শোনো ইজরায়েল শোনো
আমরা যখন নির্যাতিত ছিলাম
তখন আমি ছিলাম
তোমাদেরই মধ্যে একজন।
কিন্তু আজ আমি কী করে রয়ে যাব যখন তোমরাই নির্যাতনকারী হয়ে উঠলে?
(এরিশ ফ্রিড, জার্মান কবি)
গত কয়েক বছর ধরে যাঁর নির্দেশে ইজরায়েলের বিমানবাহিনী ও স্থলবাহিনী গাজা ভূখণ্ডে ভয়াবহ হত্যালীলা চালিয়ে এসেছে, সেই নির্বাচনে পরাজিত প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য কী পরিণতি অপেক্ষা করছে? এখনই বলা যেতে পারে যে, যদিও তাঁর দক্ষিণপন্থী জোট লিকুড সর্বাধিক আসনে জয়ী হয়েছে, তাও কোনও পরিস্থিতিতেই তিনি ক্ষমতায় আসবেন না, কারণ আরব-সম্প্রদায়ের নেতৃত্বাধীন দলগুলির বিজয়ী ১৯ জন সাংসদ তাঁকে কখনওই সমর্থন করবেন না। প্রশ্ন হল, বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে তাঁর কী হবে? তাঁর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ সে-দেশের সুপ্রিম কোর্ট এখনও পরীক্ষা করছে, এবং প্রেসিডেন্ট আইজাক হেরজগ সবুজ সংকেত দিলেই বিচার-প্রক্রিয়া শুরা হতে পারে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করবেন এই প্রক্রিয়া বানচাল করে দিতে। বর্তমানে, বিকল্প প্রধানমন্ত্রী প্রার্থী গাদি আইসেনকোট প্যালেস্তিনীয় সাংসদদের সঙ্গে আলোচনায় ব্যস্ত, লক্ষ্য যৌথ সরকার বা মন্ত্রিসভা গঠন।
এই তো হল দেশের ভেতরের অবস্থা, আর আর্ন্তজাতিক ক্ষেত্রে? সেই বিরাট বৃত্তে, সত্যি বলতে, নেতানিয়াহু মিত্রহীন। একদা পরম মিত্র নরেন্দ্র মোদিও নীরব। এই নীরবতা প্রত্যাশিত, কারণ কে চায় ‘হেরো’-দের সঙ্গে মাখামাখি করতে। ওদিকে উন্নয়নশীল বিশ্বের প্রায় সবক’টি দেশ, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে, এবং শিল্পোন্নত দুনিয়ার কয়েকটি, যেমন স্পেন, তেল আভিভে সরকার-গঠনের পরেই তাদের সেই পুরনো অভিযোগ আবার সোচ্চার কণ্ঠে ঘোষণা করতে পারে। দাবিটি হল, এই মানুষটি ঘৃণ্য গণশত্রু ও যুদ্ধাপরাধী, অতএব ডেন হাগের আর্ন্তজাতিক আদালতে তাঁর বিচার করতেই হবে। বলা যেতে পারে, এঁরা শুধু সময় গুনছে ইজরায়েলে সরকার গঠনের জন্য, কেননা সরকার গঠনের পরে নেতানিয়াহু সাংবিধানিক সুরক্ষার সুযোগ বা আশ্রয়টুকু হারাবেন।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের পর ঠিক কতটা চাপে ট্রাম্প?
লিখছেন মোরসালিম শেখ…
অবশ্য এক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরাক্রান্ত জায়োনিস্ট অর্থাৎ কট্টর ইহুদি গোষ্ঠী এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যেনতেন প্রকারণে চেষ্টা করবেন নেতানিয়াহুকে রক্ষা করতে। এ-প্রসঙ্গে একটি স্পর্শকাতর প্রশ্ন আমরা কিন্তু এড়াতে পারব না। তা হল, আমাদের প্রধানমন্ত্রী কি বন্ধু ট্রাম্পের সঙ্গে গলা মেলাবেন নেতানিয়াহুর রক্ষার্থে, না, উন্নয়নশীল দুনিয়ার বিশ্বাসযোগ্যতা অটুট রাখার উদ্দেশে— নতুন দিল্লি বলবে, ‘আমাদের মধুচন্দ্রিমা শেষ, এবারে নিজেরটা নিজে সামলাও।’ আমার অনুমান, এক্ষেত্রেও নরেন্দ্র মোদি সতর্ক নীরবতার কৌশলটি বেছে নেবেন।
মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলি, সৌদি আরব-সহ, চুপচাপ সব দেখে যাবে। এদিকেও হেলবে না, ওদিকেও না। কারণ, এই দেশগুলির নেতানিয়াহুর প্রতি কোনও বিশেষ অনুরাগ নেই, বিশেষ বিরাগও নেই। আরও স্পষ্ট করে বললে, এরা বলবে, ‘আমরা বিশ্বের সিদ্ধান্ত মেনে নেব।’ যে ভয়াবহ যুদ্ধ মধ্যপ্রাচ্যে ঘটে গেল, তা থেকে সৌদি আরব-সহ এই অন্যান্য ক্ষুদ্র, তৈলসমৃদ্ধ দেশগুলি বিলক্ষণ বুঝতে পেরেছে যে, ভবিষ্যতে তারা পূর্ণ শতাংশ ওয়াশিংটনের ওপর নির্ভর করতে পারবে না। ইরান নির্বিচারে এই দেশগুলির ওপর আঘাত হেনেছে এবং অবশেষে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি দেশ বুঝেছে যে, মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি অটুট রাখার জন্য আঞ্চলিক দেশগুলিকেই একটা বোঝাপড়ায় আসতেই হবে। সৌদি আরবকে ইরানের সঙ্গে শান্তিচুক্তি করতে হবে, কারণ এই যুদ্ধই প্রমাণ করে দিয়েছে যে বহুকথিত মার্কিনি সরকারের হাতাটির ছিদ্র বা ফুটো প্রায় অসংখ্য। ইরান যখন খুশি, যে-কোনও দিকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করতে সক্ষম।
অন্য একটি বিরাট প্রশ্ন হল, ওয়াশিংটন কী করবে? মধ্যবর্তী নির্বাচনে পরাজিত ডোনাল্ড ট্রাম্প কোনদিকে এগবেন? পরাজয়ের ঠিক পরে স্বভাবদোষের বশে ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন, ‘আবার ইরান আক্রমণ করব, করলেই হারানো সমর্থন ফিরে পাব।’ তবে যত দিন যাচ্ছে, তত ট্রাম্প নিজে ও তাঁর শাগরেদরা বুঝতে পারছেন যে, হিসেবটা আদৌ অত সহজ নয়। এর মধ্যে বেশ কিছু মর্কিনি সৈন্য প্রাণ হারিয়েছে। অনেক বেশি আহত, ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় শূন্য আর ভয়াবহ মূল্যবৃদ্ধি, সেই প্রসঙ্গটির কথা না-ই তুললাম। উপরন্তু, এখনও পর্যন্ত আর্ন্তজাতিক পরীক্ষকরা সুনিশ্চিত কন্ঠে বলেননি যে, ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে দৃঢ়সংকল্প। তাই, প্রশ্ন হল, কোন অজুহাত দেখিয়ে ট্রাম্প পুনরায় যুদ্ধ শুরু করবে?
ভিয়েতনাম আর আফগানিস্তান থেকে মার্কিনিরা যেভাবে উর্ধ্বশ্বাসে পালিয়েছিল, ঠিক সেটা এক্ষেত্রে ঘটবে না। আমার মনে হয়, ‘fulcrum’ বা মধ্যবিন্দুটি সরে গিয়েছে। বর্তমানে, অনেক ঘাত-প্রতিঘাতের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র বুঝছে যে, পারমাণবিক সমস্যাটি থেকে চোখ ফিরিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিরোধটি তারা যদি কোনওরকমে মেটাতে পারে, বিস্তর দরকষাকষি করে, তাহলেই মধ্যপ্রাচ্যে একধরনের আপাত শান্তি ফিরে আসতে পারে। ইরান সাতটি পূর্বশর্ত আরোপ করেছে, যা পূরণ করা হলে তারা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। এর ফলে তেলের সরবরাহ আবার নির্বিঘ্ন হবে, বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধিও কমে আসবে, এবং প্রত্যেকে স্বস্তির পরম নিঃশ্বাস ফেলবে।
বলা বাহুল্য, রাশিয়া ও চিন পর্দার আড়াল থেকে ঠিক এই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছে। তবে, তারা এও জানিয়ে দিয়েছে যে, ট্রাম্প যদি পুনরায় বেপরোয়া হয়ে ওঠে, তারা আবার ইরানকে সাহায্য করবে, অতি মূল্যবান logistic সাহায্য; এবং ট্রাম্প জানে যে, এই দুই দেশের সাহায্যপ্রাপ্ত ইরানকে হারানো অসম্ভব। গত ছ’মাসের সংঘাতই প্রমাণ করে দিয়েছে যে, এই অসম্ভাব্যতা ঠিক কতটা সত্য।
এই সমগ্র, বহুস্তরী রাজনৈতিক-সাময়িক-অর্থনৈতিক জটিলতার মধ্যে একটি মাত্র বড় শুভ পরিণতি ঘটেছে, তা হল নেতানিয়াহুর পরাজয়। তিনি যদি জিততেন, তাহলে তিনি আবার বড়ভাইকে প্ররোচিত করতেন যুদ্ধ শুরু করতে, যেহেতু তাঁর দু’টি স্বপ্ন হল (১) গাজা দখল (২) ইরানের বিনাশ। এই দু’টির কোনওটাই আর পূরণ হবে না। বিশ্বজনমত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে ‘টু-নেশন’ সমাধানের কথা, অর্থাৎ প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের অপরিহার্যতা এবং কোনও দেশই চায় না, এমনকী মুখ্য আঞ্চলিক বৈরি সৌদি আরবও, যে, ইরান ধুলোয় মিশিয়ে যাক।
এই বিরূপ পরিস্থিতিতেও নেতানিয়াহুর স্বভাব কিন্তু পাল্টায়নি। গাজার ওপর বিক্ষিপ্ত আক্রমণ চলেছে এবং মিশরের সীমান্তে ত্রাণসামগ্রী ইজরায়েলি বাহিনী আটকে দিয়েছে। রাখঢাক না করে বলছি, এই অশুভ মানুষটি যেন তাঁর যোগ্য শাস্তি লাভ করে। ইতিহাসের আয়রনি এটাই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, নাৎসিদের ইহুদি নিধনের জন্য যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নুরেমবার্গ বিচারের ব্যবস্থা হয়েছিল, ঠিক সেভাবে প্যালেস্তিনীয় নিধনের জন্য নেতানিয়াহু ও তাঁর সাঙ্গপাঙ্গদের শিক্ষা দিতে দ্বিতীয় নুরেমবার্গ বিচারের ব্যবস্থা করা উচিত। অন্তত নির্ভেজাল সুনীতি তা-ই বলে। বসনিয়ার কসাই রাদো, মিলোভিচের সঙ্গে এই মানুষটির কোনও প্রভেদ নেই।
আরব মরুভূমিতে এই অভিশপ্ত হত্যালীলা ঠিক কবে শুরু হয়েছিল? অনেকে উত্তরে বলবে, ‘কেন সেই ৮ আগস্ট ২০১৮, যেদিন হামাসের সন্ত্রাসবাদীরা সহসা ভয়ংকর আক্রমণ চালাল?’ তাই কি? আসল সত্য হল, জোরজবরদস্তি করে ইজরায়েল গঠনের পরের দিন থেকে ইজরায়েলি বাহিনী ও আগ্রাসী জায়োনিস্টরা তাদের দৌরাত্ম্য শুরু করে— অনুপ্রবেশ, প্যালেস্তিনীয় অঞ্চলের অধিকার, স্বৈরাচারী শাসনের প্রবর্তন, এমনকী, যাকে বলে, গ্রামে-শহরে অ্যাপারথাইড প্রশাসন কায়েম। এর বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ, পাল্টা আক্রমণ। ৮ আগস্টের অভ্যুত্থান প্যালেস্তিনীয়দের পুঞ্জীভূত ক্ষোভের চরম প্রকাশ, যদিও তা অবশ্যই নিন্দনীয়। এমনকী, ভারতে বসে স্বয়ং গান্ধী ১৯৪৮ সালে বলেছিলেন (‘হরিজন’ পত্রিকায় লেখাটি ছাপা হয়েছিল)। ‘গত পাঁচ শতাব্দী ধরে এই জনগোষ্ঠীকে ইউরোপের খ্রিস্টীয় শ্বেতাঙ্গরা নিপীড়ন করে এসেছে। ভেবেছিলাম, স্বভূমি পেয়ে এরা শান্তিতে থাকবে। কিন্তু রাত পোহাতে না পোহাতেই এরা নিজেরাই নিপীড়ক হয়ে উঠল।’



