‘Lovers and madmen have such seething brains,
Such shaping fantasies, that apprehend
More than cool reason ever comprehends.’
(A Midsummer Night’s Dream, William Shakespeare)
যৌনতা বিজ্ঞান, আবার যৌনতা অলৌকিকও। যৌনতার বিজ্ঞানভিত্তিক কারণ অবশ্যই প্রজনন। কিন্তু বংশবৃদ্ধির প্রয়োজনীয়তা বাদ দিলে যে যৌনতা পড়ে থাকে, তার কারণ কী? তার কারণ আনন্দ! উদযাপন! শরীর এক বিজ্ঞান। কিন্তু তবুও শরীর অলৌকিক। শরীরে শরীর মিশলে যে সমুদ্র জেগে ওঠে তার তরঙ্গোচ্ছ্বাসে একতরফা ভোগবাদী যৌন আনন্দকে বাদ দিলে যা পাওয়া যায়, তা হল স্বাধীনতার শিখরচুম্বন! মোদ্দায়, যৌনতা জৈবিক, অন্তত বহুদিন পর্যন্ত তাই মনে করে এসেছে মানুষ। যৌনতা এমন এক সুখ যা প্রযুক্তি দ্বারা অননুকরণীয়! আজ কি মানুষের সেই ধারণা বদলেছে?
ক্যানাডিয় সাহিত্যিক মার্গারেট অ্যাটউড তাঁর সাহিত্যে ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর এমন এক ডিস্টোপিয়ান জগৎ নির্মাণ করেছেন, যা অদূর ভবিষ্যতে বাস্তব হয়ে উঠতেই পারে। অ্যাটউড তাঁর বিভিন্ন উপন্যাসে দেখিয়েছেন যৌনতার এক ভবিষ্যৎমুখী, বাজারনির্ভর এবং আবেগবিহীন রূপ। অ্যাটউডের ডিস্টোপিয়ান পৃথিবীতে যৌনতা হারিয়ে ফেলে জৈবিক উত্তেজনা এবং আনন্দ, কখনও তা হয়ে ওঠে বাজারে বিক্রি হওয়া মুনাফা আদায়কারী পণ্য আবার কখনও বৈজ্ঞানিক পরীক্ষার গিনিপিগ। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি যেভাবে মানুষের জীবনযাত্রার সর্বত্রই হস্তক্ষেপ করেছে এবং আরও আগ্রাসী রূপ ধারণ করে সে পথে অগ্রসর হচ্ছে, ধরা যাক, তেমনভাবেই যদি প্রযুক্তি একদিন সম্পূর্ণ কবজা করে নেয় মানুষের যৌন স্বাধীনতাকেও? অবশ্য, যৌন ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকাশের নিরিখে দেখতে গেলে মানুষ কবেই বা স্বাধীন থাকতে পেরেছে? সভ্যতার আদিপর্বে হয়তো-বা ছিল কিছুটা স্বাধীনতা, কিন্তু মানুষ যৌন ইচ্ছেকে লাগাম পড়ানোকেই তো সভ্যতা বলে চিহ্নিত করেছে। ধর্ম, সমাজ, সামাজিক শালীনতা বজায় রাখার তাগিদ— এই সব দিক থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে যৌনতাকে। নারীদের যৌন ইচ্ছের মুখে কাপড় গুঁজে, ক্ষমতার ঢাক পিটিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অনিচ্ছুক শরীরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে পুরুষের যৌন আগ্রাসনের ভার। আবার প্রযুক্তিও, এই স্বাধীনতা খর্ব করার কাজ করতে পারে নানা অভিনব উপায়ে। যৌনতা এখন প্রযুক্তির কবলে পড়ে হয়ে উঠেছে ব্যবসা-বাণিজ্যের এক ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের ধারাবাহিক উন্নতি যৌনতাকে একরকম কর্পোরেট কালচারে পরিণত করবে, তা বলাই বাহুল্য।

গেইল এস. রুবিন ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর প্রবন্ধ ‘Thinking Sex: Notes for a Radical Theory of the Politics of Sexuality’-তে লিখেছিলেন—
‘The realm of sexuality also has its own internal politics, inequities, and modes of oppression. As with other aspects of human behaviour, the concrete institutional forms of sexuality at any given time and place are products of human activity. They are imbued with conflicts of interest and political maneuver, both deliberate and incidental. In that sense, sex is always political.’
অর্থাৎ, প্রাতিষ্ঠানিকভাবে সমাজে যে যৌনতার রূপ দেখা যায় তা আসলে মানুষেরই তৈরি। এর সঙ্গে সংযুক্ত রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ এবং ক্ষমতার রাজনীতি। অ্যাটউড তাঁর ‘Oryx and Crake’ উপন্যাসে প্রযুক্তিনির্ভর যৌনতার বর্তমান এবং ভবিষ্যৎ চিত্র তুলে ধরেছেন বিভিন্ন চরিত্রের মাধ্যমে। এই উপন্যাসে, একদিকে যেমন অরিক্স একদম অল্প বয়সেই যুক্ত হয়ে পড়ে বাজারি যৌনতার সঙ্গে এবং তার শরীরকে ব্যবহার করা হয় শিশুদের নিয়ে যৌন কনটেন্ট তৈরি করার কাজে, অন্যদিকে ক্রেক তার বিজ্ঞানমনস্কতা এবং মেধাকে কাজে লাগিয়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ‘Crakers’ নামে এক নতুন মানবপ্রজাতি তৈরি করে, যাদের মধ্যে ঈর্ষা, অধিকারবোধ, ক্ষমতালাভের আকাঙ্ক্ষা, আগ্রাসনের মতো ক্ষতিকর মানবিক প্রবৃত্তিগুলি উপস্থিত থাকবেই না। ক্রেক মনে করে মানুষের স্বাভাবিক মনস্তাত্বিক এবং জৈবিক প্রবৃত্তিগুলিই আসলে তাদের ধ্বংসের প্রকৃত কারণ। ক্রেক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন ব্যবস্থা করে, যাতে কৃত্রিমভাবে তৈরি এই মানুষেরা শারীরিক সঙ্গমে আবদ্ধ হলেও এই যৌনতা হবে একেবারেই ঈর্ষাহীন এবং অধিকারবোধহীন। Craker-নারীদের প্রজননচক্র একেবারে নির্দিষ্ট সময় মেনে চলে। প্রজননের সময় তাদের ত্বক নীলাভ রং ধারণ করে। এখানে অ্যাটউড মানুষের স্বাভাবিক শারীরিক মিলনের প্রক্রিয়ার অভিনব বিনির্মাণ ঘটিয়েছেন। এই নতুন প্রজাতির মানুষদের যৌনতার প্রবণতা প্রেম, আকর্ষণ, কামোদ্দীপনা দ্বারা চালিত হয় না। এদের ক্ষেত্রে যৌনতা হয়ে ওঠে একটি জৈবিক প্রোগ্রামিং। মজার ব্যাপার হল, ক্রেকার্সরা কিন্তু মনে করে, তারা স্বাধীনভাবে যৌনক্রিয়ায় অংশগ্রহণ করছে, অথচ তাদের স্বাধীনতা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে বাজার এবং প্রযুক্তি।
‘A rat in a maze is free to go anywhere, as long as it stays inside the maze.’ (The Handmaid’s Tale)


অন্যদিকে অরিক্স হয়ে পড়ে অর্থনৈতিক পুঁজিবাদের শিকার। শিশু অবস্থা থেকেই তার শরীর হয়ে ওঠে ভোগ্য পণ্য। এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করা দরকার কার্ল মার্কস প্রবর্তিত ‘commodity fetishism’-এর ধারণা, যা বলে যে, মানুষের শ্রম যেমন বাজারে পণ্য হিসেবে বিক্রি হয়, তেমনই মানবশরীর এবং সেই শরীরের যৌন সক্ষমতাও হয়ে উঠতে পারে বিক্রয়যোগ্য ও পুঁজিবাদের রক্ষকদের পক্ষে বিপুলভাবে লাভজনক। এই উপন্যাসের তৃতীয় উল্লেখযোগ্য চরিত্র জিমি মানুষের স্বাভাবিক অনুভূতি এবং জৈবিক প্রবৃত্তিগুলিকে গুরুত্ব দেয়। সে ইন্টারনেটে পর্নোগ্রাফির ভিডিও দেখে এবং একসময় অরিক্সের প্রতি আকর্ষিত হয়। জিমির আকর্ষণের মধ্যে মিশে থাকে যৌনতার ইচ্ছে, প্রেম এবং ঈর্ষা। অন্যদিকে ক্রেক এই সমস্ত আবেগকে অপ্রয়োজনীয় এবং জটিলতা সৃষ্টিকারী অনুভূতি বলে মনে করে। কিন্তু প্রশ্ন হল, এইসব মানবিক অনুভূতিকে সরিয়ে দিলে যে যৌনক্রিয়া অবশিষ্ট থাকে, তার মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ বা শরীরকে উদযাপন করার মতন উচ্ছ্বাস পাওয়া যায় কি? অনুভূতির জটিলতা থেকে মানুষকে মুক্ত করতে গিয়ে প্রযুক্তি আসলে ধ্বংস করেছে যৌনতার প্রধানতম উদ্দেশ্যকে, যা হল রতিসুখ বা এক স্বর্গীয় আনন্দ। ক্রেক নিয়ন্ত্রণ করতে চায় মানুষের জন্মপ্রক্রিয়া, যৌন আকাঙ্ক্ষা এবং তাদের মধ্যে কী কী আবেগ কাজ করবে— এই সমস্ত কিছুই। তার মধ্যে দেখা যায় এক ধরনের ‘গড কমপ্লেক্স’। সে মনে করে মানবজাতিকে তার সমস্ত মানবিক প্রবৃত্তি-সহ ধ্বংস করতে পারলে, সম্পূর্ণ নতুন প্রজাতির মানুষদের পৃথিবীতে আনতে পারলে এবং তাদের বংশবৃদ্ধি ঘটাতে পারলেই প্রকৃতপক্ষে মানবজাতিকে রক্ষা করা যাবে। এই উদ্দেশ্য নিয়ে সে ‘ব্লিসপ্লাস’ নামে একটি পণ্য উৎপাদন করতে শুরু করে, যা বাজারে বিক্রি করা হতে থাকে যৌন আনন্দ প্রদানকারী, সমস্ত রকম যৌনরোগ প্রতিরোধকারী একটি গর্ভনিরোধক ওষুধ হিসেবে। কিন্তু এই পণ্যের মধ্যে ক্রেক মেশায় এমন এক ভাইরাস, যা ধীরে-ধীরে একটি পৃথিবীব্যাপী মহামারীর আকার ধারণ করবে এবং অধিকাংশ মানুষের মৃত্যু ঘটবে ভাইরাস সংক্রমণে। ক্রেক পরিকল্পিতভাবে মানবজাতির বিলুপ্তির পথ তৈরি করে, যাতে নতুন প্রজাতির মানুষরা পৃথিবীর দখল নিতে পারে। সে আসলে প্রযুক্তির ওপর এবং বিজ্ঞানের কল্যাণকর দিকটির ওপর এতখানি আস্থা রাখে যে, তার ওপর নির্ভর করে গোটা মানবজাতির বিলোপ ঘটাতেও সে পিছপা হয় না।
২০১৫ সালে প্রকাশিত উপন্যাস ‘The Heart Goes Last’-এ অ্যাটউড এমন একটি বাস্তবতাকে সামনে আনেন, যেখানে দেখা যায় যে একটি দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলস্বরূপ সমাজে চারিদিকে ছড়িয়ে পড়েছে হিংসা এবং অপরাধপ্রবণতা। বেকারত্বের ভারে মানুষ হয়ে পড়েছে গৃহহীন। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র এক দম্পতি স্ট্যান এবং শারমেইন। তারা ভীতসন্ত্রস্ত অবস্থায় নিজেদের গাড়িতে কোনওমতে জীবনযাপন করে। এই দৈনন্দিন সংকটের থেকে বাঁচতে তারা পোজিট্রন প্রোজেক্টে অংশগ্রহণ করে। এই প্রোজেক্টের দু’টি অংশ। একটি হল ‘কনসিলিয়েন্স’ এবং অন্যটি ‘পোজিট্রন’। কনসিলিয়েন্স একটি পরিকল্পিত শহর, যেখানে দম্পতিদের চাকরি, বাসস্থান, সুরক্ষা-সহ এক নিরাপদ আশ্রয় দেওয়া হয়। পোজিট্রন অন্যদিকে এই প্রকল্পেরই একটি কারাগার। এই প্রকল্পে যে দম্পতিরা অংশ নেয়, তাদের একটি অদ্ভুত নিয়ম পালন করতে হয়। একমাস তারা কনসিলেন্সের একটি বিলাসবহুল ফ্ল্যাটে সুখকর নিরাপদ জীবনযাপন করে। পরের মাসে তাদের থাকতে হয় পোজিট্রন কারাগারে এবং পালন করতে হয় বিশেষ কিছু দায়িত্ব। সেই মাসটা অন্য একটি দম্পতি তাদের জন্য নির্দিষ্ট করা বাড়িতে থাকে। অর্থাৎ, একই বাড়িতে দু’টি দম্পতি একমাস-একমাস করে থাকে। প্রাথমিকভাবে চূড়ান্ত অভাব এবং বাসস্থান সংকটের মধ্যে এই ব্যবস্থা স্বর্গীয় মনে হলেও, উপন্যাস যত এগতে থাকে, ততই পোজিট্রন প্রোজেক্টের জটিলতা এবং এই গোটা সিস্টেমের আড়ালে চলতে থাকা অনৈতিক এবং বাণিজ্যকেন্দ্রিক দিকগুলি স্পষ্ট হতে থাকে। ধীরে ধীরে খোলসা হয় এই সত্য যে, কনসিলিয়েন্সে বসবাসকারী অধিবাসীদের ওপর আসলে প্রতি মুহূর্তে নজরদারি করা হয়। সুতরাং, কেউ যদি বিবাহবহির্ভূত কোনও যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে, সেই ভিডিও সেই ব্যক্তির অনুমতি ছাড়াই রেকর্ড করে রাখা হয় এবং যৌন অনাচারের দায়ে তাদের কারাগারে চিরতরে বন্দি করা হয়। সঙ্গমে লিপ্ত ব্যক্তিরা জানতেও পারে না, তাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই তারা আসলে বন্দি হয়ে রয়েছে। আপাতভাবে নিজেদের স্বাধীন মনে করলেও, আসলে তারা পরাধীন। এখানেই শেষ নয়, এরপর জানা যায় এই প্রোজেক্টর সিইও এড আসলে এই কনসিলিয়েন্স ব্যবস্থার অন্তরালে বিপুল টাকা মুনাফার লোভে চালাচ্ছে এক অপরাধমূলক ব্যবসা। একদিকে কারাগারের বন্দিদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ কালোবাজারে বিক্রি করা হয়। নারী-বন্দিদের পরিণাম হয় আরও ভয়ংকর। তাদেরকে পরিণত করা হয় ‘Possibilibots’-এ। প্রাথমিকভাবে রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রকৃত নারীদের অনুকরণে এই রোবট পুতুল তৈরি করা হয় ধনী পুরুষদের যৌন চাহিদা মেটাতে। কিন্তু প্রকৃত নারীদের সমস্ত অভিব্যক্তি নির্ভুলভাবে অনুকরণ করা সম্ভব না হওয়ায় এক ভয়াবহ উপায় উদ্ভাবন করা হয় এরপর। পুরুষরা শেষ পর্যন্ত যৌনসঙ্গী হিসেবে এমন কাউকেই চায় যে সঙ্গমকালে জীবন্ত মানুষের মতোই আচরণ করবে, প্রকাশ করবে যৌনসুখ পাওয়ার আনন্দ বা অত্যাচারিত হওয়ার যন্ত্রণা। তা না হলে সম্পূর্ণ পরিতৃপ্তি অধরা থেকে যায়—
“When it gets down to it, these things just don’t feel right. They are made of a rubbery material that feels absolutely nothing like anything resembling a human body part. They try to make up for that by instructing you to soak them in warm water first and then using a shitload of lube…” (‘I Had Sex With Furniture’, Adam Frucci)

ফলে জীবন্ত নারীরাই হয়ে ওঠে এক রকমের ‘Sexbot’। কয়েদ অবস্থায় থাকা মহিলাদের মস্তিষ্ক থেকে তাদের সমস্ত পূর্বস্মৃতি মুছে ফেলা হয়। মস্তিষ্কের অস্ত্রোপচারের মাধ্যমে এমন ব্যবস্থা করা হয় যে, জ্ঞান ফেরার পর তারা প্রথম যে পুরুষকে দেখে, তার প্রতিই গভীর যৌন আকর্ষণ বোধ করতে থাকে এবং সেই অনুভূতি হয় স্থায়ী। বিত্তবান ব্যক্তিরা চাইলে নিজেদের পছন্দমত কোনও মহিলাকে এই উপায়ে নিজের বাধ্য যৌনসঙ্গী হিসেবে পেতে পারেন। উপন্যাসটিতে নারীদের স্বাধীন চিন্তা করার ক্ষমতাকে খর্ব করে তাদের যৌন-রোবটে পরিণত করার এই প্রক্রিয়াকে বলা হয়েছে ‘The Procedure’। হারবার্ট মার্কিউজের ‘Repressive Desublimation’-এর ধারণাটি এক্ষেত্রে প্রয়োগ করলে দেখা যায় প্রযুক্তি বিত্তবান পুরুষদের কাছে যৌনতাকে সহজলভ্য করে দিলেও, আসলে যারা যৌন পণ্য উৎপাদন করছে তাদের পরিকল্পনা অনুযায়ীই চালিত হচ্ছে অর্থবান মানুষদের ক্রয়প্রবণতা। ফরাসি দার্শনিক জঁ বদ্রিলার্ড তাঁর ‘Simulacra and Simulation’-এ এমন এক পৃথিবীর কথা আলোচনা করেছেন, যেখানে মানুষের বাস্তব জগৎ সম্বন্ধে ধারণা তৈরি হয় বিভিন্ন প্রতিরূপ, কৃত্রিম মডেল বা অনুকরণের মধ্য দিয়ে। তিনি হাইপার-রিয়েলিটির কথা বলেছেন যেখানে বাস্তব এবং প্রতিরূপের মধ্যেকার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হতে থাকে। এক সময় কৃত্রিমভাবে তৈরি করা বাস্তবের প্রতিরূপকেই মানুষ বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য বলে মনে করে। বর্তমানে বিভিন্ন সমাজমাধ্যমে মানুষ যেভাবে নিজেকে প্রদর্শন করে, সেইসব ছবি ভিডিও দেখে দর্শকরা ওই প্রদর্শিত সত্তাটিকেই সত্যি এবং বাস্তব বলে মনে করে। ফিল্টার বা এআই ব্যবহার করে পোস্ট করা সুন্দর আকর্ষণীয় ছবির দিকে ধাবিত হয় দর্শকদের চোখ। এমনকী, এআই প্রেমিক-প্রেমিকার সঙ্গে ভার্চুয়াল প্রেমে আবদ্ধ হতেও যথেষ্ট স্বচ্ছন্দ আধুনিক মানুষ। ‘The Heart Goes Last’ উপন্যাসে বদ্রিলার্ডের এই তত্ত্ব যথার্থভাবে প্রয়োগ করা যায়। ‘Possibilibots’-রা এমন অস্তিত্ব যারা মানুষ হয়েও প্রযুক্তিকরণের সাহায্যে হয়ে উঠেছে স্বাধীন চিন্তাশক্তিবিহীন রোবট। শরীর মানুষের হলেও তাদের মস্তিষ্কের গতিপ্রকৃতি প্রোগ্রামিং দ্বারা চালিত। এখানে প্রকৃত মানুষ এবং তাদের কৃত্রিম প্রতিরূপের মধ্যেকার সীমানা সত্যিই মুছে যায়। ‘Oryx and Crake’ উপন্যাসেও Crakers-দের ক্ষেত্রে এই হাইপাররিয়েলিটির ধারণা ভীষণভাবে প্রাসঙ্গিক।
যে-পৃথিবীকে সম্পূর্ণরূপে গ্রাস করে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম এবং রোবোটিক্স প্রযুক্তি, সেখানে শরীরের প্রতি আকাঙ্ক্ষা, যৌন আবেগ, কামোদ্দীপনা সবই যে একসময় প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে— এ অবশ্যম্ভাবী। তাই অ্যাটউড যে ডিস্টোপিয়ান জগৎ নির্মাণ করেছেন তাঁর সাহিত্যে, তা আর কতদিন ডিস্টোপিয়া থাকবে, সে-ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। মানুষ নিজের শরীরের সবথেকে আদিম প্রবৃত্তিগুলোর ক্ষেত্রে প্রযুক্তির হস্তক্ষেপ কতটা গ্রহণ করবে এবং কোথায় সেই হস্তক্ষেপে বাধা দেবে তার ওপর সত্যিই নির্ভর করছে আগামী প্রজন্মের যৌন প্রবণতাগুলি কোন দিকে এবং কোন খাতে প্রবাহিত হবে— এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আপাতত প্রযুক্তির দয়ায় যে বিদ্যুৎগতিতে যৌনতা বাজারে নানাবিধ আকর্ষণীয় পণ্য হিসেবে বিক্রি হচ্ছে, তাতে পুনর্বার মনে পড়ে যাচ্ছে সেই অ্যাটউডের কথাই—
“’I don’t think they’ll ever replace the living and breathing,’ says Gary.
‘They said that about ebooks’ says Kevin. ‘You can’t stop progress.” (The Heart Goes Last)




