আঙুরলতার আলপনা
দাদুর রোগব্যাধি কমই হত। জ্বর হতে দেখেছি মাত্র দু-তিনবার। জ্বর হলে একটা গান করতেন গুনগুন করে। ‘দে দৈ দে দৈ পাতে ওরে ব্যাটা হাঁড়ি হাতে…’। একবার জিজ্ঞেস করেছিলাম, জ্বর হলে এই গানটা কর কেন? দাদু বলেছিলেন আমি আমার শ্রাদ্ধকালীন চিত্র দেখতে পাই। মানে জ্বর হলেই মৃত্যুর কথা ভাবতেন? আবার শেষের দিকে বলতেন, ‘আমি মরলে ঠ্যাং ধইরা টাইন্যা খালের পাড়ে ফেলিয়া দিবি। শকুনে খাক। ন স্বর্গো নাপবর্গো নৈবাত্মা পারলৌকিকঃ।’ এটা তো চার্বাকের শ্লোক। দাদু কি সত্যিই ভাবতেন স্বর্গ-নরক নেই? অথচ দাদু দু’-বেলা সন্ধ্যে-আহ্নিক করতেন, গলায় উপবীত, পঞ্জিকা দেখে কবে বেগুন ভক্ষণ, কবে লাউ ভক্ষণ নিষেধ বলতেন, জন্মদিনে খেউরি হতেন না, গুরুদেব-বাড়ি ছিল না, দীক্ষা নেননি, রাস্তায় মন্দির-টন্দির দেখলে প্রণাম করতেও দেখিনি। বিদ্যাসাগরের তুলনা করতে যাচ্ছি না, তবে মনে হয়, দাদু কিছুটা সংশয়বাদী ছিলেন।
শুনেছি, বিয়ের পর ঠাকুরমাকে বাড়িতে কিছুটা লেখাপড়াও শিখিয়েছিলেন। ঠাকুরমা বলতেন, ‘বাইল্যশিক্ষা পড়াইত তোর দাদু, চুপে চুপে। ঘোড়ার থন পইড়া গেল, যেই, তারপর বই নিয়ি নিল ভাসুরে।’
ব্যাপারটা খোলসা করতে হয়। মদনমোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’-এর কয়েক বছর আগে ‘শিশুশিক্ষা’ নামে একটা বই লেখেন, পূর্ববঙ্গে ওই বইটারই বেশি চল ছিল, শিশুশিক্ষাই বাল্যশিক্ষা নামে চলত। ওখানে স্বরবর্ণ-ব্যাঞ্জনবর্ণ এইসব পাঠ ছিল। ওই বইতেই ‘ড়’ অধ্যায়ে ‘ড়’ দিয়ে বাক্য গঠন পর্য্যায়ে ‘ঘোড়ায় চড়িল আবার পড়িল’ ছিল।
দাদুর বানানো বড়ি ছিল অসুখে অব্যর্থ! পড়ুন আগের পর্ব…


এর আগেও আপত্তি এবং অশান্তি ছিল ঠাকুরমার ‘ল্যাখাপড়ির কারণে।’ রাত্তিরে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমাকে অক্ষর লেখাতেন ঠাকুরদা। ভাসুরঠাকুরের চোখে পড়ে গিয়েছিল ওই লেখা। উনি চেঁচিয়েছিলেন, ‘এই সব ইস্কুইল্যা অক্ষর কে লেখছে? এই সব কী?’ ইস্কুইল্যা অক্ষর মানে ছাপার অক্ষর। ছাপা বই হওয়ার আগে বাংলা বর্ণগুলির লেখার ছাঁদ ছিল আলাদারকম। ছাপার অক্ষরে সেরকম করা যেত না। হাতের লেখা থেকে একটু আলাদা রকম হয়ে গিয়েছিল ওগুলোই ‘ইস্কুইল্যা অক্ষর’। আবার দাদুর কাছেই শুনেছি দাদু নাকি ‘স্ত্রীশিক্ষা’ নিয়ে কী একটা প্রবন্ধ লিখে পদক পেয়েছিলেন।
ঠাকুরমা লক্ষ্মীপুজোর সময় আলপনা আঁকতেন। ধানের ছড়ার ফাঁকে-ফাঁকে লক্ষ্মীর পা। দুয়ার থেকে শুরু হয়ে একেবারে লক্ষ্মীর আসন অবধি। বাইরে থেকে লক্ষ্মীঠাকুর ঢুকে গেছেন যেন। আর একটা লতা আঁকত খুব সুন্দর দেখতে। আমি জানতাম না, সেটা আঙুরলতা।

আমি প্রথম আঙুরলতা দেখি নাসিকে। তখন আমার প্রায় চল্লিশ বছর বয়স। ওই লতার পাতা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। এ যে আমার ঠাকুরমার আঁকা আলপনার সেই লতা! ঠাকুরমা আঙুরলতা দেখলেন কীভাবে? কীভাবে ঠাকুরমার লক্ষ্মীপুজোর আলপনায় আঙুরলতা আসতে পারে? কোনও মেমসাহেব আলপনা আঁকত না, ওরা অবিশ্যি এমব্রয়ডারি করে, ঠাকুরমার পক্ষে কোনও মেমসাহেবের ঘরে দেখা আঙুরলতার অলংকরণ দেখা সম্ভব নয়। ঠাকুরমাকে জিজ্ঞেস করারও উপায় ছিল না। উনি ধরাধামে নেই। ব্যাপারটা রহস্যই থেকে যায়।
সেই রহস্যর সমাধান হয় অনেক পরে। কৃষ্ণনগর লাইব্রেরিতে অনেক পুরনো কিছু বই দেখি। পতি পরম গুরু, সতী নারী, সংসার ধর্ম… এই রকম। বইগুলির প্রচ্ছদের বর্ডারে আঙুরলতা। বহু পুরনো বর্ণপরিচয় এবং শিশুশিক্ষার লাল কভারে আঙুরলতার বর্ডার। সাহেবি বইয়ের অনুকরণ সম্ভবত। আমার ঠাকুরমার কি তবে সেই শিশুশিক্ষা বইয়ের মলাটের আঙুরলতা মনে ধরেছিল? আমি কিন্তু আরও অনেক আলপনা দেখেছি। বাংলার আলপনায় ওরকম আঙুরলতার ব্যবহার আর দেখিনি।




