অভিনয় নিয়ে

২০০৩ সালে আমার সঙ্গে সৌমিত্রকাকুর প্রথম কাজ। একটি টেলিফিল্ম, নাম ‘অসমাপ্ত’। এই টেলিছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছিলেন কৌশিক সেন ও ইন্দ্রাণী হালদার‌‌। এই ছবিরই শুটিং চলাকালীন, তৃতীয় দিনে সম্ভবত, আমাকে একটি বই তিনি উপহার দেন‌। বইটির নাম ‘অভিনেতা: প্রবণতা, প্রস্তুতি, পরিণতি’। বইটি পড়ে আমি ওঁকে একদিন ফোন করলাম। বললাম, ‘আমার বেশ কিছু প্রশ্ন আছে এই বিষয়ে, একদিন আপনার কাছে যেতে চাই।’ উনি আসতে বললেন। সেইদিন অনেক কথা হল এই বিষয়ে‌। সেইদিন ওঁর বাড়ি থেকে যখন বেরচ্ছি, তখন বললাম, ‘আপনার একটা ভিডিও ইন্টারভিউ করা সম্ভব?’ উনি বললেন, ‘কী বিষয়ে?’ আমি বললাম, ‘এই ফিল্ম অ্যাক্টিং নিয়েই আর কী!’ উনি এককথায় রাজি হয়ে যান। তখনই এই ইন্টারভিউটা করা। তাছাড়া, এই সময়েই, ‘আজকাল’ পত্রিকার পূজাবার্ষিকী-তে একটি প্রবন্ধ লেখেন সৌমিত্রকাকু, ‘বাংলা ছবির সংকট এবং’ শিরোনামে। সেই লেখায় ‘অসমাপ্ত’ টেলিফিল্মটির উল্লেখ করেন, এবং অভিনয় প্রসঙ্গে দীর্ঘ আলোচনা ছিল। সেই সময়ে আসলে ওঁর মধ্যে অভিনয় সংক্রান্ত এই ভাবনাগুলো চলছিল, সেই জন্যই বোধহয় ওঁর সাক্ষাৎকারটা এত প্রাণবন্ত হয়েছিল। সেই ভিডিও সাক্ষাৎকারই লিখিত আকারে প্রথম প্রকাশিত হল ডাকবাংলা.কম-এ।

‘অসমাপ্ত’ টেলিফিল্মের শুটিংয়ে অতনু ঘোষের সঙ্গে

১৯৫৯ সালে আপনি যখন প্রথম ফিল্মে অভিনয় করতে এলেন, সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এ, তার আগে থেকেই আপনার কিন্তু ফিল্ম অ্যাক্টিং সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েই গিয়েছিল, তার কারণ আপনি বেশ কিছু বিদেশি ছবি তার আগে দেখেছেন এবং সেই সময় যেসব ভারতীয় ছবি, বলতে গেলে, একটা নতুন ধারার প্রবর্তন করেছিল অভিনয়ের ক্ষেত্রে, ‘পথের পাঁচালী’, তারপরে ‘অপরাজিত’ ইত্যাদি সেগুলো আপনাকে কোনও না কোনওভাবে ইনফ্লুয়েন্স করেছিল— আমি প্রথমে জানতে চাইব যে, সিনেমা সম্পর্কে আপনার এই যে কৌতূহল বা এই যে ইন্টারেস্ট, সেটা কীভাবে শুরু হয়? 

ছোট থেকে সিনেমার পোকা ছিলাম, ভীষণ সিনেমা দেখতাম এবং ভারতীয় সিনেমাতে, আমার ভয়ংকর অ্যাডমিরেশন যাঁদের নিয়ে তখন থেকেই ছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন বলরাজ সাহানি। এবং আমার তো মনে হয় বলরাজ সাহানি এখনকার মাপেও অত্যন্ত ভাল সিনেমা-অভিনেতা।

‘দো বিঘা জমিন’ ছবিতে বলরাজ সাহানি

মানে সেই সময়ের, ‘দো বিঘা জমিন’ ইত্যাদি…

হ্যাঁ, এরকম বহু ছবি দেখেছি। আর যাঁদের আমার ভাল লাগত, সেই অভিনয়ের স্বাভাবিকতার কারণেই, আমার তো মনে হয় এখনও অবধি ওরকম মানের অভিনেতা কমই রয়েছেন, যেমন যোগেশ চৌধুরী কি কানুবাবু। এঁদের খুব-খুব ভাল লাগত, কিন্তু তবুও, নিজে ঠিক হদিশ পেতাম না যে আমার কী করা উচিত। হ্যাঁ, স্বাভাবিক অভিনয়ের দিকে আমার ঝোঁক ছিল, ওঁদের দেখে ভাল লাগত, এই অবধিই। কিন্তু সেই চোখটা আমার খুলে দিয়েছিল ‘পথের পাঁচালী’, সুতরাং, তুমি যদি বলো যে, আমার নিজের অভিনয় করার আগে থেকেই আমার ধারণা স্বচ্ছ ছিল, তাহলে বলতে হয়, সেই স্বচ্ছতাটা এসেছিল কিন্তু ‘পথের পাঁচালী’-র পর। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘জলসাঘর’, ‘পরশপাথর’— আমি আসার আগে যে চারটি ছবি হয়েছে সত্যজিৎ রায়ের, সেইগুলো থেকেই আমার মনের মধ্যে একদম একটা পরিষ্কার ছবি এসে গিয়েছিল যে, এইটি সিনেমার অভিনয়। এখানে কোনও থিয়েটার নেই, এখানে এমনকী, পুরনো বাংলা সিনেমার কোনও হ্যাংওভার নেই, এইটা আমার মনে হয়েছিল এই ছবিগুলো দেখে।

বাংলা সিনেমায় যে অভিনয়টা শেষ পর্যন্ত, ‘পথের পাঁচালী’ প্রতিষ্ঠা করল, যে, এইটে সিনেমার অভিনয়— তার সূতিকাগার কিন্তু বাংলা থিয়েটারে, একদম থিয়েটারের জন্মলগ্ন থেকেই ছিল। অর্ধশেখর মুস্তাফী তাঁর স্বাভাবিক অভিনয়ের জন্যই বিখ্যাত ছিলেন, তাঁরই শিক্ষার ধারা ওই যোগেশ চৌধুরী প্রমুখের মধ্য দিয়ে বয়ে এসেছে। ওই দিকটা ছিল, আরেকটা অভিনয়ের দিক ছিল, যেটা থিয়েট্রিক্যাল, সেটা থিয়েটারের জন্যই। সেটা হচ্ছে, যখন দরকার স্টাইলাইজড, যখন দরকার ন্যাচারালিস্ট। কিন্তু যোগেশ চৌধুরী বা অর্ধেন্দু মুস্তাফী, এঁদের শৈলীটাই ছিল ভীষণ স্বাভাবিক। তারপরে আমার মতো একজন ছাত্র যদি ‘পথের পাঁচালী’ দেখতে পায়, তখন তাঁর মনে হবে, শুধু স্বাভাবিকতা নয়, এর মধ্যে কতটা কম করে কতটা বেশি বলা যায় এই শিক্ষাটাও জরুরি। সত্যি কথা বলছি, আমি একসময় যখন ছাত্র অবস্থায়, অনেক পেন্টিং-টেন্টিং নিয়ে ভেবেছি…

পেন্টিংয়ের একটা প্রভাব তো আপনার মধ্যে ছিলই…

হ্যাঁ। অনেক পেন্টার বন্ধু ছিল আমার সেসময়, সেইরকম একজন বন্ধু আমাকে ‘চাইনিজ আই’ বলে একটা বই পড়তে দিয়েছিল। তাতে একটা কথা পেয়েছিলাম, সেটা আজ অবধি আমার কাছে মনে হয়, শিল্পের মূল মন্ত্র, যে, মিনিমাম স্ট্রোকে ম্যাক্সিমাম এফেক্ট। সেটা পেন্টিংয়ের ক্ষেত্রে বলা হয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে, অভিনয়ে এটাকে আমি কী করে আনতে পারি।

আপনি এত বছর ধরে বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন। বিদেশের ছবির সঙ্গে আপনার একটা রেগুলার যোগাযোগ আছে। তো এই বিদেশের এখনকার যে সিনেমা আর কী, আমরা জানি যে, প্রযুক্তিগত দিক থেকে তার একটা বিরাট পরিবর্তন হয়েছে, ‘ইন টার্মস অফ টেকনোলজি’, কিন্তু অভিনয়-ধারার দিক থেকে কি কোনও পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়?

খুব বেশি হয়নি। যেটুকুন এই ছবিগুলোর মধ্যে দেখি, এই যে ভয়ংকরভাবে প্রযুক্তিনির্ভর যেসব ছবি, মেক-আপের অসাধারণ সমস্ত কৃতিত্ব এর মধ্যে দেখতে পাই, কিন্তু আমার মনে হয় অভিনয়ের দিকটা একটু সাফার করছে। আমার নিজের মনে হয়। সেখানে অভিনয়কে চড়া দাগে নিয়ে যেতে বাধ্য হচ্ছে তারা। কেননা শান্ত ছবি, যেমন ধরো ‘মার্টির’ বলে একটা ছবি যে হলিউডে দেখেছি, কিংবা, ইভেন হাইলি ড্রামাটিক ছবি, কিন্তু কী অদ্ভুত আন্ডারস্টেটমেন্ট, ‘সানসেট বুলেভার্ড’— সেইসব ছবির মধ্যে অভিনয়ের যে স্কিলটা ছিল, কি ধরা যাক ‘লস্ট উইকেন্ড’— সেটা যেন প্রযুক্তিনির্ভর ছবিতে হচ্ছে না। কেননা, তাদের কাহিনি নির্বাচন-টির্বাচনগুলিই অন্যরকম হচ্ছে। এমফ্যাসিসটাই অন্য জায়গায় রয়েছে যেন।

আচ্ছা আপনি এই যে ধরুন ৫০ বছর ধরে অভিনয় করছেন, আপনার কখনও কি মনে হয় যে, এই একটা জায়গায় খুব সিরিয়াস অ্যানালিসিস করা দরকার, সাম সর্ট অফ রেট্রোস্পেকশন…

এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা সদাজাগ্রত প্রহরা যদি না থাকে তাহলে তো এগনোই মুশকিল।

আর অভিনয়টাকে এনজয়ও বোধহয় করা যায় না…

এনজয় করা যায় না তো। তাহলে তুমি অর্ডারি মাল সাপ্লাই দিচ্ছ। আরেকটা জিনিস আমি বলতে পারি যে, আমার নিজের অভিনয়শৈলীর মধ্যে কোনও, খুব কী বলব, কোনও বড়-বড় পরিবর্তন আসেনি, একটা মূলধারা, সেটিই বিবর্তিত হতে, হতে, হতে, হতে অলক্ষে সেটা আরও হয়তো শার্প হয়েছে। এখন যখন আমি একটা সুযোগ পাই, ভাল ছবিতে কাজ করার ক্ষেত্রে মাথার মধ্যে ওইটা কাজ করে যে, আমি কত কম করে কত বেশি বোঝাতে পারব…

‘শাখাপ্রশাখা’-র শুটিংয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে

আপনার এই কথার প্রসঙ্গেই আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে, অনেক সময়ই একজন অভিনেতার কাছে হয়তো এমন কোনও একটা চরিত্র করার অফার এল, যেটা হয়তো লাউড এবং যেটা হয়তো বাই নেচার নরম্যাল নয়, একটা অ্যাবনরম্যাল স্টেট অফ মাইন্ডকে রিপ্রেজেন্ট করছে— এখনই আমার মনে হচ্ছে, যেরকম আপনি ‘শাখাপ্রশাখা’-য় যে চরিত্রটা করেছিলেন, এইরকম একটা চরিত্র করার সময়, এই যে আন্ডারস্টেটেড একটা অ্যাপ্রোচের কথা আপনি বলছেন, এটার সঙ্গে কোনও বিরোধ সৃষ্টি হয়?

বোধহয় না। কেননা, সেইখানে তো চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। অর্থাৎ, আমি সিনেমার মাপটা সেখানে রাখতে পারছি কি না, একটা অন্য ফ্রেমওয়ার্ক সেটা। আমি সেখানে যদি সেই অপ্রকৃতিস্থ চরিত্রকে অপ্রকৃতিস্থের মতোই অভিনয় করি, তাহলে সেটা লোকের চোখে বাড়াবাড়ি ঠেকবে। একদম সম্পূর্ণ স্বাভাবিক মনে হবে তখনই, যখন কেবলই একটা মানুষের অদ্ভুত বিহেভিয়ার আমি দেখাচ্ছি। এটার জন্য তখন সচেতনভাবে চেষ্টা করতে হয়। এই ধরো তুমি ‘শাখাপ্রশাখা’-র উল্লেখ করলে, আমি আরেকটা ছবির উল্লেখ করছি, সে-ছবিটা ওই স্বাভাবিকের মাটিতেই দাঁড়িয়ে, জীবনের ভূমিতেই দাঁড়িয়ে, কিন্তু তার চরিত্রটাই কখনও-কখনও চড়া সুরের। সে হচ্ছে ‘কোনি’-র খিদ্দা। সে প্রায় একটা ড্রামাটিক পার্সন।

মাঝে-মাঝে হিস্টেরিক্যাল হয়ে যায়…

হ্যাঁ, সে হিস্টেরিক্যাল হয়ে যায়, সে যখন ইনস্পায়ার করে, সে বাঁশ নিয়ে তাড়া করে, এসব নানারকম রয়েছে। প্রায় সেমিভায়োলেন্ট অ্যাকশন পর্যন্ত ঘটে তার কার্যকলাপের মধ্যে। সেখানেও কিন্তু ওই মাত্রাটা রাখতে হয় যে, আমি এমন কিছু করব না, যেটা স্বাভাবিক বলে আর ঠেকবে না। টিভিতে তো আজকাল আকছার দেখতে পাই, বহু ছেলেমেয়ে কী সুন্দর নরম্যালি কথাবার্তা বলে, ক্যাজুয়াল কথাবার্তা বলে। বাট আই সাপোজ ইট ইজ নট টেস্ট অফ অ্যান অ্যাক্টর। অনলি প্রাইমারি টেস্ট। তুমি অত্যন্ত প্রবল ইমোশনের সময় স্বাভাবিক থাকতে পারছ কি না, স্বাভাবিকভাবে সেটা দেখাতে পারছ কি না। প্রবল ক্রোধ, প্রবল দুঃখ তুমি কীভাবে দেখাবে…

সেটা মানুষের জীবনেরও পাঠ।

হ্যাঁ, জীবনের পাঠ। আমার পাশেই যখন একটা মরে যাওয়া ছেলের মা কাঁদতে থাকে, সে জীবনের থেকে অনেক বড় করে কাঁদে, এমনি, সাধারণ যে জীবন, তার থেকে। কিন্তু তাকে এত অনুপঙ্ক্ষভাবে দেখতে হবে, এবং দেখে আমার মাথার মধ্যে রেজিস্টার করে রাখতে হবে, যাতে অভিনয়ের সময় সেটিই তুলে ধরব, যাতে দেখে শুধু মনে হবে, বাহ এটা তো সত্য। ইয়ার্ডস্টিকটা ফাইনালি, সমস্ত জীবনের মতো, সমস্ত আর্টেরই মতো— সত্য। সত্য কি না, সেই ডেলিনিয়েশন ট্রুথফুল কি না, সেটাই আসল।

অভিনয় মানেই হচ্ছে কিছুটা ইমোশন এবং কিছুটা ম্যাথমেটিক্স, কতটা ম্যাথমেটিক্স আর কতটা ইমোশন?

পার্থক্য করা খুব সহজ। একটা ক্রাফট তো আছেই। ধরো, যে লোকটা কুমোর, যে একটা কলসি গড়ে, সে তো যুগ-যুগ ধরে তার পরম্পরায় সেই ক্রাফটটা বহন করে আসছে। কিন্তু দু-চার জনের হাতে তো আরও মজার কলসি তৈরি হচ্ছে। অভিনয়ও সেইরকমই। হ্যাঁ ক্রাফটটার একটা দরকার আছে। আমার এই ৫০ বছরে একজন নভিশের থেকে আমি একটা মাত্র পা এগিয়ে আছি। আমি জানি, আমি সেখানে এগিয়ে আছি। সেটা হচ্ছে যে, ৫০ বছর ধরে প্র্যাকটিস করে ক্রাফটা আমার এতটা দখলে এসেছে যে, আমি ওই জায়গাটুকুতে এগিয়ে। করবেট বলেছিলেন না যে, একটা তেড়ে আসা ম্যানইটারকে ভয় পায় না, এরম লোক পৃথিবীতে নেই। খালি আমার অনন্ত অভ্যাসে, আমি গুলিটা চালাতে-চালাতে এমন একটা অভ্যাস করতে পেরেছি যে, আমি এখন মনে করতে পারি যে, বাঘটার পায়ের যেখানে গুলিটা চালাতে চাইব, গুলিটা সেখানে যাবেই। আমারও ওইটুকুন অ্যাডভান্টেজ। এক্সপ্রেশনের দখলটা, আমি যেটা করতে চাইব, আমার গলাটাকে যেখানে নিয়ে যেতে চাই, সেখানে নিয়ে যেতে পারব, আমার এক্সপ্রেশনটাকে সেখানে নিয়ে যেতে পারব। হ্যাঁ, আমার ইভেন যে একটা অভিনয়ের বল, সেটা নাটকের বলও বলতে পারো বা সিনেমার বল, সেখানে একটা প্রধান কম্পোনেন্ট হচ্ছে, চকিত চমক। যেটা অভাবিত। ছিল একটা কিছু, একটা নতুন জিনিস এসে গেল। সেটিকে অভিনয়ে সত্যি সত্যি আনা, এটা নিয়ে খুব কম লোকই ভাবে। এরকম অনেক সময় হয় যে, একটা ভীষণ ইমোশনালি চার্জড কি খুব ইন্ট্রিকেট থিংকিংয়ের, মননের একটা সিন, সেটা করেও কিছুদিন মন থেকে সেটা বের করতে পারছি না, এরকম হয়তো বেশ কয়েক ঘণ্টা গেল, এটা কী এই করলে ভাল হত, ওই করলে ভাল হত, এরকম ভাবতে-ভাবতে। শিশিরবাবুর একটা ‘রসরসিক’ না এই ধরনের কী একটা প্রবন্ধ ছিল, খুব কমই তো লিখেছেন, তাতে উনি বলেছিলেন যে, যখন আমি লব-কুশের জন্য সেই ব্যাকুল হয়ে ওই সংলাপ বলি— ‘কার কন্ঠস্বর, কার কন্ঠস্বর’ করে, যখন তাদের আবার কাছে টেনে নিই, সেই সময় যেমন আমি আমার অন্য অনুভূতিটাকেও সেখানে প্রকাশ করি, তেমনই সেই সঙ্গে আমার মন সতর্ক থাকে যে, লাইটটা আমার ঠিক মুখে পড়ছে কি না।

সৌমিত্র চট্টোপাধ্যায়

যখন টেলিভিশন এল, আপনাদের কি এক্সপেক্টেশন ছিল এই মিডিয়ামটার ওপর?

খুবই এক্সপেক্টেশন ছিল। আমার তো ছিল। আমি টেকনিক্যালিটি জানি না, কিন্তু আমি ইন্সটিংক্টিভলি বুঝতে পারি যে, যে ডিসটেন্সে বেশিরভাগ সময় টেলিভিশন ক্যামেরা আমার কাছে আসে, সেই ডিস্টেন্সটা সবসময় সিনেমায় আসে না। সেখানে দরকারমতো সেই এমফ্যাসিসটা আনা হয়। আমাদের এক বন্ধু ঠাট্টা করে বলে যে, টেলিভিশন অ্যাক্টরস হ্যাভ নো লেগ। বেশিরভাগ সময়েই যেহেতু আমি ক্লোজ, সুতরাং আমার মাপটাকে কন্টিনিউয়াসলি ওইখানে রাখতে হয়েছে। টেলিফিল্ম সম্বন্ধে আমার আশা প্রবল। কেননা, প্রথম কথা যে, এখানে একটা সম্পূর্ণ কিছু সৃষ্টি হচ্ছে। সেটার শুরু এবং শেষ শুরু আছে। আদি আছে, মধ্য আছে, অন্ত আছে— সেইজন্য আমাদের অভিনেতাদের পক্ষে এইটি হচ্ছে অভিনয় করার জায়গা, যেখানে একটা চরিত্রায়ন করতে পারব। শুধু হাসির জায়গায় হাসতে পারি, কান্নার জায়গায় কাঁদতে পারি, রাগের জায়গায় ভীষণ জোরে চেঁচিয়ে রাগ দেখাতে পারি— এইটা একটা অভিনেতার ফাইনাল কোনও ক্রাইটেরিয়া হতে পারে না। এই কয়েক বছরের মধ্যেই বহু টেলিফিল্ম-মেকার ভিন্নতর সাবজেক্ট বেছেছেন, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। তাঁদের টেলিফিল্মের মানও সেরকম। দে আর অন বর্ডারলাইন অফ এক্সপেরিমেন্টেশন। সেই বর্ডারলাইন তাঁরা ক্রস করে মাঝে-মাঝে এক্সপেরিমেন্ট করতে পারছেন, যেটা বাংলা ফিল্মে করা দুঃসাধ্য হয়ে উঠেছে। টাকা এবং অনেককিছুর কারণে। কিন্তু তাঁরা টেলিভিশনে ছোট পরিসরের মধ্যেই তা করছেন। সুতরাং, আমি টেলিফিল্ম যাঁরা করেন, তাঁদের দিকে তাকিয়ে আছি। মাঝে-মধ্যে আমিও তো একটা-দুটো এরকম অপরচুনিটি পাচ্ছি, এক-দুটো ভাল কাজ করার।