মণিপুরের আগুন

সব পুড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ছে আর আমি? আমরা? নিথর, নিশ্চুপ, নিস্তরঙ্গ। দিব্যি আছি। বহাল তবিয়তে। ঋত্বিক ঘটক হয়তো আমাদের পরিহাস করেছিলেন। আমরা বুঝিনি। অস্ফুটে উচ্চারিত কিছু শব্দ আর সমকালীন ভারত ধাবমান সমান্তরালে, যে ভারতীয় মানচিত্রে বরাবরই ব্রাত্য উত্তরপূর্ব। দীপাবলির প্রদীপে আলোকিত ভূখণ্ডে কোনও এক আলোআঁধারি রহস্যময় পার্বত্য উপত্যকা। যেখানে কুকি-অধ্যুষিত গ্রামাঞ্চলে মেলে কিছু ক্ষতবিক্ষত শরীর। তিনটি দেহ। বুকে শোনিত বর্ণে অঙ্কিত বুলেটের ছাপ। আগেও হয়েছে বারবার। এসবে অভ্যস্ত ওরা! উৎসবও কাটে এভাবেই!

বিভাজনের রং গাঢ় হয় মণিপুরে। ইম্ফল উপত্যকায় মূলত বাস মেইতেই জনজাতির। পার্বত্য অঞ্চলগুলি কুকি, জো কিংবা নাগা উপজাতি দ্বারা বেষ্টিত। মেইতেইরা আনুষ্ঠানিকভাবে উপজাতীয় মর্যাদা পেলে, কুকি সম্প্রদায়ের আশঙ্কা তাদের ওপর কর্তৃত্ব ফলাবে মেইতেই জনগোষ্ঠী। মেইতেইরা মূলত ইম্ফলে থাকলেও, তা যেহেতু রাজধানী, অধিকাংশ সুযোগসুবিধা তারা পেয়ে এসেছে অবস্থানগতভাবে ভৌগোলিক কারণে। উপজাতির তকমা পেলে এবার তারা পার্বত্য অঞ্চলেও জমি কিনতে সক্ষম হবে। অস্তিত্ব সংকট, তথাপি অস্ত্র তুলে নেওয়া। যদিও কয়েক দশক ধরেই মেইতেই, কুকি ও নাগা মিলিশিয়া বাহিনী পরস্পরবিরোধী জন্মভূমির অধিকারের লড়াইতে রাঙিয়ে এসেছে পাহাড়ি ভূখণ্ড। সব পক্ষই কখনও না কখনও সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। বিগত কয়েক বছর ধরে চলা জাতিগত হিংসা এই সমস্যার অনুঘটক মাত্র। সংঘাতের প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে হাজার-হাজার অস্ত্র লুট করা হয়েছিল। তারপর রক্ত ঝরেছে ক্রমাগত। ক্ষতবিক্ষত হয়েছে মানুষগুলো। রাষ্ট্রের তরফে ধেয়ে এসেছে উপেক্ষা। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। বন-ক্ষেত-নদী-ফসল নিয়ে বেঁচে থাকার কথা ছিল। কথা ছিল ফুটবলের পাহাড়ি সাপ্লাই লাইন নির্মাণের। প্রাচীন বৈষ্ণব ধর্মের প্রচারে সৃষ্ট, ধর্ম ও সংস্কৃতির নৈকট্য বাঁধন হওয়ার কথা ছিল একটা জাতির। কিন্তু রাজনীতির থাবা বারবার একবিংশ শতককে ছারখার করেছে।

আরও পড়ুন: কোন পথে ফ্রান্স?
লিখছেন ত্রিয়াশা লাহিড়ী…

৭ এপ্রিল রক্তক্ষয়ী সংঘাতের পর আগুন নেভেনি আজও। তথ্য বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর নাগা-কুকি সংঘর্ষে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। গোটা অক্টোবর জুড়েই বিভিন্ন সময় রক্ত ঝরেছে মণিপুরে। প্রথম সপ্তাহ জুড়ে সন্দেহভাজন-মাত্রই নির্বিচারে গ্রেপ্তার করা হতে থাকে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের। ক্ষোভ বাড়তে থাকে। সারা দেশ যখন উৎসবে মেতে উঠেছে, সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামে মণিপুরের সাধারণ জনগণ। তাঁদের বৃহত্তম উৎসব সাঙ্গাই বয়কটের আহ্বান শোনা যায় দিকে-দিকে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। মেইতেই হিন্দু ও পাঙ্গাল মুসলিমদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। ৯ থেকে ১১ অক্টোবর পরিস্থিতির তীব্র অবনতি ঘটে ও গুলি বিনিময়ের মাঝে একজন মহিলা প্রাণ হারান। জাতীয় সড়ক ২ ও ২০২ অবরোধ করে স্থানীয় জনগোষ্ঠী।

মনে রাখতে হবে, এই রাস্তা দু’টি তাঁদের মূল সংযোগ-মাধ্যম। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা রাজ্য। ১৯ অক্টোবর আবারও মৃত্যু হয় নাগরিকদের। এমনকী, বহু বাড়িতে অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনার অভিযোগও সামনে আসে। প্রশাসনিক তরফে তড়িঘড়ি কারফিউ জারি করা হয়। ক্ষুব্ধ বাসিন্দারা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জমায়েত শুরু করে। বিক্ষোভ এতটাই গুরুতর চেহারা নেয় যে, দু’টি মৃতদেহ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রেখে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। তারপর নভেম্বরের শুরুতে হওয়া সংঘর্ষ। নতুন করে প্রাণহানি। দু’টি পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু। ইম্ফলে হাজার-হাজার মানুষ পথে নামছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। রাষ্ট্রপতি শাসন শেষে ফেব্রুয়ারিতে সদ্য গঠন হওয়া সরকারের প্রতি বিতশ্রদ্ধ ও ক্ষিপ্ত জনতা হেমন্তের মনোরম শৈত্যে টায়ার জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

তথ্য বলছে, এই ক’দিনে দেশের প্রধানমন্ত্রী একবারও মণিপুরে পদার্পন করার সুযোগ না পেলেও, ১৬টি বিদেশ সফর ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন। সেপ্টেম্বরে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার রিপোর্ট, ৬০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন নিজভূমেই, তখন সেই দেশেরই আরেক প্রান্তে ধুমধাম করে আয়োজিত হয়েছে ব্রিকস সামিট। চূড়ান্ত দারিদ্র ও অস্থিরতা গ্রাস করেছে মণিপুরকে। হাইওয়ে ৩৯ তকমা পেয়েছে মানব পাচারের স্থায়ী করিডরের। পরিসংখ্যান বলছে, ফি বছর প্রায় ১৫০০-২০০০ নারী ও শিশু নিখোঁজ হয়ে যায় মণিপুর থেকে, যাদের অধিকাংশেরই গন্তব্য এই রুট। এছাড়াও আছে ভয়াবহ মাদক সমস্যা। বিগত শতাব্দীর ছয়ের দশকে চালু হওয়া ফ্রি মুভমেন্ট রেজিম। ভারত-বার্মা সীমান্তের ১৬ কিলোমিটার ভূখণ্ডে অবাধ বিচরণ।

কিন্তু সেই খোলা সীমান্তই পথ প্রশস্ত করে মাদকের। সঙ্গে বিপুল অস্ত্রপাচার। বিবিধ ড্রাগ সিন্ডিকেটের সাপ্লাই লাইন মণিপুর। আকছার উদ্ধার হয় মেথামফেটামিন, ইয়াবার মতো সিন্থেটিক ড্রাগ। চালান হয় হেরোইন, ব্রাউন সুগারের পাশাপাশি ক্রিস্টাল মেথের মতো ট্যাবলেট। সীমান্তবর্তী বিস্তীর্ণ পাহাড়ি গ্রামগুলোয় জনসমক্ষে চাষ হয় অবৈধ পোস্ত এবং আফিম। নজিরবিহীনভাবে বহু দরিদ্র গৃহস্থ একচিলতে জীবনের সন্ধানে হাতে তুলে নেয় এসপি ক্যাপসুল, এনটেন ট্যাবলেট। তারপর? খিদের লড়াই পরাজিত হয় বারবার। তৈরি হয় দুর্ভেদ্য এক চক্রব্যুহ। যেখানে জীবনচক্রের মতো ঘুরপাক খায় নেশা, অস্ত্র ও অপরাধ। এনসিআরবি-র তথ্য বলছে, নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মণিপুরে। আস্ত মানুষগুলো উবে যাচ্ছে ভারতীয় উপমহাদেশ থেকে। বাড়ির লোক দিন গুনছে আশঙ্কায়, দুশ্চিন্তায়। মেইতেইরা নিষিদ্ধ পাহাড়ে, কুকিরা ব্রাত্য রাজধানী থেকে। এক অদৃশ্য দেওয়াল। যে দেওয়ালের ওপারে অস্থির শৈশব। একটুকরো গাজা, তেহরান কিংবা সিরিয়ার মতো। অসহায় শরণার্থীদের আর্তনাদ। শরণার্থী শিবিরে জন্ম নিয়েছে ৫৫৪টি নব্য প্রাণ। ঘুমভাঙা ভোরে ওরা মায়ের ওম পায়নি, পেয়েছে বারুদের আঁচ। শুনেছে মিসাইলের শব্দ। মাঝরাতে সাইরেনের ভোঁ শুনে কেঁদে উঠেছে। আঁকড়ে ধরেছে মা’কে। পিটপিট চোখে আড়াল থেকে দেখেছে, পিচকালো রাস্তা পেরিয়ে দূরে মিলিয়ে যাচ্ছে সেনাবাহিনীর ট্রাক। যুদ্ধবিদ্ধস্ত এক রণাঙ্গন। আবারও সুযোগ দেয় ওদের। অস্ত্র তুলে নেওয়ার। কিংবা তুলে নেওয়ার বিস্ময়গোলক। রক্তমাখা উপত্যকা থেকে সবুজ গালিচায় পাড়ি দেওয়ার অলীক হাতছানি। হ্যাঁ, এই ঘরছাড়া হাজারও মানুষ ভালবেসেছে ফুটবলকে। ধারাবাহিকভাবে বঙ্গদেশকে পিছনে ফেলে বিগত কয়েক বছরে দেশের সর্বাধিক ফুটবল প্রতিভার যোগান দিচ্ছে মণিপুর। নীল জার্সি গায়ে কত কুঁড়ি ফুটছে, ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে। ধিকি-ধিকি জ্বলতে থাকা মানচিত্র জোড়া লাগাচ্ছে ওরা। রক্তের লাল মুছে স্পষ্ট হচ্ছে নীল জার্সিটা। অসীম, অনন্ত গৃহযুদ্ধের বিপরীতে হার না মানা অঙ্গীকার। এই নীলগ্রহকে শিশুর বাসযোগ্য করে তোলার। আর ভাঙাচোরা, জীর্ণ দেশে রাজনীতির উদাসীনতা উপেক্ষা করে এঁকে দিচ্ছে জন্মভূমির শাশ্বত স্বাক্ষর।