স্মৃতি-সত্তা-নির্মাণ

Representative Image

আমার নাটক দেখার অভিজ্ঞতার কথা মনে করতেই, অনেকগুলো টুকরো স্মৃতি এলোমেলোভাবে চোখের সামনে ভিড় করে এল। সে-স্মৃতি কখনও ‘জগন্নাথ’, কখনও-বা ‘মাধব মালঞ্চী কইন্যা’, ‘তখন বিকেল’, আবার কখনও ‘কর্ড লাইন’ বা ‘কোরিওলেনাস’-এর সঙ্গে জড়িয়ে। এই তালিকা সুদীর্ঘ।

‘চেতনা’ প্রযোজিত, লু শুন অনুপ্রাণিত ‘জগন্নাথ’-এর কথা এখনও মনে পড়ে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সিমেন্টের কালো দেওয়ালটার পাশে দাঁড়িয়ে কথা বলছেন অরুণ মুখোপাধ্যায়। আসলে পুরো নাটকটা তো মনে থাকে না, সেই নাটকেরই অনেক টুকরো, কিছু-কিছু মুহূর্ত মনে পড়ে যায়। সেগুলোই স্মৃতিতে থাকে আজীবন। যেমন, বিভাস চক্রবর্তী-র ‘মাধব মালঞ্চী কইন্যা’-র ক্ষেত্রে এরকম অসংখ্য টুকরো দৃশ্য মনে পড়ে, মাধব মালঞ্চী-র সংলাপ বিনিময়ের সময়ে কী অনায়াসে নির্মিত হচ্ছিল একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল, দোতলা (একটা উঁচু অংশ) থেকে সংলাপ বিনিময়।

আরও পড়ুন: সমুদ্রে সূর্য ডুবছে, ক্রুশবিদ্ধ হচ্ছেন যিশু এই দৃশ্য কোনওদিন ভুলব না! লিখছেন অঞ্জন দত্ত!

মোহিত চট্টোপাধ্যায়-এর নাটক ‘তখন বিকেল’-এ, তাপস সেন অলোকসম্পাত করেছিলেন। প্রায় নিরাভরণ মঞ্চে, অসিত মুখোপাধ্যায়, শিপ্রা লাহিড়ী দু’জনে পাশাপাশি বসে কথা বলছেন। ওপরে একটা বড় ছাতা। তারপরে সন্ধে ঘনায় এই ভাব অনুযায়ী আলো পাল্টাতে থাকে। সে এক অভূতপূর্ব দৃশ্য।

এরকমই কিছু টুকরো মুহূর্ত মনে পড়ে ‘কোরিওলেনাস’ নাটকের ক্ষেত্রে। ‘কোরিওলেনাস’ সুমন মুখোপাধ্যায় পরিচালিত প্রথম নাটক। নাটকের একটা দৃশ্যে, মঞ্চে জলের গামলা রাখা থাকত; সেখানে চাপড় মেরে সুপ্রিয় দত্ত একটা সংলাপ বলতেন। সে-দৃশ্য আজও স্মৃতিতে উজ্জ্বল।

‘কর্ডলাইন’ আমি অনেবার দেখেছিলাম। এই নাটকটা তত আলোচিত নয়। কিন্তু সে-সময়ে আমার দেখা অন্যতম পছন্দের নাটক এ’টি। মঞ্চের সামনে মাইক্রোফোন রাখা থাকত। অভিনয়ের মাঝে, হঠাৎ করে সেটা তুলে নিয়ে গান গাওয়া, তারপরে আবার অভিনয়ে ফিরে যাওয়া, এছাড়া ছোট-ছোট নানা উপকরণ দিয়ে কখনও ট্রেন তৈরি হচ্ছে, কখনও-বা পথ তৈরি হচ্ছে।

এইগুলোই আসলে মনে থেকে যায়। পরে যখন আমরা নিজেদের নাটকে দৃশ্যকল্প বা কোনও নাট্যমুহূর্ত রচনা করি, তখন স্মৃতির মধ্যে, অবচেতনে থেকে যাওয়া অসংখ্য নাটকের স্মৃতি ফিরে আসে সেই নির্মাণ-প্রকল্পে। স্মৃতিতে থেকে যাওয়া নাটকগুলির বিশেষ কিছু দৃশ্য নতুন নাট্য-নির্মাণে অজান্তে-ই রসদ জোগায়।
আরও অনেক নাটক এভাবেই আমার জীবনে নির্মাণসঙ্গী হয়ে রয়ে গিয়েছে…