টারজানের নতুন বই
এডগার রাইস বারোজ। ছোটবেলায় এই নামটার সঙ্গে খুশি, উত্তেজনা, শিহরন, অপেক্ষা, সব জড়িয়ে ছিল। যতদূর মনে পড়ে, বাংলা অক্ষরে এরকমই বানান লেখা হত তাঁর বইগুলোর মলাটে। অনূদিত বই অবশ্যই, তখনও মূল ভাষায় তাঁর রচনা পড়বার সুযোগ হয়নি। কিন্তু সেসব বইয়ের ভাললাগা কিছু কম ছিল না। অন্তত আমার বা আমাদের ছোটবেলায় তাঁর সৃষ্ট চরিত্র ‘টারজান’ ছিল একরকম আইকন বা আইডল। আমরা যারা শহরে-মফস্সলে ছোট-ছোট মধ্যবিত্ত পাড়াগুলোয় বড় হয়েছি, কীভাবে যে টারজানের মতো এক আশ্চর্য চরিত্র তাদের ‘রোল মডেল’ হয়ে উঠল, সে বলা ভারি কঠিন!
গভীর অরণ্যে থাকা একজন মানুষ, পশুপাখি আর গাছপালা যার পরম বন্ধু, যে এক গাছ থেকে অন্য গাছে দোল দিয়ে জঙ্গলের এপার-ওপার করে বেড়ায়, মুখের দু’পাশে দু’হাত এনে চিৎকার করলে যার ডাকে জঙ্গলের সমস্ত প্রাণী জড়ো হয়ে যায়, সেরকম একজন টানটান, বেপরোয়া, দুঃসাহসী যুবক হয়ে উঠল আমাদের হিরো। সেসব কাহিনিতে শহরের লেশমাত্র নেই, নেই শহুরে আদবকায়দার কোনও উল্লেখ। যা আছে, সবই প্রকৃতির মাঝখানে। অথচ এহেন কাহিনিকে, তার চরিত্রদের আপন মনে করতে আমাদের কোনও অসুবিধে হল না। যে-সময়ে একদিকে পড়ছি বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’, আরেকদিকে মহাশ্বেতা দেবীর অনুবাদে জিম করবেটের রোমহর্ষক সব শিকার-কাহিনি, তারই মাঝে হয়তো জায়গা করে নিতে খানিক সুবিধে হয়েছিল টারজানের। আজ সেরকমই মনে হয়।
যতদূর মনে আছে, টারজানের কাহিনিগুলো তখন প্রকাশ পেত দেব সাহিত্য কুটীর থেকে। অন্যান্য বইপত্রের তুলনায় আকারে বেশ ছোট, বাচ্চাদের হাতে নিয়ে পড়বার মতোই। লীলা মজুমদারের অনুবাদ পড়েছি, সে যে কী আশ্চর্য ভাষা তা বলবার নয়! আমাদের বিরাট ভাগ্য যে, নিজের অতুলনীয় লেখালেখি চালিয়ে যাবার পাশাপাশি লীলা মজুমদার বা মহাশ্বেতা দেবীর মতো লেখকরা বাইরের ভাষা থেকে ছোটদের জন্য এত অনুবাদ করে গেছেন। অনুবাদক মহাশ্বেতা বা অনুবাদক লীলাকে আমরা ক’জন মনে রেখেছি জানি না, কিন্তু তাঁদের বাদ দিলে আমাদের ছোটবেলাটা বড্ড বেরঙিনভাবে কাটত।

আরও একজনের অনুবাদে বহু টারজান-কাহিনি পড়েছি, তিনি হলেন অদ্রীশ বর্ধন। লীলা মজুমদারের অনুবাদ থেকে স্বাদে-বর্ণে একেবারে আলাদা ও নিজস্ব ভঙ্গির এসব অনুবাদের মাধ্যমেও টারজানকে চোখের সামনে ফুটে উঠতে দেখতাম। কিন্তু চোখের সামনে ফুটে ওঠার ক্ষেত্রে যাঁর অবদান ছিল সবচাইতে বেশি, অন্তত আমার ছোটবেলার দুনিয়ায়, তিনি আর কেউ নন, নারায়ণ দেবনাথ। প্রথমে বলব মলাটের কথা। টারজানের একরকম নিখুঁত আদল তিনি তৈরি করে নিয়েছিলেন গোড়া থেকেই, কাঁধ অবধি লম্বা চুলের পেশিবহুল যুবক, কোমরের খাটো পোশাকে লম্বা ছোরা গোঁজা। বইয়ের দোকানে দূর থেকে মলাট দেখতে পেলেও চিনতে অসুবিধে হত না, টারজানের নতুন বই এসেছে।
বইয়ের ভেতরে থাকত সাদাকালো অজস্র ছবি, পাতাজোড়া। তার সঙ্গে থাকত ক্যাপশন। এবং যেটা বলার, সেটা হল এই যে ছবির ধাঁচ, এ কিন্তু একেবারেই ভারতীয় নয়। বাঙালি তো নয়ই। পুরোপুরি পশ্চিমি কমিক্স-এর ধাঁচ থেকে এ-ধরনের অঙ্কনশৈলী তুলে এনেছিলেন নারায়ণ দেবনাথ, পশ্চিমি চরিত্রের সঙ্গে তাই খাপ খেয়ে যেত তাঁর সমস্ত রেখাচিত্র। একদিকে তিনি নিরন্তর এঁকে চলেছেন কৌতুক-চরিত্র ও ব্যঙ্গচিত্র, সেসব ছবি নিখাদ নারায়ণী স্বাক্ষর বহন করছে। পাশাপাশি নানা অনুবাদ-কাহিনি ও অনুবাদ-কমিক্স-এর সঙ্গে আঁকছেন এই ধরনের বলিষ্ঠ রেখার ভিন্ন ধারার ছবি। নারায়ণ দেবনাথ না-থাকলেও যে আমাদের ছোটবেলাটার কী হত, কে জানে!


গড়িয়া বাসস্ট্যান্ডের যে-দোকানের কথা আগেও বহুবার বলেছি, এক্ষেত্রেও আমার ত্রাতা ছিল সেই ‘সচ্চিদানন্দ গ্রন্থাগার’। হপ্তায় একদিন অন্তত বাবার হাত ধরে সেখানে যাওয়া, সে-ই ছিল আমার সাপ্তাহিক পিকনিক। ওর চেয়ে ভাল ভ্রমণ ছোটবেলায় খুব কমই ছিল আমার। অত-অত ঝকঝকে বইয়ের মাঝখানে গিয়ে দাঁড়ালে কী যে এক আনন্দ হত, সে বলে বোঝানোর নয়। একদিকে টিনটিন, একদিকে রোভার্সের রয়, একদিকে হাঁদা-ভোঁদা, একদিকে কাকাবাবু, একদিকে শঙ্কু-ফেলুদা, আর তারই মধ্যে জ্বলজ্বলে নতুন প্রচ্ছদ নিয়ে টারজান। বুঝতাম, নেহাতই মধ্যবিত্ত পরিবারে অনেকের মধ্যে এক-কেই বেছে নিতে হয়, সব কখনও পাওয়া যায় না। আমি বাকিদের মনে আঘাত দিয়ে টারজানকেই বাছতাম বেশির ভাগ সময়ে, কেননা সে ছিল বাকি সকলের চাইতে আলাদা।
আচার যেমন একবারে কেউ খেয়ে নেয় না, তারিয়ে-তারিয়ে একটু-একটু করে খায়, টারজানের বই আমি পড়তাম সেভাবেই। নইলে সে-বই আমার এক সন্ধেয় শেষ হয়ে যাবার কথা। কিন্তু শেষ হলে নতুন বই পাব কোথায় আবার? সেই তো পরের মাস! তাই খুব আস্তে-আস্তে পড়তাম। একটা পরিচ্ছেদ পড়ে হয়তো রেখে দিলাম দিন পাঁচেক। ভাবতে লাগলাম, এর পর কী হবে? কী কী হতে পারে? আমি যেমন-যেমন ভাবছি, এডগার রাইস বারোজ-ও কি তেমন-তেমন লিখেছেন? তারপর নিজেকেই বলতাম, জানতে হলে অপেক্ষা করতে হবে সামনের সপ্তাহ পর্যন্ত।

সেই কয়েকটা দিন অবশ্য ছবিগুলো সঙ্গ দিত। আর যেহেতু ছবির সঙ্গে এক-দেড় লাইনের ক্যাপশন থাকত, সেটা পড়ে ঘটনার স্রোতের দিক একটু হলেও বোঝা যেত। এ যেন পুরো সিনেমা দেখার আগে টিজার বা ট্রেলার দেখা। এইভাবে সপ্তাহ তিনেকের মধ্যে গোটা বইটা পড়া হয়ে যেত। তারপর কী করা? বাবার মাইনে হয়নি, মায়ের ছাত্রছাত্রীরা সকলে টাকা দিয়ে যায়নি। সংসার চলছে ঠিকই, কিন্তু আরেকটা নতুন বইয়ের বায়না সেই সংসারে মানায় না। সেটা বুঝতাম বলেই ফিরে-ফিরে পড়তে থাকতাম বইটা। আর প্রতিবার, আশ্চর্য অনুবাদের গুণেই, গল্পটাকে নতুন করে ভাল লাগত। অভাব অনেক সময়ে আবিষ্কারের দরজা খুলে দেয়, এ ছিল সেইরকম এক ব্যাপার। নতুন টারজান-কাহিনি আবার হস্তগত হতে-হতে এ-বই আমার মুখস্থ হয়ে যাবে নিশ্চিত।
আরও পড়ুন: শহরের রাস্তাতেই কোটিপতি হওয়ার হাতছানি! জানেন কী এই ‘কলকাতা ফটাফট’?
সেসব ছোট-ছোট বই এখন আর বেরোয় না, সেসব ছোট-ছোট আমরাও ছড়িয়ে গেছি বড় হয়ে। কিন্তু আজ মনে হয়, ছোটবেলায় যে-সমস্ত চরিত্রদের ফিরে-ফিরে নেশার মতো পড়েছি আর ভালবেসেছি, তাদের মধ্যে টারজান আরেকবার ফিরে এলে মন্দ হত না। কিন্তু লীলা মজুমদার বা অদ্রীশ বর্ধনের অনুবাদে নয়, নারায়ণ দেবনাথের ছবিতেও নয়। সত্যিকারের পৃথিবীতে। টারজান ছিল পশুদের বন্ধু, পাখিদের সখা। তাদের রক্ষাকর্তা ছিল সে। অরণ্যের প্রতিটি গাছ তাকে চিনত। সে লড়ত অন্যায়কারী মানুষের বিরুদ্ধে, প্রকৃতির হয়ে, পশুপাখির হয়ে। যারা গাছের পর গাছ কেটে অরণ্য সাফ করে দেয়, যারা পশু শিকার বা পাচার করে, যারা কেবল মানুষ বলেই পৃথিবীকে নিজেদের সম্পত্তি বলে মনে করে, তাদের ঠিক হারিয়ে দিত টারজান। আজ যখন এমন এক পৃথিবীতে বেঁচে আছি, যেখানে মানুষের স্বার্থপর স্বপ্নের সামনে পরিবেশ-প্রকৃতি-পশুপাখি সব তুচ্ছ হয়ে যাচ্ছে, যেখানে ক্ষমতার দর্পের সামনে বাকি সকলের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার খর্ব হয়ে যাচ্ছে, তখন মনে হয় শত-শত টারজানের বড় প্রয়োজন ছিল এই মুহূর্তে। কিন্তু না। আমাদের সভ্যতা তাকে কল্পনাতেই আটকে রেখেছে। বাস্তব হতে দেয়নি।




