গত ২২ সেপ্টেম্বর বুকার প্রাইজ শর্টলিস্টে মাইকেল জন হ্যারিসন-এর ‘দ্য এন্ড অফ এভরিথিং’ উপন্যাসটিকে দেখে হয়তো ভ্রু কুঁচকেছিলেন কেউ-কেউ, কিন্তু নড়েচড়ে বসার প্রয়োজন অনুভব করেননি। হাজার হোক, নজির একটা ছিলই— চাঁদ সওদাগরের বাঁ-হাতে মনসাপুজোর মতো করে হলেও, অতীতেও কল্পবিজ্ঞানধর্মী সাহিত্য বুকার-এর লং ও শর্টলিস্টে স্থান পেয়েছে। ১৯৮১ সালে ডরিস লেসিং-এর ‘দ্য সিরিয়ান এক্সপেরিমেন্টস’, ১৯৮৬ ও ২০০৩ সালে মার্গারেট অ্যাটউড-এর “দ্য হ্যান্ডমেইড’স টেল” এবং ‘অরিক্স অ্যান্ড ক্রেক’, কিংবা ২০২১ সালে কাজুও ইশিগুরো-র ‘ক্লারা অ্যান্ড দ্য সান’-এর মনোনয়ন তালিকায় নাম ওঠা যেমন। অ্যাটউড ২০১৯-এ “দ্য হ্যান্ডমেইড’স টেল”-এর সিকোয়েল, ডিস্টোপিয়ান নভেল ‘দ্য টেস্টামেন্টস’-এর জন্য বুকার জয়ও করেন।
হইচইটা শুরু হল ৯ নভেম্বর, পুরস্কারের ফল ঘোষণার মুহূর্ত থেকে, যখন গোটা পৃথিবী অবাক হয়ে দেখল সেরার শিরোপা হ্যারিসন-এর মাথায় উঠতে। কে এই হ্যারিসন? আজীবন কল্পবিজ্ঞানের চর্চা করে চলা এক আশি-ঊর্ধ্ব লেখক, যিনি তরুণ বয়সে ‘সেন্স অফ ওয়ান্ডার’-এর খোঁজে পপুলার ফিকশনের ঝঞ্ঝাবেষ্টিত সাগরে ভেলা ভাসিয়েছিলেন নির্দ্বিধায়। লেসিং বা অ্যাটউড-এর অর্জনকে স্বীকৃতি দিয়েছিল ‘পিউরিটান’ সমাজ, কারণ তাঁরা ছিলেন প্রকৃতপক্ষে মূলধারার সাহিত্যেরই ধ্বজাধারী, ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-খ্যাত অ্যালডাস হাক্সলে, ‘১৯৮৪’-র জন্য বিখ্যাত জর্জ অরওয়েল, ‘প্লেয়ার পিয়ানো’-র জন্য সুবিদিত কার্ট ভনেগাট-এর যোগ্য উত্তরাধিকারী। ‘বহিরাগত’ হয়েও ‘দুয়োরানি’-র আঙিনায় সোনা ফলানোর বিষয়টা নিঃসন্দেহে অনেক রক্ষণশীল সাহিত্যবোদ্ধার মনে শ্লাঘার অনুভূতি জাগিয়েছিল। ভাবখানা এমন— সামাজিক উপন্যাসের লেখক চাইলেই অন্ত্যজ শ্রেণির সাহিত্যে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, কিন্তু উল্টোটা একেবারেই অসম্ভব। হ্যারিসন-এর বুকার প্রাপ্তি সেই ঔদ্ধত্যের মিনারে হাতুড়ির আঘাত হানল। কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে এল পুরস্কার প্রদানকারী সংস্থা ‘বুকার প্রাইজ ফাউন্ডেশন’-এর চিফ এক্সিকিউটিভ অ্যাবি উড-এর হ্যারিসন সম্বন্ধে মন্তব্য— ‘The first Booker winner to have emerged from the bona fide SF world.’
আরও পড়ুন: প্যাট্রিক স্টেওয়ার্ট হুইলচেয়ারকে তাঁর অভিনয়ের অংশ করে তুলেছিলেন! লিখছেন ভাস্কর মজুমদার…

১৮১৮ সালে প্রকাশ পাওয়া মেরি শেলি-র ‘ফ্র্যাঙ্কেনস্টাইন; অর, দ্য মডার্ন প্রমিথিউস’-কে প্রথম সার্থক কল্পবিজ্ঞান উপন্যাস ধরে নিলে, এই সাহিত্যধারার প্রায় ২১০ বছরের ইতিহাস পর্যালোচনার সুযোগ আমরা পাই। দীর্ঘ এই সময়কালে কল্পবিজ্ঞান একাধিকবার জঁর ফিকশন তকমার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছে, নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে লড়াইয়ে নেমেছে। মেরি রচিত উপন্যাসে গথিক হরর, রোমান্টিকতা, ‘এনলাইটেনমেন্ট’ তত্ত্বের উপস্থিতি ছিল, ছিল ‘প্যারাডাইস লস্ট’-এর অনুষঙ্গ। উনিশ শতকের শেষ লগ্নে এইচ জি ওয়েলস তাঁর ‘সায়েন্টিফিক রোমান্স’ উপন্যাসগুলোতে দার্শনিকের চোখে দেখেছিলেন মানবতাকে, মানুষের দোষ-গুণ, আশা-আকাঙ্ক্ষা, ভয়-ভীতিকে গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন। প্রায় ওইসময়েই ইংরেজি সাহিত্যের তিন দিকপাল আর্থার কোনান ডয়েল, রুডইয়ার্ড কিপলিং এবং জ্যাক লন্ডন চমৎকার কিছু সায়েন্স ফিকশন ছোটগল্প লেখেন।
বিশ শতকের শুরুতে এল পাল্প যুগ; প্রথমে ‘আরগসি’ ও ‘উইয়ার্ড টেলস’, এবং পরে সায়েন্স ফিকশনের প্রতি নিবেদিতপ্রাণ ‘অ্যামেজিং স্টোরিজ’, ‘এয়ার ওয়ান্ডার স্টোরিজ’, ‘অ্যাস্টাউন্ডিং স্টোরিজ অফ সুপার সায়েন্স’ পত্রিকা কল্পবিজ্ঞানকে অধিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছে দিতে লাগল। তবে সাহিত্যগুণের নিরিখে বিচার করলে তার মান খুব একটা উঁচু ছিল না। চারের দশকে জন ক্যাম্পবেল ‘হার্ড সায়েন্স ফিকশন’ ঘরানা প্রবর্তনে ব্রতী হলেন, আইজ্যাক অ্যাসিমভ, রবার্ট হাইনলাইন-এর মতো প্রতিভাবান লেখকদের অনুপ্রাণিত করলেন, কিন্তু ‘লিটারারি ফিকশন’-এর সঙ্গে কল্পবিজ্ঞানের দূরত্ব সেই আলোকবর্ষব্যাপীই রয়ে গেল।
রে ব্র্যাডবেরি-কে সায়েন্স ফিকশনের প্রথম ভাষাশিল্পী আখ্যা দেওয়াটা অত্যুক্তি হবে না। কাব্যিক গদ্য ও অলংকারের দক্ষ ব্যবহার, এবং পাঠককে নস্টালজিয়ার স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার অনায়াস ক্ষমতা তাঁর সৃষ্টিকে— বিশেষ করে দুই ছোটগল্প সংকলন ‘দ্য মার্শিয়ান ক্রনিকলস’ ও ‘দ্য ইলাস্ট্রেটেড ম্যান’-কে— উচ্চ আসনে বসিয়েছিল। ব্র্যাডবেরি-র দেখানো পথেই পাঁচের দশকে ক্যাম্পবেলীয় প্রভাবকে অস্বীকার করে থিয়োডর স্টার্জন, ফিলিপ কে ডিক, অ্যালফ্রেড বেস্টার, ফ্রিৎজ লিবার, জেমস ব্লিশ মানবিক তথা মানবকেন্দ্রিক সায়েন্স ফিকশন চর্চায় মনোনিবেশ করলেন। তাঁদের লেখার মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়াল সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপলজি জাতীয় ‘সফট সায়েন্স’-ধর্মী থিম-এর প্রাধান্য, আবেগ ও অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এবং সর্বোপরি, সুললিত ভাষার সচেতন প্রয়োগ। হোরেস এল গোল্ড সম্পাদিত ‘গ্যালাক্সি’ এবং অ্যান্টনি বাউচার সম্পাদিত ‘দ্য ম্যাগাজিন অফ ফ্যান্টাসি অ্যান্ড সায়েন্স ফিকশন’ হয়ে উঠল ‘সফট সায়েন্স ফিকশন’-এর পীঠস্থান; ‘সত্যিকারের সাহিত্য’ হয়ে ওঠার পথে কয়েক পা এগল কল্পবিজ্ঞান।


এম জন হ্যারিসন-এর লেখালিখির সূচনা হয় ১৯৬৬ সালে, মাইকেল মুরকক-এর ‘নিউ ওয়ার্ল্ডস’ ম্যাগাজিনে। পাশ্চাত্য কল্পবিজ্ঞানের জন্য ছয়ের দশক ছিল চরম উথালপাথালের সময়; প্রচলিত ছক ভাঙার, প্লট-ক্যারেকটার-স্টাইল সংক্রান্ত দুঃসাহসী পরীক্ষানিরীক্ষার নেশায় মেতে উঠেছিলেন একদল নবীন ‘আইকনোক্লাস্ট’। এতদিন যা ছিল ‘ট্যাবু’— পাঠককে ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে সেই ‘সেক্স’ এবং ‘ভায়োলেন্স’-কে যথেচ্ছভাবে ব্যবহার করতেও তাঁরা পিছপা ছিলেন না। এই প্রতিস্পর্ধী আন্দোলন ক্রমেই ‘নিউ ওয়েভ মুভমেন্ট’ নামে পরিচিতি পেল। ব্রিটিশ লেখক-সম্পাদক মুরকক ছিলেন এর অন্যতম হোতা; তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ব্রায়ান অলডিস, জে জি ব্যালার্ড, জন ব্রানার প্রমুখ। কয়েক বছরের মধ্যে আমেরিকান সাহিত্যিক টমাস এম ডিশ, ফিলিপ হোসে ফার্মার, স্যামুয়েল আর ডিল্যানি, রবার্ট সিলভারবার্গ, রজার জিল্যাজনি সামিল হলেন বিপ্লবে। মঞ্চে পদার্পণ করলেন উরসুলা লেগুইন, জোয়ানা রাস-এর মতো কট্টর নারীবাদীরা, সায়েন্স ফিকশনকে বাহন করে সমাজের প্রতি তাঁদের বার্তা পৌঁছে দিতে লাগলেন। জুডিথ মেরিল সম্পাদিত ‘ইয়ার্স গ্রেটেস্ট সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি’ সিরিজ, ডেমন নাইট সম্পাদিত ‘অরবিট’ সিরিজ এবং হারলান এলিসন সম্পাদিত বিতর্কিত দুটি সংকলন ‘ডেঞ্জারাস ভিশনস’ এবং ‘এগেইন ডেঞ্জারাস ভিশনস’-এ স্থান পেল নতুন ধারার কাহিনিসমূহ, এবং ‘সিরিয়াস লিটারেচার’-এর অনুরাগীদের নজর কাড়তে সক্ষম হল। প্রসঙ্গত উল্লেখ্য, ‘এগেইন ডেঞ্জারাস ভিশনস’ বইয়ে সংকলিত হয়েছিল হ্যারিসন-এর একটি ছোটগল্প ‘ল্যামিয়া মিউটেবল’।
১৯৭১ সালে দিনের আলো দেখে হ্যারিসন-এর প্রথম উপন্যাস ‘দ্য কমিটেড মেন’— এক নৈরাশ্যময় পোস্ট-অ্যাপোক্যালেপ্টিক কাহিনি। সে-বছরই প্রকাশ পায় সুদূর ভবিষ্যতের কাল্পনিক শহর ভিরিকোনিয়াম-এর পটভূমিকায় রচিত তাঁর ‘সোর্ড অ্যান্ড সর্সারি’ ঘরানার ফ্যান্টাসি ‘দ্য প্যাস্টেল সিটি’। পরবর্তীতে এর কিছু সিকোয়েল লেখেন হ্যারিসন, যা একত্রে ‘ভিরিকোনিয়াম সিকোয়েন্স’ রূপে জনপ্রিয়তা পায়। স্পেকুলেটিভ ফিকশনের বিভিন্ন শাখায় ছিল তাঁর স্বচ্ছন্দ যাতায়াত; কখনও ‘দ্য আইস মাংকি’-র মতো হরর গল্প লিখে র্যামসে ক্যাম্পবেল-এর প্রশংসা কুড়িয়েছেন তিনি, কখনও টানটান স্পেস অপেরা ‘দ্য সেন্টরাই ডিভাইস’ লিখে কল্পবিজ্ঞানপ্রেমীদের রোমাঞ্চিত করেছেন, কখনও আবার শিহরণ জাগানো ডার্ক ফ্যান্টাসি ‘দ্য কোর্স অফ হার্ট’ রচনা করে অলৌকিক-পিপাসুদের চাহিদা মিটিয়েছেন। এই সবকিছুর বাইরে বেরিয়ে ‘ক্লাইম্বার্স’-এর মতো মূলধারার উপন্যাস রচনা, যা কিনা পর্বতারোহণ নিয়ে লেখা—হ্যারিসন-এর বহুমুখী প্রতিভারই পরিচয় দেয়।



কল্পবিজ্ঞান লিখে একজন লেখক যা-যা পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখতে পারেন, তার অনেকগুলোই পেয়েছেন হ্যারিসন— জেমস টিপট্রি জুনিয়র অ্যাওয়ার্ড, আর্থার সি ক্লার্ক অ্যাওয়ার্ড, ফিলিপ কে ডিক অ্যাওয়ার্ড। নৈবেদ্যর ওপর চুড়োসন্দেশের মতো জ্বলজ্বল করছে সদ্যপ্রাপ্ত বুকার প্রাইজ। ‘কেফাহুচি’ ট্রিলজি-র মতো বিনির্মাণধর্মী সায়েন্স ফিকশন যিনি লিখেছেন, তাঁর হাতে উঠেছে বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার— এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধ এখনও সম্পূর্ণ জয় হয়নি। এখনও বৃহদাংশ জনগণের কাছে কল্পবিজ্ঞান মানেই সিনেমা— ‘স্টার ওয়ার্স’, ‘জুরাসিক পার্ক’, বড়জোর ‘ইন্টারস্টেলার’। বুকার কমিটির কাছে আজও ব্রাত্য চায়না মেইভিল, টেড শিয়াং, অ্যান্ডি ওয়েইর; আজও কোনও স্পেকুলেটিভ ফিকশন রচয়িতার নাম নোবেল সাহিত্য পুরস্কারের জন্য গণ্য করা হয় না।
ফাটল অবশ্যই ধরেছে, এবার দেখার অপেক্ষা, কবে গোটা প্রাচীরটা ভেঙে পড়ে, কবে ‘লিটারারি ফিকশন’ এবং ‘জঁর ফিকশন’-এর মধ্যেকার বিভেদরেখা মুছে গিয়ে উন্মুক্ত হয় সৃষ্টির আকাশ।




