‘এ চে ভিয়ে সিতে পার্সো’! নেপল্স শহরের সবচেয়ে বড় কবরখানার বাইরের দেওয়ালজুড়ে স্প্রে পেইন্ট দিয়ে কারা যেন লিখে গেছে কথাগুলো। ইতালিয়ান থেকে বাংলা করলে দাঁড়ায়— ‘হে আমাদের পূজ্য, মৃত পূর্বপুরুষেরা! তোমরা জানতেই পারলে না যে, তোমরা কী হারালে!’ ওই দেওয়ালের গায়ে গ্রাফিতি-তে লেখা নেই, এমন আরও কিছু শব্দও যেন কবরখানার ওই গোমড়ামুখো বিষণ্ণ বাতাসে খুশি-খুশি হালকা পেঁজা তুলোর মতো উড়ছিল, ইতিউতি ভেসে বেড়াচ্ছিল। শব্দগুলো যেন ফিসফিস করে বলছিল: ‘কবরের আঁধারে শুয়ে থাকা, হায় রে আমাদের অভাগা দাদু-জেঠু-বাবা-কাকারা, মা-দিদিমা-মেজ খুড়ি-রাঙা জেঠিমা— তোমরা ষাট বছর ধরে অপেক্ষা করতে-করতে মরে গেছ। উত্তর ইতালির বজ্জাত বড়লোকের বাচ্চারা, টাকার দেমাকে যাদের মাটিতে পা পড়ত না, সারাজীবন তাদের বারফাট্টাই সয়েছ। অথচ সেই তোমরাই জানলে না, স্বয়ং সান জেন্নারো নাপোলির ১০ নম্বর নীল জার্সিটা পরে তুরিন-মিলান-রোম-ভেনিসের মুখে কীভাবে ঝামা ঘষে দিয়ে গেছেন! ও দাদুভাই, ঠাম্মিসোনা গো— তোমরা জেনে রেখে দাও, নেপল্সের এই মাটির ধারায় ফুটবলের জন্নত থেকে নেমে এসেছে এক নতুন সন্ত— সেন্ট দিয়েগো আর্মান্দো মারোদোনা। সবুজ ঘাসের মাঠে বল যখন তাঁর বাঁ-পায়ে, তখন তাঁর মাথার চারপাশে সে যে কী আশ্চর্য আলোর ছটা, তোমরা ভাবতেই পারবে না। তাতেই তো চোখ ধাঁধিয়ে বেকুব বনে যায় দুনিয়ার সমস্ত ক্ষমতাবান, অর্থবান, বদমায়েশের হাঁড়ি ফুটবলের বিচ্ছুরা। আর দিয়েগোর গোটা শরীর উপচে ফুটবল মাধুর্যের অপূর্ব মায়াবী বিচ্ছুরণ।’
না, হয়তো এভাবে কেউ বলে না। কিংবা লেখেওনি। তবু ১৯৮৭ সালে দক্ষিণ ইতালির নাপোলি, তাদের ৬০ বছরের ক্লাব-ইতিহাসে প্রথমবার সিরি-এ লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে গোটা শহরটাই মনে-মনে এরকমটা ভাবছিল। নাপোলি কোনওদিন সিনিয়র লিগ জিততে পারে, গোটা ইতালিতে কেউ কোনওদিন ভাবেনি। নাপোলির খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকদেরও এমন কথা ভাবা দূরে থাক, স্বপ্ন দেখারও হিম্মত ছিল না। একটামাত্র লোক তাদের সেই স্বপ্ন দেখিয়েছিলেন। ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে আর হঠাৎ-হঠাৎ ভূমিকম্পে নিয়মিত বিপন্ন, বন্দরের চোরাচালানি আর ড্রাগ-মাফিয়াদের দাপটে সদা-তটস্থ এবং বছর-বছর ফুটবলমাঠে হারতে-হারতে হয়রান নাপোলিবাসী যখন এটাকেই নিয়তি ধরে নিয়েছেন, তখনই তিনি এলেন রূপকথার রাজপুত্তুরের মতন— সোনা-রুপোর জিয়নকাঠি ছুঁইয়ে নাপোলিকে বাঁচিয়ে তুলতে।

আরও পড়ুন: পশ্চিম বিশ্বের কল্যাণময় রাষ্ট্রযন্ত্রে ভাঙন ধরল কেন?
লিখছেন শুভরঞ্জন দাশগুপ্ত…
রাজপুত্র না কি দেবদূত? অথবা স্বয়ং ঈশ্বর? ১৯৮৪-তে বার্সেলোনা থেকে মারাদোনার অপ্রত্যাশিতভাবে ইতালিয়ান লিগ টেবিলের একেবারে নীচের দিকের দল নাপোলিতে সই করাটা ছিল আটের দশকের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দলবদলীয় চমক। আর দু’বছরের মধ্যে, একা মারাদোনা তাঁর বাঁ-পায়ের জাদুতে, লিগ টেবিলের তলার দিকে টলমল করা দিনরাত্তির অবনমনের ভূত দেখা নাপোলিকে, আর্থ-সামাজিকভাবে অনেক এগিয়ে থাকা উত্তর ইতালির এলিট-অভিজাত জুভেন্টাস, এসি মিলান, ইন্টার, রোমা, লাজিও-র ক্লাবদের চোখে চোখ রেখে পাঙ্গা নেওয়ার জায়গায় তুলে আনেন আর তারপরে ১৯৮৭-তে, নাপোলিকে মারাদোনার চার বছরের মাথায়, ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। নাপোলির এতকালের তাচ্ছিল্য, অপমান, লজ্জায় অবনত মাথায় উঠল সিরি-এ চ্যাম্পিয়নের তাজ। গোটা শহরের রাজপথ জুড়ে উঠল নীল ঢেউ, যেন নেপল্সঃ উপসাগরটাই রাস্তায় উঠে এসেছে! আর বাকি পৃথিবী যেন নেপল্সবাসীর পায়ের তলায়!
দুনিয়ার সমস্ত বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত, ক্ষমতাশালীর তাচ্ছিল্য-অপমানে চিরদিন সংকুচিত, নি:স্ব, প্রান্তিক মানুষকে দু-দণ্ডের সুখ, বিশ্বজয়ের আনন্দ মারাদোনাই দিতে পারেন। কারণ এইসব মানুষদের রোজকার হেরে যাওয়া, প্রতিটা ব্যর্থতা, প্রতি মুহূর্তের লজ্জার বদলা তিনি নিয়ে নেন স্টেডিয়ামে, বল পায়ে। আর সেই মানুষগুলো গ্যালারিতে বা টিভির সামনে— কিংবা হাটে-মাঠে-বন্দরে, খেত-খামার-কারখানায়, এমনকী কোনও মাফিয়ার ডেরায়, পাতালপুরীর কোনেও আঁধার গলিঘুঁজিতে যেখানেই থাকুন, তিনি বিশ্বাস করেন, মারাদোনা এই লড়াইটা তাঁর হয়েই লড়ছেন। এই ম্যাচটা, এই কাপ কিংবা লিগ চ্যাম্পিয়াশিপটা তাঁর হয়েই জিতছেন। আরও কত ফুটবলার তো কত ম্যাচ, এমনকী আস্ত এক–আধটা টুর্নামেন্টও তো একাই জেতান! কিন্তু মানুষের ওই বিশ্বাসটা, ওটা শুধু মারাদোনাই মানুষের বুকের ভেতর, শিরায়-শিরায়, অন্তর্গত রক্তস্রোতে বইয়ে দিতে পারেন। তাই নেপল্সের ধর্মভীরু মানুষ, দেড় হাজার বছরের অনেক ক্যাথলিক খ্রিস্টীয় পুরাণকল্প-লোককথা-সংস্কারে আচ্ছন্ন মানুষ বিশ্বাস করেছিলেন, তাঁদের নগরীর রক্ষক-সাধু বা ‘প্যাট্রন সেইন্ট’, তৃতীয় শতকের সন্ত সান জেন্নারো, মারাদোনার অবতারেই আবার ফিরে এসেছেন। এমনকী, মারাদোনার সঙ্গে নাম মিলিয়ে তাঁরা সান জেন্নারো-কে না কি অনেক সময়ে ‘সান জেনআর্মান্দো’ বলেও ডাকতে শুরু করেছিলেন। নেপল্সের রাস্তা— ফুটপাথের দোকানগুলোয় মারাদোনার যেসব ছবি-পোস্টার বিক্রি হত, সেখানে কখনো মারাদোনার গায়ে সানা জেন্নারো-র আংরাখা, কখনো তাঁর মাথার চারপাশে প্রভু যিশুর মতোই দিব্য জ্যোতির্বলয়। মানে মারাদোনা চান বা না চান, নেপল্স তাঁকে ঈশ্বর বানিয়েই পুজো করতে চেয়েছিল।
আটের দশকের ওই মারাদোনাময় দিনগুলিতে নেপল্সেই তাঁর কৈশোর কাটিয়েছিলেন অস্কারজয়ী ইতালিয়ান চিত্রপরিচালক পাওলো সোরেন্তিনো। ২০২১ সালে সেই দিনগুলোর স্মৃতিমাখা একটা আধা-আত্মজৈবনিক ছবি বানিয়েছিলেন পাওলো— ‘দ্য হ্যান্ড অফ গড’। নামেই মালুম পাবেন, মারাদোনা-অনুষঙ্গ ওই সিনেমার সঙ্গে কীভাবে কতটা জড়িয়ে আছে। পাঁচ বছরের পুরনো হলেও নেটফ্লিক্সে ছবিটা চাইলে দেখে নেওয়া যায়। সেই সঙ্গে ছবির মেকিং ও পরিচালকের নেপল্স-নস্টালজিয়া নিয়ে একটা ছোট তথ্যচিত্রও ফাউ। সেখানে সোরেন্তিনোকে বলতে শোনা যায়, “মারাদোনা নেপল্সে স্রেফ ‘আসেননি’ আবির্ভূত হয়েছিলেন।” তার মানে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মানুষটি দৈবী মহিমা নিয়েই নাপোলিতে এসেছিলেন এবং যে সাত বছর তিনি খেলেছিলেন, সেখানে প্রতিদিন, তাঁকে সেই ‘ঐশ্বরিক শক্তি’-র প্রমাণ দিতে হয়েছে। প্রতি মুহূর্তে দিয়েগো থেকে ‘দিওস’ মানে ঈশ্বরে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা দিতে হয়েছে এবং সাত বছর ধরেই সেই মাহাত্ম্যকে তার জ্যোর্তিবলয়ের চালচিত্রসুদ্ধ বয়ে যেতে হয়েছে। তাই যখন নাপোলি থেকে তাঁর চলে যাওয়ার সময় এল— মাফিয়া-যোগ, মাদক-যোগ, কোকেন রাখা ও সেবনের অপরাধে তাঁকে গ্রেফতার করা হল— তখন ফুটবলের মাটির দেবতার স্বর্গ থেকে পতনের শব্দটাও আবিশ্ব-চরাচর জুড়ে অমন সশব্দে শোনা গেল।

‘দ্য হ্যান্ড অফ গড’ ছবিতে মারাদোনা আলাদা করে কোনেও চরিত্র হয়ে আসেন না। কিন্তু সিনেমা জুড়ে তাঁর অস্তিত্ব, তাঁর উপস্থিতি, এমনকী অনুপস্থিতিও ছায়া ফেলে যায়। ছবির শুরু থেকেই মারাদোনা বার্সা ছেড়ে নাপোলিতে আসছেন কি না, তাই নিয়ে চরিত্রদের মধ্যে এক তর্ক-তরজা চলে। ছবির কিশোর নায়ক ফ্যাবিয়েত্তোর ব্যাংককর্মী বাবা বলেই দেন, মারাদোনার কী দায় পড়েছে যে এই হেরো-হাঘরে ক্লাবে খেলতে আসবে? ওর বয়ে গেছে। আবার এই বাবাই মাঝরাত্তিরে ফ্যাবিয়েত্তো আর ওর দাদাকে জানায়, মারাদোনার নাপোলিতে আসার খবর পাকা। ১৯৮৬-র বিশ্বকাপে মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলটা ফ্যাবিয়েত্তোরা সপরিবারে সবাই মিলে টিভিতে দেখে। আর সেই গোল দেখতে-দেখতে ওদের এক বয়স্ক আত্মীয় খুব উত্তজিত হয়ে, আবেগমথিত গলায় বলতে থাকেন, ‘এটা শুধু একটা গোল নয়, এটা বিপ্লব। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর্জেন্টিনার জনগণের হয়ে মারাদোনার বদলা।’ আমরা তো জানি, আর্জেন্টিনার অধিকাংশ মানুষও সেটাই বিশ্বাস করেন। তাই তাঁদের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচই, গোলরক্ষক পিটার শিলটন-সহ ছ-জন ইংরেজ ফুটবলারকে ড্রিবল করে মারাদোনার ‘শতাব্দীর সেরা গোল’-এর চেয়েও ‘হ্যান্ড অফ গড’ গোলটা বেশি প্রিয়। কারণ ফকল্যান্ড যুদ্ধটা তাদের সামরিক শাসকদের নিজস্ব রাজনৈতিক হিসেব-নিকেশের ব্যাপার হলেও, সে-রণাঙ্গনে যুবক সেনাদের মৃতদেহভরা ‘বডি ব্যাগ’ আর্জেন্টিনার জাতীয় আবেগের অসম্মান। মারাদোনা নিজেও তাই মনে করতেন। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটা কোনও ‘প্রতারণা’ নয়, আর্জেন্টিনার আহত-আক্রান্ত গণ-আবেগের বিস্ফোরণ।
পাওলোর ছবিতে ‘দ্য হ্যান্ড অফ গড’ বা ঈশ্বরের হাতের তাৎপর্য বোঝা যায় ফ্যাবিয়েত্তোর জীবনের একটা ভয়ংকর ট্র্যাজেডির সূত্র ধরে। আর বিস্ময়করভাবে সেখানেও মারাদোনার একটা পরোক্ষ ভূমিকা থেকে যায়। ছবির শেষ পর্বে নাপোলি সত্যি-সত্যিই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়। মারাদোনা সত্যি-সত্যিই হাজার-হাজার নাপোলি সমর্থকদের স্বপ্ন পূরণ করেন। চ্যাম্পিয়ানশিপ ম্যাচের দিন ফ্যাবিয়েত্তো কিন্তু মাঠে যায় না। তাকে সেদিন রোমে যাওয়ার ট্রেন ধরতে হবে। বাড়ি থেকে বেরনোর আগে সে যখন টিভি বন্ধ করছে, ম্যাচ শেষে মারাদোনা তখন ইন্টারভিউ দিচ্ছেন আর রাস্তায় নীল পতাকা নিয়ে নাপোলি ফ্যানরা মারাদোনার বন্দনাগান গাইতে-গাইতে ছুটছে। মারাদোনা যেভাবে লিগ টেবিলের ‘লাস্ট বয়’ বা টেনেটুনে পাশ নাপোলিকে ইতালিয়ান ফুটবলের ফার্স্টবয় হওয়ার আশা-স্বপ্ন-সাহস জুগিয়েছিলেন, সেটাই কী কোথাও ফ্যাবিয়েত্তোকে তার সিনেমা-পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে অ্যাডভেঞ্চারের ইচ্ছেটাকে উসকে ছিল? পাওলোর ছবিতে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনেও দায় ছিল না। তিনি দেনওনি। তবে ছবির টাইটেল শুরুরও আগে স্ক্রিন জুড়ে মারাদোনার একটি উদ্ধৃতি কিছু মুহূর্তের জন্য চোখের সামনে দাঁড়িয়ে থাকে: ‘আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল, আমি করেছি। আর মনে হয় না কাজটা আমি তেমন খারাপভাবে করেছি।’
মারাদোনা তো ঠিকই বলেছেন। সোরেন্তিনোর ছবির গল্প এখানেই শেষ হয়ে গেলেও নাপোলিকে দেওয়ার পালা তো ওই একটা লিগ খেতাবেই ফুরোয়নি! ওই ১৯৮৬-’৮৭ মরশুমে লিগের সঙ্গেই ইতালিয়ান কাপ। নাপোলির প্রথম ‘ডাবল’। তারপর উয়েফা কাপ। ইতালি লিগের ফেলটুস ক্লাব পরের মরশুমেই ইউরোপ চ্যাম্পিয়ন। ১৯৮৯-’৯০-এ আবার ডাবল। ইতালিয়ান লিগ আর সুপার কাপ। ধুঁকে-ধুঁকে চলা একটা ক্লাব, একটা শহরকে তিনি আত্মপরিচয়, মর্যাদা, জীবনীশক্তি দিয়েছেন। নিজেকে নিংড়ে, নিঃশেষ করে, অসহ্য পায়ের যন্ত্রণায় ছটফট করে, নিদ্রাহীন রাত কাটিয়ে, নাপোলির জন্য জিতে এনেছেন একের পর এক সাফল্য। সেই হা-ক্লান্ত, অবসন্ন মারাদোনা যখন ১৯৯০-এর ইতালি বিশ্বকাপ খেলতে নামছেন, তখন ১৯৮৬-র সেই সোনালি ফর্মের ধারেকাছেও নেই। তবু খানিকটা কপাল, অনেকটা দলের রিজার্ভ গোলরক্ষক গায়কোচিয়ার হাতযশ আর সেই অলৌকিক মারাদোনা-ম্যাজিকের ছিটেফোঁটায় ভর করে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছে যায়। সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ইতালি আর ম্যাচটা নেপল্সের সান পাওলো স্টেডিয়ামে— ২০২০-তে মারাদোনার মৃত্যুর পরে যেটা নাম পালটে হয়েছে দিয়েগো মারাদোনা স্টেডিয়াম।

আর ঘটনাপ্রবাহের এই মোড়ে দাঁড়িয়েই আমৃত্যু প্রখর রাজনীতি-সচেতন মারাদোনা একটা দুর্দান্ত রাজনৈতিক চাল দিলেন। বিশ্বকাপের আগের ম্যাচগুলোয় উত্তর ইতালির যতগুলো শহরে আর্জেন্টিনা খেলেছে, সব জায়গায় তাদের জাতীয় সংগীতের সময়ে গ্যালারি থেকে কুকুর-বেড়ালের ডাক শোনা গেছে। মারাদেনা যতবার বল ধরেছেন, থ্রো-ইন বা ফ্রি-কিক নিতে গেছেন, একইরকম বিদ্রুপের ধ্বনি উঠেছে, কারণ নাপোলিতে তিনি যতই ‘সন্ত জেনআর্মান্দো’ হন, বাকি ইতালির কাছে তো তিনি বুয়েনস আইরেস-এর নোংরা বস্তিপাড়া থেকে উঠে আসা কোঁকড়াচুলো, ময়লারঙা সেই ছেলেটা, যার অলৌকিক ড্রিবলিং, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এমন সব টার্নিং-ট্র্যাপিং-ডামি রান আর ক্যানভাসের ওপর দ্য ভিঞ্চির তুলির সহজ-সরল-গোলের ঠিকানা লেখা পাসিং-এ তিনি সাত বছর ধরে ইতালির ফুটবল অহংকারের অভিজাত ডিফেন্স চূর্ণ করে চলেছেন। নেপল্সের বাইরে বাকি ইতালি তাঁকে সহ্য করবে কেন? কিন্তু নেপল্সবাসী কী করবেন? মারাদোনা তো তাঁদের অদ্ভুত একটা ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বলছি না সেমিফাইনালে আপনারা আর্জেন্টিনাকে সমর্থন করুন। কিন্তু আপনাদের ভেবে দেখতে বলছি, বছরে ৩৬৪ দিন যারা আপনাদের পোকামাকড়, পরজীবী, ভিখিরি ছাড়া কিছু ভাবে না, এই একটা দিন তারা আপনাদের ভাই বলে বুকে টানতে চাইছে— আপনারা কি তাতে সাড়া দেবেন?’ একদিকে তাঁদের নিজেদের ঈশ্বরের আহ্বান, অন্যদিকে ইতালির জাতীয়তাবাদের মূলস্রোতের কল্লোল, দ্বিধাগ্রস্ত নেপল্বাসী সেদিন আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময়ে নীরবেই থেকেছিলেন। ক্যানিজিয়া যখন আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন, তখনও তাই। গ্যালারিতে ইতালির পতাকা যেমন ছিল, মারাদোনার ছবিওয়ালা টিফো-ব্যানারও। টাইব্রেকারে মারাদোনা গোল করার পরে সেই সব ব্যানার খুশিতে দুলে ওঠেনি, এমনটা বলা যায় না।
ইতালির জাতি-রাষ্ট্রের অন্দরে এমন বিভেদের বীজ বোনার মারাদোনীয় কৌশল অবশ্যই ক্ষমা করা হয়নি। ফাইনালে বিতর্কিত পেনাল্টিতে আর্জেন্টিনার পরাজয়ের পর মারাদোনার কান্নায় যখন বাকি পৃথিবীর বুক ফেটে যাচ্ছে, তখন গ্যালারিতে এমন উল্লাস, যেন জার্মানি নয়, ইতালিই কাপটা জিতেছে। এর বছরখানেকের মধ্যেই ইতালি পুলিশ মারাদোনাকে হাতে হাতকড়ি পরিয়ে থানায় টেনে নিয়ে গিয়েছে। গোটা পৃথিবীর সামনে মারাদোনাকে মানবতার শত্রু, জঘন্য অপরাধী, ভিলেন প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে; কিন্তু পারা গেছে কি? মুখের ওপর অপ্রিয় সত্যি কথাগুলো তিনি বলেই গেছেন। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপে বলেছেন, ’৯৪-এ আমেরিকাতেও বলেছন, ফিফা টিভি সম্প্রচার কোম্পানিগুলোর দালাল হয়ে, মুনাফার চড়া রোদে ফুটবলারদের বর্তমান-ভবিষ্যৎ সেঁকেছেন। ’৮৬-তে অপ্রতিরোধ্য মারাদোনার পায়ের তলায় যখন গোটা দুনিয়া, বিশেষজ্ঞের ভূমিকায় পেলে তখনও বলেই চলেছেন, প্লাতিনি মারাদোনার চেয়ে বড় ফুটবলার। ফিফার সমালোচনা করার সৎ-সাহস কিন্তু জিকো, প্লাতিনি বা তাঁদের মেন্টর পেলে কেউই দেখাতে পারেননি। ১৯৮৬-তে মারাদোনাকে কিছু করার সাহস কারোর ছিল না। ’৯৪-এ একইসঙ্গে ফিফা ও মার্কিন সাম্রাজ্যবাদের মুখর সমালোচক মারাদোনাকে নিষিদ্ধ এফিড্রিন নেওয়ার দায়ে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা হয়। পেলেকে তখনও কিছু বলতে শোনা যায়নি। কিন্তু নেদারল্যান্ডের জোহান ক্রুয়েফ থেকে ভারতের চুনী গোস্বামী, সব্বাই স্বীকার করেছিলেন এফিড্রিন নিয়ে মারাদোনার মতো ফুটবলটা খেলা যায় না।
তাঁকে নিয়ে এমির কুস্তারিকার ২০০৮-এর তথ্যচিত্রে মারাদোনা বলেছিলেন, বুয়েনস আইরেস-এর ওই বস্তির জীবনটা তিনি বুকের মধ্যে নিয়ে ঘোরেন— এক বালতি জলের জন্য যেখানে যে-কোনও সময়ে একটা লাশ পড়ে যেতে পারত। ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক সক্রেটিসের মতো ঘোষিত কমিউনিস্ট না হলেও তিনি চিরকাল সারা পৃথিবীর সমস্ত প্রান্তের খেটে-খাওয়া, শোষিত মানুষের পক্ষে। আমৃত্যু মুক্ত প্যালেস্টাইনের জন্য গলা ফাটিয়ে গেছেন। লাতিন আমেরিকায় যাঁরা মার্কিন সাম্রাজ্যবাদের শত্রু, ফিদেল কাস্ত্রো থেকে হুগো স্যাভেজ, সবাই তাঁর বন্ধু থেকেছেন। আবার নেপল্সে যিনি সান জেনআর্মান্দো, আর্জেন্টিনার রোজারিও-তে তাঁর নামেই ভক্তরা ‘চার্চ অফ মারাদোনা’ তৈরি করেন। কেন, কী করে এটা হয়? পেলে ফুটবলের সম্রাট, মেসি ফুটবলের রাজপুত্র কিন্তু ফুটবলের ঈশ্বর একজনই— দিয়েগো আর্মান্দো মারাদোনা। কেন? কারণ বোধহয় মার্কসের ওই কথাটাই। ধর্ম যেমন জনতার আফিম, তেমনই তার দীর্ঘশ্বাসও তো বটে! ফুটবলও তাই। মারাদোনা তাই নিপীড়িত ফুটবল জনতার একমাত্র ঈশ্বর।


