কয়েকটি কবিতা

Representative Image

নূর

দূরে থাকো
আরও বহুদূরে,

যেন ওই তারার সুদূরে

মনেও পড়ে না কেউ আর

নৈঃশব্দের খুব কাছে
আলো পড়ে

কখন আবার

তোমার গানের পথে

কেউ নয়, নিজেকেই,খুঁটে খুঁটে নষ্ট করি রোজ
অচেনা পাতার মতো কেন হতে পারিনি সহজ
চিরনতুনের রং আকাশের নীল উপকথা
শিরা-উপশিরা দিয়ে কার সঙ্গে হলো এ-সমঝোতা!

তবু যদি বেঁচে উঠি,জেগে থাকি মৃত্যুর ওপার
তোমার গানের পথে জেগে উঠবে পৃথিবীর ভার
প্রার্থনাও মুছে গিয়ে পুড়ে যাবে ভস্মে-লেখা বই
জল-আগুনের হাতে যেন রোজ ব্যবহৃত হই

তোমার গানের পথে দেখি তুমি দূর পথগামী
প্রতিদিন মনে হয়,তোমারও বিনষ্টকারী আমি

একুশে মার্চ

মাঝেমধ্যে তারারা উধাও। শিমুল গাছের পাতা উড়ে আসছে জানালায়। রাঙা মেঘ ভেদ করে চাঁদ উঠেছে ছবির মতো । এ-পাড়ায় তখন লোডশেডিং। ওপাড়ার আলোর জৌলুসে ভেসে উঠছে তোমার মুখ। গুমোট ঘরের ভিতর কোথাকার হাওয়া এসে লাগে। বিকৃত শব্দে অদূরে কারুর মোবাইল বেজে চলল। কিচ্ছুক্ষণ সব নিশ্চূপ। কাদের খিলখিল হাসি। ছাদের কার্ণিশে উঠে এসেছে মেসবাড়ির মেয়েরা।

গোটা আকাশ তখন ওদের দখলে

বেঁচে থাকা

জ্ঞানীমন ঝোলে গাছে
একা একা বসে থাকে
পাহাড়ের দেবতাও

বিকেলের আলো মেখে
শহরের কোন কোনে
বসে বসে দর কষি

কী বা হলো! কিছু হল?
কিছু কি হওয়ার ছিল!
কালচে আকাশে নীল

পাখিরাও উড়ে গেল
গোধূলির লাল থালা
ডুবে গেল ধীরে ধীরে

যেখানেই যাক, আমি
দেখি তাকে ফিরে ফিরে
কোন মুখ খুব প্রিয়

কোন মুখ হাহাকার
কোন মুখে সন্দেহ
কিছু নেই বলবার

কী বা হলো! ভ্রমণের
সরে সরে যাওয়া ছবি
সারাদিন ফিরে আসে

ওই টুকু রেখে থেকে
বেঁচে থাকি সারাদিন
বিকেলের আলো মেখে

টান

বসেছি রাস্তার পাশে, তারপর ফের যেতে থাকি। সবসময় গন্তব্য তো থাকেই তবু চোখে যেন সমুদ্র জাগে

কুয়াশায় আলো ভেসে আছে, আর মাঠ ভেসে আছে মরমি শিশির হয়ে। ওপারে স্টেশন। নতুন ট্রেনের হুইসেল বাজছে। দুইপাশে ভেজা লোহার লাইন কোন অন্ধকারে মিশে গেছে

কিছু একটা ভেবে শুরু করেছিলাম, ছন্নছাড়া। কোন বিন্দুতে পৌঁছতে হবে তখনো জানি না। তখনো বুঝিনি বিন্দু ক্রমে সরে সরে যায় আর বাজে আনন্দ হয়ে বাজে বিষাদের ঢঙে , পৃথিবী হারানো কোন ফাঁদে বেঁধে ফেলে তোমাকে আমাকে

এখন ক্রমশ যত কাছে আসি তত বুঝে উঠি টান, বিদ্যুতের অসম্ভব টান

রোদ

কারা দেখে রোদ নেই,আমি দেখি রোদের উঠান
শাড়ি সায়া ঝুলে আছে,
পেয়ারা পাতার ফাঁকে রোদ এসে
চলে যাচ্ছে অদূর শহরে

নগর-বন্দর নেই, হাতে শুধু নব্য সেলফোন
আলো জ্বলছে, নিভছে আর
ঝড় উঠছে শীতের আকাশে

কারা দেখে ঝড় নেই,আসমুদ্র মনের ভেতর
রক্তমাখা শাড়ি সায়া ঝুলে আছে

আলোকিত উঠানের পাশে