আমরা এখন নিজেদের খুঁজে পেয়েছি, অফুরান শেয়ারের প্লাবনে
আমরা স্থূলতর হয়েছি, বেদনা আর যন্ত্রণা যেন অপসারিত,
খোলাবাজারের পণ্য যত জোর করে গেলানো হচ্ছে এমনকী ঘৃণ্যতম অন্যায়ের উপরেও মূল্যহ্রাস ঘোষিত।
(নভেম্বরল্যান্ড। গুন্টার গ্রাস)
মূল ইউরোপীয় ভূখণ্ডে কল্যাণরাষ্ট্র হিসেবে যার খ্যাতি জার্মানির পরেই, সেট ফ্রান্সে গত একমাসে সংঘটিত প্রতিবাদ-প্রতিরোধ একবার স্মরণ করুন। না, কোনওরকমে ভূমধ্যেসাগরে নৌকোয় পেরিয়ে যে সর্বস্বান্ত রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা ফ্রান্সের দক্ষিণ উপকূলে পৌঁছান এবং সঙ্গে-সঙ্গে কারারুদ্ধ হন, তারা নয়; এমনকী সে-দেশে বসবাসকারী শত-শত স্থায়ী কৃষ্ণাঙ্গ নাগরিক যাদের শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে এখনও ক্ষোভ জমে রয়েছে, তারাও নয়। পক্ষান্তরে, অগণিত শ্বেতাঙ্গ ফরাসি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী, যারা বিদ্যালয়ের গণ্ডিও পার হয়নি, তারা এবং তাদের বিক্ষুব্ধ পিতামাতা, আত্মীয়-পরিজন আর বেশ কিছু বামপন্থী কর্মী, গত একমাস ধরে, প্যারিস-সহ ফ্রান্সের বড়-বড় শহরগুলিতে যে হিংসাত্মক আন্দোলনে শামিল হয়েছে, তাদের অভিযোগ কী? তারা কেন এতটা মারমুখী এবং কোণঠাসা ফরাসি সরকারই বা এতটা বিপর্যন্ত কেন?
এই প্রশ্নের উত্তর নিতান্ত সহজ। প্রতিবাদীরা বলেছে, ‘ফান্সের স্কুল শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। উপযুক্ত ক্লাসঘর নেই, কক্ষে পাখা নেই-আলো নেই ব্ল্যাকবোর্ড নেই, প্রয়োজনের তুলনায় শিক্ষকদের সংখ্যা নগণ্য, পাঠক্রম শেষ হয় না, পরীক্ষাব্যবস্থাও বিশৃঙ্খলায় ভরা।’ এককথায়, মার্সেই-এর মতো শহরের স্কুলের শিক্ষাব্যবস্থা গোবরডাঙার অনুরূপ ব্যবস্থার চেয়েও শোচনীয়! কিন্তু এই সমূহ বিপর্যয় ঘটল কী করে? বহু বিজ্ঞাপিত, পশ্চিমি গণতন্ত্রের মডেল কল্যাণরাষ্ট্রের একটি অপরিহার্য স্তম্ভই তো হল সুশিক্ষার জাতীয় স্তরে প্রবর্তন প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। উপরন্তু, দেশের শত-শত ছাত্রছাত্রীর প্রায় বিনা ব্যয়ে এই সামাজিক আশীর্বাদ থেকে লাভবান হবে। হয়তো বা, তাদের নামমাত্র কিছু দিতে হবে, যেরকম আমাকে গত শতাব্দীর সাত ও আটের দশকে বিশ্ববিদ্যালয়ে একটি সমগ্র সেমেস্টারের জন্য দিতে হত মাত্র ১৮০ মার্ক, জার্মানিতে। আর এর বিনিময়ে আমি যা বিস্তর সুবিধা ভোগ করতাম তার সুদীর্ঘ তালিকা দিতে চাই না, কেননা দিলে, কলকাতার ছাত্রছাত্রীরা ঈর্ষান্বিত বোধ করবে।
আরও পড়ুন: কেন বিদ্রোহ লাগামছাড়া ফ্রান্সে?
লিখছেন শুভরঞ্জন দাশগুপ্ত…

শুধু নিখরচায় শিক্ষালাভ নয়। একটি সফল, প্রগতিশীল কল্যাণরাষ্ট্রের অন্যান্য বিরাট সুবিধাগুলি স্মরণ করা যাক। ১) চাকরির নিরাপত্তা এবং যারা বেকার তাদের জন্য বেকার ভাতা যার অঙ্ক সত্যিই সন্তোষজনক; ২) নামমাত্র ব্যয়ের বিনিময়ে চিকিৎসা বিমা অর্থাৎ ধরুন, আপনি মাসে ২০০ মার্ক প্রিমিয়াম দিচ্ছেন কিন্তু বিনিময়ে আপনি এমন একটি অস্ত্রোপচার করাতে পারছেন বা আরোগ্যবাসে যেতে পারছেন, যার জন্য চিকিৎসা বিমা না থাকলে আপনাকে হাজার-হাজার মার্ক গুনতে হত; ৩) পর্যাপ্ত বার্ধক্য ভাতা বা বৃদ্ধাবাসে নিখরচায় মৃত্যু পর্যন্ত থাকার ব্যবস্থা। অর্থাৎ, সংক্ষেপে, একটি কল্যাণরাষ্ট্রে (স্ক্যান্ডেনেভিয়ার তিনটি দেশ, ফ্রান্স, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, সুইটজারল্যান্ডে) আপনাকে শিক্ষালাভ, কর্মনিয়োগ, চিকিৎসা এবং অবসরজীবন সম্পর্কে ভাবতেই হবে না। এই হল গিয়ে কল্যাণরাষ্ট্রের সারাৎসার। তদুপরি, শুধু পশ্চিম বিশ্ব নয়, প্রায়শই বলা হয়ে থাকে যে, উন্নয়নশীল দেশগুলি-সহ সমগ্র বিশ্বের জনমানুষের জীবন ও সমাজের পরিত্রাণের একমাত্র পথ হল এই সাধের কল্যাণরাষ্ট্রের প্রবর্তন, যেখানে ধনতন্ত্রের ব্যক্তিনির্ভর উদ্যোগ এবং সমাজতন্ত্রের গণমুক্তির চেতনাকে সংযুক্ত করা হয়েছে। মূলত, কেইনসীয় অর্থনীতির সুফল এই সমাজব্যবস্থার কোনও বিকল্প নেই, থাকতে পারে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, পশ্চিম ইউরোপে, দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদদের চিন্তার ফসল এই কল্যাণরাষ্ট্রের নাম দেওয়া হয় social market economy। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে, ইউরোপের একমাত্র প্রণম্য স্টেটসম্যান ভিলি ব্রান্ডই আমার সঙ্গে একটি সংলাপের পর্বে এই অভিধাটি ব্যবহার করেছিলেন এবং তারপর তার সুনিপুণ ব্যাখ্যা করেছিলেন। তাঁর ভাষায়, ‘একবারও ভাববে না যে, শুধুমাত্র আমরা সাম্যবাদীরা social বা সমাজিক শব্দটির অর্ন্তভুক্তির জন্য সচেষ্ট হয়েছিলাম। লিবারেল বা উদারপন্থীরা, অমার্কসীয় খ্রিস্টীয় গণতন্ত্রীরা (ফ্রান্সে যারা রিপাবলিকান বা প্রজাতন্ত্রী বলে পরিচিত) আমরা সবাই এই নতুন সমন্বয়ী ব্যবস্থার কথা ভাবি। কারণ, আমরা বুঝেছিলাম শুধুমাত্র মুনাফাসর্বস্ব ধনতন্ত্র বা একনায়কী সাম্যবাদী অর্থনীতির মাধ্যমে বৃহত্তম সামাজিক প্রশ্নগুলির উত্তরদান অসম্ভব। একদিকে, আমরা ধনতন্ত্রের উদ্যোগ, কর্মকুশলতা, প্রযুক্তি-উদ্ভাবনাকে স্বাগত জানাব এবং অন্যদিকে রাষ্ট্র তার অনিবার্য ভূমিকা পালন করবে। নাগরিকদের জন্য রাষ্ট্রশিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বার্ধক্যপর্বের প্রয়োজন পূরণ করবে। এছাড়া কোনও বিকল্প নেই।’

অকাট্য যুক্তি, কিন্তু এই ব্যাপক বিশৃঙ্খলা-প্রতিবাদ উচ্চারিত হচ্ছে কেন? এবং শুধু ফ্রান্সে নয়। খবরের কাগজের পাতা ওল্টালেই দেখি তামাম পশ্চিম বিশ্বে, অর্থাৎ কল্যাণরাষ্ট্রের পরিসীমার ভেতর নিরন্তর ঘটে চলেছে আন্দোলন, প্রতিবাদ, মিছিল এমনকী, ভাঙচুর, হিংসাশ্রয়ী বিক্ষোভ ইতালিতে, অস্ট্রিয়ায়, স্পেনে, জার্মানিতে। ফ্রান্সে যা শুরু হয়েছিল দু-মাস আগে, তা যেন সুতীব্র ও ব্যাপক বিস্তার লাভ করেছে। সাধারণ নাগরিক অত্যাবশ্যকীয় পণ্যের দুরন্ত মূল্যবৃদ্ধি, রাষ্ট্রের অভূতপূর্ব ব্যয়-সংকোচনের নীতি, সামরিক খাতে বিপুল ব্যয় মেনে নিতে আর প্রস্তুত নয়। ইতালির বৃহত্তম ট্রেড ইউনিয়ন GSII-এর মুখপাত্র মাত্র একটি সংহত বাক্যে এই সংকটের স্বরূপ উদঘাটন করেছেন। তাঁর ভাষায়, ‘Today is very important because young people are taking to the streets not just in Italy but across Europe. Our welfare world is crumbling but we have to preserve it.’ লক্ষ্যণীয়, ইতালির ফ্যাশনদুরস্ত শহর মিলানের ফ্যাশন বুটিকগুলির শোরুম ভেঙে ফেলা হয়েছে, যেভাবে মৃণাল সেনের ‘কলকাতা ৭১’-এর নায়ক ঔপনিবেশিক বেশভূষার ওপর আক্রমণ চালিয়েছিল।
কিন্তু এই বিপর্যয় শুরু হল কী করে? ইউরোপে আমি দীর্ঘ সময় ধরে থেকেছি, এবং কল্যাণরাষ্ট্রের পরাকাষ্ঠা পশ্চিম জার্মানিতে। সাতের দশক পর্যন্ত, মোটামুটি সব ঠিক ছিল, কিন্তু অশান্তি শুরু হয় তারপর থেকেই। বলা হয়ে থাকে যে, রাজনীতি-বিজ্ঞানীরা দূরদৃষ্টিসম্পন্ন এবং সেই ১৯৮৪ সালে ইউরোপের প্রসিদ্ধতম সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবারমাস আমাকে হাইডেলবার্গের একটি পানশালায় বলেছিলেন, ‘আমার দুশ্চিন্তা শুরু হয়েছে কারণ আমাদের সাবের কল্যাণরাষ্ট্রে চিড় ধরেছে।’ ঠিক দু-বছর পরে, তিনি যে-বই লিখলেন, তাঁর শিরোনাম সত্যিই অর্থবহ— ‘The Crisis in Welfare State’, শুধু হাবারমাস নয়, জ্যাক দেরিদার মতো দার্শনিক থেকে শুরু করে কবি গুন্টার গ্রাস, সবাই সমবেত কণ্ঠে বলেছেন, ‘আমাদের এতদিন ধরে লালিত সমাজব্যাবস্থা গভীর সংকটের সম্মুখীন।’ হাবারমাস তাঁর গ্রন্থে বলেছিলেন, ‘বাজার নয়, জনগণের নির্বাচিত সরকার ধনতন্ত্রের আচরণ নির্ধারণ করবে।’ প্রশ্ন হল, তাই কি ঘটেছে বা ঘটছে?



এই অবনতির কারণ হিসেবে তারা বলেছেন: ১) পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থউপার্জনের একটি প্রধান উৎস রপ্তানি— বিশ্ববাজারে পিছু হটতে বাধ্য হচ্ছে। এর একটি কারণ হল চিনের অপ্রতিরোধ্য রপ্তানিসাফল্য। মাত্র একটি উদাহারণ এ-প্রসঙ্গে যথেষ্ট। চিনের সস্তা বৈদ্যুতিন গাড়ির বিক্রয় অভিযানের সামনে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ গাড়ি নির্মাতা দেশ জার্মানি, যাকে বলে, মুখ থুবড়ে পড়েছে। ফলে, রপ্তানি থেকে উপার্জিত অর্থ সরকারের কোষাগারে ঢুকছে না, কল্যাণরাষ্ট্র চালু রাখার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থের পরিমান হু-হু করে নেমে যাচ্ছে। দ্বিতীয় কারণ, ইউক্রেনের যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগী মনোভাব। পশ্চিম ইউরোপ বুঝেছে যে, মার্কিনি প্রতিরক্ষার ছাতার তলায় সে আর সুরক্ষিত নয়, তাকে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ঠিক এই লক্ষ্য অর্জনের জন্য, জার্মানি এবং ফ্রান্সকে কোটি কোটি ইউরো ব্যয় করতে হচ্ছে। তিন, কল্যাণরাষ্ট্রের সুবিধা দীর্ঘকাল ভোগ করার পর নাগরিকদের একাংশ অলস, কর্মবিমুখ এবং পরজীবী হয়ে উঠেছে। উৎপাদনশীলতার প্রক্রিয়ায় যোগ না দিয়ে তারা ঘরে বসে কল্যাণরাষ্ট্রের সুযোগসুবিধা ভোগ করতে উৎসাহী। ঠিক যেভাবে, কমিউনিস্ট রাষ্ট্রব্যবস্থায় পার্টির দাক্ষিণ্য ভোগ করে কমরেডরাও একসময়ে অলস হয়ে পড়েছিল।
কিন্তু এই সবক’টি কারণকেও ছাপিয়ে যায় একটি অভিশাপ, এবং তা হল naked neo-liberalism বা নব্যউদারপন্থী অর্থনীতি। সাম্যবাদী অর্থনীতির সমূহ পরাজয়ের পরে এই একমেবদ্বিতীয়ম উদারপন্থা পুনরায় ধনতন্ত্রের সেই আগ্রাসী মুনাফাসর্বস্বতাকে মূল্য দিতে শুরু করে, যে ভয়াবহ প্রবণতা আমরা দেখেছিলাম ধনতন্ত্রেও প্রথম পর্বে, ইংল্যান্ডে। বৃহত্তম সামজিক দায়বদ্ধতাকে প্রত্যাখান করে শুধু বিশ্বজুড়ে ক্ষুদ্র-ক্ষুদ্র ধনাঢ্য সাম্রাজ্য গড়ে তুলতে হবে— neo-liberalism-এর স্বার্থদুষ্ট মন্ত্র শুধু এইটুকু। স্বীকার করতেই হবে যে, liberal democracy বা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থায় এই আগ্রাসী অর্থনীতি এগিয়ে চলেছে। এর পরিণতি শুধু পশ্চিমের কল্যাণরাষ্ট্রগুলিকে আঘাত করছে না, বিশ্বজুড়ে গভীরতম অর্থনৈতিক অনৈক্য ও বৈষম্য এবং দুর্বিষহ শ্রেণিবিভাজনের সৃষ্টি করেছে। কল্যাণরাষ্ট্রের মুখ্যতম পূর্বশর্ত ছিল ধনতন্ত্রের নিয়ন্ত্রণ করা হবে সামাজিক সুকল্যাণের স্বার্থে। সেই সাধের পূর্বশর্ত এখন পদদলিত। ধনতন্ত্র এখন ‘উদ্দাম, লাগামছাড়া, মত্ত’ গুন্টার গ্রাসের ভাষায়।
না, দার্শনিক জ্যাক দেরিদা গ্রাসের মতোই, আদৌ কমিউনিস্ট নন। কিন্তু তিনিও এই আত্মহননকারী প্রক্রিয়ার যথার্থ ব্যাখ্যা করেছেন। social market economy শব্দবন্ধটি থেকে social শব্দটি যে মুছে দেওয়া হয়েছে, সেই বিলুপ্তির দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি কী বলেছেন খোদ liberal democracy-কে আক্রমণ করে? তাঁর সেই অব্যর্থ বিশ্লেষণ দিয়েই শেষ করছি শুধু চিড় নয়, কল্যাণরাষ্ট্রে ফাটল ধরেছে, এবং একই সঙ্গে সমগ্র বিশ্ব অসহনীয় অর্থনৈতিক সংকটের সম্মুখীন। দেরিদার মতে, ‘For it must be cried out, at a time when some have the audacity to neo-evangelize in the name of the ideal of a neo-liberal democracy that has finally realized itself as the ideal of human history: never have violence, inequality, exclusion, famine, and thus economic oppression affected as many human beings in the history of the earth and of humanity.’




