১৩৫৯ সালের ১০ কার্তিক ‘যুগান্তর’ খবরের কাগজের দাবি, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পুজো চালু করেন। কিন্তু এর পাল্টা বলাগড়ের আনন্দলাল মুখোপাধ্যায় নিজের বংশের পুজোর ইতিহাস লিখতে গিয়ে জানাচ্ছেন, ‘আমরা একথা স্বীকার করি না।’ তাঁর আপত্তি বিতর্ক তোলে, কৌতূহলও জাগায়। প্রথম কথাটি আমরা ছোটবেলা থেকে শুনেছি। দ্বিতীয়টি, অর্থাৎ প্রচলনের বিতর্কিত অধ্যায়টি, প্রায় ভুলতে বসেছি। মার্ক ব্লখ The Historian’s Craft-এ লিখেছিলেন, ‘Misunderstanding of the present is the inevitable consequence of ignorance of the past.’ অতীত না জানলে আমরা বর্তমানকেও ভুল ব্যাখ্যা করি। আজ জগদ্ধাত্রী বললে কৃষ্ণনগর ও চন্দননগরের কথাই মাথায় বেশি ঘোরে। গুপ্তিপাড়া, বলাগড়, সোমড়া কিংবা চাকদহের পুজোর ইতিহাস ততটা আলোচনায় আসে না। আঞ্চলিক ইতিহাসচর্চার স্বার্থেই এই জনপদগুলির পুরনো পুজো খুঁজতে হবে।
আনন্দলাল ‘জগদ্ধাত্রী পূজার প্রাচীনত্ব’ পুস্তিকায় ‘সমাচার দর্পণ’, ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’, ‘ক্যালকাটা রিভিউ’ ও ‘নদীয়া কাহিনী’-র তথ্যের সঙ্গে বলাগড়ের বলরাম মুখোপাধ্যায়ের পরিবারের পুজোর ইতিহাস মিলিয়েছেন। পরিবারের বর্তমান বিবরণ অনুযায়ী, সেই পুজোর ধারা আজও সল্টলেকে নতুন আয়োজনে চলছে। জগদ্ধাত্রীর শাস্ত্রীয় পরিচয় কৃষ্ণচন্দ্রর অনেক আগের। মায়াতন্ত্র, বৃহস্পতি রায়মুকুটের ‘স্মৃতিরত্নহার’, কৃষ্ণানন্দের ‘তন্ত্রসার’ ও শ্রীনাথ আচার্যচূড়ামণির ‘কৃত্যতত্ত্বার্ণব’-এ উপাসনার উল্লেখ আছে। কার্তিকের শুক্লানবমীতে পুজোর বিধানও আছে। ই. এইচ. কার ‘What Is History?’-তে লিখেছিলেন, ‘The facts speak only when the historian calls on them.’ কোন তথ্যকে কী প্রশ্ন করছি, সেটিও জরুরি। শাস্ত্রীয় বিধান থেকে গ্রামের প্রথম বারোয়ারির সাল জানা যায় না। বরং নিত্যসেবা, পারিবারিক পুজো ও চাঁদার উৎসবের জন্য আলাদা প্রমাণ চাই।
আনন্দলাল ‘তন্ত্রসার’ সম্পর্কে লিখেছেন, ‘দুর্গামন্ত্র রূপে জগদ্ধাত্রী পূজা, ধ্যানাদি সমস্তই উল্লিখিত হইয়াছে।’ তাঁর মতে, ধ্যান ও বিধান কাত্যায়নী তন্ত্রের ৭৭তম পটল থেকে এসেছে। শক্তিসঙ্গম তন্ত্রে প্রতিমা নির্মাণের নির্দেশের কথাও তিনি বলেছেন। নির্দিষ্ট পাঠ যাচাই করতে তাঁর উল্লিখিত সংস্করণগুলি মেলাতে হবে। জুন ম্যাকড্যানিয়েল তাঁর ‘Offering Flowers, Feeding Skulls’ গ্রন্থেও কৃষ্ণানন্দের ‘তন্ত্রসার’-এর জগদ্ধাত্রী-ধ্যান আলোচনা করেছেন। প্রচলিত ধ্যানমন্ত্রে দেবীর পরিচয়— ‘সিংহস্কন্ধসমারূঢ়াং নানালঙ্কারভূষিতাম্। চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনীম্।’ দেবী সিংহের পিঠে বসেন, নানা অলংকার ও সর্পের যজ্ঞোপবীত ধারণ করেন; তাঁর চার হাত। শাস্ত্রকাররা দেবীর নামের সঙ্গে তাঁর রূপও বর্ণনা করেছেন। তবে কোথায় কে প্রথম প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন, এই বর্ণনা তা জানায় না। সেই প্রশ্নের উত্তর খুঁজতে মন্দিরের লিপি, পুজোর হিসাব ও পুরনো সংবাদ পরীক্ষা করতে হবে।
আরও পড়ুন: তন্ত্র, বীর্য ও আধুনিকতা!
লিখছেন বিজলীরাজ পাত্র…
বলাগড়ের সোমড়ায় দেওয়ানজি পরিবারের মন্দিরের ফলক এমনই একটি সাক্ষ্য। সেখানে লেখা, ‘বঙ্গের আদি শ্রীশ্রীমহাবিদ্যা নামে খ্যাত শ্রীশ্রীজগদ্ধাত্রী মূর্ত্তি দেওয়ান রায় রামশঙ্কর কর্ত্তৃক সন ১১৭২ সালে স্থাপিত।’ ওই বঙ্গাব্দের কার্তিক পড়ে ১৭৬৫ খ্রিস্টাব্দে। বিনয় ঘোষের বিবরণে নির্মাণলিপি থেকে মন্দির গড়ার সাল আসে ১৭৫৫। নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠার সাল তাই আলাদা করে পড়তে হবে। বংশের বিবরণে রামশঙ্করের বিগ্রহটি অষ্টধাতুর। সেটি চুরি যাওয়ার পরে উত্তরসূরিরা নতুন ধাতব বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পুরোহিত নিত্যপুজো করেন; নবমীতেই সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সারেন। সোমড়ার সাক্ষ্য দেখায়, উপাসনার ইতিহাস শুধু কৃষ্ণনগরে সীমিত ছিল না।



গুপ্তিপাড়ায় প্রধান প্রশ্ন বারোয়ারির সূচনা। ১৮২০ সালের মে মাসের ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’-র উদ্ধৃত বিবরণে একদল ব্রাহ্মণ বারোজনের কমিটি গড়ে চাঁদা তোলেন। আশপাশের সংগ্রহে কুলোয় না বলে দূরেও লোক পাঠান। প্রায় সাতশো টাকায় সাতদিন জগদ্ধাত্রীর উৎসব করেন। সাফল্যের পরে তাঁরা প্রতি বছর পুজোর সিদ্ধান্ত নেন। পত্রিকা এই ব্যবস্থাকে ‘Barowaree’ বলেছে। পত্রিকার হিসেবে ঘটনাটি প্রায় তিরিশ বছর আগের, অর্থাৎ আনুমানিক ১৭৯০ সালের। নৃসিংহপ্রসাদ ভট্টাচার্যর ‘বঙ্গ সংস্কৃতির এক পর্ব’ বই থেকে আমরা আরও পুরনো সাক্ষ্য পাই। গুপ্তিপাড়ার ঊষানাথ মুখোপাধ্যায়ের বাড়িতে দ্বিতীয় বছরের পুজোর ফর্দ পাওয়া যায় সেটা ছিল। সাল ১১৬৭ বঙ্গাব্দের, অর্থাৎ ১৭৬০। বিনয় ঘোষও তার উল্লেখ করেছিলেন। নৃসিংহপ্রসাদ লিখেছেন, “এই ফর্দের অস্তিত্ব স্বীকার করিলে সিদ্ধান্ত করিতে হয় বঙ্গের প্রথম বারোয়ারী গুপ্তিপাড়ার ‘বিন্ধ্যবাসিনী’র উদ্ভবকাল ১১৬৬ সন অর্থাৎ ১৭৫৯ খ্রীষ্টাব্দ।” পরে ফর্দটি হারিয়ে যায়। ফলে দুই হিসেবের অমিল তাই মেটে না। তবে উভয় বিবরণেই গুপ্তিপাড়ার বারোয়ারির গোড়ায় জগদ্ধাত্রী আছেন। আনন্দলাল লিখেছেন, ‘ইহার অন্তত ৫০ বৎসর পূর্ব হইতে জগদ্ধাত্রী পূজা বাংলাদেশে প্রচলিত আছে।’ তাঁর যুক্তি, বারোয়ারির আগে উপাসনা চলত।
নৃসিংহপ্রসাদ চাঁদা সংগ্রহর এলাকাও জানিয়েছেন। ব্রাহ্মণরা ছোট দলে বর্ধমান, হুগলি, কলকাতা, মেদিনীপুর, এমনকী, সাঁওতাল পরগনায় যেতেন। সচ্ছল গৃহস্থরা বাৎসরিক বরাদ্দ রাখতেন। গ্রামের পুজো চালাতে উদ্যোক্তারা বহু এলাকার দাতাকে যুক্ত করেছিলেন। তাঁর গ্রন্থের টীকায় ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’-র মে ১৮২০ সংখ্যার ১২৯–১৩০ পৃষ্ঠা থেকে উদ্ধৃতি আছে: ‘Within a few miles of the metropolis more than ten of these subscription assemblies were annually formed. The most renowned are those at Bulbhipore, Konnagore, Ooloo, Gooptipara, Chogda, and Shreepore.’ অর্থাৎ, কলকাতার কয়েক মাইলের মধ্যে উদ্যোক্তারা বছরে দশটিরও বেশি চাঁদার আয়োজন করতেন। পত্রিকা বল্লভপুর, কোন্নগর, উলা, গুপ্তিপাড়া, চাকদহ ও শ্রীপুরের নাম করেছে। আনন্দলাল ১৮৪৬ সালের ‘ক্যালকাটা রিভিউ’ থেকেও চাকদহের মাঠে গুপ্তিপাড়ার ব্রাহ্মণদের বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ এনেছেন।

বলাগড়ের পক্ষে তিনি ২০ নভেম্বর ১৮১৯, ৬ অগ্রহায়ণ ১২২৬-র ‘সমাচার দর্পণ’ থেকে উদ্ধৃত করেছেন, ‘মোকাম বলাগড়ের নিকটবর্তী শরীদুর গ্রামে প্রতি বৎসর কার্তিকী পূর্ণিমাতে বারোয়ারী।’ এখানে দেবীর নাম নেই। আনন্দলাল সংবাদটিকে গণেশজননী পুজোর স্মৃতির সঙ্গে মিলিয়েছেন। সংবাদটি পুরনো বারোয়ারির সাক্ষ্য দেয়; তবে দেবীর পরিচয় নিশ্চিত করে না। কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গে আনন্দলাল একটি শব্দ ধরেছেন। তাঁর উদ্ধৃত জীবনবিবরণ বলে, ‘তাহার (কৃষ্ণচন্দ্রের) রাজত্বকালেই অতদ্দেশে কালী, জগদ্ধাত্রী প্রভৃতি দেবীর পূজা প্রচার হয়।’ জীবনীকার ‘প্রচার’ বলেছেন, প্রথম প্রবর্তন বলেননি। রাজার পৃষ্ঠপোষকতায় পুজো ছড়াতে পারে; প্রথম প্রবর্তকের দাবি আলাদা প্রমাণ চায়। আনন্দলাল আরও লিখেছেন, ‘তিনি ইহা প্রবর্তন করেন নাই। নিজের বাটীতেও জগদ্ধাত্রীপূজা করেন নাই।’ রাজবাড়ির সমকালীন হিসেব ছাড়া এই সিদ্ধান্ত নিশ্চিত করা কঠিন। তবে তাঁর পরের আপত্তি স্পষ্ট। তিনি ১৭ অক্টোবর ১৮২৯-এর ‘সমাচার দর্পণ’ থেকে উদ্ধৃত করেন, ‘রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথমতঃ এই উৎসবে বড় জাঁকজমক করেন।’ সংবাদটি দুর্গোৎসবের। তা দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা প্রমাণ করা চলে না।
কৃষ্ণচন্দ্রের স্বপ্নকাহিনির এক পাঠে আলিবর্দি, অন্য পাঠে মীরকাশেম তাঁকে বন্দি করেন। মুক্তির পরে দুর্গাপুজো হারানোর দুঃখে রাজা কাতর হন; দেবী স্বপ্নে কার্তিকে পুজোর নির্দেশ দেন। নবাবের নাম ও সময় বদলালে কাহিনিটি দিয়ে প্রতিষ্ঠাবর্ষ স্থির করা কঠিন।
গিরিশচন্দ্রের প্রসঙ্গে আনন্দলাল ‘নদীয়া কাহিনী’ থেকে উদ্ধৃত করেছেন, ‘রাজা গিরিশচন্দ্র শেষ জীবনে দেবী আরাধনায় নিরত হন। তাঁহার সময়ে শান্তিপুরের নিকটবর্তী ব্রহ্মশাসন গ্রামের চন্দ্রচূড় নামা পণ্ডিত তন্ত্রশাস্ত্র মন্থন করিয়া জগদ্ধাত্রী মূর্তি প্রকাশ করেন ও তদনুরূপ পূজা পদ্ধতি প্রণয়ন করেন।’
একই গ্রন্থে গিরিশচন্দ্রের আগেই উলার মহাদেব মুখোপাধ্যায়ের পুজোর বিবরণ আছে। তাই আনন্দলাল প্রশ্ন তুলেছেন। প্রতিমার রূপ ও পদ্ধতি নির্ধারণকে প্রথম উপাসনা বলা যায় না। সুজান এস. বিনও কৃষ্ণচন্দ্রকেন্দ্রিক উৎসকাহিনির দুর্বল ঐতিহাসিক ভিত্তি আলোচনা করেছেন। আনন্দলালের আপত্তিকে তাই নিছক পারিবারিক পক্ষপাত বলে সরানো চলে না। কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার বিবরণে ঘট-পটে পুজো, গোয়ালাদের অর্থসাহায্য ও পরে প্রতিমা আনার কথা আছে। রাজবাড়ির সঙ্গে পাড়ার উদ্যোগও দেখতে হবে। চন্দননগরের প্রচলিত একটি মত দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীকে প্রবর্তক বলে; অন্য বিবরণে দাতারাম সুরের নাম পাই। চাউলপট্টি ও কাপড়েপট্টির বিবরণে ব্যবসায়ীদের ভূমিকা আছে। কাপড়েপট্টির প্রচলিত প্রতিষ্ঠাবর্ষ ১৭৬৮। চাল-ব্যবসায়ীদের সঙ্গে মতভেদের পরে কাপড়-ব্যবসায়ীরা পৃথক পুজো করেন— এটাই প্রচলিত কাহিনি।

কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নকশা’-য় গুপ্তিপাড়া, শান্তিপুর, উলার বারোয়ারি প্রসঙ্গে লিখেছেন, ‘এতে টক্কাটক্কিরও বিলক্ষণ চলেছিল।’ নৃসিংহপ্রসাদের গ্রন্থের টীকায় বড় প্রতিমাকে চাকার ওপর বসিয়ে নিয়ে যাওয়ার উল্লেখও আছে। প্রতিমা বড় করলে খরচ বাড়ত, বিসর্জন কঠিন হত। সুতরাং, জগদ্ধাত্রী পুজোর শুরু থেকেই এই জগদ্ধাত্রী ঠাকুরকে নিয়ে প্রতিযোগিতা ছিলই। সেই ঐতিহ্য এখন চন্দননগর, ভদ্রেশ্বর ও মানকুণ্ডুর বড় প্রতিমার ইতিহাসের মধ্যে বিদ্যমান। বলরাম মুখোপাধ্যায় বংশের বিবরণ অনুসারে, পুজো বলাগড় থেকে কলকাতার হরিতকীবাগানে আসে। ঘট-পটের পাশে প্রতিমা আসে। আনন্দলাল তাঁদের বিধান লিখেছেন— নবমীতে প্রথমে সাত্ত্বিকী, মধ্যাহ্নে রাজসী, সন্ধ্যায় তামসী পুজো। পরিবার পশুবলি দেয় না; গীতবাদ্যও নিষিদ্ধ রাখে। তিনি সপ্তমী থেকে তিন দিন পুজো ও দশমীতে বিজয়ার বিকল্প বিধানও উল্লেখ করেছেন।
কিন্তু আনন্দলাল মুখোপাধ্যায় নিজের পূর্বপুরুষ বলরাম ঠাকুরকে জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রবর্তক বলেননি। বরং তিনি গুপ্তিপাড়া ও চাকদহের বারোয়ারির পরে বংশের পুজো শুরুর কথা অনুমান করেছেন। আনন্দলাল এক্ষেত্রে এখানে নিজের বংশের দাবি আলোচনার সময় অনুমানকে অনুমান বলেছেন।
সুতরাং, জগদ্ধাত্রী পুজোর মানচিত্র নির্মাণ করতে গিয়ে এই পুজোর স্থানাঙ্ক বিশ্লেষণ করতে গিয়ে কয়েকটি পথ কিন্তু স্পষ্ট। যেমন জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে রাজ-পৃষ্ঠপোষকতা অর্থ ও মর্যাদা জুগিয়েছিল। তেমনই, উত্তরাধিকারসূত্রে পারিবারিক পুজোগুলো জগধাত্রীর ঐতিহ্যকে ধরে রেখেছে বারোয়ারির উদ্যোক্তারা কমিটি, চাঁদা ও বাৎসরিক বরাদ্দের মাধ্যমে, একজন পৃষ্ঠপোষকের ওপর নির্ভরতা কমানোর পথ কমিয়ে দিয়ে। খরচ ও দায়িত্বের প্রশ্নে সাধারণ মানুষকে যুক্ত করা কম কথা নয়। এই অর্থে জগদ্ধাত্রীর উৎসব আরও মানুষের আয়োজন হয়ে ওঠে; গণতান্ত্রিক উদ্যোগের নতুন সম্ভাবনা। তবে একথাও ঠিক, ব্রাহ্মণ উদ্যোক্তা ও সচ্ছল দাতাদের প্রাধান্য ছিল এখানে বেশি। সুতরাং সবার অধিকার সমান কি না, এ-প্রশ্ন তোলা এক্ষেত্রে ভুল নয়।
ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১৬৪তম সূক্তের ৪৬তম মন্ত্রে ঋষি এক সত্তার বিভিন্ন দেবনামের কথা বলেছেন। একই দেবীকে ঘিরে বহু জনপদ যে যার মতো ইতিহাস নির্মাণ করেছে। বরং কোনও এক প্রতিষ্ঠাতার নাম দিয়ে তাদের সবার কথা বলা যায় কী? যায় না। আমরা ইতিহাসের পরিপ্রেক্ষিতে যতবার মানুষের কাজের হিসেব খুঁজি, ততবার দেবীর ইতিহাসে নতুন-নতুন ঠিকানা উৎস নির্মাণের সন্ধান পাই। জগদ্ধাত্রী পুজোর উৎস খোঁজা থেকে তার মানচিত্র গড়ার প্রসঙ্গে সবশেষে একটা কথাই বলব ‘একং সদ্বিপ্রা বহুধা বদন্তি।’— সত্য এক, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন।



