা এই যে, মানুষটাকে আর পড়তে হয় না। অথচ পড়লে, একটা বেয়াড়া প্রশ্ন মাথা তোলে। রাজনারায়ণ যে-হিন্দুধর্মকে শ্রেষ্ঠ বলেছিলেন, আজ যাঁরা হিন্দুধর্মের হয়ে গলা চড়ান, তাঁরা কি তাঁকে চিনতে পারবেন? উনিশ শতকের হিন্দু ভাবুকেরা কি আজকের হিন্দুধর্ম-ভাবনার পূর্বপুরুষ, না কি অন্য কুলের লোক? প্রশ্নটার টানে রাজনারায়ণ আর জীবনীর পাতায় আটকে থাকেন না। তাঁর সূত্র ধরে টান দিলে উনিশ শতকের হিন্দুয়ানির গোটা তর্কটাই উঠে আসে সামনে।

আরও পড়ুন: ঔপনিবেশিক ‘আলোকপ্রাপ্ত’ বাঙালির যে-টানাপড়েন, রাজনারায়ণ বসু-র ‘সেকাল আর একাল’-কে বলা চলে তারই এক প্রতিচ্ছবি! লিখছেন অভিষেক ঘোষাল…

২
গল্পের শুরু অবশ্য আরও আগে, মেদিনীপুরে। সেখানকার জেলা স্কুলের প্রধান শিক্ষক রাজনারায়ণ শিক্ষিত বাঙালির মধ্যে ‘জাতীয় ভাব’ জাগানোর জন্য একটা সভা গড়ার প্রস্তাব ছাপিয়েছিলেন। তাঁর নালিশ, ইংরেজি-পড়া বাবুরা চোখ বুজে সাহেবি আদবকায়দা নকল করছেন। সেই প্রস্তাবে উৎসাহিত হয়ে নবগোপাল মিত্র ১৮৬৭-তে চৈত্রসংক্রান্তির মেলা বসালেন, যা ‘হিন্দুমেলা’ নামে চলল ১৮৮০ পর্যন্ত। ঠাকুরবাড়ির ছেলেরা সেখানে গান বাঁধতেন, কবিতা পড়তেন। নবগোপালের সাফ কথা, জাতীয় ঐক্যের গোড়ায় চাই ধর্ম, আর হিন্দুর বেলায় সেই ধর্ম হিন্দুধর্ম; হিন্দু এক ধর্মীয় জাতি হয়ে ওঠার জন্যই জন্মেছে। ব্রাহ্মের তত্ত্বকথা আর মেলার জাতীয়তা এভাবে একই উঠোনে এসে দাঁড়াল।

পাঁচ বছর পরে সেই উঠোনে লাগল আইনের ধাক্কা। ১৮৭২-এ কেশবচন্দ্র সেনের দলের চাপে ব্রাহ্ম বিবাহ আইন পাশ হয়। শর্ত ছিল, এই মতে বিয়ে করতে হলে পাত্রপাত্রীকে ঘোষণা করতে হবে, তাঁরা হিন্দু নন। দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্মসমাজ বেঁকে বসল। তাঁদের মতে, ব্রাহ্মধর্ম হিন্দুধর্মেরই নির্যাস; হিন্দু পরিচয় ছাড়ার প্রশ্ন ওঠে না। রাজনারায়ণের কাছে ব্রাহ্ম আর হিন্দু দুটো আলাদা খোপ নয়, একটা অন্যটার সার। সেই বছরের শেষে ভরা সভায় তাঁর সওয়াল তাই নিছক তত্ত্বচর্চা নয়, পরিচয় বাঁচানোর লড়াইও।

কেশবচন্দ্র সেন

দাবিটায় অবশ্য ফাঁক ছিল। বছর কুড়ি আগে দেবেন্দ্রনাথ নিজেই বেদের অভ্রান্ততা মানতে অস্বীকার করেছিলেন। বেদের কর্তৃত্ব না মেনে ‘হিন্দু’ থাকা চলে কি না, সে প্রশ্ন আদি ব্রাহ্মদের পিছু ছাড়েনি। শেষে মীমাংসা করল আদালত। ১৯০১-এ প্রিভি কাউন্সিলের রায়: অধিকাংশ ব্রাহ্ম হিন্দু নন, তাঁদের ধর্ম আলাদা। ভাবুকেরা যে-সীমারেখা নিয়ে তিন দশক তর্ক করলেন, সেটা টানা হল এজলাসে। কে হিন্দু, এই প্রশ্নের নিষ্পত্তি শাস্ত্রে হয়নি, হয়েছে আইনে। কিন্তু রায় বেরোনোর ঢের আগে রাজনারায়ণ নিজের উত্তর সাজিয়ে ফেলেছিলেন।

৩
সেই উত্তরের চেহারাটা কেমন? সভার বক্তব্য পরে পুস্তিকা হয়ে ছাপা হয়েছিল; সেখান থেকেই তাঁর যুক্তির ধাঁচাটা ধরা যায়। প্রথম আপত্তি পৌত্তলিকতার। তাঁর জবাব, শাস্ত্র নিরাকার ব্রহ্মের কথাই বলে; মূর্তি অজ্ঞ মানুষের জন্য, সত্যের দিকে প্রথম ধাপ (‘হিন্দুধর্ম্মের শ্রেষ্ঠতা’, ১৮৭৯, পৃ. ৭-১০)। মূর্তিপূজা তাই পাপ নয়, ভ্রম; নিরাকারে পৌঁছনোর অস্থায়ী সাঁকো (ঐ, পৃ. ৩১-৩৩)। খ্রিস্টান সমালোচক বলতেন, হিন্দুর ধর্মে অনুতাপ আর ক্ষমার ঠাঁই নেই। রাজনারায়ণ ‘মনুসংহিতা’ খুলে দেখান, অনুতপ্ত হয়ে যে আর অন্যায় না করার পণ করে, সে শুদ্ধ হয়। ঈশ্বর দূরের হাকিমও নন, ‘ঋগ্বেদ’ তাঁকে পিতা-মাতা বলে ডেকেছে। প্রশ্নগুলো মিশনারির, জবাবের মালমশলা শাস্ত্রের।

এরপর শ্রেষ্ঠতার বারোটা লক্ষণ (ঐ, পৃ. ২৩-৩৭)। তালিকাটা আজকের চোখে বেশ বেখাপ্পা ঠেকে। এই ধর্মের কোনও প্রবর্তক নেই। অবতারে এর ভিত নয়। ঈশ্বর আর মানুষের মাঝখানে দালাল লাগে না। উপাসনার জায়গা হৃদয়। দয়া সর্বভূতে, শুধু মানুষে নয়। পাপীরও উদ্ধারের আশা আছে, আর যে যার নিজের ধর্ম মেনেই মুক্তি পেতে পারে। দেবদেবীর পূজা নীচু অধিকারীর জন্য; উঁচু অধিকারীর ধর্ম ব্রহ্মের জ্ঞান ও উপাসনা (ঐ, পৃ. ৩৭-৩৮)। এই হিন্দুধর্মের সবচেয়ে বিশুদ্ধ রূপটি ব্রাহ্মধর্ম, সব ধর্মের মিলনভূমি (ঐ, পৃ. ৪৯-৫০)। অদ্বৈত বেদান্তও তিনি পুরো মেনে নেননি। উপনিষদের কিছু অংশ অদ্বৈতের দিকে টানে, কিছু অংশ জীব আর জগৎকে ঈশ্বর থেকে আলাদা রাখে; হিন্দু ব্রহ্মকে নিজের থেকে পৃথক জেনেই উপাসনা করেন (ঐ, পৃ. ১০-১২)।

রাজনারায়ণ বসু

যোগফলটা দাঁড়াল এই: রাজনারায়ণের শ্রেষ্ঠ হিন্দুধর্মে মূর্তি বড়জোর হাতেখড়ির সহায়, অবতার কেন্দ্রে নেই, পুরোহিতের দরকার নেই, মন্দির না হলেও চলে। আজকের হিন্দুধর্মের সবচেয়ে চোখে পড়ার মতো চিহ্ন মন্দির, বিগ্রহ আর অবতার। সেই মাপকাঠি হাতে নিলে রাজনারায়ণের হিন্দুয়ানি নিয়েই প্রশ্ন উঠত।

৪
ব্রাহ্ম বলেই কি তিনি দলছুট? উনিশ শতকের শেষ তিন দশকের অন্য ভাবুকদের পাশে বসালে গল্পটা আরও প্যাঁচালো হয়। হিন্দুধর্ম তখন তর্কের মাঠ, ছকে বাঁধা মানচিত্র নয়। যে যার মতো ভিত খুঁড়ছেন। রাজনারায়ণের ভিত উপনিষদ, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণভক্তি, ভূদেব মুখোপাধ্যায় আর চন্দ্রনাথ বসুর অদ্বৈত।

বঙ্কিম হিন্দুধর্মের পূর্ণতা খুঁজলেন গীতা-র ভক্তিতে আর মানুষের বৃত্তিগুলির অনুশীলনে। সেই পূর্ণ ধর্মের ঘরে খ্রিস্টধর্ম আর ব্রাহ্মধর্মকেও তিনি জায়গা ছেড়ে দিলেন (‘ধর্মতত্ত্ব’, ১৮৮৮, পৃ. ২৪, ৬৬-৬৭, ১০৩-১০৪, ১১৪-১১৫)। ভূদেব ধর্মকে দুই গোত্রে ভাগ করলেন: হিন্দুধর্ম সংযমী, প্রকৃতিনিষ্ঠ; খ্রিস্টধর্ম ও ইসলাম আবেগপ্রধান (‘সামাজিক প্রবন্ধ’, ১৮৯২, পৃ. ৮৪–৮৮)। সমাজের প্রশ্নে তিনি জাতিভেদের উঁচু-নীচুর পক্ষে; সাম্য তাঁর কাছে নিছক আধ্যাত্মিক ঐক্য (ঐ, পৃ. ২২৫–২৩৭)। চন্দ্রনাথ মূর্তিপূজা আর বংশানুক্রমিক বর্ণের পক্ষে যুক্তি সাজালেন, ‘আধ্যাত্মিক প্রাচ্য’কে খাড়া করলেন ‘জড়বাদী ইউরোপ’-এর মুখোমুখি (‘হিন্দুত্ব’, ১৮৯২, পৃ. ১-৬, ২৪-২৭, ২২৯-২৩০, ২৭২-২৭৩)।

মূর্তির প্রশ্নে রাজনারায়ণ আর চন্দ্রনাথ দুই মেরুতে। যিশুর প্রশ্নে বঙ্কিম আর ভূদেব দুই মেরুতে। জাতিভেদ নিয়ে কারও সঙ্গে কারও পুরো বনে না। তবু এক জায়গায় চারজনের সুর মেলে। হিন্দুধর্ম উদার, সর্বজনীন; খ্রিস্টধর্ম আর ইসলাম সংকীর্ণ, মধ্যস্থনির্ভর, অবিশ্বাসীর জন্য অনন্ত নরকের বিধানদাতা (‘হিন্দুধর্ম্মের শ্রেষ্ঠতা’, ১৮৭৯, পৃ. ২৪-৩০)। ধর্মতত্ত্বে মিল নেই, মিল তুলনার ছাঁচে। এই ছাঁচ ঘরে আটকে থাকেনি। ১৮৮২-তে থিওসফিস্টদের মুখপত্র রাজনারায়ণের সওয়ালের ইংরেজি তরজমা, তাঁর নিজের হাতে শোধরানো, কিস্তিতে ছাপতে শুরু করে (The Theosophist, vol. 3, No. 9, জুন ১৮৮২)। হিন্দুধর্মের শ্রেষ্ঠতা তখন আর শুধু ঘরের তর্ক নয়, রপ্তানির মালও বটে; খদ্দের ইউরোপ-আমেরিকার আধ্যাত্মিক অন্বেষীরা। এগারো বছর পরে, ১৮৯৩-এ, শিকাগোর মঞ্চে বিবেকানন্দ হিন্দুধর্মকে ‘ধর্মের জননী’ বলে চেনালেন। ছাঁচটা ততদিনে পাকা।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

একটা শব্দের হাতবদলও এই সূত্রে দেখে নেওয়া দরকার। ‘হিন্দুত্ব’ কথাটা চন্দ্রনাথের কলমে ১৮৯২-এ এসেছিল আধ্যাত্মিক-দার্শনিক অর্থে। তিন দশক পরে বিনায়ক দামোদর সাভারকর শব্দটাকে নতুন জামা পরালেন: হিন্দু সে-ই, ভারত যার পিতৃভূমি ও পুণ্যভূমি (Essentials of Hindutva, ১৯২৩)। সাভারকর নিজেই জোর দিয়ে বলেছিলেন, হিন্দুত্ব আর হিন্দুধর্ম এক জিনিস নয়। শব্দ এক রইল, কিন্তু ভেতরের অর্থ  গেল বদলে। ধর্মতত্ত্বের জায়গা নিল ভূখণ্ড আর জাতিপরিচয়।

৫
তাহলে কি উনিশ শতকের ভাবুকেরা আজকের হিন্দুধর্ম-ভাবনা থেকে একেবারে আলাদা? সেটাও আধখানা সত্য। সুতোর অন্য মাথাটা রাজনারায়ণের হাতেই। তাঁর মতে ততদিনই হিন্দুধর্ম টিকবে, যতদিন ভারত টিকবে; হিন্দুরা পুরনো সভ্যতা ফিরে পাবে, ছাড়িয়েও যাবে। রাজনৈতিক স্বাধীনতা গেছে, কিন্তু আচার-ব্যবহারের স্বাধীনতা ছাড়া চলবে না (‘হিন্দুধর্ম্মের শ্রেষ্ঠতা’, ১৮৭৯, পৃ. ৫৩-৫৮)। ধর্ম এখানে সভ্যতার পরিচয়, সভ্যতা জাতির। শেষ বয়সে তিনি সারা ভারতের সব সম্প্রদায় আর জাতের হিন্দুকে নিয়ে এক মহাহিন্দু সমিতির খোয়াব দেখেছিলেন (‘বৃদ্ধ হিন্দুর আশা’, ১৮৮৭)। এই জাতি-কল্পনায় বাংলার মুসলমানের দেখা মেলে না বললেই চলে। সেই নীরবতা রাজনারায়ণের সীমা, উনিশ শতকের ভদ্রলোক জাতীয়তারও সীমা।

তবে ছাঁচটা কোথা থেকে এল, সেটাও বোঝা দরকার। রাজনারায়ণের হিন্দুধর্ম মিশনারির জেরার জবাবে গড়া এক আত্মপরিচয়। পৌত্তলিকতার অভিযোগে নিরাকার ব্রহ্ম, মধ্যস্থতার খোঁচায় দালালহীন উপাসনা, নরকের ভয়ের উলটোদিকে পুনর্জন্মের আশা। সেকাল আর একালের তুলনাতেও একই মন কাজ করছে। সেখানে তাঁর নালিশ শুধু শাস্ত্র নিয়ে নয়, রোজকার জীবন নিয়েও। একদা স্বাস্থ্যকর শান্তিপুর ম্যালেরিয়ায় ছেয়েছে, খাবারে ভেজাল, আর দশটা-চারটের আপিসের রুটিন এ দেশের জলহাওয়ায় মানুষকে নিংড়ে নিচ্ছে (Our Modernity, ১৯৯৭, পৃ. ৬-৮)। উপনিবেশের শাসন যে শরীর আর রোজকার ছন্দে ঢুকে পড়ছে, এই বোধ তাঁর লেখায় স্পষ্ট; ধর্মের সওয়াল সেই বোধেরই আরেক মুখ। পার্থ চট্টোপাধ্যায় দেখিয়েছেন, রাজনারায়ণের অতীত-বন্দনার তথ্য প্রায়ই ধোপে টেকে না, কিন্তু তার মর্মে একটা জরুরি কথা আছে: সব দেশের জন্য একটাই আধুনিকতা হতে পারে না (Our Modernity, ১৯৯৭, পৃ. ৪-৯)। হিন্দুধর্মের বেলাতেও রাজনারায়ণ ইউরোপের দাঁড়িপাল্লা মেনে নিচ্ছেন: যুক্তি, একেশ্বরবাদ, নৈতিকতা। তারপর দেখাতে চাইছেন, ওই পাল্লাতেও হিন্দুধর্ম ভারী।

এক পক্ষ বলেন, ‘হিন্দুধর্ম’ নামে গোছানো বস্তুটা ঔপনিবেশিক আমলের আবিষ্কার, ইউরোপের চোখে গড়া। অন্য পক্ষ বলেন, এক চিরন্তন হিন্দুধর্ম যুগ-যুগ ধরে বিদেশি আক্রমণ ঠেকিয়ে এসেছে। অঙ্কুর বড়ুয়া দেখিয়েছেন, এই দুই ছকই বড্ড মোটা দাগের; মাটিতে যা ঘটছিল তা জটিল দর-কষাকষি, যেখানে শাস্ত্রের পুরনো উপকরণ দিয়ে ইউরোপের প্রশ্নের জবাব গড়া হচ্ছিল (Vedantic Variations in the Presence of Europe, ২০১৭)। রাজনারায়ণ সেই দর-কষাকষির স্পষ্ট নমুনা। তিনি আবিষ্কারও করছেন না, নিছক রক্ষাও করছেন না; বাছাই করছেন।

তাহলে আজকের সঙ্গে ফারাকটা কোথায়? উনিশ শতকের হিন্দুধর্ম-চিন্তা দাঁড়িয়ে ছিল তর্কের ওপর। কোন ধর্ম সত্য, কোনটা নৈতিক, কোনটা যুক্তিতে টেকে। একজন ব্রাহ্ম বলতে পারতেন, অবতার আর বিগ্রহ ছাঁটলেই হিন্দুধর্ম শ্রেষ্ঠ। বঙ্কিম বলতে পারতেন, পূর্ণ ধর্মে যিশুরও আসন আছে। দু’জনেই নিজেকে হিন্দু বলতেন, কেউ কাউকে ঘর থেকে বের করে দেননি। আজকের জনপরিসরে, বিশেষ করে রাজনীতির মঞ্চে, হিন্দুধর্ম মূলত পরিচয়ের প্রশ্ন: কে ভিতরে, কে বাইরে। উনিশ শতক থেকে এসেছে তুলনার ছাঁচ আর ধর্মকে জাতির খুঁটি করার ঝোঁক। পেছনে পড়ে রইল ধর্মতত্ত্বের মালমশলা আর ঘরোয়া তর্ক।

ছবিটা আরেকটু ঘোলাটে না করলে অন্যায় হবে। রাজনারায়ণের নিরাকার, অবতারহীন হিন্দুধর্ম তাঁর সময়েও অধিকাংশ হিন্দুর রোজকার ধর্ম ছিল না। গাঁয়ের পূজা, ব্রত, তীর্থ, বিগ্রহসেবা চলেছে নিজের নিয়মে। উনিশ শতকের ভাবুকদের হিন্দুধর্ম শিক্ষিত সংস্কারকের হাতে গড়া। আজকের রাজনৈতিক হিন্দুধর্ম থেকে তার যতটা দূরত্ব, লোকধর্ম থেকেও প্রায় ততটাই।

৬
বছর ফুরিয়ে আসছে। আজ এই দ্বিশতবর্ষে রাজনারায়ণকে ফিরে দেখার কারণ তাই মালা-চন্দন নয়, প্রশ্ন। তিনি মনে করিয়ে দেন, হিন্দুধর্ম কোনওদিনই একটা থিতু, সর্বসম্মত বস্তু ছিল না। হিন্দুরাই তাকে নিয়ে তর্ক করেছেন, ভেঙেছেন, নতুন করে গড়েছেন। একজন ব্রাহ্ম মূর্তি আর অবতারকে সরিয়ে রেখে হিন্দুধর্মের শ্রেষ্ঠতা ঘোষণা করেছিলেন, আর ভরা সভাঘর মন দিয়ে শুনেছিল। আবার সেই মানুষই ধর্মকে জাতির ভিত করার যে-কাঠামো খাড়া করেছিলেন, তার ছায়া পরের শতকে লম্বা হয়েছে।

আজ যিনি ‘হিন্দু’ শব্দে একটাই অর্থ শোনেন, রাজনারায়ণ তাঁর অস্বস্তির কারণ। যিনি উনিশ শতকের হিন্দু ভাবুকদের নিষ্কলুষ উদারপন্থী ভাবতে ভালবাসেন, তাঁরও। দুই পক্ষকেই তিনি একটা কথা শিখিয়ে যান: ইতিহাস পছন্দমতো পূর্বপুরুষ বেছে নেওয়ার বাজার নয়। তাঁকে ‘হিন্দু জাতীয়তাবাদের পথিকৃৎ’ বললে কথার আধখানা বলা হয়। কাঠামোর হিসেবে কথাটা খাটে, বিষয়বস্তুর হিসেবে খাটে না। আর শুধু ‘ঋষি’ বললে তাঁর তার্কিক মনটাকে বেদিতে তুলে চুপ করিয়ে দেওয়া হয়। দুশো বছর পরে রাজনারায়ণের কাছে আমাদের ঋণ তাঁর মীমাংসায় নয়, তাঁর প্রশ্নে: হিন্দুধর্ম কী, আর কে তা ঠিক করবে?