তামসিক: ৩

জ্ঞানের আঁধার

ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্রতারকং
নেমা বিদ্যুতো ভান্তি কুতোহয়মগ্নিঃ।
তমেব ভান্তমনুভাতি সর্বং
তস্য ভাসা সর্বমিদং বিভাতি। (কঠোপনিষদ, ২/২/১৫)

রবীন্দ্রনাথ ‘পলাতকা’ কবিতার শেষে লিখেছেন, ‘আঁধার তারে ডাক দিয়েছে কেঁদে/ আলোক তারে রাখল না আর বেঁধে’। কিন্তু এ কোন ‘আঁধার’-এর কথা বলেছেন কবি? যে আঁধারকে আমরা ভয় পাই? যে আঁধার দূর করার জন্য জগৎজুড়ে এত আলোর আয়োজন? যে তামসিকতার প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে, যে ঘোর অমানিশার থেকে মুক্তি পাওয়ার আশায় ফুলঝুরির ফোয়ারা উড়িয়ে, বাজির আতস লাগিয়ে, ওষ্ঠাগত প্রাণীকুলের ঘুম ছুটিয়ে তিমিরবরণী তমোনাশার আরাধনার মহোৎসব মহাসমারোহে পালন করলাম? নাহ, এর কোনওটাই নয়। এ আঁধার ডাক পাঠায়, তবে এই আঁধারের ডাক পেতে হয়। সেই ডাক, সেই অতুলনীয় আহ্বান পেতে গেলে নিজেকে প্রস্তুত হতে হয়। সেই প্রস্তুতির জন্য কিছুটা আঁধার পেরতে হয় বটে, কিন্তু সেই আঁধার বড্ড বেশি আলোকিত, বিকট ঝলমলে চোখধাঁধানো আলোয় তা উৎকট ও দেদীপ্যমান। এইসব আলোকিত অন্ধকার পেরতে হবে। এই পেরনোর পথ কেবল তামসিক অর্থে তমিস্রাচ্ছন্ন নয়, সত্ত্ব-রজ-তম এই তিন অর্থেই তা ত্রিগুণাত্মক। এই তিনের বেণীবন্ধন পেরিয়ে তবেই সেই অন্ধকারের দেখা মেলে। সে-কারণে ‘ভগবদগীতা’-র তৃতীয় অধ্যায়ে ‘সদৃশং চেষ্টতে স্বস্যাঃ প্রকৃতের্জ্ঞানবানপি/ প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহঃ কিং করিষ্যতি’ বলেও পরের শ্লোকে বলা হচ্ছে ‘তয়োর্ন বশমাগচ্ছেৎ’, ত্রিগুণাত্মক প্রকৃতির এই নিয়ম, শরীর ও ইন্দ্রিয়ের আসক্তি ও বিদ্বেষের যে ব্যবস্থা (নিয়ম), তার বশে থাকলে চলবে না।

একটু আগে যে উৎকট আলোর কথা বললাম, যে আলোকিত অন্ধকারের কথা বললাম, সেই আলোয় সহজেই বশ মানে আমাদের শরীর ও মন। এই আলো পেরিয়ে সেই অন্ধকার নিরুদ্দেশের দিকে নিয়ে যেতে হবে আমাদের গন্তব্যকে, যেখানে ‘নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর’, যেখানে ঝকঝকে অন্ধকার বিরাজ করে সর্বদা, যে অন্ধকার থেকে উৎসারিত আলোয় আমরা হাসি, খেলি, গান গাই— তমেব ভান্তমনুভাতি সর্বং/ তস্য ভাসা সর্বমিদং বিভাতি। স্বামীজি-র গানের শেষে যে ‘শূন্যে শূন্য মিলাইল’, সেখানে দুই ‘শূন্য’-র মানে কিন্তু আলাদা। এক শূন্যর মানে আমি যে আলোকিত অন্ধকারের কথা বলছি, আর এক ‘শূন্য’ হল সেই গহিন ভূলোক-দ্যুলোকভেদী অন্ধকার। যে অন্ধকারে সবই মিলিয়ে যায়, সূর্য-চন্দ্র ও লক্ষ নক্ষত্ররাজির আলোও যাকে স্পর্শ করতে পারে না, যে আঁধারের সুড়ঙ্গ পেলে কোনও আলোর প্রলোভন আর বেঁধে রাখতে পারে না। তাই তো ‘আলোক তারে রাখল না আর বেঁধে’। 

আরও পড়ুন: ননভেজ মানেই তামসিক?
লিখছেন সম্প্রীতি চক্রবর্তী…

রবীন্দ্রনাথ ঠাকুর

এ তো গেল আঁধারের অধিবিদ্যা। এই আঁধারের সঙ্গে জুড়ে রয়েছে সুবিস্তৃত ঔপনিষদিক জ্ঞানতত্ত্বও। শুধু উপনিষদ কেন, নাসদীয় সুক্ত থেকে শুরু করে মহাভারত, ভগবদগীতা অবধি এই আঁধারের আলোকোজ্জ্বল উপস্থিতি। সেসব কিছুটা বোঝার চেষ্টা করব এবার।  

জ্ঞানের সঙ্গে, জানার সঙ্গে আলোর, আর না-জানা বা অজ্ঞানের সঙ্গে অন্ধকারের সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি। জানা মানে আলোকিত হওয়া। সে-কারণে ‘এনলাইটেনমেন্ট’ মানে আলোকিত হওয়া। কিন্তু এই আলো রাষ্ট্র ও ক্ষমতার মিথষ্ক্রিয়ায় উৎপন্ন সুসজ্জিত ত্রিফলা নয় (পড়ুন আসক্তি ও বিদ্বেষের, গ্রহণ-বর্জন-উপেক্ষার ত্রিগুণাত্মক প্রাকৃতিক ব্যবস্থা), আমাদের ভাল থাকা ও ভাল রাখার নির্মীয়মান রাষ্ট্রীয় রোশনাই নয়। সে-কারণে এনলাইটেনমেন্ট যুগের অন্যতম পুরোধা দার্শনিক কান্ট বলেছিলেন, এনলাইটেনমেন্ট মানে নিছক আলোকিত হওয়া নয়, নিজের আলোয় আলোকিত হওয়া। তার মানে অজ্ঞানতা মানে কেবল না-জানা নয়, নিজের আলোয় আলোকিত হতে না-পারার অক্ষমতাই আসলে অজ্ঞানতা। তার মানে প্রত্যেকের ভেতরে আলো আছে। কোনও কারণে সেই আলো অবধি পৌঁছতে না পারাই না-জানা, অজ্ঞানতা। রাষ্ট্র, ক্ষমতা, বাজার, পুঁজি, আধিপত্যবাদ এই অজ্ঞানতাকে আলোয় রূপান্তরিত করার অজৈবিক ও অলৌকিক খেলা খেলে জৈবিক ভাল থাকার প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে। যখন কেউ অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে, তখন বুঝতে হবে সে নিজের ভেতরকার আলো অবধি পৌঁছনোর কণ্টকাকীর্ণ দুর্গম পথে আটকে রয়েছে। আপাদমস্তক ঘোর আলোকিত থেকেও একজন অন্ধকারে থাকতে পারে। 

জানা মানে যদি আলো হয়, অজ্ঞান মানে যদি অন্ধকার হয়— তাহলে আমাদের জীবনে অন্ধকারের পরিমাণ অনেক বেশি, মহাবিশ্বের ডার্ক ম্যাটার-এর মতো। আমরা অন্ধকারেই বাঁচি, কারণ আমাদের জানার চেয়ে না-জানার পরিমাণ অনেক অনেক বেশি। সক্রেটিস বোধহয় সে-কারণে বলেছেন জ্ঞানী সে, যে জানে যে সে জানে না। রবীন্দ্রনাথ যেমন বলছেন, ‘যত জানি তত জানিনে’। এ শুধু কবিতার কথা নয়, বিশুদ্ধ জ্ঞানতত্ত্ব। আসলে যত জানি, তত বুঝতে পারি কত বেশি জানি না। জানা দিয়েই না জানার পরিমাণ উপলব্ধ হয়, আলো দিয়ে অন্ধকারের পরিমাণ টের পাই, আলো দিয়ে অন্ধকার খুঁজে বেড়াই। ‘জানা’-কে যদি আলো দিয়েও বুঝি, আমরা জানি আলো যত কাছে আসে, তা ক্রমশ অন্ধকারে পরিণত হয়।

সক্রেটিস

এই না-জানা মানে অজানাও। অজানা মানে অন্ধকার, অন্ধকার মানে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, আড়ষ্টতা। এসব থেকে আসে মোহ, আলস্য। মোহ মানে অন্ধকারের মোহ নয়, নিছক তামসিকতা নয়, অনিঃশেষ আলোকিত থাকার মোহ। আক্ষরিক অর্থেই এই আলোকিত থাকার মোহ এখন মনুষ্যকূলে সর্বাত্মক ও সর্বগ্রাসী। যা পেয়েছি, যেটুকু সামনে পাচ্ছি, তাই নিয়ে লেপটে থাকার উদ্যমহীনতা। চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় এই জগৎকে নিয়ে অপরিসীম সন্তুষ্টি কিংবা অপরিমেয় অসন্তোষ। কিন্তু যদি এমন হয়, ‘সম্মুখে তার জীবনমরণ সকল একাকার,/ অজানিতের ভয় কিছু নেই আর’, তখন ‘নিরুদ্দেশের আশে’ চেনাশোনার নিরাপদ প্রকোষ্ঠ পেরিয়ে মানুষ অন্তরের আলো জ্বেলে অন্ধকারের খোঁজে বেরিয়ে পড়ে। তখন ‘আলোক তারে রাখল না আর বেঁধে’।

কিন্তু এই অন্তরের আলো জ্বালাব কীভাবে? অন্তরের আলো প্রজ্জ্বলিত করার অনেক বাধা, হরেক বিপত্তি। বাহ্যিক বিপত্তির কথা না হয় বাদ দিলাম। সেসব ব্যাপার রাজনৈতিক। কিন্তু নিপাট অরাজনৈতিক অন্তর্নিহিত বাধাও যে কম নয়। সে বাধা এমন বাধা যে ‘ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন’— তাও যথেষ্ট নয়, ‘নিগ্রহঃ কিং করিষ্যতি’। বাসনার বশে, প্রকৃতির বশে মন যদি ‘ধায় দশ দিশে পাগলের মত’ তাহলে কি আর যা ‘মরমে সতত জাগিছে শয়নে স্বপনে’, তার সন্ধান পাওয়া যায়! এই প্রকৃতির বশে থাকার জন্য আমরা কেবল তমোগুণকে দায়ী করি, তামসিকতার বিপরীতে রেখেছি সাত্ত্বিকতাকে। কিন্তু ‘সত্ত্বং, রজঃ, তমঃ ইতি প্রকৃতিসম্ভবাঃ গুণাঃ’, মানুষ কীভাবে প্রকৃতির বশে থাকে, তার জ্ঞানতাত্ত্বিক অধিবিদ্যা ভগবতগীতা-র মতো করে বোধহয় আর কেউ বলেনি। গুণত্রয়বিভাগযোগ শীর্ষক চতুর্দশ অধ্যায়ে আলোচিত কিছু প্রসঙ্গ সংক্ষেপে উল্লেখ করে সত্ত্ব-রজ-তম এই তিনগুণের কারিকুরি কিছুটা বোঝার চেষ্টা করব।  বলা হচ্ছে, তমোগুণ অজ্ঞানাসক্তি বৃদ্ধি করে, ‘তমস্তু জ্ঞানম্ আবৃত্য প্রমাদে সঞ্জয়তি’, কারণ তমোগুণ অজ্ঞানজাত এবং তা মানুষের মধ্যে অজ্ঞানের প্রতি মোহ তৈরি করে, ‘তমস্তু অজ্ঞানজং সর্ব্বদেহিনাং মোহনং বিদ্ধি’। রজোগুণ কর্মাসক্তি বাড়িয়ে দেয়, কারণ রজোগুণ ‘রাগাত্মক’ ও ‘তৃষ্ণাসঙ্গসমুদ্ভব’, অপ্রাপ্ত বিষয়ে রাগ, তৃষ্ণা ও আসঙ্গ উৎপন্ন করে। অন্যদিকে সত্ত্বগুণ সুখাসক্তি-জ্ঞানাসক্তি দিয়ে মানুষের জৈব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। সত্ত্বগুণ মানুষের সুখের আসক্তি ও জ্ঞানের আসক্তি বাড়িয়ে তোলে কারন ‘সত্ত্বং নির্ম্মলত্বাৎ প্রকাশকমনাময়ম্’, সত্ত্ব নির্মল, প্রকাশক ও অনাময়। এখানে ‘নির্মল’-এর মানে কিন্তু ভীষণ পবিত্র, বিশুদ্ধ বা শুচি নয়। মধুসূদন সরস্বতী মানে করেছেন, ‘নির্ম্মলত্বাৎ স্বচ্ছত্বাৎ চিদ্বিম্বগ্রহণযোগ্যত্বাদিতি যাবৎ’, বিম্ব স্বচ্ছ নাহলে তাতে প্রতিবিম্ব গ্রহণের যোগ্যতা থাকে না। প্রকাশকের অর্থ ‘তমোগুণকৃতাবরণতিরোধায়ক’।

এই অবধি পড়ে কেউ ভাবতে পারেন, আচারে-বিচারে, আহারে-বাহারে, বসনে-ভুষণে তামসিকতামুক্ত হয়ে সাত্ত্বিক হয়ে উঠতে পারলেই কেল্লা ফতে, নিরলস-নির্ভেজাল, নির্মল জ্ঞানী হয়ে উঠবে সকলে। আমরা ভুলে যাই রজোগুণের কথা। রজোগুণ যাবতীয় ‘আময়’ বা দুঃখের কারণ, সে-কারণে সত্ত্বগুণের কথা বলতে গিয়ে বলা হচ্ছে ‘অনাময়’। রজোগুণের তীব্রতাকে নিয়ন্ত্রণ করার জন্য কাউকে তো চাই। সেই দুরূহ ও গুরুত্বপূর্ণ কাজটি করে তমোগুণ, গুরু বরণকমেব তমঃ। তবে এখানেই শেষ নয়। যে জ্ঞানান্ধকারের কথা বলার চেষ্টা করছি, তাতে ডুব দেওয়ার জন্য এই জ্ঞানাসক্তিও ছাড়তে হবে, কারণ এই ‘জ্ঞানাসক্তি’ সর্বদা ‘আমি জানছি, আমি জ্ঞানী’ এই প্রকারের অহংবর্ধক স্বচেতনতাকে পুষ্ট করে। সুতরাং, ‘তত্রান্তঃকরণধর্মস্য সুখস্য জ্ঞানস্য চাত্মন্যধ্যাসঃ সঙ্গঃ’, অন্তঃকরণ (পড়ুন, ইন্দ্রিয়)-এর ধর্ম যে সুখ ও জ্ঞান, আত্মায় তাদের যে অধ্যাস হয়, তাই সঙ্গ বা আসক্তি। এটি অধ্যাস কারণ ‘ন হি বিষয়ধর্ম্মো বিষয়িণো ভবতি’। যাই হোক, শাস্ত্রানুবর্তী বিশ্লেষণের বাইরে মোদ্দাকথা হল, অহং নিয়ে অন্ধকারে ডুব দেওয়া যায় না। এই অন্ধকার এমনি যে, যেখানে সাগরও বলে ‘কূল মিলেছে— আমি তো আর নাই’, যদিও এই ‘কূল’ আসলে অকূল।

রাষ্ট্র, ক্ষমতাধররা তো বটেই, আমরাও আজকাল তাই জ্ঞান, জ্ঞানচর্চা ও জ্ঞানান্বেষণের ক্ষেত্রে নির্ণায়ক, নির্ধারক ও নিরূপক হয়ে উঠতে চাই, ডিফাইন করতে চাই কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান, কোনটা কাজে লাগে, কোনটা লাগে না। ইদানীং, আবার আমরা নিবিষ্ট জ্ঞানসাধকদের সামনে এই প্রশ্নও রাখতে শিখেছি যে আপনার জ্ঞানচর্চা সমাজের কী কাজে লাগে?

জ্ঞান-অজ্ঞানকে আমরা সবসময় আলো-অন্ধকারের উপমা দিয়ে বুঝতে চাই। কেন জ্ঞানের সঙ্গে আলোর তুলনা এত জনপ্রিয় হল? শুধুমাত্র ইউরোপীয় এনলাইটেনমেন্ট? তা বোধহয় নয়। ভারতীয় শাস্ত্রে জ্ঞানকে আলোর সঙ্গে যে একেবারেই তুলনা করা হয়নি, তা কিন্তু নয়। স্বতঃপ্রকাশবাদ ও পরতপ্রকাশবাদের বিতর্ক এর সপক্ষে বড় প্রমাণ। তবে জ্ঞানকে গহিন, গোপন, অন্ধকারাচ্ছন্ন রূপে দেখার নিদর্শনও তো কম নেই। গুরুমুখী বিদ্যা অর্জনের ঐতিহ্যে আহুত জ্ঞানকে নিষ্ঠাভরে লুকিয়ে রাখার কথাও সেখানে রয়েছে। এমনকী, সেই পরম্পরা-পরবর্তী সময়ে বাউল, ফকির, তন্ত্র ও অন্যান্য সহজিয়া দার্শনিক সমাজেও সংক্রামিত হয়েছে। এসব সত্ত্বেও জ্ঞান কীভাবে আলোয় রূপান্তরিত হল, তা ভাবার বিষয়। একটি কারণ হয়তো এই যে মানুষের স্বাভাবিক বোধগম্যতায় একধরনের বাইনারিময়তা রয়েছে। সেকারণে জ্ঞান-অজ্ঞান, আলো-অন্ধকার, সাত্ত্বিক-তামসিক, পুরুষ-নারী এই বাইনারিগুলোকে সহজে খাপে-খাপে মিলিয়ে দেওয়া যায়। আর একটি ব্যাপার হল, জীব হিসেবে মানুষ জৈবিক প্রয়োজনেই সমস্ত কিছুর একটা ইন্সট্রুমেন্টাল ভ্যালু খুঁজে পেতে চায়। জ্ঞানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। সে-কারণে ‘অর্জিত জ্ঞান আমাদের কী কাজে লাগবে?’ এই জাতীয় প্রশ্ন এত পপুলার। জ্ঞান আলোর মতো কিছু না-কিছু প্রকাশ করে। আলো দিয়েও আমরা অন্য কিছু দেখি। আলোয় যা প্রকাশিত হয়, আমরা তার দিকে ধাবিত হই, আলোর দিকে নয়। আলোর দিকে এগতে পারলে টের পেতাম আলোর কাছাকাছি গেলে ক্রমে তা অন্ধকারে পরিণত হয়। একইভাবে জ্ঞানে ভাসমান বিষয়ের দিকে আমরা ছুটে চলি, তা যদি কোনওভাবে আমাদের জৈবিক কামনা-বাসনার বিষয় হয় তাহলে তো কথাই নেই। সেকারণেই তো মধুসূদন সরস্বতী চতুর্দশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকের ব্যাখ্য়ায় বলছেন জ্ঞানাসক্তিও আসলে অধ্যাস, কারণ ‘ন হি বিষয়ধর্ম্মো বিষয়িণো ভবতি’, যা বিষয়ের ধর্ম, তা কখনও বিষয়ীর স্বরূপ। সুখাসক্তি যেমন সুখের বিষয়নিষ্ঠ, তেমনই জ্ঞানাসক্তিও এখানে জ্ঞানের বিষয়নিষ্ঠ। কিন্তু যদি জ্ঞানাসক্তি জ্ঞানের বিষয়ের পরিবর্তে সরাসরি জ্ঞানের দিকে ধাবিত হয় তখন জ্ঞানের অপরিমেয়, অনির্দেশ্য ও অনিরূপ্য রূপের সন্ধান পাওয়া যায়। একেই বলে জ্ঞানের আঁধার, যেখানে কোনওকিছুই যেন ঠাহর হয় না, শুধুই খোঁজা, হাতড়ে বেড়ানো, ডুবে যাওয়া। পরিশেষে ‘শূন্যে শূন্য মিলাইল’। কিন্তু এই আঁধার কি আর আলোর মতো কাজে লাগে? জ্ঞানকে, আলোকে আমরা যেভাবে ব্যবহার্য সামগ্রী হিসেবে পেতে চাই, অন্ধকারকে সেভাবে পেতে চাই না। অন্ধকার আমাদের কাজে লাগে না। অন্ধকার ব্যবহার্য সামগ্রী নয়। অন্ধকার সর্বদা অবাঞ্ছিত।

রাষ্ট্র, ক্ষমতাধররা তো বটেই, আমরাও আজকাল তাই জ্ঞান, জ্ঞানচর্চা ও জ্ঞানান্বেষণের ক্ষেত্রে নির্ণায়ক, নির্ধারক ও নিরূপক হয়ে উঠতে চাই, ডিফাইন করতে চাই কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান, কোনটা কাজে লাগে, কোনটা লাগে না। ইদানীং, আবার আমরা নিবিষ্ট জ্ঞানসাধকদের সামনে এই প্রশ্নও রাখতে শিখেছি যে আপনার জ্ঞানচর্চা সমাজের কী কাজে লাগে? ভাবুন তো কান্ট, আইনস্টাইন কিংবা অশোক সেনের সামনে যদি এই প্রশ্ন রাখা হয়, তাহলে ব্যাপারটা কীরকম হবে? সন্দেহ নেই যে, এই প্রশ্নের উত্তর তাঁদের কাছে আছে। কিন্তু সন্দেহ এই যে, সেই উত্তর বুঝতে গেলে যে প্রস্তুতির প্রয়োজন, তা আমাদের নেই, বিশেষত যারা এই প্রশ্ন করতে চায়, তাদের নেই।

মানুষ যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের কিছুই জানত না, এই চর্ম ও হর্মরাজির বাইরে যখন সে কোনওকিছুর নাগাল পেত না কিংবা যে মানুষ বিত্ত ও বৈভবের বাসনাবৃত্তে ঘুরপাক খায়— সে কখনও এই জ্ঞানান্ধকারের অস্তিত্ব টেরও পায় না। কিন্তু মানুষ একসময় জানল, এই কলকাতা শহরের দুই কোটি ও ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে সে একজন, এই কলকাতা আবার সুবিশাল পৃথিবীর একটি ছোট্ট শহরমাত্র, আর তার সাধের এই পৃথিবীটা ব্রহ্মাণ্ডের আরও লক্ষ-লক্ষ কোটি-কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের মধ্যে একটি কণামাত্র, যে নিজের অস্তিত্ব রক্ষার্থে বনবন করে ঘুরে চলেছে, অথচ আমরা টেরও পাচ্ছি না। এই কয়েকটি কথা চোখ বন্ধ করে নিবিষ্ট চিত্তে ভাবলে স্থির থাকা যায় না। এই জানাটা কেবল আমাদের কৌতূহলী মনকে সন্তুষ্ট করে না, আমাদের সত্তাকেও বিপন্ন করে তোলে, এক অতিকায় অজানা অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দেয়, যে অন্ধকার সুঠাম, কিন্তু সীমাহীন। রাতের অন্ধকারে দুরের বনরাজিকে যেমন দুরধিগম্য কিংবা অগম্য মনে হয়, এ ঠিক তেমনই।

এই জ্ঞাননিষ্ঠ ঘনীভূত অন্ধকার কতটা জমাট, কতটা গহন বলে অনুভূত হচ্ছে তা নির্ভর করে আমরা আলোকিত অজ্ঞান-আঁধার কতটা পেরতে পেরেছি তার ওপর। টইটম্বুর মহাজাগতিক জ্ঞান নিয়েও কেউ ঈষৎ ঈর্ষান্বিত, কারণ পাশের বন্ধুর উচ্চপদস্থ হওয়া মেনে নিতে পারছে না কিংবা যোগধ্যানে মগ্ন রাষ্ট্রনেতা তুমুল তটস্থ, কারণ তার ধ্যানালোকিত শ্মশ্রুমন্ডিত অলৌকিক অবয়ব ঠিকমতো প্রচারের আলোয় আসছে না। ধ্যানের মাধ্যমে জনগণের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার নামই তো ‘ধ্যানযোগ’ এবং তা-ই তো সর্বোত্তম ভার্চু! এই হল আলোকিত অন্ধকার। জ্ঞানের বিষয়ে আসক্ত না হয়ে জ্ঞানের কাছাকাছি পৌঁছলে তবেই আমরা এইসব আলোকিত অজ্ঞান-আঁধার ঘুচিয়ে অরূপ আঁধারের সন্ধান পাব। বিশ্বজাগতিক ডার্ক ম্যাটারের মতো আমাদের ভেতরেও তো একটা ডার্ক ম্যাটার রয়েছে। সেই অন্ধকারকেও তো ‘আলোকিত’  করতে হবে আমাদের। যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহভাণ্ডে। এটুকু যদি উপলব্ধির বিষয় হয়ে ওঠে, তাহলে ‘আকাশভরা সূর্য-তারা’ কেবল সংকটেই ফেলবে না আমাদের, সংকেতও পাঠাবে গহিন অন্ধকারে নিজেকে খুঁজে বের করার। জ্ঞাননিষ্ঠ যে অন্ধকার, তা ভেতরে ও বাইরে সমানভাবে পরিব্যাপ্ত। কিন্তু তার হদিশ পেতে গেলে সেইসব আলোকিত অন্ধকার পেরিয়ে জ্ঞানের আঁধার নামুক, যেখানে—

‘…জ্ঞান হতে বেদনার শুরু—
অথবা জ্ঞানের থেকে ছুটি নিয়ে সান্তনার হিম হ্রদে
একাকী লুকালে
নির্জন স্ফটিকস্তম্ভ খুলে ফেলে মানুষের অভিভূত উরু
ভেঙে যাবে কোনো এক রম্য যোদ্ধা এসে।’

(‘এই শতাব্দী সন্ধিতে মৃত্যু’, জীবনানন্দ দাশ)