কোন পথে ফ্রান্স?
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে, দেশ-দুনিয়ার খবরে ফ্রান্সের কথা বারবার ঘুরেফিরে আসছে। শিক্ষা-সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে স্কুলপড়ুয়াদের বিক্ষোভ, অল্প কিছুদিনের মধ্যে এক বৃহত্তর গণআন্দোলনের চেহারা নিয়েছে। ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বহুদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নেই। ১৭ সেপ্টেম্বর, প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইয়ের একটি স্কুলে শিক্ষকরা ধর্মঘট শুরু করেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষক ও কর্মচারীর অভাব, পরিকাঠামোর বেহাল অবস্থা এবং উচ্চশিক্ষায় সুযোগের সীমাবদ্ধতা, নতুন প্রজন্মের মধ্যে হতাশা তৈরি করেছে। যার ফলে স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকেরাও বিক্ষোভে শামিল হয়। স্কুলের গেট আটকে, তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং উন্নত পরিকাঠামোর দাবি জানায়। প্রতিবাদের ছবি ও ভিডিও রাতারাতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর দেশের অন্যান্য স্কুলেও আন্দোলন শুরু হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রায় ১৮০টি স্কুলে একইরকম বিক্ষোভ ও অবরোধ সংগঠিত হয়। অক্টোবর মাসে আন্দোলনের পরিসরের বিস্তার বিশ্বরাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে অতিরিক্ত মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে মজুরির অনিশ্চয়তা, সরকারি পরিষেবার অবনতি এবং শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনযাত্রার খরচ ক্রমশ বেড়ে চললেও সেই অনুপাতে আয় বাড়েনি। তাই স্কুলপড়ুয়াদের আন্দোলন দিয়ে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, তা একে একে শিক্ষক, শ্রমিক, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-সহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন হয়ে উঠেছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পুলিশ আন্দোলনরত ছাত্রছাত্রীদের নির্বিচারে আটক করে। কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ছয় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করার কথা জানায় ফ্রান্সের প্রশাসন। তাঁদের মধ্যে অধিকাংশই ছাত্র। শিক্ষা ও স্কুল-পরিকাঠামোর দাবির পাশাপাশি পুলিশের দমননীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধেও প্রতিবাদ জোরালো হয়ে ওঠে।
আরও পড়ুন: নেতানিয়াহুর পরাজয়, অতঃকিম? লিখছেন শুভরঞ্জন দাশগুপ্ত…
১৭ অক্টোবর ছিল আন্দোলনের মোড় ঘোরানোর দিন। ওই দিন পড়ুয়াদের পাশাপাশি বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা রাস্তায় নামেন। সারা দেশে প্রায় আট লক্ষ মানুষ বিক্ষোভে অংশ নেন। দেশের একাধিক বড় শহরে মিছিল, অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক শক্তি একজোটে পথে নামে। ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, শ্রমিক, বেকার যুবক, সরকারি কর্মচারী এবং ২০১৮ সালে ফ্রান্সে আলোড়ন তোলা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সমর্থকরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামছাড়া মূল্যবৃদ্ধি, স্বল্প মজুরি এবং সরকারি পরিষেবার অবনতির বিরুদ্ধে তাঁদের ক্ষোভ, অচিরেই প্রতিরোধের অভিমুখ তৈরি করে ফেলে।
২০১৮ সালে জ্বালানির ওপর করবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলন, পরবর্তীকালে ফ্রান্স সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বৃহত্তর গণবিক্ষোভ গড়ে তুলেছিল। সেই আন্দোলনে শ্রমজীবী, গরিব মানুষের ক্ষোভ বিশেষভাবে প্রকাশ পেয়েছিল। চলমান আন্দোলনে ইয়েলো ভেস্ট সমর্থকদের পুনরায় সক্রিয় হয়ে ওঠা তাই ভীষণরকম তাৎপর্যপূর্ণ। ফরাসি মার্কসবাদী লেখক জেহোম মেতেল্যুস, তাঁর ‘France: from 17 October to 5 November— how can we win?’ নামে প্রকাশিত একটি প্রবন্ধে লিখছেন, ১৭ অক্টোবরের আন্দোলন ছিল ফ্রান্সে শ্রেণিসংগ্রাম বিকাশের ক্ষেত্রে একটি জরুরি পদক্ষেপ। ছাত্র ও শ্রমিকের সম্মিলিত উপস্থিতি আন্দোলনকে নতুন রাজনৈতিক সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছিল। তাঁর মতে, আন্দোলনের লক্ষ্য কেবল বিচ্ছিন্ন কিছু দাবি আদায় নয়, বরং সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা অসন্তোষকে সংগঠিত রূপ দেওয়া। এই জায়গায় ট্রেড ইউনিয়নগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের প্রধান শ্রমিক সংগঠনগুলি মজুরি বৃদ্ধি, কর্মসংস্থানের নিরাপত্তা, সরকারি পরিষেবা রক্ষা করার লক্ষ্যে, সম্পদের ন্যায্য বণ্টনের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছে। ৫ নভেম্বর দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ এবং প্রশাসনের কর্মীরাও রাস্তার দখল নেবে। ছাত্র সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের সমর্থকরাও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সরকারের বিরুদ্ধে মানুষের এই বিদ্বেষ নতুন নয়। তাঁর শাসনকালে পেনশন সংস্কার থেকে শুরু করে শ্রমিক-বিরোধী নীতি ও সরকারি পরিষেবার অনুন্নতির বিরুদ্ধে একাধিকবার দেশব্যাপী প্রতিবাদ হয়েছে। ২০২৭ সালে ফ্রান্সের নির্বাচন হওয়ার কথা। তার আগে মাক্রোঁ সরকারের প্রতি মানুষের রাগ-ক্ষোভ এবং আন্দোলনের বিশালতা, রাজনৈতিক দলগুলির অবস্থানকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে মূলধারার মধ্যপন্থী রাজনৈতিক শিবিরের দুর্বলতার সুযোগে, একদিকে অতি-দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি, অন্যদিকে বামপন্থী দল লা ফ্রঁস ইনসমিজ নিজেদের রাজনৈতিক অবস্থান ক্রমাগত শক্তিশালী করার চেষ্টা করে চলেছে। লা ফ্রঁস ইনসমিজের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবিসমূহকে সম্পূর্ণভাবে সমর্থন জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, ফ্রান্সে এই কয়েক মাসে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক পরিস্থিতি, বামপন্থী আন্দোলনের পক্ষে ইতিবাচক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সামাজিক অসন্তোষকে নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে, না কি তাকে সংগঠিত ছাত্র ও শ্রমিক আন্দোলনের শক্তিতে পরিণত করা হবে— এটাই এখন বড় প্রশ্ন। কারণ, কেবল সরকার পরিবর্তন করলেই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিংবা সম্পদের অসম বণ্টনের মতো সমস্যার সমাধান হয় না। তার জন্য প্রয়োজন অর্থনৈতিক ও সামাজিক নীতির মৌলিক পরিবর্তন।
ফ্রান্সের বর্তমান পরিস্থিতি আরও একবার দেখিয়ে দিচ্ছে, শিক্ষা, কর্মসংস্থান, মজুরি ও জীবনযাত্রার মানের প্রশ্নগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে পর্যাপ্ত কর্মী নেই, শ্রমিকের সংসারে টান—এহেন সমস্ত সমস্যার নেপথ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ প্রশাসকের ভূমিকা। তথাকথিত উন্নত দেশগুলির রাষ্ট্রনায়করা গোলটেবিলে বৈঠক করে, নিজের দেশের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে যুদ্ধের খাতে ব্যয়বরাদ্দ বাড়ায়। মুনাফার লোভ আর রক্তের স্বাদ বহুকাল আগেই তাদের অন্ধ করে দিয়েছে। তবু, জনগণ খেপে উঠলে এই শাসকেরা চেষ্টা করে যেনতেন প্রকারেণ আন্দোলনকে সমাজের মূলস্রোত থেকে আলাদা করার। শান্তিপূর্ণ প্রতিরোধ যখন গণরোষের সম্মুখীন হয়ে সহ্যের বাঁধ ভাঙে, তখন প্রতিবাদীদের দেশদ্রোহী হিসেবে দাগিয়ে দেওয়ার চল ছোট-বড় সব দেশেই সমান। ফ্রান্সেও তেমনই হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অক্টোবরের তুলনায় ফ্রান্সে স্কুল অবরোধের সংখ্যা কমেছে। ২ নভেম্বর ফ্রান্সের শিক্ষা মন্ত্রক জানিয়েছে, ৪১টি স্কুল অবরুদ্ধ ছিল বা অবরোধের চেষ্টার মুখে পড়েছিল। তবে ছাত্র সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। ৫ নভেম্বরের দেশজোড়া ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি, আন্দোলনকারীদের একপ্রকার আত্মমূল্যায়নে সাহায্য করবে। এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে ছাত্রছাত্রী, শ্রমিক ও সমাজের অন্যান্য অংশের মধ্যে কতটা স্থায়ী ঐক্য গড়ে ওঠে, তার ওপর। বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় তৈরি করা, অভিন্ন দাবিতে সংগঠিত হওয়া এবং সরকারের দমননীতির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা আশু কর্তব্য।
বিশ্ব জুড়ে অতি-দক্ষিণপন্থী শক্তির উত্থানও উপেক্ষা করার মতো বিষয় নয়। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শক্তিগুলি প্রায়শই মানুষের প্রকৃত অসন্তোষকে, সংখ্যালঘু, অভিবাসী কিংবা সমাজের প্রান্তিক অংশের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করে। ফলে বামপন্থী আন্দোলনের সামনে শ্রমিকশ্রেণির ঐক্য রক্ষার পাশাপাশি বর্ণবৈষম্য, জাতিবিদ্বেষ ও দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে।
২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার পর ইউরোপের দেশগুলিতে নয়া উদারবাদী অর্থনীতি, সরকারি ব্যয়বরাদ্দ কমানো, বেসরকারিকরণের প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। ইউরোপের একাধিক দেশে আর্থিক ঘাটতি কমানোর নামে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় কমানো হয়। এর ফলে শ্রমজীবী, মধ্যবিত্তের ওপর অর্থনৈতিক চাপ বাড়ে এবং সামাজিক নিরাপত্তার প্রশ্নগুলি নতুন করে সামনে আসে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি পুনরায় সাজানো হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সামরিক খাতে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ বাড়াতে শুরু করে। ইউরোপীয় পার্লামেন্টের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সম্মিলিত প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ২১৮ বিলিয়ন ইউরো, যা ২০২৪ সালে বেড়ে ৩৪৩ বিলিয়ন ইউরোতে পৌঁছয়। ২০২৫ সালের ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলি ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত খাতে ব্যয় করবে বলে সিদ্ধান্ত নেয়। অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য, অভিবাসন নিয়ে বিতর্ক এবং প্রচলিত রাজনৈতিক দলগুলির প্রতি মানুষের অনাস্থাকে কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। ফ্রান্সে ন্যাশনাল র্যালি, ইতালিতে জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি, জার্মানিতে অল্টারনেটিভ ফর জার্মানি এবং অন্যান্য দেশে এধরনের রাজনৈতিক শক্তিগুলি নিজেদের প্রভাব বিস্তার করেছে। উগ্র জাতীয়তাবাদ, কাঁটাতার পেরিয়ে নিরুপায় হয়ে আসা অভিবাসী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার তাদের রাজনীতির হাতিয়ার। সুদূর ফ্রান্স থেকে ভারত— সর্বত্র অর্থনৈতিক ও সামাজিক সংকটের দায় অভিবাসী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা উগ্র দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য।
কেবল ফ্রান্স নয়, ইতালিতে সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধি, স্বল্প মজুরি, শিক্ষা খাতে অপর্যাপ্ত বরাদ্দ এবং সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক ও ছাত্রছাত্রীদের আন্দোলন তীব্র হয়েছে। ৩০ অক্টোবর ২০২৬-এ দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। রোম, মিলান, তুরিন, বোলোনিয়া ও জেনোয়ার মতো শহরে শ্রমিকদের সঙ্গে ছাত্রছাত্রীরাও রাস্তায় নামেন। তাঁদের দাবিদাওয়ার মধ্যেও ছিল উন্নত সরকারি শিক্ষা, আবাস, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং সামরিক খাতে ব্যয় কমিয়ে জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানো। জার্মানিতে জীবনযাপনের উর্ধ্বমুখী খরচ, অর্থনৈতিক অনিশ্চয়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় সংকোচন, এবং সামরিক পরিষেবা বাধ্যতামূলকভাবে চালু করার প্রস্তাবের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬-এ বার্লিন-সহ জার্মানির ৩৪টি শহরে ছাত্র-যুবরা বিক্ষোভ দেখায়। বার্লিনের আন্দোলন ইউরোপের অন্যান্য দেশের ছাত্র আন্দোলনের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানা যায়।
বিশ্বের এত প্রান্তে, এত মরণপণ লড়াই, এত রক্তপাতের মাঝে, সম্প্রতি নির্বাচনের ফলাফলে একচিলতে সোনালি আলো হাজির করেছে ব্রাজিল। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিতেছে লুলা। জিতেছে ব্রাজিলের আপামর জনসাধারণ। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে, লুলার জয়ের পর দারিদ্র্য কমেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে, একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের প্রসার ঘটেছে। তথ্য বলছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ব্রাজিলে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ-বছর প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে লুলা চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। লুলার এই জয় দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে নির্বাচনী প্রতিরোধও।
ফ্রান্সের রাজপথে আজ যে ক্ষোভের প্রকাশ ঘটছে, তার ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি। আন্দোলন কতটা সংগঠিত হতে পারবে, শ্রমিকশ্রেণি কতটা নেতৃত্বের ভূমিকা নিতে সক্ষম হবে এবং বামপন্থী শক্তিগুলি কতটা কার্যকর বিকল্প রাজনীতি নিয়ে লড়তে পারবে, তার ওপরই আগামীর গতিপথ নির্ভর করছে। তবে আন্দোলনের মেজাজ থেকে এটুকু স্পষ্ট— শুধু শিশুভোলানো প্রশাসনিক আশ্বাস কিংবা কিছু নামমাত্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এই গভীর সমস্যার সমাধান সম্ভব হবে না।




