একদিকে ভাবো
সব কিছু ছেড়েছুড়ে জীবনের কাছাকাছি যাবে
অন্যদিকে, গদগদ চোখে
হালমডেলের গাড়ি নিরীক্ষণ করো…
ঠিকই করো
এক-একটা বাচনে
এ দারুণ দ্বিচারিতা… বিদ্রূপ ধিক্কার
ইত্যাদির লক্ষ্যস্থল
কীসেরই-বা দ্বিচারিতা… ভাবি…
কে দিব্যি দিয়েছে একচারিতার
আমরা সকলে খুবই মন্দ লোক
দু-একটা ভাল কাজ করি… তুমি
তাও কি দেবে না
মানুষ নানান কথা ভাবে
ভোগী ভাবে এইবার সব ছেড়ে দেব
ত্যাগী ভাবে জীবনটা ভোগ করলে মন্দ হত না
এতে কোনও আত্মসাধনা
বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি কখনও… তুমি
অনাত্মে একচারিতার কথা ভোলো




