রবীন্দ্রনাথ একবার যামিনী রায়কে ‘ছবি কী?’ বোঝাতে চিঠিতে লিখেছিলেন, ‘চিত্রকর গান করে না, ধর্মকথা বলে না, চিত্রকরের চিত্র বলে, ‘অয়ম অহম্ ভো— এই যে আমি এই’! এইরকম চিত্রকলার এক সার্থক উদাহরণ বোধহয় কমলকুমার মজুমদারের চিত্রকলা।
কমলকুমার যখন চিত্রচর্চা শুরু করেন, তখন বাংলাদেশের শিল্পপরিবেশে বেঙ্গল স্কুলের প্রভাব ছিল সর্বব্যাপী। সেই চিত্রভাবনায় রোম্যান্টিক কল্পনা বেশি প্রাধান্য পেত, চিত্রের আঙ্গিকের থেকে কাহিনি বিস্তার লাভ করত বেশি। এই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য রবীন্দ্রনাথ ১৯১৯ সালে কলাভবনের প্রতিষ্ঠা করেন, যাতে চিত্রকলার জগতে সারা পৃথিবীর দরজা উন্মুক্ত হয়। এরপর ১৯২২ সালে রবীন্দ্রনাথই স্টেলা ক্রামরিশকে নিয়ে আসেন বিদেশ থেকে শান্তিনিকেতনে ও কলকাতায় পাশ্চাত্য শিল্প সম্পর্কে লেকচার দেবার জন্য এবং কলাভবনের সকল শিক্ষকদের এমনকী স্বয়ং নন্দলালকেও বাধ্য করেন সেই ক্লাস করতে। ওই ’২২ সালেই ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, যার পুরোধা ছিলেন গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথ প্রমুখ কলকাতায় জার্মান এক্সপ্রেশনিস্ট গ্রুপের ছবির প্রদর্শনী করেন। সেখানে পল ক্লি, কান্দিনস্কি, এমিল নোলডে প্রমুখের কাজ প্রদর্শিত হয়।
আরও পড়ুন: কাজের প্রেরণা পেতেন রবীন্দ্রনাথের থেকে, বলেছিলেন যোগেন চৌধুরী!
লিখছেন সঞ্জয় ঘোষ…
১৯৪২ সালে ভারতবর্ষের মধ্যে কলকাতায় প্রথম মর্ডানিজম আন্দোলনের সূত্রপাত করেন ক্যালকাটা গ্রুপের সদস্যরা, যার একজন সদস্য ছিলেন কমলকুমারের ভাই নীরদ মজুমদার। এই গ্রুপের ম্যানিফেস্টোতে লেখা ছিল— শিল্পকলা হবে আন্তর্জাতিক ও পরস্পর নির্ভরশীল, সে অতীতগৌরব বা পুরনো ঐতিহ্যনির্ভর হবে না। সারা পৃথিবীর শিল্পের বিশাল জগৎ আর বিশ্বজুড়ে মাস্টার শিল্পীরা দু’হাত তুলে অহরহ আহ্বান জানাচ্ছে। তাঁরা চেয়েছিলেন দেবদেবী, মিথ ছেড়ে মানুষকে নিয়ে ছবি আঁকতে এবং ছবির প্লাস্টিক কোয়ালিটি অর্থাৎ ছবির রং, রেখা, স্পেস, টেক্সচারকে নিষ্কাশন করে ছবির মূল্য বাড়াতে। এইরকম মুক্ত, উদার পরিবেশে কমলকুমারের শিল্প নিয়ে পরিক্রমণ শুরু হয়। তাঁর ছবিতে তাই দেখা যায় বিশ্বজোরা শিল্পকলার উত্তরাধিকার— প্রাচ্য থেকে পাশ্চাত্যের, নন্দলাল থেকে পল ক্লি-র, মিনিয়েচার থেকে পটচিত্রের। কমলকুমারের ছবিতে দেশীয় প্রভাব নিয়ে বেশ কিছু লেখাপত্র দেখা যায় কিন্তু তাঁর ছবিকে ভারতীয় ও বিদেশি মর্ডানিজম কীভাবে প্রভাবিত করেছিল তা নিয়ে তেমন কোনও আলোচনা চোখে পড়ে না।

সত্যজিৎ রায় বলেছিলেন, ‘Kamalkumar knows all the arts!’ যদিও তাঁদের মধ্যে সংঘাত লেগে থাকত, তবু দুজনে দুজনকে অসম্ভব শ্রদ্ধা করতেন। কমলকুমার বলেছিলেন, তাঁর মতে ‘পথের পাঁচালী’র একমাত্র সার্থক দৃশ্য হল সেই পুকুরপাড় দিয়ে দইওয়ালা, অপু আর তার পেছনে কুকুরের মিছিল, যার ছায়া নীচে জলে পড়েছে। এই কথা তিনি হয়তো বলেছিলেন তাঁর পরিণত শৈল্পিক চোখ দিয়ে সেই দৃশ্যকে বিশ্লেষণ করে। যদিও ‘পথের পাঁচালী’র আরও অনেক জায়গাতেও শৈল্পিক চিত্রকল্প নিশ্চয়ই ছিল! কমলকুমার যে কতবড় শিল্পী ছিলেন, তার একটা প্রমাণ হয়তো পাওয়া যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কমলকুমারের ‘গল্পসংগ্রহ’-র ভূমিকা থেকে। সেখানে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, বিখ্যাত শিল্পী গোপাল ঘোষের সঙ্গে একবার তাঁদের অর্থাৎ কমলবাবুদের রাস্তায় দেখা হয়েছিল। গোপাল ঘোষ কমলবাবুকে বলেন, ‘আপনি পুরোদমে ছবি আঁকলে আমাদের পেটের ভাত মারা যেত।’ যোগেন চৌধুরীও লেখেন, ‘চিত্রকলার মূল বিষয়গুলোকে উনি কত গভীরভাবে আত্মস্থ করেছিলেন!’ যদিও কমলকুমার পুরোপুরি স্বশিক্ষিত শিল্পী ছিলেন, কোনওদিন কোনও আর্ট স্কুলে যাননি।



কমলকুমার তাঁর ‘মতিলাল পাদরী’ গল্পে লিখছেন, ‘শূন্য ছাদ, চারকোনা চারকোনা এক অনুভব; উপরে আকাশে রাত্রি তদুর্দ্ধে শ্যাম নীলিমাই’। ‘কয়েদখানা’ গল্পতে তাঁর বর্ণনা, ‘আকাশ অনন্ত হয়েছে, টিলাগুলি সোনা হলুদ; উর্দ্ধে বাদুড়ের টানা স্রোত, এখন পথভোলা পাখীর ডানা লাট খায়; এবং গঙ্গাচিল বিন্দু হতে বিশাল প্রতীয়মান’। কোনও চিত্রশিল্পী ছাড়া আর কারো পক্ষে কোনওভাবে সম্ভব এইভাবে চিত্রকলার জ্যামিতি, স্পেস, রঙের ব্যবহার, পার্সপেক্টিভ এত নিপুণভাবে ভাষার মধ্যে প্রয়োগ করা? কোনও দক্ষ প্রতিকৃতি-শিল্পী ছাড়া কে আঁকতে পেরেছেন ভাষার মধ্যে এই ছবি? ‘নিম অন্নপূর্ণা’ গল্পে সেই মুখচ্ছবি, ‘ইদানীং পাখীটি কিয়ৎপরিমাণে শান্ত, তার ঠিক কিছূ নীচে যূথীর জ্বলজ্বলে মুখখানি, ছেঁড়া লাল পাড় দিয়ে বেড়া-বেণী করা, চোখদুটি পিঙ্গল, এলেবেলে, হিঙ্গুল, মারাত্বক’। আর ‘অন্তর্জলী যাত্রা’-তে সেই কালারিস্ট চিত্রশিল্পী টার্নারের মতো আলোর অমোঘ প্রয়োগ, ‘আলো ক্রমে আসিতেছে, নভোমণ্ডল মুক্তাফলের ছায়াবৎ হীম নীলাভ… ক্রমে আলো আসিতেছে’।

আমাদের মনে হয়, ভারতীয় চিত্রকলায় কৌতুক বা ‘ফান’-এর যে-স্বল্পতা, তা পূরণ করেছিলেন কমলকুমার। এই ‘অহেতুক কৌতুকী’র যেন তিনি সুকুমার রায় আর পল ক্লি-র সার্থক উত্তরাধিকারী। এক বিশুদ্ধ মজা যেন জাগিয়ে তুলতে চেয়েছেন তাঁর অনেক ছবিতে। রেখার ব্যবহারে প্রথমদিকে বিশেষত কালিকলমের কাজে তিনি নন্দলাল বসুর উত্তরাধিকার বহন করেছেন। পরের দিকে তাঁর রেখার বুনট কখনও রবীন্দ্রনাথের অনুসারী। ছবিতে পটের বিভাজন কখনও তাঁর ভ্রাতা নীরদ মজুমদারের কাছাকাছি, যা আধুনিক অথচ প্রাণবন্ত। ছবিতে রেখার প্রয়োগে কখনও-কখনও তিনি যেন পল ক্লি-র সেই বাক্যে বিশ্বাসী, ‘a line is a dot who went for walking’. তীব্র আবেগে আর আকুলতায়, অনেক ছবিতেই যেন রেখার নৃত্যশীল চলনকে তিনি ক্লি-র মতোই ব্যবহার করেছেন। ছবির কম্পোজিশনে যেন তিনি ক্লাসিক পদ্ধতিতে আস্থা রাখেন, যা লেওনার্ডো দ্য ভিঞ্চি সারা বিশ্বের শিল্পীদের শিখিয়ে গেছেন। সেই জ্যামিতিই কমলকুমার তাঁর ছবির ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

কমলকুমার খুব কম ছবি এঁকেছেন, জীবদ্দশায় কোনও প্রদর্শনী করেননি। ফেলে দেওয়া পরিত্যক্ত কাগজে, কার্ডের উল্টোপিঠে, বাস-ট্রামের টিকিটের ওপরে ছবি এঁকেছেন। অজস্র প্রচ্ছদ আর বইয়ের অঙ্গসজ্জা করেছেন। এইভাবে তাঁকে অনেকে অ্যামেচার শিল্পী বা ইলাস্ট্রেটর হিসেবে ভেবে এসেছেন। আর তিনি তো কখনওই নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি! কিন্তু তাঁর চিত্রকলা দেখে এইকথা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে, তিনি তাঁর আন্তর্জাতিক গদ্যভাষার পাশাপাশি এক আন্তর্জাতিক চিত্রভাষাও তৈরি করে গেছেন। শুধু দেশজ পটের বা মিনিয়েচারের শৌখিন শিল্পী বলে তাঁকে সীমাবদ্ধ করে রাখলে চরম ভুল হবে। ভারতবর্ষের একজন সার্থক শিল্পী হিসেবে স্বীকৃতি তাঁর অবশ্যই প্রাপ্য।
লেখায় ব্যবহৃত ছবি: কমলকুমার মজুমদার




