হত্যার খবর
যখন হরিদেবপুরে ৬৭ বছরের সাগর ঘোষ তাঁর ৮৫ বছরের মা’কে খুন করেন, তারপর নিজেই পুলিশ ডাকেন, আর বলেন মা’র চিকিৎসার খরচও চালাতে পারছিলেন না এবং দৈনন্দিন যত্নও করতে পারছিলেন না, কারণ কোভিডের সময় থেকে চাকরি নেই— তখন বহু মানুষই শিউরে উঠে সমাজকে দায়ী করেন। এবং সরকারকে। সমাজ বা সরকার ঠিক কী করত? সরকারের লোক বাড়ি-বাড়ি খোঁজ নিয়ে দেখত, কার কত দারিদ্র, এবং সেই অনুযায়ী আর্থিক সাহায্য করত? যার চাকরি চলে গেছে, তাকে ভাতা দিত? যার চিকিৎসা হচ্ছে না, তাকে হাসপাতালে ভর্তি করে দিত? আর সেই হাসপাতালে ডাক্তার-নার্সরা রোগীকে যত্ন করত, এবং বেড়াল তার বিছানায় লাফিয়ে খাবার খেয়ে নিত না? আমরা খুব ভাল জানি, এসব ‘বাইরের দেশে’ হয়, আর এদেশে গিজগিজে কিলবিলে মানুষ খাবি খেতে-খেতে ও অন্যের খাবার খাবলাতে-খাবলাতে মরে। আমাদের সরকার রাস্তায় শুয়ে থাকা ভিখিরিকে তাড়াতে পারলে বাঁচে, আর বেকার মধ্যবিত্তকে কোলে তুলে অভয় দেবে? সরকারের সদিচ্ছাও নেই, সংগতিও নেই। অত টাকা আসবেই বা কোত্থেকে? তাহলে তো বস্তি থাকত না, মানুষ অ-দূষিত পানীয় জল খেত, সব বাচ্চা স্কুলে যেত। আমাদের দেশ গরিব, তার ওপর ক্ষমতাশালীরা প্রায় সবাই দুর্নীতিবাজ, তাই দেখনশোভা দেশপ্রেমের ন্যাকামো এবং জনগণের বোকামো দিয়ে একটা মণ্ড তৈরি করে তার ওপর উজ্জ্বল কাঁচালঙ্কা গুঁজে দেওয়া হয়েছে।
সমাজ বলতেই বা কী বোঝায়? পাড়া? রাজ্য? বেশ কিছু লোক জড়ো হয়ে নিজেদের মাইনে থেকে কিছুটা দিয়ে এই পরিবারকে টানত? যদি দেয়ও, কদ্দিন? মাসের পর মাস? তাছাড়া, ক’জনকে দেবে? রাস্তার সিগনালে যে হিজড়েরা ভিক্ষে করছে, তাদেরও দিতে হয়। যে আড়াই বছরের বাচ্চা নেড়ি কুকুরের পাশে বসে অঝোরে কাঁদছে, তাকে পাঁউরুটি কিনে দিতে হয়। যে লোকটা মেট্রোর দেওয়ালে ঠেস দিয়ে বেঁকে মরে যাচ্ছে, তাকে ট্যাক্সিতে তুলে হসাপাতালে নিয়ে যেতে হয়। এই ব্যবহারের চল আমাদের অধিকাংশের মধ্যে আছে? এমনকী, যার মধ্যে এই গুণ আছে, তার সমাদর আমরা করি? না কি, তার দিকে ‘আহা গো খ্যাপা-বাউল’ মার্কা তেরছা দৃষ্টি হেনে, সে নিজে যখন পূর্ণাঙ্গ বিপদে পড়েছে তখন ‘কে বনের মোষ তাড়াতে বলেছিল’-বাচক তিরস্কার ও ইস-চুকচুক বাগিয়ে, নিজ নেটফ্লিক্সে ঢুকে পড়াই আমাদের সহবৎ?
আরও পড়ুন: এআই-এর বিপদ ক্রমশ ঘনিয়ে আসছে?
পড়ুন ‘সামথিং সামথিং’ পর্ব ৮২…

আমাদের দেশ দুর্ভাগা এবং ইতর। নেতা খারাপ, জনগণ খারাপ। জনসভায় অশ্লীল বাক্য নিক্ষিপ্ত, ঐক্যের বদলে বিদ্বেষ প্রচারিত, রাস্তাঘাটে খিস্তি, হর্ন, সুযোগ পেলেই প্রহার। চাকরি নেই, থাকলে কদ্দিন আছে তার স্থিরতা নেই, ব্যবসা করলে তোলা দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত, ভাল ইস্কুল-কলেজে ভর্তি হতে গেলে মা’র গয়না বেচতে হয়, তার মধ্যে মুরুব্বিরা হিসেব কষছে: কে কী খেয়ে ফেলল, কে কার কোলে বসে পড়ল। দেশ জুড়ে ছাই-ছাই নৈরাশ্য। খবরকাগজের ছবিতে দেখা যাচ্ছে, সাগর ঘোষ লুঙ্গি ও টি-শার্ট পরে পুলিশের সঙ্গে যাচ্ছেন, মুখটা বিষণ্ণ ও ক্লান্ত। তাঁকে দেখলে অপরাধী নয়, অসহায় মনে হয়। টাল হারিয়ে একটা চাকার তলায় পড়ে গেছেন, এখন নিজের কর্তিত অঙ্গের দিকে তাকিয়ে আছেন, ব্যথাও অনুভব করছেন না, একটা ভোঁতা পরাজয়ের ছুরি মাথা থেকে পেট অবধি সেঁধিয়ে আছে। তিনি নাকি বোনকে চিঠিতে লিখেছেন, মা’কে মুক্তি দিলেন।
কেউ তর্ক করতেই পারে, তার চেয়ে নিজে মুক্তি নিলে না কেন বাপু? মা’কে এই অবস্থায় আর দেখতে পারছ না, নিজে পৃথিবী থেকে পালাও, তাঁর প্রাণটা হরণ করলে কেন? সত্যিই, ১৮ বছর বয়সের যুবতী উমারানি ঘোষ যখন সদ্যোজাত পুত্র কোলে উদ্বেল হয়েছিলেন, তখন কি ভাবতে পেরেছিলেন, এ একদিন তাঁর গলায় সাদা সুতো পেঁচিয়ে চাপ দেবে যতক্ষণ না দেহটা তড়পাতে-তড়পাতে নিথর হয়ে যাচ্ছে? কিন্তু এমনও হতে পারে, উমারানি অসুখে ও বার্ধক্যে অসহ যন্ত্রণা পাচ্ছিলেন, এবং সেই ত্রাণহীন কোটর থেকে নিষ্কৃতি দরকার ছিল। কিংবা, নিজেই অবসান চেয়েছিলেন, কারণ ছেলের কষ্ট আর দেখতে পারছিলেন না। ছেলে বেকার, যে-বয়স হয়ে গেছে তাতে আর নতুন কোনও কাজ জোটার সম্ভাবনা নেই, ফলে সে আরও নিরুপায় আতঙ্কের পাঁকে ডুবে যাচ্ছে, মরিয়া ছটফটাচ্ছে কিন্তু সামনে একটা চিলতে পথও নেই। কিংবা তিনি হয়তো কিছু বলেননি, কিন্তু সাগর ভেবেছেন, যদি মা’কে মারি আর নিজে সেই অপরাধের কলঙ্ক নিয়ে জেলখানায় যাই (হয়তো ফাঁসিকাঠেও) সেটা হবে মা’র মুক্তি আর আমার প্রায়শ্চিত্ত, উচিত শাস্তি— ছেলে হয়ে মা’র দায়িত্ব পালন না-করতে পারার। বা, বোনটা এবার ভাল করে বাঁচবে, মা আর আমি দু’জনেই সরে গেলাম।
সাগরবাবুর বয়সের কথাটা ভুললে চলবে না। আর তিন বছর পরে ৭০। তাঁরই যত্ন দরকার। তিনি সকালে উঠে কাগজ পড়বেন, বউমা চা দিয়ে যাবেন। ছেলে অফিস থেকে এসে বলবেন, বুঝলে বাবা, সান্যালের জ্বালায় পারা গেল না, আবার প্রোমোশনটা আটকে যাবে। প্রবীণা স্ত্রী বলবেন, চোখটা এবার দেখাবে, না চিরটাকাল গোঁয়ার্তুমি করেই কাটাবে? তার বদলে তাঁকেই মা’র সেবা করতে হচ্ছে। রোজগারের কথা ভাবতে-ভাবতে অস্থির পা ছটকাতে হচ্ছে।
নিজের মা’কে হত্যার বেদনা বহনের জন্য তাঁর কুঁজো কাঁধ ও হন্তদন্ত হৃৎপিণ্ডের পাশে কে দাঁড়াবে, পাপের ভাগ নিতে করতল বাড়াবে? এই দেশে আরও কত মানুষ, যে ভাবছে, মা মরে গেলে তবু হয়তো সংসারটা বেঁচে যাবে, জ্যাঠা এ-বছরের মধ্যে চলে গেলে তবু বেরিয়ে যেতে পারি, ক্যানসার যদি বোনকে এখনই নিয়ে নেয়, আর রেডিয়েশনটা দিতে না হয়, আমাদের টিকে যাওয়ার চান্স আছে, কিন্তু তারপর নিজেই নিজেকে ছিছিক্কারে মুড়ে নতমাথায় হাঁটছে মুদির দোকানে, উদাস বসে দেখছে পার্কের ক্রিকেট খেলা।
তাহলে কি গুরুজনের দীর্ঘজীবন এক অভিশাপ? অথবা কোভিড সেই কালান্তক চক্কর, যা বহু পরিবারকে খোঁড়া, অন্ধ, বোবা করে পুঁতে দিল, কাউকে তক্ষুনি, কাউকে ধীর-বিষক্রিয়ায়? কিন্তু কোভিড না এলেও চাকরি যেতেই পারত, এমনিতেই তাঁর তখন ৬১, অবসর নেওয়ারই বয়স। তাহলে তিনি দায়ী করবেন কাকে? ব্যথাওলা গাঁট, ঘোলাটে চোখ, ছাতা-পড়া সত্তা ঘুরিয়ে-ঘুরিয়ে কাকে জিজ্ঞেস করবেন, সারাজীবনের আয় আর সবজির দামের আগুনকে কেন ইকুয়ালটু চিহ্নের এদিক-ওদিক ঠেসে ফিট করে দেওয়া গেল না? রাষ্ট্র? পুঁজিবাদ? ভাগ্য?
নিজের মা’কে হত্যার বেদনা বহনের জন্য তাঁর কুঁজো কাঁধ ও হন্তদন্ত হৃৎপিণ্ডের পাশে কে দাঁড়াবে, পাপের ভাগ নিতে করতল বাড়াবে? এই দেশে আরও কত মানুষ, যে ভাবছে, মা মরে গেলে তবু হয়তো সংসারটা বেঁচে যাবে, জ্যাঠা এ-বছরের মধ্যে চলে গেলে তবু বেরিয়ে যেতে পারি, ক্যানসার যদি বোনকে এখনই নিয়ে নেয়, আর রেডিয়েশনটা দিতে না হয়, আমাদের টিকে যাওয়ার চান্স আছে, কিন্তু তারপর নিজেই নিজেকে ছিছিক্কারে মুড়ে নতমাথায় হাঁটছে মুদির দোকানে, উদাস বসে দেখছে পার্কের ক্রিকেট খেলা। তার মনে হচ্ছে, পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে, হাসছে গল্প করছে প্রেম করছে রাজনীতির তর্ক, তাদের আর তার মধ্যে যোজন যোজন ব্যবধান, যেন ওরা ঘুরছে দূর-পাহাড়ের চুড়োয়, বা একটা ভিন্ন গ্রহে, আর আমি এইখানে কালো ধুলোর একলা দেশে, গহন গহ্বরের ঠিক পাশে।
আমার সামনে শুধু দুটো উপায়— নিজে লাফিয়ে পড়া, আর প্রিয়জনকে ঠেলে ফেলে দেওয়া। আমরা যখন তাকে দেখছি, দিব্যি, স্বাভাবিক লোক, হাতে প্লাস্টিকের ঠোঙায় একফালি ট্যাবলেট ও চারটে ক্ষয়াটে পেঁয়াজ, মুখটা হয়তো একটু গোমড়া, বা দুর্ভাবনায় থুতনিটা বুকে ঠেকে যাওয়া। কিন্তু আমরা বুঝতেই পারছি না, পায়ের তলার জমি তাকে উপড়ে নিয়ে উড়ে যাচ্ছে আর-না-পারার তেতো জিভের তলায়। পুলিশের গাড়ি তাদের দরজায় এসে দাঁড়ালে আমরা চমকে উঠছি— কখনও খুন, কখনও আত্মহত্যা, কখনও খুন করে আত্মহত্যা।
সাগরবাবুর স্ত্রী ছেলে ও পুত্রবধূ আলাদা থাকেন। স্ত্রীর অভিযোগ, সাগর তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় মারতে উদ্যত হয়েছিলেন, ২০২০-’২১ নাগাদ। কোথাও লেখা হয়েছে, মেরেওছিলেন। তার মানে হয়তো সাগর নিষ্ঠুর প্রকৃতির। তখন হত্যাটাকে আমাদের অন্য চোখে দেখতে হবে। আবার হয়তো চাকরিহীনতা, টাকাহীনতা সাগরকে উদ্বেগে দুশ্চিন্তায় বেপরোয়া ও হিংস্র করে তুলেছে। এই যে গাড়িতে আরেকটা গাড়ি ঘষে গেলেই আমরা ড্রাইভারকে টেনে নামিয়ে মারতে চাই, এই যে কাউন্টারে গুঁতিয়ে এগিয়ে যাই এবং কেউ বাধা দিলেই বাপ-মা তুলি, এই যে নেতারা লেলিয়ে দিলেই অন্য সম্প্রদায়ের দিকে আধলা ছুড়ি, নিকেশ কামনা করি, কারণ একটা প্রকাণ্ড নিরাপত্তাহীনতা আমাদের সারাক্ষণ পিষছে, আমরা সেই এবড়োখেবড়ো ভয়টাকে ক্রোধের ঝাঁঝির মধ্যে দিয়ে গলিয়ে, টিপেটুপে তৈরি করছি তার অন্যরকম মাথা, হাত, পা, এবং সেই পুতুল আমাদের চুলের মুঠি ধরে বাঁয়ে হেলাচ্ছে, ডাইনে দোলাচ্ছে।
আমরা টিভি দেখছি বা মোবাইলে লুডো খেলছি, আর সেই তরাস ড্রপ-ড্রপ চুঁইয়ে নামছে মগজ থেকে তর্জনী অবধি বিস্তৃত রক্তপথে। একদিন হয়তো হুট করে তর্জনী থেকে বেরিয়ে আসবে বাঘনখ, বা নাভি থেকে বেরিয়ে আসবে নাইলনের শক্তপোক্ত দড়ি, কিংবা কাঁধের হাড় থেকে বেরিয়ে আসবে দাঁতালো করাত, আর কিছুক্ষণ পরে আমরা নিজেদের দিকে তাকিয়ে একটা বড় লাথি ছুড়ে, নিজেরাই পুলিশ ডাকব, না-তুতলেই স্বীকারোক্তি বলতে পারব গোটা অক্ষরে, এবং তারপর জাল-জাল ভ্যান থেকে বাইরের কাটাকুটি বিশ্বটাকে দেখে ভাবব, সত্যিই, একদিন, কয়েক মুহূর্ত আগেও, আমারও ওখানে অবাধ অধিকার ছিল? না কি আসলে আমার ঢাল-গড়ানিটা দশ-কুড়ি বছর ধরেই আমাকে হুড়মুড় ও নিশ্চিত ঠেলে নিয়ে আসছিল এই ভ্যানেরই মরণ-কুয়োয়?



