বন্ধু হীরক সেন চলে গেলেন। বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর। হীরকদের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিবারের সম্পর্ক অনেক বছরের। ‘অপরাজিত’ ছবির ছোট অপু পিনাকী সেনগুপ্ত ছিলেন ওঁর দিদির ছেলে। সেই সময় থেকেই সত্যজিৎ রায়ের সঙ্গে ওঁদের পারিবারিক সম্পর্ক। আবার অন্যদিকে অনুপ ঘোষালদের সঙ্গেও ওঁদের আত্মীয়তা ছিল।
সন্দীপের সঙ্গে ওঁর ঘনিষ্ঠতা হয় ছবি তোলার কারণেই। দু’জনেরই ফটোগ্রাফির শখ। সেই বন্ধুত্ব ক্রমে গাঢ় হয়। আমৃত্যু সেই সম্পর্ক ছিল অটুট। সন্দীপ রায়ের ঘরেই আলাপ হয়েছিল হীরক সেনের সঙ্গে। সন্দীপই আলাপ করিয়ে দিয়েছিলেন। তখন জানতাম সন্দীপের বন্ধু বলেই। পরে কলকাতা ময়দানে ‘ফটিকচাঁদ’-এর আউটডোরে ওঁকে দেখি ক্যামেরা হাতে। তখনই জানলাম, হীরক ছবি তোলে।
প্রথমে ‘সোনার কেল্লা’, পরে ‘জনঅরণ্য’ থেকে হীরক সত্যজিৎ রায়ের সঙ্গী। সত্যজিতের পছন্দ ছিল হীরকের ছবি। হীরক ছবি তুললেই তাঁর ‘মেসোমশাই’-কে (সত্যজিৎ রায়কে হীরক ‘মেসোমশাই’ বলতেন) ছবিগুলো দেখিয়ে আসতেন। ছবি পছন্দ হলেই সত্যজিতের সেই বিশেষ প্রশংসা-শব্দধ্বনি ‘বোমা হয়েছে!’ শোনা যেত। ‘ফটিকচাঁদ’ ছাড়াও তাঁর নাম দেখা গিয়েছিল টিভির পর্দায়— ‘সত্যজিৎ রায় প্রেজেন্টস’-এর নামলিপিতে। প্রথম খাসি চলচ্চিত্র ‘মানিক রাইত’-এও হীরক ছিল অফিসিয়াল ফটোগ্রাফার।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের অপ্রকাশিত সাক্ষাৎকার! কথোপকথনে মাসায়ুকি ওনিশি…
দেশি পত্রপত্রিকা ছাড়াও ‘আমেরিকান সিনেমাটোগ্রাফার’, ‘লন্ডন টাইমস’, ‘টাইম’ পত্রিকায় মুদ্রিত হয়েছে হীরকের ছবি। শুধু পত্রিকার পাতায় নয়, হাস্যমুখ সত্যজিতের ছবি টাঙানো ছিল লন্ডন টাইমসের অফিস ঘরে। তবুও হীরক বলতেন, ছবি তোলা ওঁর পেশা নয়, নেশা।

এক ভারতীয় হোটেল-মালিক পরে লন্ডনে হোটেল খুলে প্রচুর অর্থ উপার্জন করে। এমনই এক কাহিনি নিয়ে হলিউডি পরিচালক রোনাল্ড নিম ‘ফরেন বডি’ নামে একটি ছবি করেছিলেন। যে ছবির নায়ক ছিলেন ভিক্টর ব্যানার্জি। শিয়ালদহের একটি মধ্যবিত্ত হোটেলের সন্ধান করে হীরকের তোলা ছবি দেখেই হলিউডে ছবির সেট তৈরি হয়েছিল।




লেখকের বিবাহ অনুষ্ঠানে সন্দীপ রায় ও কামু মুখোপাধ্যায়ের সঙ্গে।
সন্দীপ রায়ের সঙ্গে। সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্দীপ রায়ের সঙ্গে।
হীরক ছিল রায় পরিবারের পারিবারিক বন্ধু। প্রায় তাঁকে দেখা যেত রায়বাড়িতে। ফিল্মের ইনডোর ছাড়াও লোকেশন দেখতে যাওয়ার সময়েও হীরককে সঙ্গে নিয়ে যেতেন তাঁর মেসোমশাই সত্যজিৎ রায়। সত্যজিৎ খুব পছন্দ করতেন হীরককে। ফলে সত্যজিতের অনেক ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্তের ছবি তোলার সৌভাগ্য হয়েছিল হীরকের। মনে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি কর্তৃপক্ষ যখন নার্সিং হোমে সত্যজিৎকে অস্কার দিতে আসে, সেখানে একমাত্র ভারতীয় ফোটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন হীরক। অস্কার স্মারকটি সত্যজিতের হাতে তুলে দিচ্ছেন বিজয় রায়, হীরকের তোলা সেই ছবি বিদেশের পত্রিকায় মুদ্রিত হয়েছিল। ‘ঘরে বাইরে’ ছবির সময় গবেষণার কাজে ন্যাশনাল লাইব্রেরিতেও তাঁকে দেখা গিয়েছে সত্যজিতের সঙ্গী হয়ে।
তবে হীরকের একটাই দোষ, ছবির নেগেটিভ বা প্রিন্ট গুছিয়ে ক্যাটালগিং করে রাখার অভ্যেস ওঁর ছিল না। এত বছর ধরে ছবি তুললেও সত্যজিৎ-বিষয়ক একটিমাত্র অ্যালবাম হীরক প্রকাশ করতে সক্ষম হয়েছেন। কত দুষ্প্রাপ্য, দুর্মূল্য ছবি ওঁর ভান্ডারে আছে, তিনি নিজেও তা জানতেন না।

ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে আলাপ ১৯৮১-’৮২ সাল নাগাদ। ওঁর প্রথম ছবি প্রকাশ পেয়েছিল আমাদের কাগজ এই ‘আজকাল’ পত্রিকায়। সেকথা হীরক নিজেও বেশ গর্বের সঙ্গে জানাতে দ্বিধা করতেন না। এমন অনেকদিন হয়েছে, কোনও বিশেষ খবর, ছবি-সহ আজকালে এসে জানাতেন। ‘আজকাল’ সেসব খবর এক্সক্লুসিভ করার সুযোগ পেত।

হীরক ছিলেন সহজ, সরল, স্বচ্ছ মনের এক মানুষ। মুখের ওপর কটু কথা বলতে ওঁর বাধত না। উল্টোদিকে ভুল হলে সঙ্গে-সঙ্গে স্বীকার করে নিতেন। জীবনের শেষের কয়েকটা বছর নবান্নে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস আলোকচিত্রী হিসেবে কাজ করেছিলেন। শারীরিক কারণে সেই কাজ বেশিদিন করতে পারেননি। শেষের দু’-এক বছর শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সুগারের কারণে স্মৃতি লোপ পেয়েছিল, পরিচিতজনদের চিনতেও পারছিলেন না।
জন্মেছিলেন ১৯৫৩ সালের ২৬ আগস্ট। ‘পথের পাঁচালী’ মুক্তি পাওয়ার ঠিক দু’বছর আগের, ওই তারিখটিতেই। ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেল আমার বন্ধু হীরক সেন।



